কাতালোনিয়ার বরখাস্ত হওয়া নেতা কার্লোস পুজেমন যে স্পেন ছেড়ে ব্রাসেলসে হাজির হলেন, সেটা কোনো দুর্ঘটনা নয়। তবে তিনি রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য বেলজিয়ামে গেছেন এমন সম্ভাবনা বাতিল করে সাংবাদিকদের বলেছেন, ‘আমি ইউরোপের রাজধানী হিসেবে ব্রাসেলসে এসেছি। আমি চাইছি যে ইউরোপ এ ব্যাপারে প্রতিক্রিয়া দেখাক।’
ইউরোপের প্রতি ব্যবস্থা নেওয়ার যে আহ্বান জানানো হয়েছে, তার প্রতিক্রিয়ায় ব্রাসেলসসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশের রাজধানীতে নীরবতার প্রতিধ্বনি শোনা গেছে। শুধু বেলজিয়াম সরকার প্রতিক্রিয়া জানিয়েছে, সেটাও আবার হয়েছে দেশটিতে পুজেমনের আগমনে সৃষ্ট ডামাডোলের কারণে। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কার্লোস পুজেমন সরকারের আমন্ত্রণ বা উদ্যোগে দেশে আসেননি।’ বিবৃতিতে স্পেনে রাজনৈতিক আলোচনার আহ্বান জানানো হয়েছে।
এই নীরবতা বড় বাঙ্ময়। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় শুক্রবার কাতালোনিয়ায় নতুন নির্বাচনের ঘোষণা দেওয়ার পরপর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ইউরোপীয় ইউনিয়নের অবস্থান ব্যক্ত করেছেন, ‘শুধু স্পেনের সঙ্গেই আমাদের আলোচনা হয়েছে।’ তবে স্পেনে পুলিশের বলপ্রয়োগের বিরুদ্ধে তিনি একরকম অব্যক্ত সতর্কবার্তা দিয়েছেন, ‘আমি আশা করব, স্পেন সরকার যুক্তির বল নিয়ে দাঁড়াবে, বলপ্রয়োগের যুক্তি নিয়ে নয়।’
ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের যুক্ত হওয়ার আইনি কাঠামো নেই। ইউরোপীয় কমিশন আইনের শাসন প্রসঙ্গে পোল্যান্ড ও হাঙ্গেরির ডানপন্থী জনতুষ্টিবাদী সরকারের সঙ্গে ধস্তাধস্তি করছে, যদিও স্পেনের ব্যাপার ভিন্ন।
সাংবিধানিক আদালতের ব্যাপারে পোল্যান্ড যে সংশোধনী প্রস্তাব করেছে এবং এনজিওসহ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে হাঙ্গেরি যে বিধিনিষেধ আরোপ করেছে, তা একদম আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিমূলে আঘাত করেছে। তবে মনে হচ্ছে স্পেন নিজের রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনে সক্ষম। ইউরোপীয় ইউনিয়নের একটি সূত্র আমাকে বলেছে, ‘স্পেন গণতান্ত্রিক দেশ, বিচার বিভাগের ওপর যাদের আস্থা আছে।’ তিনি আরও বলেছেন, রাহয় অনেক ভুল করায় পরিস্থিতি ‘ভয়ানক’ আকার ধারণ করেছে।
ব্রাসেলসের দৃষ্টিভঙ্গিতে রং চড়িয়ে বলা যায়, ইউরোপীয় ইউনিয়ন জাতিরাষ্ট্রের একটি ক্লাব, যারা ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হয়ে যাওয়াটা ভয় পায়। ইউরোপীয় কমিশনের প্রধান জঁ ক্লদ ইয়ুঙ্কার বলেছেন, ‘আমি এমন পরিস্থিতি চাই না, যেখানে ইউরোপীয় ইউনিয়ন ৯৫টি বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত হয়ে যেতে পারে।’ তিনি আরও বলেছেন, ‘আমরা ইতিমধ্যে অনেক ভাঙন ও বিচ্ছিন্নতা দেখেছি।’ আর লিসবন চুক্তির অধীনে ইউরোপীয় ইউনিয়ন ‘রাষ্ট্রের মৌলিক কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকবে’, যার মধ্যে রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ব্যাপারও আছে। তড়িঘড়ি করে আয়োজিত অবৈধ গণভোটের মাধ্যমে স্বাধীন হওয়া কাতালোনিয়াকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের সুযোগ দেওয়া হলে ফ্ল্যান্ডার্স, কর্সিকা, সাউথ টাইরলের মতো অঞ্চলের জন্য নজির হিসেবে কাজ করবে।
কার্নেগি ইউরোপের জ্যেষ্ঠ ফেলো রিচার্ড ইয়াংস মনে করেন, স্পেনের আইনি যুক্তিতে সাড়া দিয়ে ইউরোপীয় ইউনিয়ন সঠিক কাজটি করেছে। তিনি বলেন, কাতালান সরকার যে পথে চলছে, তাতে পরিষ্কারভাবেই সফলতা আসার সুযোগ নেই। এই পথে স্বাধীন রাষ্ট্র সৃষ্টির বাস্তবসম্মত সুযোগ নেই। তিনি আরও মনে করেন, এই সংকটের আগে উভয় পক্ষকে ঐকমত্যে আনতে ইউরোপীয় ইউনিয়নের পর্দার অন্তরালে আরও অনেক কিছু করা উচিত ছিল।
রিচার্ড ইয়াংস বলেন, ‘এখন মাদ্রিদকে এটা মেনে নিতে হবে যে এই সংকট আরও গুরুতর আকার ধারণ করলে ইউরোপীয় ইউনিয়নের ওপর এর গুরুতর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পড়বে। কিন্তু তিনি মনে করেন, ইউনিয়নের অনানুষ্ঠানিকভাবে ভূমিকা পালন করা উচিত। আর সেটা স্পেন সরকারের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমেই করা উচিত।
কাতালোনিয়ায় প্রত্যক্ষ শাসন স্থগিতের আগের দিনগুলোতে একজন জ্যেষ্ঠ কূটনীতিক পুনরুক্তি করেছিলেন, এখানে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নেই। কিন্তু কীভাবে এটা হতে পারে, সে ব্যাপারে তাঁর সন্দেহ ছিল। তাঁর উপদেশ ছিল, এটা নীরবে করা দরকার। তবে কাতালান সংকট ও গণভোটের দিন পুলিশের নৃশংসতার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের নীরব প্রতিক্রিয়ার কারণে সব রাজনৈতিক দলই সংস্থাটির সমালোচনা করছে। অন্যদিকে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের মাদ্রিদ কার্যালয়ের প্রধান ফ্রান্সিসকো দে বোরজা ল্যাশেরাস ইউনিয়নের ভূমিকা ইতিবাচকভাবেই দেখছেন। তিনি বলেন, ইউনিয়ন কাতালানে আইনের শাসন বহাল রাখতে সহায়তা করেছে।
ফ্রান্সিসকো দে মনে করেন, ‘পশ্চিমা জগতে আমরা গণতন্ত্রের দুটি রূপ অনুসৃত হতে দেখি। এর একটি হচ্ছে তথাকথিত গণভোট, যা মানুষের ইচ্ছার ভিত্তিতে পরিচালিত হয় এবং গণতান্ত্রিক, বহুত্ববাদী, প্রাতিষ্ঠানিক ও আইনের শাসনের বিরুদ্ধে যার অবস্থান।’
কাউন্সিল অব ইউরোপ পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের বিরুদ্ধে তদন্তের আহ্বানে সাড়া দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন নেতাদের বিবৃতি সহায়ক হলেফ্রান্সিসকো দেমনে করেন, ব্রাসেলস কিছুটা দূরত্ব বজায় রাখবে। ইউনিয়ন সেখানে গভীরভাবে যুক্ত হলে তা স্প্যানিশ গণতন্ত্রের জন্য অনেক কঠিন হবে। তিনি বলেন, ‘আমাদের নিজস্ব পথ খুঁজতে হবে।’
পুজেমন ব্রাসেলসে যে বরফশীতল নীরবতার সম্মুখীন হয়েছেন, তাতে মনে হচ্ছে ইউনিয়ন এই সংকট মোকাবিলায় স্পেনের ওপরই নির্ভর করবে।
দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
জেনিফার র্যানকিন: দ্য গার্ডিয়ানের সাংবাদিক।