ইউরোপীয় ইউনিয়নের অন্তঃকলহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তি নেই, সমস্যার শেকড় খুঁজে দেখার তাগিদ নেই, নেই মানবিকতাবোধ—তবে বিদ্বেষ আছে। একরকম সস্তা জনপ্রিয় বক্তব্য দিয়ে হাততালি পাওয়ার রাজনীতি এখন বিশ্বজুড়ে। ইউরোপেও তার ব্যত্যয় ঘটছে না। ৭৭ বছর আগে যে ধরনের কথার বারুদ দিয়ে, উগ্র রাজনীতির মাধ্যমে সৃষ্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপ তথা সারা বিশ্বকে রসাতলে নিয়ে গিয়েছিল, খানিকটা সেই ধাঁচের রাজনীতি ও রাজনীতিকদের দাপট পুনরায় ছড়িয়ে পড়ছে।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর এই প্রথম ১৬ সেপ্টেম্বর স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভাতে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বৈঠকের আগে থেকেই ইউরোপ মহাদেশের সর্বোচ্চ সংগঠনটির ঐক্য-অনৈক্য নিয়ে নানা কথা হয়। কথা ছিল ইইউকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে নতুন দিকনির্দেশনা ও রোডম্যাপ প্রস্তুত করার। কিন্তু অবশেষে তেমন কোনো অগ্রগতি ও সম্মিলিত প্রস্তাব ছাড়াই শীর্ষ বৈঠকটি শেষ হয়েছে।

বৈঠকের আগেই ইউরোপীয় ইউনিয়নের সভাপতি জঁ-ক্লদ জাঙ্কার স্ট্রাসবুর্গে ইইউ পার্লামেন্টের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের উদ্দেশে বলেছিলেন, এ মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের অবস্থা বেশ নাজুক। তিনি সদস্যদেশগুলোর নিজস্ব জাতীয়তাবোধের বাইরে ইউরোপীয় ঐক্য ও সংহতি গড়ে তোলার কথা বলেছিলেন। এ ছাড়া বিশ্বশক্তি হিসেবে দাঁড় করানোর ক্ষেত্রে আগামী একটি বছর আরও কঠিন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। আর ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি মার্টিন শুলজ সদস্যদেশগুলোর মতপার্থক্য হ্রাসের প্রত্যয়ে পূর্বঘোষিত প্রস্তাবগুলো মেনে নিয়ে পরস্পরের মধ্যে আলোচনার কথা বলেছিলেন। অর্ধশত বছরের বেশি সময় ধরে নানা চড়াই-উতরাই পেরিয়ে একসঙ্গে চলার পর আসলে হঠাৎ করেই এই কঠিন দায়িত্ব বা মতপার্থক্যের কথা আসছে কেন!

২৮টি দেশের ৫০ কোটি মানুষের এই জোটের কিছু দেশে অর্থনৈতিক মন্দা, পূর্ব ইউরোপে ন্যাটো জোটের সম্প্রসারণ ও ইউক্রেনে যুদ্ধ, গত জুন মাসে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া, গত বছরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বলকান দেশগুলোর ওপর দিয়ে মধ্য ইউরোপে ১০ লাখেরও বেশি শরণার্থীর আগমনকে কেন্দ্র করে এবং পরে এসব শরণার্থীর ইইউ সদস্যদেশগুলোতে বণ্টনের প্রক্রিয়া নিয়ে তিক্ততা, ফ্রান্স ও বেলজিয়ামে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের একের পর এক হামলা এবং পূর্ব ইউরোপের কিছু দেশে অতি রক্ষণশীল ক্ষমতাসীন দলগুলোর প্রকাশ্য ইসলাম ও শরণার্থী-বিদ্বেষ, নিজস্ব জাতিসত্তা নিয়ে আস্ফালন ইউরোপীয় ইউনিয়নের মূল চেতনাকেই নড়বড়ে করে দিচ্ছে।

গত বছরের অক্টোবরে ১ লাখ ৬০ হাজার শরণার্থীকে ২৮টি ইইউ সদস্যদেশে বণ্টন ও পুনর্বাসনের যে সিদ্ধান্ত হয়েছিল, তার বিরোধিতা করে পূর্ব ইউরোপের চার সদস্যদেশ পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র ও স্লোভানিয়া নিজেরা জোটবদ্ধ হয়ে পাল্টা প্রস্তাব পেশ করে। তাদের প্রস্তাবটি হলো, যেহেতু যুক্তরাজ্য ইইউ ছেড়ে চলে গেছে, তথাপি যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর ২১ লাখ নাগরিক নানা ধরনের চাকরি করছেন (সংখ্যাভিত্তিক হিসাবে এই চার দেশের সব​েচয়ে বেশি নাগরিক সেখানে চাকরিতে নিয়োজিত), সেহেতু ইইউকে যুক্তরাজ্যের সঙ্গে এমন কোনো চুক্তি করতে হবে বা ছাড় দিতে হবে, যাতে করে ওই নাগরিকদের যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো না হয় এবং সেখানকার সামাজিক সুবিধাগুলো বহাল রাখা হয়। আর এ ধরনের চুক্তি বা ছাড় দেওয়া হলেই কেবল তারা অক্টোবরের চুক্তিমতো শরণার্থীদের নিতে প্রস্তুত। এ তো গেল পূর্ব ইউরোপের চার সদস্যদেশের কথা। অন্যদিকে দক্ষিণ ইউরোপের ভূমধ্যসাগরীয় সাত দেশ ফ্রান্স, ইতালি, গ্রিস, স্পেন, পর্তুগাল, সাইপ্রাস ও মাল্টা নিজেদের মধ্যে বৈঠক করে নিজেদের ঋণ ও ঘাটতি বাজেট পুনরুদ্ধারে ইইউ-আরোপিত অধিক হারে শুল্ক ও ব্যয়-সংকোচন নীতির বিরোধিতা করছে।

ব্রাতিস্লাভার দানিয়ুব নদীর তীরে এবারের ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে ভবিষ্যতে ইউরোপের অর্থনৈতিক মন্দা, দারিদ্র্য ও বেকারত্বের হার কমানো, কৌশলগত বিনিয়োগের জন্য ইউরোপীয় অর্থ তহবিলকে আরও দ্বিগুণ করাসহ আগামী দিনে শরণার্থী সমস্যাকে কীভাবে মোকাবিলা করা যায়, সেসব নিয়ে আলোচনার কথা ছিল।

তবে মহাদেশীয় ঐক্যকে পেছনে ফেলে ইইউর সদস্য হিসেবে শুধু সুবিধা গ্রহণ নীতির বিপরীতে সংগঠনের এগিয়ে নিয়ে যাওয়া বা মানবিক হওয়ার স্পৃহা না থাকার ব্যাপারটি অনেক সদস্যরাষ্ট্রের মধ্যেই দেখা যাচ্ছে। কারণ, এই দেশগুলোর রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে কট্টর ডানপন্থীরা। এদের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে, জনপ্রিয় লাগামহীন কথাবার্তা বলে জনগণের মন জয় করে ক্ষমতায় বহাল থাকা। শরণার্থীরা কী কারণে ইউরোপমুখী হচ্ছেন বা ন্যাটো জোটের সদস্য হিসেবে ইরাক, লিবিয়া ও সিরিয়ার যুদ্ধে তাদের কতটুকু দায়বদ্ধতা রয়েছে, সেই নির্মম সত্যটি এড়িয়ে লাগামহীনভাবে শরণার্থীদের ইউরোপে আগমনকে পুঁজি করে রাজনীতি করছেন।

খুবই অবাক করা ব্যাপার, পূর্ব ইউরোপের যেসব দেশ চার দশকের বেশি সময় ধরে সমাজতান্ত্রিক ও মার্ক্সবাদী নীতি-আদর্শের দেশ হিসেবে পরিচিত ছিল, সেই দেশের জনগণ ও রাজনীতিকেরা হঠাৎ করেই ইউরোপে নব্য নাৎসিবাদীদের মতো আচরণ করতে শুরু করেছেন।

পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্রসহ জার্মানির পূর্বাঞ্চল, ফ্রান্স বা নেদারল্যান্ডস সর্বত্র এই রক্ষণশীল দলগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। আর এদের ঠেকাতে দিশেহারা হচ্ছে ইউরোপের ঐতিহ্যবাহী উদারনৈতিক সামাজিক, গণতান্ত্রিক ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ঘরানার দলগুলো।

নানা অন্তর্দ্বন্দ্ব ও বিভিন্নমুখী চাপের মুখে ইউরোপীয় ইউনিয়নের এই বেহাল অবস্থা শিগগিরই কাটবে বলে মনে হয় না। তবে এটা পরিষ্কার যে এত বছরের পুরোনো সংগঠনটির অনেক সদস্যদেশের রাজনীতিকেরা নিজেদের ঘাটতিসমৃদ্ধ অর্থনৈতিক পরিকল্পনা ও রাজনীতির ভুলের দায় ইইউর ঘাড়ে চাপাতে চাইছেন। যে মহাদেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী দেশ ও জাতিসত্তার তিক্ততাকে পেছনে ফেলে সংঘবদ্ধ ইউরোপের স্বপ্ন দেখছিল, সেই ইউরোপীয় রাজনীতিতে কৌশলী ও মেধাবী রাজনীতিকদের সংকট যাচ্ছে। ছোটখাটো বিষয় নিয়ে কাদা-ছোড়াছুড়ির ঘটনা ঘটছে।

তবে আশার কথা বলেছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক। তার মতে, মতপার্থক্য সত্ত্বেও অতীতের মতো বর্তমান সমস্যাগুলোও আলাপ–আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে।

সরাফ আহমেদ: প্রথম আলোর জার্মানি প্রতিনিধি।