ইউরোপ ও চীনের বছর শেষের অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চীনের সঙ্গে একটি নতুন বিনিয়োগ চুক্তি চূড়ান্ত করেছে। চীন সম্প্রতি অঙ্গীকার করেছে, তারা ২০৬০ সালের মধ্যে কার্বনমুক্ত হবে। তাদের কাছ থেকে এই অঙ্গীকার পাওয়ার পেছনে ইউরোপের সক্রিয় কূটনীতির ভূমিকা আছে। চীনের পরপরই জাপান প্রতিশ্রুতি দিয়েছে, তারা কার্বনমুক্ত হবে ২০৫০ সালের মধ্যে।

ইইউ ও চীনের মধ্যকার এই নতুন বিনিয়োগ চুক্তি থেকে ইউরোপ উপকৃত হবে, চীন উপকৃত হবে, পৃথিবী উপকৃত হবে। উপকৃত হবে এমনকি আমেরিকাও, এই চুক্তির ব্যাপারে তাদের হুঁশিয়ারি সত্ত্বেও। মোটাদাগে, এই চুক্তির মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনৈতিক সম্পর্কের গভীরতা বাড়ানোর সদিচ্ছার প্রকাশ ঘটেছে; উভয় পক্ষ নিজ নিজ অর্থনীতিতে আরও বেশি বিনিয়োগের সুযোগ পরস্পরকে দিতে রাজি হয়েছে। ইউরোপের শিল্প চীনের বিশাল অভ্যন্তরীণ বাজারে আরও বেশি মাত্রায় প্রবেশের সুযোগ পাবে এমন সময়ে, যখন চীন সবুজ ও ডিজিটাল অর্থনৈতিক পুনর্গঠনের দশকব্যাপী কর্মসূচি শুরু করেছে এবং যখন ইউরোপ এসব ক্ষেত্রে নিজের প্রযুক্তিগত অগ্রসরতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন ও চীনের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়েছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন উচ্চপ্রযুক্তিগত শিল্পের ক্ষেত্রে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং চীনকে প্রতিহত করার উদ্দেশ্যে অনেকগুলো দেশকে একত্র করে জোট বেঁধেছে। ট্রাম্প প্রশাসন আশা করেছিল যে ইউরোপীয় ইউনিয়ন ও এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে তারা নিজের পক্ষে পাবে। নতুন বাইডেন প্রশাসন হয়তো ট্রাম্পের মতো হম্বিতম্বি না করেও সূক্ষ্ম ও পরিশীলিতভাবে একই পথে চলবে।

যুক্তরাষ্ট্রের প্রশাসন বলে, তাদের এই নীতির লক্ষ্য চীনের বেপরোয়া আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের প্রবণতায় রাশ টানা। কিন্তু এই কথার কোনো মূল্য নেই। কারণ, এই নীতিকে সমর্থন করে সেই দ্বিদলীয় মার্কিন পররাষ্ট্রনীতি এস্টাবলিশমেন্ট, যারা যুক্তরাষ্ট্রের বাইরে বিভিন্ন দেশে প্রায় ৮০০ সামরিক ঘাঁটি পরিচালনা করছে, যারা পৃথিবীর দেশে দেশে বারবার অন্যায় ও অবৈধ যুদ্ধ বাধিয়েছে, অন্যান্য দেশের ওপর অবৈধভাবে একতরফা অবরোধ আরোপ করেছে এবং বিভিন্ন সময়ে নানাভাবে জাতিসংঘের সনদ, বিভিন্ন চুক্তি ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছে। সুতরাং এটা বলা নিশ্চিতভাবেই কঠিন যে চীনই হচ্ছে বেপরোয়া পক্ষ।

সন্দেহ নেই যে চীনের উচিত মানবাধিকার পরিস্থিতির উন্নতি করা। বিশেষ করে উইঘুর অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার যেসব সমস্যা তুলে ধরেছেন, সেগুলো সমাধানের জন্য চীনের পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু এটাও পরিষ্কার বোঝা উচিত যে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত ও অনেক পশ্চিমা দেশকেও মানবাধিকারের বিষয়ে একই রকমের উন্নতি করতে হবে। ২০ বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোতে বিশেষত মুসলামানরা পশ্চিমা শক্তিগুলোর শুরু করা যুদ্ধ, অভ্যন্তরীণ আক্রমণ, যুক্তরাষ্ট্রের একতরফা অবরোধসহ নানা ধরনের অত্যাচার–নিপীড়নের শিকার হয়েছে।

আসলে মানবাধিকারবিষয়ক সর্বজনীন ঘোষণা খুব অল্পসংখ্যক দেশই ঠিকমতো মেনে চলে। আর যুক্তরাষ্ট্রের জন্য বিরাট লজ্জার বিষয় হলো, দেশটি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার–সম্পর্কিত জাতিসংঘের চুক্তিতে এখন পর্যন্ত অনুস্বাক্ষর করেনি। অথচ চীন ও ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যরাষ্ট্র তা অনেক আগেই করেছে। প্রকৃত মানবাধিকারবিষয়ক সমস্যাগুলোর বিষয়ে যথাযথ কর্তব্য হচ্ছে গুরুত্বের সঙ্গে গঠনমূলক পন্থায় সেগুলো উত্থাপন করা; ভণ্ডামির আশ্রয় নিয়ে অন্যের দিকে আঙুল তোলা নয়, অতিরঞ্জন নয়, কিংবা নয় সংলাপ, কূটনৈতিক উদ্যোগ ও অর্থনৈতিক সম্পর্কগুলোতে ছেদ ঘটানো। প্রথম ঢিলটা ছুড়ুক নিষ্পাপ দেশটাই।

যুক্তরাষ্ট্রের চীনবিরোধিতার সঙ্গে মানবাধিকারের কোনো সম্পর্কই আসলে নেই। বিশেষত ট্রাম্পের বিশৃঙ্খল প্রশাসনের অধীনে মার্কিন নীতিগুলো নেওয়া হয়েছে স্রেফ আধিপত্য বাড়ানোর ক্ষুধার দ্বারা তাড়িত হয়ে। যুক্তরাষ্ট্র চীনের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উত্থান ঠেকানোর চেষ্টা করছে নিজের আধিপত্য ধরে রাখার উদ্দেশ্যে। কিন্তু পৃথিবীর মোট লোকসংখ্যার মাত্র ৪ শতাংশ বাস করে যুক্তরাষ্ট্রে; সেই দেশটির আধিপত্য বজায় রাখার স্বার্থে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হবে—এটা হতে পারে না, এ রকম হতে দেওয়া উচিত নয়।

২০২০ সালের কোভিড–১৯ ট্র্যাজেডির পর এখন পৃথিবীর প্রয়োজন বৈশ্বিক সহযোগিতার নবায়ন; যুক্তরাষ্ট্রের শুরু করা নতুন স্নায়ুযুদ্ধ নয়। এখন মহামারি নিয়ন্ত্রণে আনতে পারার সময়; ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি নতুন পথরেখা তৈরি করা। এসব চ্যালেঞ্জ মোকাবিলার কাজে চীনকে সম্পূর্ণভাবে শরিক করা উচিত এবং চীনের শরিক হওয়া উচিত।

চীন তো ইউরোপ–আমেরিকার মতো কোভিড–১৯ মোকাবিলায় ব্যর্থ হয়নি। ২০২০ সালেই তারা এই মহামারি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে; এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রতিবেশীরাও তা পেরেছে। এখন চীন ও তার প্রতিবেশী দেশগুলোর উচিত পৃথিবীর বাকি দেশগুলোকে কোভিড–১৯ মোকাবিলায় সহযোগিতা করা। ওষুধ ছাড়া আর যেসব প্রক্রিয়ায় (শনাক্তকরণ পরীক্ষা, কন্ট্যাক্ট ট্রেসিং ও কোয়ারেন্টিন ব্যবস্থা ইত্যাদি) তারা কোভিড–১৯ নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছে; অন্যান্য দেশও যাতে সেসব প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়ন করতে পারে, সে লক্ষ্যে চীন ও তার প্রতিবেশী দেশগুলোর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। তারপর সিনোভ্যাক ও সিনোফার্মের নতুন টিকাগুলো যদি অন্যদের পরীক্ষার দ্বারা নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়, তাহলে চীনের উচিত হবে এই দুই টিকার গণ–উৎপাদন শুরু করা এবং পৃথিবীজুড়ে বিতরণ করা।

ইউরোপ পৃথিবীজুড়ে মানবাধিকার রক্ষার লক্ষ্যে নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা করে চলেছে; একই সঙ্গে তারা যে চীনের সঙ্গে সক্রিয়ভাবে, গভীরভাবে এবং গঠনমূলকভাবে কাজ করতে চাইছে—এটাও তাদের সঠিক সিদ্ধান্ত। বাইডেন প্রশাসনেরও উচিত হবে আধিপত্য বিস্তারের প্রবৃত্তি সংবরণ করে চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা।

এটা ভালো যে ইউরোপীয় ইউনিয়ন চীনের সঙ্গে একটি নতুন বিনিয়োগ চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে ২০২০ সালের মতো একটি হতাশাব্যঞ্জক বছরকে বিদায় জানাল। তারা একটি যথাযথ পররাষ্ট্রনীতির ওপর গুরুত্ব দিচ্ছে, যেটি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল নয়। তবে ২০২১ সাল আমাদের সামনে আরও অনেক কর্তব্য নিয়ে এসেছে। এখন মহামারির অবসান ঘটিয়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে বিশ্ব সম্প্রদায়কে পথ পরিবর্তন করতে হবে।

ইংরেজি থেকে সংক্ষেপিত ভাষান্তর। স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট

জেফরি ডি স্যাক্স: যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির টেকসই উন্নয়ন, স্বাস্থ্যনীতি ও ব্যবস্থাপনা বিষয়ের অধ্যাপক