
ব্রেক্সিটের সময় যা হয়েছিল, মার্কিন নির্বাচনেও তা-ই হলো। ব্রেক্সিটের আগে যেসব মতামত জরিপ হয়েছিল, তাতে দেখা গিয়েছিল, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে না। কিন্তু সে বেরিয়েই গেল। মার্কিন নির্বাচনের আগের জরিপেও দেখা গেল, ট্রাম্প নির্বাচিত হবেন না। কিন্তু সেই অবিশ্বাস্য ব্যাপারই ঘটল, ট্রাম্পই শেষমেশ নির্বাচিত হলেন। এটা আন্তর্জাতিকতার বিরুদ্ধে স্বাদেশিকতার জয়। কথা হচ্ছে, উন্মুক্ত ও বদ্ধসমাজের প্রতিযোগিতায় পরিষ্কারভাবেই বদ্ধসমাজের জয় হচ্ছে। উদার গণতন্ত্র শিগগিরই প্রতিরোধ আন্দোলনের রূপ নিচ্ছে।
ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমেই আত্মপ্রেমে মজে উঠবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ যে কার্যকর হয়নি, এটা বলা নিরাপদ। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার কারণে ইউরোপ নানাভাবে আক্রান্ত হবে। ইউরোপীয় ইউনিয়নের ভৌগোলিক অখণ্ডতাই হুমকির মুখে পড়ে গেছে।
ট্রাম্প এটা ভালোভাবেই বলেছেন, পররাষ্ট্র নীতিবিষয়ক তাঁর যে অগ্রাধিকার আছে, তাতে ইউরোপের নিরাপত্তার বিষয়টি নেই। তিনি ন্যাটোর কৌশলগত প্রয়োজনীয়তাকে স্বীকার করেন না। আর আন্ত-আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে তিনি তখনই আগ্রহী হয়ে ওঠেন, যখন অপরিশোধিত বিলের প্রসঙ্গ আসে। ট্রাম্পের জমানায় ভূরাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। ১৯৪১ সালের পর ইউরোপ এই প্রথম মার্কিন প্রতিরক্ষাব্যবস্থার ওপর নির্ভর করতে পারবে না। সে এখন একা।
ইউরোপ শুধু সহজভাবে সবকিছু চালাতে পারলেই খুশিতে আটখানা। গত শতকে দেখা গেছে, আন্ত-আটলান্টিক সম্পর্ক এক বিপথগামী রূপ নিয়েছিল, যেটা সম্পর্কে তেমন কথাও হয়নি। দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যত সক্রিয় হয়েছে, ইউরোপ ততই ঝিমিয়ে পড়েছে। মার্কিনরা যখন অন্য দেশে হস্তক্ষেপ করেছে, যেমন তারা ইরাকে করেছে, তখন ইউরোপ তার ‘সাম্রাজ্যিক বিস্তারের’ ব্যাপারে বড় বড় বক্তব্য দিয়েছে। আর মার্কিনরা যখন হস্তক্ষেপ করতে পারেনি অথবা দেরিতে হস্তক্ষেপ করেছে অথবা যেখানে হস্তক্ষেপ করে তেমন সুবিধা করতে পারেনি (লিবিয়া ও সিরিয়ায়), ইউরোপীয়রা তখন আরও বেশি করে মার্কিন নেতৃত্ব প্রত্যাশা করেছে।
সেই যুগ শেষ হয়ে গেছে। ট্রাম্প বলেন, বৈশ্বিক শক্তি হওয়ার মতো টাকা ও প্রযুক্তি ইউরোপীয় ইউনিয়নের হাতে আছে। ফলে ইউরোপীয় ইউনিয়নের যদি সেই রাজনৈতিক ইচ্ছা না থাকে, তাহলে তো সেটা তাঁর সমস্যা নয়। ইউরোপীয়রা অনেক দিন ধরেই মনে করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে নিজেদের সমস্যা সমাধান করানো অনেক সাশ্রয়ী ও নিরাপদ। এমনকি ইউরোপ নিজের কাছাকাছি অঞ্চলের সমস্যা সমাধানেও যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে। ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর আমাদের এই বিশ্বাস ত্যাগ করতে হবে।
এখন কথা হচ্ছে, ট্রাম্পের নির্বাচিত হওয়ার বিষয়টি ইউরোপের কাছে ঘুম-জাগানিয়া বার্তা হিসেবে বিবেচিত হওয়া উচিত। বিভিন্ন ধরনের দ্বন্দ্ব-সংঘাতের কারণে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর নিরাপত্তা, অর্থনীতি ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন এর মধ্যে আছে সিরিয়ার মারাত্মক রক্তাক্ত যুদ্ধ ও রাশিয়ার ক্রিমিয়া অধিগ্রহণ। কিন্তু তা সত্ত্বেও এখন পর্যন্ত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রই ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করছে। এমনকি ইউরোপের সীমান্তবর্তী অঞ্চলের ভাগ্যও তারা নির্ধারণ করছে। ফলস্বরূপ, ইউরোপীয় ইউনিয়ন নিজের নিরাপত্তা, বাণিজ্য সম্পর্ক ও দেশগুলো অভিমুখে আসা অভিবাসীদের স্রোতের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে।
২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় ও ইউরেশীয় সম্পর্ক-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুলান্ড ও ইউক্রেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জিওফ্রে পিয়াটের মধ্যকার কথোপকথন ফাঁস হয়ে যায়, যেটা আবার অনলাইনে ছড়িয়েও পড়ে।
ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর তাঁরা এই দেশটির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান নিয়ে কথা বলছিলেন। একপর্যায়ে নুলান্ড বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে…’। হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়নের নিজের দোষেই যুক্তরাষ্ট্র এমন মনোভাব পোষণ করতে পারে। এটা ঠিক, ওবামা প্রশাসনের কারও মুখ থেকে এমন কথা শোনা যথেষ্ট খারাপ ব্যাপার, তাহলে একবার ভাবুন, ট্রাম্পের জমানায় কী হবে। তিনি হয়তো ‘ইউরোপীয় ও ইউরেশীয় সম্পর্ক বিষয়ক কোনো কর্মকর্তাই নিয়োগ দেবেন না।
সে কারণে ইউরোপীয় ইউনিয়নকে নিজের প্রতিরক্ষা ব্যূহ গড়ে তুলতে হবে, নিরাপত্তাকৌশল প্রণয়ন করতে হবে। তাকে শুধু বাল্টিক ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সম্পর্ক গড়ে তুললে হবে না, তাকে বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি ও ফ্রান্সের সঙ্গেও এই সম্পর্ক গড়ে তুলতে হবে। এই অসম সম্পর্কগুলোকে একটি ইউরোপীয় কমান্ডের অধীনে নিয়ে আসতে হবে, যেখানে সবাই যৌথভাবে অর্থায়ন করবে, যাদের মধ্যে অভিন্ন প্রতিরক্ষা ক্রয়ব্যবস্থা থাকবে।
মোদ্দা কথা হলো, ইউরোপীয় ইউনিয়নকে স্বাধীনভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা এটা করতে না পারলে ভূখণ্ড ধরে রাখতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ ও কঠিন সিদ্ধান্ত। কিন্তু তারা বহুদিন এ বিষয়টি ঝুলিয়ে রেখেছিল। এখন ট্রাম্পের জয়ের পর তাদের আর অপেক্ষা করা চলে না।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
গাই ভারহোফস্টাড: ইউরোপীয় সংসদে উদারপন্থীদের নেতা।