ইতিহাস বিকৃতির চেষ্টা ভালো নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোদির শাসনামলে নেহরু জাদুঘর সংস্কার করার মানে হলো ইতিহাসের মধ্যে সেকেলে চিন্তার অনুপ্রবেশ ঘটানো। স্বাধীনতার পর নেহরু জাতিকে গড়েপিটে তুলেছেন, তাকে এক বৈজ্ঞানিক স্বভাব দিয়েছেন। ধর্মনিরপেক্ষতা প্রবর্তন করাই হচ্ছে নেহরুর সবচেয়ে বড় অবদান। দেশভাগের সময় পাকিস্তান যখন ইসলামি রাষ্ট্র হওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তিনি ভারতকে ধর্মনিরপেক্ষ রাখেন। সম্ভবত বিজেপি এটাই পছন্দ করে না, আর সেই জাদুঘরটির চরিত্র বদলে দিতে চায়। ফলে বিজেপি নিজেই কেন একটা জাদুঘর বানায় না, যেখানে সে নিজের মতো করে ইতিহাস উপস্থাপন করতে পারে?
বোধগম্যভাবেই বিজেপি যে এই জাদুঘরটির ‘আধুনিকায়ন’ করতে চায়, তাতে দেশময় ভীতি ছড়িয়ে পড়েছে। বিজেপির মুখপাত্র বলেছেন, স্বাধীনতায় স্রেফ নেহরুর অবদানই এই জাদুঘরে স্থান পেয়েছে, পুরো ব্যাপারটি সেখানে স্থান পায়নি।
বৈপরীত্য হচ্ছে, যে মানুষেরা এই দাবি তুলেছেন, স্বাধীনতাসংগ্রামে তাঁদের ন্যূনতম অবদান নেই। তাঁরা যদি কিছু করে থাকেন, তাহলে তাঁরা ব্রিটিশদের সহায়তাই করেছেন।
বিজেপি আসলে এই প্রতিষ্ঠানটির গেরুয়াকরণ করতে চায়। অটল বিহারি বাজপেয়ি যখন প্রধানমন্ত্রী ছিলেন, দলটি তখনো তেমন চেষ্টা করেছিল। কিন্তু ইতিহাসকে পুনর্ব্যাখ্যা করার প্রতিটি চেষ্টাই তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রতিহত করেছিলেন। স্বাধীনতাসংগ্রামে নেহরু যে ভূমিকা পালন করেছিলেন, তিনি তার পূর্ণ স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিন্ন ধাতুতে
গড়া। তিনি প্রকাশ্যেই আরএসএসের দিকনির্দেশনা চান, যারা কিনা স্বাধীনতাসংগ্রামকে দুর্বল করার চেষ্টা করেছিল, কারণ তারা এর অংশই ছিল না।
এই বেশি দিন আগের কথা নয়, আমি পুনেতে গিয়েছিলাম। সেখানে অত্যন্ত হতাশার সঙ্গে দেখলাম, যে আগা খান প্যালেসে স্বাধীনতাসংগ্রামের আইকন যেমন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সরদার প্যাটেল, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখকে অন্তরীণ
করে রাখা হতো, সেটিকে এনভায়রনমেন্ট পার্কে রূপান্তরিত করা হয়েছে। পার্কের ব্যাপারে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যে স্থানটি আমাদের জাতির রক্তে রঞ্জিত হয়েছে, সেটাকে ঠিক তেমনই রাখা উচিত, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সেটাকে ঠিক
সেই রূপেই দেখতে পারে। সজ্জিতকরণের উদ্দেশ্য সৎ হলেও সেটা মূল চেতনার আগুনে জল ঢেলে দেয়।
এর বিপরীতে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগকে ঠিক সেই রূপেই রাখা হয়েছে। সেখানে এখনো শহীদত্বের আবহ রয়েছে, আর সেই কুয়াটা এখনো তার মাঝখানেই আছে। সেখানে কেউ গেলে আন্দাজ করতে পারবেন, ব্রিটিশ নেতৃত্বাধীন সেনাদের নিরন্তর গুলিবর্ষণের মুখে সেই মানুষদের কুয়ায় ঝাঁপ দেওয়া ছাড়া উপায় ছিল না। তাঁদের কেন এই শাস্তি দেওয়া হয়েছিল? এক ব্রিটিশ নারী নাকি ‘অবমাননার’ শিকার হয়েছিলেন, বাজারের মধ্য দিয়ে যাওয়ার সময় তিনি হিস হিস শব্দ শুনেছিলেন। জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদকারীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিলেন, তাঁদের সংগ্রাম ছিল স্বাধীনতার। দুঃখজনক ব্যাপার হলো,
এই হত্যাকাণ্ডের পর এক ব্রিটিশ সেনা বলেছিলেন, তাঁদের কাছে আরও গোলাবারুদ থাকা দরকার ছিল।

হিন্দুরা মুসলমানদের কাছ থেকে দূরে থাকেন। দুই সম্প্রদায়ের মধ্যকার সামাজিক যোগাযোগও একরকম নেই বললেই চলে। তাঁরা উভয়ই নিজেদের জগতে বাস করেন। আমাদের সময়ে ব্যাপারটা ভিন্ন ছিল। সে সময় আমরা স্বাভাবিকভাবেই একে অপরের বাড়িতে যেতাম, একসঙ্গে বসে খেতাম

হ্যাঁ, জালিয়ানওয়ালাবাগের মতো স্থানগুলোই প্রকৃত মন্দির। এমন স্থানগুলো আমাদের স্বাধীনতাসংগ্রামের বেদনার কথা স্মরণ করিয়ে দেয়, ব্রিটিশদের বিরুদ্ধে পরিচালিত সংগ্রামে যাঁরা সর্বস্ব খুইয়েছিলেন, তাঁদের কথা স্মরণ করিয়ে দেয়। যে ধর্মগ্রন্থগুলোর প্রতি আমরা সম্মান দেখাই ও যেগুলোকে আমরা স্মরণ করি, এই স্থানগুলো তার চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়।
দুর্ভাগ্যজনকভাবে, মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদোয়ারার সংখ্যা বাড়ছে, সেগুলোর সাজসজ্জাও অশ্লীল হয়ে উঠেছে। ধর্মানুসারীদের ভুল ধারণা হচ্ছে, মার্বেল ও সোনা ব্যবহারের কারণে এই স্থানগুলো ভক্তদের কাছে আরও প্রিয় হয়ে ওঠে। এটাও দুর্ভাগ্যজনক ব্যাপার,
যে ভবনগুলো আমাদের স্বাধীনতাসংগ্রামে ন্যূনতম ভূমিকাও পালন করেনি, সেগুলো এখন বেশি গুরুত্ব পাচ্ছে। আরও খারাপ ব্যাপার হচ্ছে, বহুত্ববাদের মূল্যবোধকে সংকীর্ণতার আদর্শ দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা চলছে। এটা অচিন্তনীয় ব্যাপার যে একটি দল মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসের প্রতিকৃতি স্থাপনের দাবি তুলতে পারে।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) হিন্দুত্ববাদ প্রসারের কাজ করে। দেশভাগের সময় মুসলমানরা যে আবেগের বশে ভুলপথে পরিচালিত হয়েছিল, সেটা তাদের বোঝা উচিত। যদিও এটা ধরেও নেওয়া হয় যে মুসলমানরা জেনেশুনেই তখন পাকিস্তান দাবির পক্ষে দাঁড়িয়েছিলেন, তাহলেও আজকের ভারতীয় মুসলমানদের ৭০ বছর পর তার জন্য কীভাবে দায়ী করা যায়?
যে প্রজন্ম ব্রিটিশদের সহায়তা করেছিল, তাদের যদি আমরা দায়ী না করি, তাহলে যে মুসলমানদের পূর্বপুরুষেরা পাকিস্তান সৃষ্টি করেছিলেন, তাঁদের আমরা কীভাবে দোষ দিই? একজন গড়পড়তা হিন্দু ভারত ভাগের জন্য মুসলমানদের ক্ষমা করেননি। পাকিস্তানের সঙ্গে টানাপোড়েন শুরু হলে অনেক হিন্দুই মুসলমানদের সন্দেহ করবেন।
এমনকি হিন্দুরা মুসলমানদের কাছ থেকে দূরে থাকেন। দুই সম্প্রদায়ের মধ্যকার সামাজিক যোগাযোগও একরকম নেই বললেই চলে। তাঁরা উভয়ই নিজেদের জগতে বাস করেন। আমাদের সময়ে ব্যাপারটা ভিন্ন ছিল। সে সময় আমরা স্বাভাবিকভাবেই একে অপরের বাড়িতে যেতাম, একসঙ্গে বসে খেতাম। আমাদের মনে হতো না যে অসাধারণ কিছু করছি।
কিন্তু আজ অনেক কিছুই বদলে গেছে। একজন মুসলমান অধ্যাপক আমাকে বলেছেন, একদিন তাঁর ক্লাসের কয়েকজন হিন্দু ছাত্রী দাঁড়িয়ে বলে, তিনি এখনো কেন ভারতে আছেন, তার তো পাকিস্তানে যাওয়া উচিত। ক্লাসের কেউই ওদের কথার বিরোধিতা করেনি। না, শিক্ষাব্যবস্থাকে দায়ী আমি করব না, যে শিক্ষকেরা এমন পরিবেশ সৃষ্টি করেছেন, আমার অভিযোগের আঙুল তাঁদের দিকেই, যার কারণে এই ছাত্রীরা এমন কথা বলতে পারে।
এটা সত্য, ধর্মের ভিত্তিতে দেশভাগ ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শকে খাটো করেছে, আর ভারতে মুসলমানদের হেয় করেছে। কিন্তু এই অনুভূতি ভারতের সংবিধানের ভাষা ও চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভারতের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, এটি একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র, হিন্দু রাষ্ট্র নয়।
অবস্থাদৃষ্টে মনে হয় না, বিজেপির নেতাদের মধ্যে যে মুসলমান আইকন নেই, এর মাজেজা তারা বোঝে। আমি আশা করি, ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু সেটা তারা কীভাবে করবে, যখন তাদের লক্ষ্য হচ্ছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা আর মুসলমানদের দূরে রাখা? দুঃখজনকভাবে, দলটি ভারতের মূল্যবোধকেই বদলে দিতে চায়। এমনকি আমাদের স্বাধীনতাসংগ্রামের সময়ও আমরা সচেতন ছিলাম, যে পাকিস্তান সৃষ্টি করার কথা বলা হচ্ছে, সেটি হবে এক ইসলামি রাষ্ট্র। তারপরও আমরা ঘোষণা দিয়েছিলাম, ব্রিটিশরা চলে যাওয়ার পর ভারত হবে এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমরা তার প্রতি বিশ্বস্ত থেকেছি।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।