ইউপি নির্বাচনে খুন-জখমের দায় তবে কার?
প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম দফায় ৭১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে গেল। বলা যায়, এটা ছিল এক রক্তক্ষয়ের নির্বাচন। নির্বাচনের দিনই (২২ মার্চ) সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১১ জন। নির্বাচনী প্রক্রিয়ার শুরু থেকে হিসাব করলে এই সংখ্যা ২৪ ছাড়িয়েছে। ইউপি নির্বাচনের প্রথম দফায় প্রাণহানির এই সংখ্যাটি নজিরবিহীন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর সংখ্যার দিক দিয়েও এই নির্বাচন নজিরবিহীন।
প্রথম দফার এই ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রথম আলোতে পর্যালোচনাধর্মী একটি লেখা লিখেছেন (২৭ মার্চ, ২০১৬) সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। নির্বাচন কমিশনে নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ও আগের ইউপি নির্বাচনের উদাহরণ বিবেচনায় নিয়ে তিনি স্পষ্ট করেই বলেছেন, ‘এ হানাহানির দায় অবশ্যই নির্বাচন কমিশনের।’ এই মন্তব্যেরই যেন জবাব পাওয়া গেল বর্তমান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের মুখে। ‘নির্বাচনে প্রার্থীরা নিজেরা মারামারি করলে এর সব দায়দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) নেওয়ার কোনো কারণ নেই।’ (প্রথম আলো, ২৮ মার্চ)। তা হলে প্রশ্নটি হচ্ছে, এসব হানাহানি ও খুন-জখমের দায় তবে কার?
বাংলাদেশের সংবিধান নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব যাতে ঠিকভাবে পালন করা যায়, এ জন্য কমিশনকে চূড়ান্ত ক্ষমতাও দেওয়া আছে। কোনো নির্বাচনে যদি মাত্রা ছাড়া সহিংসতা হয়, তাহলে সেই নির্বাচনকে কি সুষ্ঠু নির্বাচন ধরে নেওয়া যায়? অথবা কোনো নির্বাচনে যদি বিপুলসংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়? খুনোখুনি প্রমাণ করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করে নির্বাচন কমিশন পরিস্থিতি সামাল দিতে পারেনি। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নজিরবিহীন সংখ্যক প্রার্থীর নির্বাচিত হওয়ার বিষয়টি এই সত্যকেই তুলে ধরে যে নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা যায়নি।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, তফসিল ঘোষণার সময় থেকে নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশ করা পর্যন্ত পুরো নির্বাচনী সময়কালের সব দায়দায়িত্ব নির্বাচন কমিশনের। এবং একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য। এ সময় নির্বাচন কমিশন তার প্রয়োজন অনুযায়ী প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করতে পারে। নিজের হাতে এত ক্ষমতা থাকার পরও নির্বাচনকালীন সহিংসতার দায় যদি নির্বাচন কমিশন না নেয়, তবে দায়টি কার, তা নির্বাচন কমিশনকেই পরিষ্কার করে বলা উচিত। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচনী খুন-জখমের দায় নেবে না—এটা কী করে হয়!
আগামী ৩১ মার্চ দ্বিতীয় দফায় ৬৪৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। এই ধাপেও সহিংসতা হতে পারে বলে আশঙ্কা রয়েছে নির্বাচন কমিশনের। একই সঙ্গে নির্বাচন কমিশন এটাও পরিষ্কার করেছে যে দ্বিতীয় ধাপের নির্বাচনেও বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা সম্ভব হবে না। নির্বাচন কমিশন তো তাহলে জেনেশুনেই আরও কিছু খুন, জখম ও সহিংসতার ঝুঁকি নিচ্ছে! নির্বাচনের সময়ে খুন-জখমের দায় নির্বাচন পরিচালনাকারী যে কমিশন নেয় না, ঝুঁকি নিতে তাদের অবশ্য কোনো সমস্যা থাকার কথা নয়। দায়-দায়িত্বহীন এমন একটি নির্বাচন কমিশন লইয়া আমরা কী করিব!