ইউরোপীয় ইউনিয়নই প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাভিয়ের সোলানা
হাভিয়ের সোলানা

পৃথিবীতে এখন ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। সাম্প্রতিক সংকট ও ব্রেক্সিটের চপেটাঘাত সত্ত্বেও আজকের পৃথিবীর নানা প্রবণতার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন সেরা রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে: বিচ্ছিন্নতাবাদ, সুরক্ষাবাদ, জাতীয়তাবাদ ও সব ধরনের চরমপন্থা। ইউরোপসহ বিভিন্ন জায়গায় যার বিস্তার এখন আমরা দেখতে পাচ্ছি। ইউরোপীয় ইউনিয়নকে এই কাজের জন্য সক্ষম করে তুলতে হলে সদস্যরাষ্ট্রগুলোকে যা করতে হবে তা হলো, তাদের ‘ইউরোপীয় ইউনিয়নই প্রথম’ মন্ত্র গ্রহণ করতে হবে।
তবে এটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যুক্তরাষ্ট্রই প্রথম’ নীতির মতো ক্ষতিকর প্রকৃতির একতরফা হবে না। উল্টো এটা ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোকে সংকীর্ণ জাতীয় স্বার্থের বাইরে গিয়ে বহুপক্ষীয় ও উন্মুক্ত মনোভাব গ্রহণে উৎসাহিত করবে। একই সঙ্গে যে অন্তর্ভুক্তিবিরোধী মনোভাবাপন্ন রাজনৈতিক শক্তিগুলো সম্প্রতি হালে পানি পাচ্ছিল, তাদের সঙ্গেও সম্মুখ সমরে যেতে সদস্যদেশগুলোকে উৎসাহিত করবে এই নীতি। তারা যেন ইউরোপীয় ইউনিয়নকে সংহত করে, তার জন্যও তাড়া দেবে এই নীতি। এর মাধ্যমে ইউনিয়ন চ্যালেঞ্জ উতরে যেতে পারবে, যা আন্তর্জাতিক ব্যবস্থা টিকিয়ে রাখতে সহায়তা করবে।

এই ব্যবস্থা অপ্রয়োজনীয় সরঞ্জাম বা যুদ্ধোত্তরকালের ধ্বংসাবশেষ-জাতীয় কিছু নয়। ৭০ বছর ধরে তা বৈশ্বিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রেখেছে। আমাদের এটার প্রয়োজনীয়তা আছে। ব্যাপারটা হচ্ছে, আজকের যেসব অর্থনৈতিক, পরিবেশ ও কৌশলগত চ্যালেঞ্জ জাতীয় পর্যায়ে মোকাবিলা করা যায় না, তা মোকাবিলায় এই বহুপক্ষীয় ব্যবস্থার জরুরত আছে।

বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি হচ্ছে, শান্তি রক্ষা মানবকল্যাণ নিশ্চিত করতে অন্যের প্রয়োজনীয়তা যেমন বুঝতে হবে, তেমনি তাকে শ্রদ্ধাও করতে হবে। অর্থাৎ অন্যের প্রয়োজনীয়তা ও স্বার্থের বৈধতা আমার চেয়ে কোনো অংশে কম নয়। বহুপক্ষীয় ব্যবস্থা কোনো ধরনের অটেকসই প্রকৃতির সংহতির ফসল নয়, যেটা অনেকে দাবি করতে চায়। এটা মানুষের স্বার্থের আলোকিত ব্যাখ্যার পরিণতি। কথা হচ্ছে, গঠনমূলক মনোভাব থাকলে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী সামান্য কিছু ছাড় দিয়ে এমন চুক্তিতে আসতে পারে, যার মাধ্যমে সবাই লাভবান হতে পারে। এ ছাড়া টেকসই শান্তি ও সামষ্টিক সমৃদ্ধির আশা ক্ষীণ হয়ে যায়।

সব দেশই যদি অন্যের চাহিদাকে গুরুত্ব না দিয়ে নিজের চাহিদাকে প্রথম গুরুত্ব দেয়, তাহলে প্রতিযোগিতাই অভিন্ন স্বার্থের জায়গাটা দ্রুত দখল করে নেবে। যদি আমরা সবাই ছাড় দেওয়ার মানসিকতা হারিয়ে ফেলি, তাহলে আমরা সবাই অনেক কিছু হারাব। আমরা যদি শুধুই দ্বিপক্ষীয় চুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে নিরাপত্তাজনিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যে অভিন্নতা ও সহযোগিতার পরিসর গড়ে উঠেছিল, তা সংকীর্ণ হতে হতে একসময় হারিয়ে যাবে।

আর সে কারণেই ট্রাম্প যে ‘যুক্তরাষ্ট্রই প্রথম’ মন্ত্র গ্রহণ করেছেন, তা খুবই উদ্বেগজনক। বিশ্বের নেতৃস্থানীয় শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র সহযোগিতার ধরনটা গড়ে দেয়। কখনো কখনো সে অন্য দেশকে তাতে অংশগ্রহণের জন্য নানা প্রণোদনা দেয়। এখন যুক্তরাষ্ট্রই যদি একপক্ষীয় ও বিচ্ছিন্নতাবাদী অবস্থান নেয়, তাহলে অন্য দেশগুলোও তাকে অনুসরণ করতে বাধ্য হবে। এতে কিন্তু যুক্তরাষ্ট্রসহ সবাই বিপদগ্রস্ত হবে।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন পররাষ্ট্রনীতির বিষয়ে কিছুটা মধ্যপন্থী অবস্থান নিয়েছে। সুনির্দিষ্টভাবে বললে, ট্রাম্প শেষমেশ ‘এক চীন’ নীতি সম্মান করতে শুরু করেছেন। জাপানের ব্যাপারেও তিনি মনোভাব বদলিয়েছেন, যদিও প্রথম দিকে নিরাপত্তাবিষয়ক যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে তিনি সন্দেহ পোষণ করেছিলেন। এসব দেখে বোঝা যায়, ট্রাম্প প্রশাসন গঠনমূলক মনোভাবের প্রয়োজনীয়তা বুঝতে পারছে।

সম্ভবত, এই স্বীকৃতির আংশিক কারণ হচ্ছে ইতিহাসের বোঝাপড়া। অভিজ্ঞতা থেকে জানা যায়, দ্বন্দ্ব-সংঘাত এড়ানোর সবচেয়ে কার্যকর পথ হচ্ছে অন্তর্ভুক্তি ও সহযোগিতা। বর্জনবাদী বাগাড়ম্বরের কারণে যারা মানুষের পরিচয়কে সংকীর্ণ পরিসরে বাঁধতে চায়, তাদের বাড়বাড়ন্ত হয়। এ ধরনের মানুষ, অর্থাৎ জাতীয়তাবাদী ও লোকরঞ্জনবাদীরা যখন অতীতে নীতি প্রণয়ন করেছেন, তখন ব্যাপক দ্বন্দ্ব-সংঘাত হয়েছে।

যে সময় বৈশ্বিক শক্তির কাঠামোতে নিরন্তর পরিবর্তন আসছে, তখন এ রকম পরিণতি হওয়ার ঝুঁকি আরও বেশি থাকে। চীনের মতো উদীয়মান শক্তিকে বৈশ্বিক শাসনব্যবস্থার আরও গভীরে ঢোকার সুযোগ দিতে হবে। যে ব্যবস্থা ৭০ বছর ধরে স্থিতিশীলতা বজায় রেখেছিল, তার ওপর সন্দেহ পোষণ করা হলে জাতীয়তাবাদ ও প্রতিযোগিতা বরং আরও বাড়বে। ফলে দ্বন্দ্ব ও অনিশ্চয়তা সৃষ্টির সুযোগ হবে।

বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় যদি মার্কিন যুক্তরাষ্ট্রর ওপর নির্ভর করা না যায়, তাহলে ইউরোপীয় ইউনিয়নের মডেল ও অভিজ্ঞতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ, ইউনিয়ন হচ্ছে অন্তর্ভুক্তি, সহযোগিতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিমূর্তি। দোষত্রুটি থাকলেও ইউনিয়ন বারবার প্রমাণ করেছে, ভিন্নতা কীভাবে শান্তিপূর্ণ ও গঠনমূলকভাবে সমাধান করা যায়। বহুপক্ষীয় বন্দোবস্তের প্রতি এর সদস্যরাষ্ট্রগুলোর অঙ্গীকার সত্যিই অনন্য। বস্তুত আমরা প্রতিদিনই তার চর্চা করি।

ফলাফল দেখেই বোঝা যায়, এটা বাস্তবে কেমন। কেউই সন্দেহ করতে পারে না যে ইউরোপীয় ইউনিয়ন সব সদস্যরাষ্ট্রের শান্তি, গণতন্ত্র, আধুনিকতা ও অগ্রগতি নিশ্চিত করেছে। ইউনিয়নের কমিউনিটি মডেল চরমপন্থাকে সংযত করার শামিল। কারণ, এখানকার কোনো সদস্যরাষ্ট্র চরমপন্থা গ্রহণ করতে গেলে অন্যরা তাতে বাদ সাধবে।

আমরা এটা বলছি না, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো লোকরঞ্জনবাদী বাগাড়ম্বরের খপ্পরে পড়ার ঝুঁকিতে নেই। এর বিপরীতে কথাটা হচ্ছে, ইউনিয়নভুক্ত দেশগুলো কেন আরও শক্তিশালী ও ঘনিষ্ঠ ইউনিয়ন গঠনে নিজেদের নিয়োজিত করবে। পৃথিবী ও ইউরোপের জন্য এখন বলতে হবে, ইউরোপীয় ইউনিয়নই প্রথম—এ কথা বলার সময় এসেছে।

চরমপন্থা ও জাতীয়তাবাদের পরিণতি কী, সে সম্পর্কে ইউরোপের চেয়ে ভালো আর কে জানে। আলোকিত ও রাষ্ট্রাধিক চেতনা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন টেকসই শান্তি অর্জন করেছে, যেটা এক শতাব্দী কাল আগেও অসম্ভব মনে হতো; বরং তার উচিত, ইউনিয়নকে আরও এগিয়ে নেওয়া এবং পৃথিবীকে দেখানো, বহুপক্ষীয় বন্দোবস্ত কী করতে পারে।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

হাভিয়ের সোলানা: স্পেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী।