ইউরোপ নিয়ে ট্রাম্প আগের অবস্থানেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার রাষ্ট্রপ্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এটি ছিল প্রথম ইউরোপ সফর। এই সফরে তঁার আচরণ ছিল যতটা না রাষ্ট্রনায়কোচিত, তার চেয়ে বেশি একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্ণধারের মতো। আপাতদৃষ্টিতে তঁার এই সফরকে সফল বলে মনে হলেও তঁার ইউরোপীয় সহযোগীরা এই সফরকে ভিন্ন চোখে দেখছেন। ট্রাম্পের নয় দিনের সফরে তিনি গেছেন সৌদি আরব, ইসরায়েল, ফিলিস্তিন, রোমের ভ্যাটিকান, বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো জোটের সদর দপ্তর এবং সর্বশেষ জি–৭ জোটের শীর্ষ সম্মেলনে ইতালির সিসিলি দ্বীপে। তঁার এই সফরের বড় পাওনা, সৌদি আরবের সঙ্গে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি।

ক্ষমতায় আসার আগে থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে নানা উক্তি সেই সময়েই ভাবনায় ফেলে দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন আর ন্যাটো জোটের মিত্রদের। আর এখন তার ব্যাপ্তি বেড়ে ভাবনায় ফেলেছে জি–৭ জোটের মিত্রদেরও। প্রেসিডেন্ট পদে ক্ষমতাসীন হওয়ার আগে থেকেই ইউরোপীয় মিত্রদের নিয়ে ট্রাম্প নানা হেঁয়ালি কথাবার্তা বলেছেন। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার শত দিন পরও সেই সব কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত কথাবার্তা আর আচরণ থেকে সরে আসেননি তিনি।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে তিনি ‘জার্মানরা খারাপ এবং খুব খারাপ’ বলে মন্তব্য করেছেন। জার্মানরা খারাপ হওয়ার কারণ হলো, তারা যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে গাড়ি বিক্রি করছে। ন্যাটোর সদ্য নতুন সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সদস্যভুক্ত দেশগুলোকে কিছু সদস্যদেশের বকেয়া চঁাদার কথা স্মরণ করিয়ে দেন আর ইতালির সিসিলিতে জি–৭ জোটের মিত্রদের সঙ্গে বৈঠকের মূল বিষয় এড়িয়ে জোটের পূর্বঘোষিত জলবায়ু-সংক্রান্ত সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেন।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কার, ইউরোপীয় কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্কসহ অন্যান্য ইইউ-কর্তার সামনেই জার্মানি সম্পর্কে বিরূপ মন্তব্য করেন ট্রাম্প। আলোচনায় ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেন জ্যঁ ক্লদ জাঙ্কার। তিনি জার্মানির পক্ষ নিয়ে যুক্তি দিয়ে বলেন, মুক্ত বাণিজ্য সবাইকে সুবিধা দেয়। এ সম্পর্কে জার্মান সরকার কোনো মন্তব্য না করলেও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য বিনিময়সংক্রান্ত প্রধান নির্বাহী চেসেলিয়া মালমস্টোরম ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, মুক্ত বাণিজ্যের রীতি অনুযায়ী, কোনো দেশ তার চাহিদা মোতাবেক আমদানি-রপ্তানি করবে। সে ক্ষেত্রে আমেরিকায় জার্মান গাড়ির বেশি চাহিদা থাকার কারণেই এটা ঘটছে। আর যুক্তরাষ্ট্রও অনেক দেশেই তাদের রপ্তানির তুলনায় কম আমদানি করছে। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প নিজেও একজন ব্যবসায়ী এবং তিনি ভালো করেই পণ্যের চাহিদা ও লাভ-লোকসানের খতিয়ানটি বোঝেন। এ ছাড়া তিনি সদ্যই সৌদি আরবের সঙ্গে বিশাল অঙ্কের একমুখী অস্ত্র চুক্তি করে এসেছেন।

ব্রাসেলসে ন্যাটো জোটের নতুন সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২৮টি সদস্যদেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে তিনি ২৩টি সদস্যদেশের প্রতিরক্ষা খাতে অর্থ ব্যয় না করার ব্যাপারে বিষোদ্গার করেন। ২০১৪ সালে ওয়েলসে ন্যাটোর বৈঠকে সদস্যদেশগুলোর জাতীয় বাজেটের ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ও ন্যাটোর জন্য ব্যয়ের কথা থাকলেও সদ্য সদস্য হওয়া দেশগুলোর অধিকাংশ সদস্য প্রয়োজন না থাকায় প্রতিরক্ষা খাতে তাদের বরাদ্দ হ্রাস করেছে। ন্যাটোর জোটে প্রথমবারের মতো উপস্থিত হয়ে ট্রাম্প জোটকে সন্ত্রাসী ও অভিবাসী প্রশ্নে আরও কঠোর হতে এবং ইউরোপের পূর্ব সীমান্তে রাশিয়ার হুমকির ব্যাপারে সতর্ক থাকার কথা বলেন। অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, এই জোট বিশ্বাস করে, জোরজবরদস্তি বা প্রাচীর তুলে কোনো সমস্যার সমাধান হয় না; বরং মুক্তসমাজ এবং মানবিক মূল্যবোধের মধ্যেই সমস্যার সমাধান নিহিত রয়েছে।

ইতালির সিসিলিতে জি–৭ জোট সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল ইউরোপ অভিমুখে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা থেকে অভিবাসী ও শরণার্থীদের আগমনজনিত সমস্যা ও সমাধান, সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধ, ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য হ্রাসে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ডিজিটাল বিপ্লব ইত্যাদি। ট্রাম্পের অসহযোগিতামূলক আচরণের কারণে এসব নিয়ে কোনো আলোচনা হতে পারেনি। তিনি আলোচ্য বিষয়গুলো এড়িয়ে তঁার পূর্বসূরির করা বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ে যে মতৈক্য হয়েছিল তা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ওই মতৈক্যের বিষয়টিকে তিনি মানতে নারাজ। তবে জোটের বাকি ছয় দেশের নেতারা প্যারিসে স্বাক্ষরিত জলবায়ু চুক্তি মেনে কার্বন নির্গমন কমাতে রাজি হন

দুর্ভিক্ষ ও দারিদ্র্যপীড়িত মানুষের সহযোগিতায় কাজ করছে এমন দুই ইউরোপীয় সংগঠন অক্সফাম ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা বলেছেন, সিসিলির সম্মেলনে আরবের ক্ষুধার্ত শিশুদের বিষয়ে আলোচনা না হওয়া এবং ইয়েমেন, সোমালিয়া, দক্ষিণ সুদান ও নাইজেরিয়ার দুই কোটি অনাহারগ্রস্ত মানুষের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা অমানবিক ব্যাপার। তঁারা আরও বলেন, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে পৃথিবীর এত বড় বড় মানবিক বিষয়ে জোট কোনো সিদ্ধান্ত নিতে অপারগ হয়েছে।

জি–৭ সম্মেলনের দুদিন পর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মিউনিখে একটি অনুষ্ঠানে এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে তাঁর অনীহা ও সম্পর্কের দূরত্বের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, একসময় যে বন্ধুদেশের প্রতি নির্ভর করা যেত, তা এখন আর করা যাবে না। তিনি আগামী দিনে ইউরোপের ভবিষ্যৎ গঠন ইউরোপের নিজ দায়িত্বে করতে হবে বলে মন্তব্য করেন।

বিশ্বের বড় একটি দেশের রাষ্ট্রপ্রধান হয়েও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম ইউরোপ সফরে গিয়ে যে অকূটনৈতিকসুলভ আচরণ করলেন, তা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না।

সরাফ আহমেদ: প্রথম আলোর জার্মানি প্রতিনিধি।