ইউরোপে বামপন্থা ও গণতন্ত্র একসঙ্গে ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একের পর এক ইউরোপীয় নির্বাচন হতাশ করছে গণতন্ত্রমনাদের। ছবি: এএফপি
একের পর এক ইউরোপীয় নির্বাচন হতাশ করছে গণতন্ত্রমনাদের। ছবি: এএফপি

ইউরোপ গণতন্ত্রের জন্য লড়ছে। আর ইউরোপের বামপন্থীরা লড়ছে নিজেদের অস্তিত্ব রক্ষার খাতিরে। একের পর এক বিভিন্ন দেশে ডানপন্থী, লোকরঞ্জনবাদীদের উত্থান ঘটছে। সর্বশেষ ইতালিতে ডানপন্থীরা জয়লাভ করেছে। ভোটের হিসাব বিবেচনা করলে গত বছর ইউরোপে বামপন্থীদের জন্য ছিল এক বিপর্যয়ের বছর। অস্ট্রিয়া, ফ্রান্স ও চেক রিপাবলিকে বামপন্থীরা তাদের অবস্থান হারিয়েছে। কেবল গ্রিস, পর্তুগাল, সুইডেন ও স্লোভাকিয়াতে বামপন্থীরা ভালো অবস্থানে আছে। নেদারল্যান্ডসে ওয়ার্কার্স পাটির জনসমর্থন সর্বশেষ নির্বাচনে ২৫ শতাংশ থেকে ৬ শতাংশে নেমে এসেছে। ফ্রান্সে সোশ্যালিস্ট পার্টির জনসমর্থন ৩০ থেকে ৭, চেক রিপাবলিকে ২০ থেকে ৭ শতাংশে এসে দাঁড়িয়েছে। জার্মানির সর্বশেষ নির্বাচনে সোশ্যাল ডেমোক্র্যাটরা ২০ শতাংশে নেমে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চেক রিপাবলিক ও জার্মানিতে সোশ্যাল ডেমোক্র্যাটদের জনপ্রিয়তা এখন সবচেয়ে কম।

বামপন্থীরা কেন সমর্থন হারাচ্ছে? বামপন্থীদের সাফল্যের মধ্যেই ব্যর্থতার কারণ নিহিত। কীভাবে? কারণগুলো একটু বিশ্লেষণ করা যাক। সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার কারণেই ইউরোপে বামপন্থীদের জনসমর্থন হ্রাস পেয়েছে। এই ধারণা একেবারেই অমূলক নয়। অর্থনৈতিক মন্দা রাজনীতিতে অস্থিরতার সৃষ্টি করেছে এবং লোকরঞ্জনবাদীদের সুযোগ করে দিয়েছে। তবে এখানে মনে রাখতে হবে, অর্থনৈতিক মন্দা দীর্ঘদিনের পরিবর্তনের প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করেছে। প্রকৃতপক্ষে, কয়েক দশক ধরেই ইউরোপে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে নতুন এক পরিবর্তন শুরু হয়েছে। মন্দা সেই পরিবর্তনকে আরও স্পষ্ট করেছে। দীর্ঘ সময় ধরেই বামপন্থীরা ইউরোপের রাজনীতিতে দুর্বল হয়ে পড়ছিল। বিশেষ করে প্রযুক্তিগত ও সামাজিক কাঠামোর পরিবর্তন ইউরোপের সমাজকে নতুন ধরনের অবয়ব দিয়েছে, যার সঙ্গে বামপন্থীরা খাপ খাওয়াতে পারেনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ইউরোপে বামপন্থীদের অবস্থানগত পরিবর্তন আসতে থাকে। একদিকে পূর্ব ইউরোপে বাম শাসনের নামে একধরনের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম করা হয়, অন্যদিকে পশ্চিম ইউরোপের দলগুলো কমিউনিজমকে পরিত্যাগ করে গণতন্ত্রী হওয়া শুরু করে। উভয় অঞ্চলের বামপন্থীরাই মনে করত, তারা শ্রমিকশ্রেণির অধিকার আদায়ের জন্য রাজনীতি করছে। তবে পূর্ব ইউরোপে ছিল অনেকটা রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক কাঠামো। আর পশ্চিম ইউরোপের বাম দলগুলো মনে করত, অপেক্ষাকৃত উদার অর্থনৈতিক নীতি অনুসরণ করেই শ্রমিকশ্রেণির মুক্তি সম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে উন্নয়নের জোয়ারের সময় পশ্চিম ইউরোপের বামপন্থীরা কল্যাণমূলক রাষ্ট্র গঠনের দিকে মন দেয়। এই সময় এরা করনির্ভর কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে সফল হয়, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে। উত্তর-পশ্চিম ইউরোপের বেশ কিছু দেশ, যেমন: জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, ইতালিসহ বেশ কয়েকটি দেশও কমবেশি এই কাঠামো অনুসরণ করতে থাকে। কিছুটা কমিউনিজম থেকে সরে আসা এই দলগুলো মূলত মধ্যবাম হিসেবে পরিচিতি লাভ করে। এরা পূর্ব ইউরোপের বামপন্থীদের রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক কাঠামো থেকে বেরিয়ে আসার চেষ্টা করে।

শুধু শ্রমিকশ্রেণির মুক্তিই না, বিভিন্ন বিষয়ে ইউরোপে বাম ও মধ্যবামদের সাফল্য ঈর্ষণীয়। রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলো ছাড়াও পরিবেশ, জলবায়ু, বাক্‌স্বাধীনতা, সংখ্যালঘুর অধিকারসহ বিভিন্ন বিষয় তারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছিল। তবে মজার বিষয় হচ্ছে, বাম ও মধ্যবামদের সাফল্যই তাদের পতন ডেকে এনেছে বলে অনেক বিশেষজ্ঞই বলে থাকেন। কারণ, ইউরোপের বামপন্থীরা সময়কে ধারণ করতে পারেনি। যেমন উদার শিক্ষাব্যবস্থায় উচ্চশিক্ষার কারণে অনেকেরই শ্রমিকশ্রেণি থেকে উত্তরণ ঘটে। আর তরুণদের মধ্যে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের উন্মেষ ঘটে। এই তরুণদের বড় একটি অংশই রাজনীতিতে আর আগ্রহী না।

মূলত, গত শতকের ৮০ দশক থেকে ইউরোপের সমাজে একধরনের শ্রেণিগত পরিবর্তন ঘটতে থাকে। কলকারখানাভিত্তিক প্রোলেতারিয়েত শ্রেণি থেকে প্রিক্যারিয়েতে শ্রেণির (অস্থায়ী ও নাজুক পেশার মানুষ) উন্মেষ ঘটে। একই সঙ্গে প্রোলেতারিয়েত থেকে নতুন মধ্যবিত্ত শ্রেণিরও বিকাশ ঘটে। এসব ঘটে বামপন্থীদের জনকল্যাণমুখী কর্মসূচির কারণেই। ফলে প্রচলিত যে শ্রমিকশ্রেণির কথা আমরা চিন্তা করি তা এখন আর ইউরোপের বিদ্যমান নেই। কয়লাখনির বা ফোর্ড কোম্পানির কম বেতনের অপুষ্ট শ্রমিকের চেহারা ইউরোপে বদলে গিয়েছে। নতুন মধ্যবিত্ত শ্রেণির ভলভো বা মার্সিডিজ বেঞ্জের শ্রমিকেরা ভালো বেতন পান, সামাজিক নিরাপত্তা ভোগ করেন। নতুন ‘প্রিক্যারিয়েত’ শ্রেণির শ্রমিকেরা মূলত বিভিন্ন সেবা খাতে কাজ করেন। যেমন: রেস্টুরেন্টের পাচক, পরিচ্ছন্নতাকর্মী বা গাড়ির চালক। এঁদের চাকরি স্থায়ী না, বেতনও কম। এঁরা সংঘবন্ধও নন কারখানা শ্রমিকদের মতো। এঁদের মধ্যে অভিবাসী শ্রেণিও আছে। এই নতুন শ্রমিক শ্রেণির মধ্যে সাংস্কৃতিক ব্যবধানও রয়েছে।

প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও ব্যক্তির চরম মুক্তির কারণে নতুন নতুন পেশার উদ্ভব হয়েছে এবং ব্যক্তির পছন্দেও বৈচিত্র্য এসেছে। একই সঙ্গে যুক্ত হয়েছে ট্রান্সন্যাশনালিজম বা আন্তসীমান্ত বাণিজ্য। এই আন্তরাষ্ট্রীয় উদার অর্থনীতির কারণে শুধু পণ্যেরই অবাধ প্রবেশ ঘটছে না, একই সঙ্গে বাজারে সস্তা শ্রমেরও প্রবেশ ঘটছে। স্থানীয় বাজার অনেক ক্ষেত্রেই আন্তরাষ্ট্রীয় বাজারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। ফলে ঝুঁকির মধ্যে আছে নতুন প্রিক্যারিয়েত শ্রেণি। এরা অর্থনৈতিক নিরাপত্তার সন্ধান করছে। ট্রান্সন্যাশনালিজম একই সঙ্গে নব্য অভিজাত শ্রেণির বিরুদ্ধে ইউরোপের গ্রামগুলোতে নতুন চেতনাও সৃষ্টি করছে।

নতুন মধ্যবিত্ত শ্রেণির প্রতি অধিক মনোযোগের কারণে ‘প্রিক্যারিয়েত’ শ্রমিকশ্রেণি ও গ্রামের রক্ষণশীলদের সমর্থন হারাচ্ছে বাম ও মধ্যবামপন্থী দলগুলো। জার্মানির নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে বিষয়টি আরও স্পষ্ট হবে। জার্মানিতে মধ্যবাম সোশ্যাল ডেমোক্র্যাটদের ভোট কমেছে প্রায় ৫ শতাংশ। লোকরঞ্জনবাদীদের ভোট বেড়েছে প্রায় ৮ শতাংশ। নির্বাচনের পর বিভিন্ন জরিপে দেখা গিয়েছে, সোশ্যাল ডেমোক্র্যাটদের ভোট কমেছে শ্রমিক ও তরুণদের মধ্যে। আবার লোকরঞ্জনবাদী অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ডের সমর্থক বেড়েছে শ্রমিক ও তরুণদের মধ্যেই। এই শ্রমিক ও তরুণ কারা? শ্রমিকেরা হচ্ছেন নতুন প্রিক্যারিয়েত। আর তরুণেরা হচ্ছে উচ্চশিক্ষিত। মজার বিষয় হচ্ছে, লোকরঞ্জনবাদী এএফডি শ্রমিকদের উচ্চ বেতন, অধিক বেকার ভাতা ও সামাজিক নিরাপত্তা দেওয়ার কথা বলছে। একসময় বামপন্থীরা এই স্লোগান দিয়ে ভোটারদের মন জয় করেছিল। একসময়ের সাম্যবাদী, উদার ভোটাররা এখন চরম জাতীয়তাবাদের দিকে ঝুঁকে পড়ছে। বামপন্থীদের ভোট ও স্লোগান—দুইই এখন লোকরঞ্জনবাদীদের দখলে।

এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থা থেকে বামপন্থীরা কীভাবে বেরিয়ে আসবে? কিছুদিন আগে নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, জার্মানির বামপন্থীরা নিজেদের রক্ষা করতে পারবে কি না। বাস্তবতা হচ্ছে, শুধু জার্মানি নয়, গোটা ইউরোপেই বামপন্থীরা লোকরঞ্জনবাদীদের উত্থানের যুগে নিজেদের কীভাবে রক্ষা করবে এবং ফের রাজনীতির কেন্দ্রে ফিরে আসবে, সেটিই এখন দেখার বিষয়।

ড. মারুফ মল্লিক: রিসার্চ ফেলো, সেন্টার ফর কনটেমপোরারি কনসার্নস, জার্মানি।