
খুলনার প্রত্যন্ত অঞ্চল থেকে দুরারোগ্য ব্যাধি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন বৃক্ষমানব আবুল বাজনদার। আমাদের চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় তিনি আজ সেই ব্যাধি থেকে মুক্ত। ইন্দোনেশিয়া, রোমানিয়াসহ কয়েকটি দেশে এ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তি পাওয়া গেলেও তাঁদের সুস্থ করে তুলতে পারেননি সেই সব দেশের অভিজ্ঞ চিকিৎসকেরা।
মাগুরায় মায়ের গর্ভে থাকা অবস্থায় রাস্তায় গোলাগুলির সময় অকস্মাৎ গুলিবিদ্ধ হয় সুরাইয়া। তাকে পৃথিবীর আলো দেখিয়ে সুস্থ করে বাড়ি পাঠানোর মতো অত্যন্ত দুরূহ কাজটি সফলভাবে করেছেন আমাদের মাগুরা ও ঢাকার চিকিৎসকেরা।
তোফা ও তহুরা, মস্তিষ্কে জোড়া লাগানো যমজ নবজাতক। এবারও আমাদের দেশের চিকিৎসকেরা সফল অস্ত্রোপচার করে এ দুই নবজাতককে পৃথক করে সুস্থ করে তুলেছেন মাত্র কদিন আগে। এ ধরনের সফল অস্ত্রোপচার আমরা কয়েক বছর আগেও চিন্তা করতে পারতাম না।
এখন অসংখ্য অনুকরণীয় দৃষ্টান্ত আমাদের দেশের চিকিৎসকেরা স্থাপন করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গত সাত-আট বছরে স্বাস্থ্য খাতের উন্নয়নের ধারাবাহিকতায় সেবা প্রদানের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এসেছে, যা এখন দৃশ্যমান। এ কথা অনস্বীকার্য, বিশেষায়িত হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজগুলো, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতালগুলো বর্তমানে সাধারণ ও গরিব মানুষের প্রধান আশ্রয়স্থল। তবে এত বড় জনগোষ্ঠীকে সেবা দেওয়া রীতিমতো দুঃসাধ্য ব্যাপার। সরকারি হাসপাতালের চিকিৎসকেরা ব্যাপারটা বোঝেন।
বাংলাদেশের মানুষের গড় আয়ু বর্তমানে ৭১ দশমিক ৬ বছর। বিশ্বে তা ৭১ দশমিক ৪ বছর। অর্থাৎ, বিশ্বের গড় আয়ুর তুলনায় আমরা দুই মাস এগিয়ে আছি। ২০০৯ সালে ছিল ৬৭ বছর ২ মাস। আট বছরে এ দেশের মানুষের গড় আয়ু প্রায় ৬ বছর বেড়ে গেছে। কারণ হচ্ছে এই আট বছরে দেশের আর্থসামাজিক অগ্রগতি। পাশাপাশি স্বাস্থ্য খাতের সংস্কার হাসপাতালগুলোতে সেবার মান বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মানুষ এখন আধুনিক চিকিৎসা পাচ্ছে।
২০০৯ সাল থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দেশে বিশেষায়িত হাসপাতাল স্থাপনে বিশেষ নজর দিয়েছে। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতাল, নাক-কান-গলার জন্য বিশেষায়িত হাসপাতাল, শ্যামলীর বক্ষব্যাধি হাসপাতাল যেমন করা হয়েছে, তেমনি কুর্মিটোলা ও মুগদায় দুটি ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং ঢাকার অদূরে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে জেনারেল হাসপাতাল স্থাপন করা হয়েছে দরিদ্র ও সাধারণ মানুষের কথা বিবেচনা করে। উত্তরায় আগেকার কুয়েত মৈত্রী হাসপাতালকে সরকারীকরণ করে সর্বসাধারণের জন্য চালু করা হবে নতুন আঙ্গিকে।
চট্টগ্রামের ফৌজদারহাট ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন, খুলনায় আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের মতো অত্যাধুনিক হাসপাতালও গড়ে তোলা হয়েছে তৃণমূল অঞ্চলে।
ঢাকায় পুরোদমে চলছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নির্মাণকাজ। আগামী বছরের জুনে মাননীয় প্রধানমন্ত্রী এই হাসপাতাল উদ্বোধন করবেন। ৫০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল হবে বিশ্বের বৃহত্তম বার্ন হাসপাতাল। দেশে বিশ্বমানের একটি ক্যানসার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০১৪ সালে বিসিএসের মাধ্যমে ৬ হাজারেরও বেশি চিকিৎসক নিয়োগ দিয়ে উপজেলা পর্যায়ে পদায়ন করা হয়েছে। ফলে গ্রামে চিকিৎসকের সংকট এখন অনেক কমে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে বিশেষ বিসিএসের মাধ্যমে। কাজটি করতে পারলে চিকিৎসকের সংকট প্রায় শূন্যের কোঠায় চলে আসবে বলে আশা করা যায়। গত বছর মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সদিচ্ছায় পিএসসির মাধ্যমে ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। ফলে এখন হাসপাতালগুলোতে পর্যাপ্ত নার্স রয়েছেন। রোগীরাও অতীতের তুলনায় উন্নত সেবা পাচ্ছে। দেশে এখন গ্রামের ওয়ার্ড পর্যায়ে প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক চালু আছে। ৩২ রকমের ওষুধসহ গ্রামের মানুষ বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা পাচ্ছে। অনেক কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মায়েরা নিরাপদ প্রসবসেবা পাচ্ছেন।
নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকার সম্প্রতি বহুমুখী উদ্যোগ নিয়েছে। প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করার উদ্যোগের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মিডওয়াইফ নিয়োগ দেওয়া হচ্ছে। গর্ভবতী মায়েদের জন্য গ্রামে বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এমডিজি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বব্যাপী উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে। নবজাতক মৃত্যুহার কমে এখন প্রতি হাজারে ২৩ জনে দাঁড়িয়েছে। মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৭০ জন। বাংলাদেশ আজ পোলিও ও ধনুষ্টঙ্কারমুক্ত। বাংলাদেশের ওষুধ আজ বিশ্বসমাদৃত। আমাদের ওষুধ যুক্তরাষ্ট্রসহ ১২৭টি দেশে রপ্তানি হয়। তার মানে হচ্ছে, দেশের মানুষ দেশেই এখন
বিশ্বমানের ওষুধ পাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে মডেল ফার্মেসি স্থাপন করা হচ্ছে। এ ছাড়া মোবাইল ফোনে ১৬২৬৩ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা চালু এবং টেলিমেডিসিন সেবার উদ্যোগ নিয়ে সর্বস্তরের মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়া সহজ করা হয়েছে।
মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিত করে সেগুলো বন্ধ করার জন্য সরকার দুই বছর ধরে অভিযান চালাচ্ছে। ফলে সাধারণ রোগী নিয়ে প্রতারণার ঘটনাও অনেক কমে গেছে। ভেজাল ওষুধের বিরুদ্ধেও সরকার কঠোর অভিযান চালাচ্ছে।
সুচিকিৎসক সৃষ্টি নিশ্চিত করতে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনায় নীতিমালার শর্ত পূরণে বাধ্য করছে সরকার। যেসব কলেজ নীতিমালা পূরণ না করে নিম্নমানের ব্যবস্থাপনায় চলছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত শিক্ষাবর্ষে চারটি এবং আগামী শিক্ষাবর্ষের জন্য চারটি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হয়েছে। কয়েকটি কলেজকে জরিমানা করা হয়েছে। মেডিকেল শিক্ষার মান নিয়ে কোনো আপস করা হবে না—এ কথা বারবার আমি বলেছি। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে গতিতে কাজ করে যাচ্ছে, তা অব্যাহত রাখতে হলে সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। তবে কিছু কিছু মানুষ শুধু সরকারের ব্যর্থতা খুঁজতে চায়।
হ্যাঁ, স্বীকার করছি, শতভাগ সাফল্য হয়তো আসেনি আমাদের সংস্কার কার্যক্রমে। এখনো কিছু কিছু জায়গায় আমাদের আরও বেশি কাজ করতে হবে। দুর্বলতাগুলো আমরা চিহ্নিত করেছি এবং আশা করছি, আরও উজ্জ্বল চেহারার স্বাস্থ্য খাতের চিত্র শিগগিরই তুলে ধরতে পারব।
দীর্ঘ কয়েক যুগের স্থবিরতাকে মাত্র পাঁচ-সাত বছরে ধাক্কা দিয়ে পুরোদমে গতিশীল করে তোলা কঠিন এক কাজ। আমরা স্বীকার করি, এখনো হাসপাতালে মাঝে মাঝে চিকিৎসকদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ত্রুটি ঘটে যায়। আবারও বলছি, ১৬ কোটি মানুষের দেশে সীমিত সম্পদ নিয়ে রোগীর আনুপাতিক হারে অসম্ভব কমসংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী দিনরাত সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে ত্রুটি ঘটা অস্বাভাবিক নয়, যদিও তা অনাকাঙ্ক্ষিত। এ ক্ষেত্রে বিএমডিসিকে শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখার জন্য বারবার তাগিদ দিয়েছি, তারা যেন চিকিৎসকদের বিরুদ্ধে আনীত অভিযোগ আরও দক্ষতা ও দ্রুততার সঙ্গে নিষ্পন্ন করে।
স্বাস্থ্য খাতের সংস্কারে আমাদের যে প্রয়াস, তার পূর্ণাঙ্গ ফল পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সব মহল থেকে পরামর্শ পেলে আমাদের প্রয়াস আরও সমৃদ্ধ হবে, তা আমি নিঃসংকোচে বলতে পারি। তবে কোনো অর্জন না দেখে কেবল ঢালাও সমালোচনা কাম্য নয়।
যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী ল্যানসেট পত্রিকা বাংলাদেশের স্বাস্থ্য খাতকে স্বীকৃতি দিয়েছে। বিশ্বের ১৯৮টি দেশের মধ্যে ৫২তম অবস্থানে বাংলাদেশকে আসীন করে ল্যানসেট বলেছে, স্বাস্থ্যমান উন্নয়নের সূচকে বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানকেও পেছনে ফেলে দিয়েছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ। (সামান্য সংক্ষেপিত)
মোহাম্মদ নাসিম: মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়; সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।