ইউএনও গ্রেপ্তার ও তারপর: দ্বন্দ্বটা কিসের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু-এক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে একটি খবর। সঙ্গে দুটি ছবি। খবরটি হলো—বঙ্গবন্ধুর ‘বিকৃত ছবি’ ছাপানোর অভিযোগে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। আদালতে প্রথমে জামিন নামঞ্জুর হলেও দুই ঘণ্টা পর তিনি জামিন পান। আর দুই ছবির একটিতে দেখা যাচ্ছে, বিপর্যস্ত ইউএনও এবং তাঁকে দুদিক থেকে বেশ উৎসাহ নিয়ে ধরে থাকা পুলিশ সদস্যের দল। আরেকটি ছবি হলো সেই সরকারি আমন্ত্রণপত্র, যেখানে পঞ্চম শ্রেণিপড়ুয়া এক শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি ছাপা হয়েছিল। শিশুসুলভ হাতে আঁকা ওই ছবিকেই বিকৃত বলে অভিযোগ তুলে মামলা করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদুল্লাহ।

এই খবর আর ছবি দেখে মনে কিছু প্রশ্ন জেগেছে। এ ঘটনায় বাড়াবাড়ি হয়েছে কি না? জামিন মঞ্জুর-নামঞ্জুরের বিষয়টি আসলে কী? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, রাজনৈতিক ক্ষমতাধরদের কারণে প্রশাসনের আইন মেনে চলা বাধাগ্রস্ত হচ্ছে কি না?

ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, গাজী তারিক সালমন যখন বরিশালের আগৈলঝাড়ার ইউএনও ছিলেন, তখনকার ঘটনা এটা। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। ঘোষণা দেন, প্রথম ও দ্বিতীয় হওয়া ছবি দিয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রশাসনের আমন্ত্রণপত্র ছাপা হবে। সে অনুযায়ী আমন্ত্রণপত্রে দুটি ছবি ব্যবহার করা হয়। আর আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর বিকৃত ছবি ছাপানোর অভিযোগ এনে এর দুই মাসেরও বেশি সময় পর ৭ জুন আওয়ামী লীগ নেতা মামলাটি করেন। ওই সময় বরগুনা সদর উপজেলায় ইউএনও হিসেবে তাঁকে বদলি করা হয়। বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক পাঁচ কোটি টাকার মানহানির মামলাটি আমলে নিয়ে ২৭ জুলাইয়ের মধ্যে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী তিনি ১৯ জুলাই আদালতে হাজিরা দিতে গেলে এত কিছু ঘটে যায়। (২১ জুলাই, প্রথম আলো)

এ থেকে একটা বিষয় স্পষ্ট যে এটা আকস্মিক কোনো ঘটনা না। হঠাৎ করে বঙ্গবন্ধুর বিকৃত ছবি দেখে আহত বোধ করে আওয়ামী লীগ নেতা মামলা করেছেন, এমনটা প্রতীয়মান হয় না। নেপথ্যে কী থাকতে পারে? বলা হচ্ছে, গত এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আগৈলঝাড়ার আওয়ামী লীগ নেতার ছেলেকে বহিষ্কার করেন ইউএনও। এ নিয়ে ইউএনওর সঙ্গে অসদাচরণ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ নিয়ে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতৃত্ব ক্ষুব্ধ হয়। অন্যদিকে, কাজে না লাগায় টিআর-কাবিখা প্রকল্পের আওতায় পাওয়া ৭৯ লাখ টাকা ফেরত পাঠান ইউএনও। এটি নিয়েও স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব নাখোশ ছিল। (২০ জুলাই, সমকাল)। সর্বশেষ জানা যাচ্ছে, একজন বিচারকের কাছে সরকারি ভাড়া আদায়ে ব্যবস্থা নিয়েও ইউএনও কারও কারও চক্ষুশূল হয়ে উঠেছিলেন। এসব খবর যদি ঠিক হয়, তাহলে বলতেই হবে, স্থানীয় রাজনৈতিক ও কোনো কোনো কর্তাব্যক্তির সঙ্গে নৈতিক ও আইনগত দ্বন্দ্বের জের এ ঘটনা।

কিছু প্রশ্নের উত্তর পাওয়া গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যে। ২০ জুলাই বিবিসি বাংলাকে তিনি বলেন, একজন ইউএনওকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার ছবি দেখে প্রধানমন্ত্রী বিস্মিত হয়েছেন এবং বলেছেন যে বিষয়টি নিন্দনীয়। প্রজাতন্ত্রের একজন কর্মচারীকে কোনো রকম অনুমোদন ছাড়া গ্রেপ্তার করা যায় না। উপজেলা পর্যায়ে সরকারের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে শাস্তি দিতে হলে বা মামলা করতে সরকারের অনুমোদন প্রয়োজন। এই ঘটনার জন্য তিনি বরিশালের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দায়ী করেন। অথচ দেখা গেল বাকিদের কিছু হলো না, কেবল দল থেকে সাময়িক বহিষ্কারের শাস্তি পেলেন আওয়ামী লীগের ওই নেতা।

তার মানে ইউএনও গাজী তারিক সালমনকে কেন্দ্র করে যা হয়েছে, তা যথাযথ প্রক্রিয়া মেনে হয়নি। অবশ্যই বাড়াবাড়ি হয়েছে। আর পুলিশও একটু বেশিই তৎপরতা দেখিয়েছে। বলা যায়, যে ঘটনাটা ঘটল, এর সঙ্গে আসলে ক্ষমতার দ্বন্দ্বটাই মুখ্য। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রশাসনের দ্বন্দ্ব, পুলিশের সঙ্গে প্রশাসকদের দ্বন্দ্ব—এ ঘটনায় কেমন যেন এই বিষয়গুলো সামনে চলে আসছে। এমনটি না হলে পুলিশ কেন এত উৎসাহী হবে? আর জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ, দুই ঘণ্টা হাজতবাস, অতঃপর জামিন মঞ্জুর—কেন, কীভাবে ঘটল? ক্ষমতার দ্বন্দ্বের বিষয়টি যদি সত্য হয়ে থাকে, তাহলে সেটা কার সঙ্গে কার?

কেউ জানে না, অথচ এমন একটা ঘটনা ঘটে গেল উপজেলার সবচেয়ে ক্ষমতাবান সরকারি কর্মকর্তার সঙ্গে। শাসনব্যবস্থায় প্রচণ্ড সমন্বয়হীনতার বিষয়টি সামনে আসার ক্ষেত্রে এটি বড় উদাহরণ। অনেকটা চোখ খুলে দেওয়ার মতো ঘটনা। সরকারের উচিত এখনই লাগাম টেনে ধরা। সাম্প্রতিক সময়ে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা থেকে আশঙ্কা জাগে, রাজনৈতিক হস্তক্ষেপে প্রশাসনে বিশৃঙ্খলা কি বাড়ছে? দলীয় প্রভাব খাটিয়ে কেউ যাতে কাউকে অকারণ হয়রানি করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে; তেমনি প্রশাসনিক কর্তাব্যক্তিরা নিজেদের মধ্যে যাতে দ্বন্দ্বে না জড়ান, কঠোরভাবে সেটাও তদারক করতে হবে।