ইতি, আপনাদের পাভেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেউ এভাবে পুড়তে চায় না । ছবি:জাহিদুল করিম
কেউ এভাবে পুড়তে চায় না । ছবি:জাহিদুল করিম

প্রিয় দাদিআম্মারা,
আমার সালাম নেবেন।
আশা করি, আপনারা ভালো আছেন।
আমি কেমন আছি জানতে চান?
সেটা বলছি। তার আগে বলি, আমি কে? আমার পরিচয় কী?
আমি একটা বিশাল মানুষ। আমার বয়স চার বছর। আমি নার্সারি ক্লাসে পড়ি।
দাদিআম্মারা, আমার অনেক রাইম মুখস্থ। অনেক ছড়াও।
আমার ভর্তি পরীক্ষার দিন আমাকে টিচার জিজ্ঞেস করেছিলেন, তুমি কি রাইম জানো?
আমি জবাব দিই নাই। আমি দেখছিলাম, ওই মাঠে আমার মতো কয়েকটা বাচ্চা খেলছিল। সি স বা ঢেঁকিতে দোল খাচ্ছিল। আমি সেদিকে তাকিয়ে ছিলাম।
টিচার বললেন, তুমি রাইম জানো না?
আমার টিচারের কথাতে মনই ছিল না।
কোনটা জানো? টুইংকেল টুইংকেল জানো?
আমি জবাব দিচ্ছিলাম না। কেন দেব? টিচারকে আমার পছন্দ হয়নি। তাঁর চোখের চশমা তিনি কেন কপালের ওপরে পরেছিলেন?
দাদিআম্মারা, আমি আসলে রাইম জানি।
টুইংকেল টুইংকেল লিটল স্টার
হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর।
আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই
লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই।
আপনারা হয়তো ভাবছেন, আমি শুধু ইংরেজি রাইম জানি। বাংলা রাইম জানি না।
আমি আসলে বাংলা রাইমও জানি।
আতাগাছে তোতাপাখি
ডালিমগাছে মউ
এত ডাকি তবু কথা
কও না কেন বউ?
কিন্তু এসব রাইম সবাই জানে।
আমার একটা গুণ আছে। সেটা হলো, আমি ছড়া বানাতে পারি।
আমি দুইটা ছড়া বানিয়েছি:
আমার নাম পাভেল
আমি চালাই সাইকেল
সাইকেলের আছে বেল
সাইকেলে দিতে হয় না তেল।
এই ছড়াটা আমি নিজে বানিয়েছি। এটা আমি কাগজে লিখব। তারপর পত্রিকায় পাঠাব। আশা করি ছাপা হবে।
আরেকটা ছড়া আমি বানিয়েছি।
আমার নাম পাভেল
আমার মাথা বেল
আমার মাথায় একবার চুলকানি হয়েছিল। তখন আমার মাথার চুল ন্যাড়া করা হয়েছিল। তখন আমি এই ছড়াটা বানিয়েছিলাম।
কিন্তু এই ছড়াটা আমি ছাপাব না।
ছাপালে বন্ধুরা আমাকে খেপাবে: মাথা বেল, পাভেল।
আমার মা ডাক্তার। আমার বাবাও ডাক্তার।
আমার একজন বন্ধু আছে।
তার নাম সাফির।
সাফিরের বাবাও ডাক্তার।
সেই কারণে সাফিরকে আমি চিনি।
আমি সাফিরের বাড়ি গেছি।
সাফিরের একটা গেমবয় আছে। আমি আর সাফির গেমবয় খেলেছি।
আমি মাঝেমধ্যে বাবার মোবাইল ফোন নিয়ে সাফিরের সঙ্গে কথা বলি।
হ্যালো—আমি বলি। হ্যালো, সাফির বলে।
সাফির তো খুব ছোট। ওর বয়স মাত্র আড়াই বছর। ও শুধু হ্যালো বলতেই পারে। সাফিরকে আমি ছাড়া আর কেউ ফোন করে না। ওর বাবা যখন বলেন, বাবা, তোমার ফোন, তখনই সাফির বুঝে যায় ফোনটা কে করেছে। আমি পাভেল। আমিই কেবল সাফিরকে ফোন করি।
দাদিআম্মারা, আমি আপনাদের এই চিঠি লিখছি। কারণ, আমার না খুব বড় হওয়ার শখ। বড় হয়ে আমি পাইলট হব। আকাশে প্লেন নিয়ে উড়ে যাব। এই আমার ইচ্ছা।
আমার বন্ধু সাফিরও পাইলট হতে চাইত।
আমরা দুই বন্ধু একই প্লেন ওড়াব, এই ছিল আমাদের প্ল্যান।
কিন্তু সাফির কি কোনো দিনও আর পাইলট হতে পারবে?
ও তো চোখেও আঘাত পেয়েছে।
ওর পা পুড়ে গেছে।
ওর মুখ পুড়ে গেছে।
ও বাসে চড়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। তখন বাসে পেট্রলবোমা মারা হয়েছে।
এই খবর আমি খবরের কাগজে পড়েছি।
আমি খবরের কাগজ পড়তে পারি।
বাবা-মা দুজনেই হাসপাতালে চলে যাওয়ার পরে আমাদের বাসায় খবরের কাগজ আসে। আমি খবরের কাগজ তুলে নিয়ে দেখলাম আমার বন্ধু সাফিরের ছবি।
তার হাতে ব্যান্ডেজ। পায়ে ব্যান্ডেজ। তার মুখেও ব্যান্ডেজ। সাফির তো আমার চেয়েও ছোট। সাফিরের বয়স তো মাত্র আড়াই।
প্রিয় দাদিআম্মারা,
আপনাদের কাছে আমি একটা জিনিস চাই।
আমাদের আপনাদের সমান বড় হতে দেন। আপনাদের বয়সে পৌঁছাতে দেন।
আমি আপনার নাতির চেয়েও ছোট। আমি আপনার নাতনির চেয়েও ছোট।
সাফির আপনার নাতির চেয়েও ছোট।
সাফির আপনার নাতনির চেয়েও ছোট।
আমরা বেঁচে থাকতে চাই। আমরা চাই না পুড়ে যেতে।
আমি কল্পনাও করতে পারি না, আমার বন্ধু সাফিরের কেমন লেগেছিল, যখন ওর পায়ে আগুন লেগেছিল। যখন ওর হাতে আগুন লেগেছিল।
যখন ওর মুখ পুড়ে যাচ্ছিল। যখন ওর নাক পুড়ে যাচ্ছিল।
যখন ওর চোখের পাতা পুড়ে যাচ্ছিল।
আমি ওভাবে পুড়তে চাই না। আর কেউ এভাবে পুড়ে যাক তা চাই না।
দাদিআম্মারা, আপনারাই পারেন আমাদের বাঁচাতে। আপনারা চাইলেই পারবেন। প্লিজ, আপনারা বলেন, হ্যাঁ, আমরা চাই পাভেল বেঁচে থাকুক। আপনারা বলেন, হ্যাঁ, আমরা চাই, পাভেল ভালো থাকুক।
আপনারা বলেন, আমরা চাই, সাফিরের গায়ে যেন কোনো আঘাত না লাগে। আর কোনো শিশু যেন পুড়ে না যায়।
আপনারা বলেন। আপনারা বললেই হবে।
দাদিআম্মারা, আমার খুব বেঁচে থাকতে ইচ্ছা করে। সাফিরের খুব বেঁচে থাকতে ইচ্ছা করে।
দাদিআম্মারা, আপনারা আমাদের আপনাদের বয়সে পৌঁছাতে দিন।
ইতি, আপনাদের অতি স্নেহের পাভেল।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।