ইউরোপীয় ঐক্যপ্রক্রিয়ার যুগসন্ধিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অাঙ্গেলা ম্যার্কে​ল বলেছেন, ইইউ ছাড়লে যুক্তরাজ্য অনেক সুবিধা হারাবে
অাঙ্গেলা ম্যার্কে​ল বলেছেন, ইইউ ছাড়লে যুক্তরাজ্য অনেক সুবিধা হারাবে

সে ক্ষেত্রে জার্মান জাতি তাদের অতীত ইতিহাসের তাড়না থেকেই অতি উচ্ছ্বাস বা আগ্রাসী ভূমিকা পরিত্যাগ করে সংযম,
ত্যাগ, শ্রম ও সমন্বিত ঐক্যে প্রয়াসী হয়েছে। ২৫ বছর আগে জার্মান জাতির পুনঃ ঐক্য ঘটলেও ইউরোপীয় ও বিশ্বরাজনীতিতে
সতর্ক আর সাবধানে পথ চলার ব্যাপারটি জার্মান রাজনীতিকদের মধ্যে রয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নে তাঁদের সংযমী আচরণের প্রতিফলন ঘটেছে।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করাকে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল শুক্রবার ইউরোপীয় ঐক্য প্রক্রিয়ার যুগ সন্ধিক্ষণ বলে উল্লেখ করেছেন। জার্মান পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী সব দলের নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি জানিয়েছেন, এটা যুক্তরাজ্যের নিজস্ব সিদ্ধান্ত। এ বিষয় নিয়ে অনর্থক বেশি আলোচনা না করে এই সিদ্ধান্তের সমাপ্তি টানতে হবে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গণভোটের রায়ের এক সপ্তাহ আগে বলেছিলেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলে ইউনিয়নভুক্ত বাজারব্যবস্থাসহ সব অর্থনৈতিক সুবিধা ত্যাগ করতে হবে। জার্মান চ্যান্সেলর কাল মঙ্গল ও পরদিন বুধবার বার্লিনে এই প্রসঙ্গে অন্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সম্মিলিতভাবে বক্তব্য দেবেন। এর আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভালটার স্টাইনমায়ার ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছয় দেশ জার্মানি, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, হল্যান্ড ও লুক্সেমবুর্গের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে ইউরোপীয় ইউনিয়নকে আরও নাগরিকসুলভ করার প্রয়াসে নতুন কিছু প্রস্তাব রাখবেন। উল্লেখ্য, এই ছয় দেশই ১৯৫৭ সালে ইউরোপীয় অর্থনৈতিক কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের গোড়াপত্তন করেছিল।

জার্মান পার্লামেন্টের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির প্রধান এলমার বক যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের প্রশ্নে গণভোটের রায় প্রকাশের পর বলেছেন, এটা খুব দুঃখজনক যে অযৌক্তিক তথ্য দিয়ে কেবল আবেগতাড়িত হয়ে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে গণভোটের প্রচারণা চালানো হয়েছে। এ ছাড়া আধুনিক বিশ্বে সর্বত্রই অর্থনীতি, সন্ত্রাস, জলবায়ু প্রভৃতি বৈশ্বিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে একযোগে সমাধানের চেষ্টা চলেছে, এই ত্যাগ ইউরোপের জন্য মঙ্গল বয়ে আনবে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই রায় যুক্তরাজ্যের জন্য দুর্ভোগ বয়ে আনবে, আর ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের কাজে আরও গতি আনবে বলে তিনি মত প্রকাশ করেছেন।

ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি ও জার্মান সামাজিক গণতান্ত্রিক দলের নেতা মার্টিন শুলজ বলেছেন, যুক্তরাজ্যবিহীন ইউরোপীয় ইউনিয়নকে এগিয়ে নিতে আমাদের প্রস্তুতি রয়েছে আর যুক্তরাজ্যের এই চলে যাওয়া অর্থনৈতিকভাবে আমাদের তুলনায় যুক্তরাজ্যকে আরও ক্ষতিগ্রস্ত ও অস্থিতিশীল করে তুলবে।

ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টুস্ক শুক্রবার সকালে ইউনিয়নভুক্ত ২৭টি দেশের পক্ষ থেকে জানিয়েছেন, গত দুই দিন তিনি সব সদস্যরাষ্ট্রের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং সবাইকে অবহিত করার জন্য তিনি বলতে চান, যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ফলে ইউনিয়নে শূন্যতা সৃষ্টি হবে না, তবে এতগুলো দেশ ও জাতিকে সঙ্গে নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি এত সহজও নয়।

ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের থাকা না–থাকার প্রশ্নে জার্মানিসহ অন্যান্য ইউনিয়নভুক্ত দেশের বেশির ভাগ জনগণ যুক্তরাজ্যের থাকার পক্ষে তাঁদের মত প্রকাশ করলেও গণভোটের রায় প্রকাশের পর ইউনিয়নভুক্ত অন্য দেশগুলোর নিজেদের মধ্যে আরও সংহতি ও সমন্বয়ের প্রশ্নটি জোরদার হয়েছে। গণভোটের আগে জার্মানসহ ইউরোপীয় নেতারা প্রায় নিশ্চুপ থাকলেও যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোটের রায় প্রকাশের সঙ্গে সঙ্গে বার্লিন, প্যারিস ও ব্রাসেলসে রাজনীতিক ও কূটনীতিকদের মধ্যে কর্মচাঞ্চল্য বেড়ে গেছে।

জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়ন এই মুহূর্তে যে বিষয়টিকে প্রধান করণীয় হিসেবে ঠিক করেছে তা হলো, এই জোটকে কীভাবে আরও নাগরিকবান্ধব করা যায়। সে ক্ষেত্রে একটি বিষয় সামাজিক, আরেকটি অর্থনৈতিক। বিশ্বযুদ্ধোত্তর ইউরোপের অর্থনীতিবিদ ও রাজনীতিকেরা যে সামাজিক অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিলেন, তা এখন অনেকটা চ্যালেঞ্জের মুখে। সেখানেও সংস্কারের দাবি উঠেছে। এই দুই সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের মধ্যই নিহিত আছে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ, নতুবা এই ঐতিহ্যবাহী জোটকে ভবিষ্যতে বারবারই হোঁচট খেতে হবে।

সরাফ আহমেদ: প্রথম আলোর হ্যানোভার (জার্মানি) প্রতিনিধি৷