কেন্দ্রে সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। দৃষ্টিভঙ্গির দিক থেকে আমরা সামন্তীয়। আমাদের এই বৈশিষ্ট্য অন্য সব বিবেচনাকে ছাড়িয়ে যায়। গণতান্ত্রিক মেজাজের সঙ্গে এটা ঠিক খাপ খায় না। যা-ই হোক, ব্যাপারটা এমনই
রয়ে গেছে এবং বিগত কয়েক বছরে চোখে পড়ার মতো কোনো পরিবর্তন ঘটেনি। ক্ষমতায় এলে লোকে স্বৈরাচার হয়ে ওঠে।
প্রধানমন্ত্রী মোদির শাসনও এর ভিন্ন কিছু নয়। বাস্তবে তাঁর জামানায় প্রধানমন্ত্রীর দপ্তরের ক্ষমতা আরও বেড়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তিনি শক্তিমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ফাইল যাওয়ার আগে সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে অনুসমর্থিত হতে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী শুধু স্বাক্ষরের ঘরে স্বাক্ষর করেন। সব ক্ষমতা এভাবেই প্রধানমন্ত্রীর দপ্তরে কেন্দ্রীভূত হয়েছে। সে কারণে লোকে মনে করে, অর্থমন্ত্রী অরুণ জেটলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যতই ক্ষমতাধর হোন না কেন, তাঁরা আসলে মোদির চোখেই দেখেন ও তাঁর কানেই শোনেন।
ভেতরের মানুষদের ব্যক্তিগত বয়ান থেকে দেখা যায়, ভারতীয় রাজনৈতিক দৃশ্যপট বেশ কৌতূহলোদ্দীপক ও প্রাণবন্ত হয়ে উঠেছে। তাঁরা এমন কিছু তথ্য প্রকাশ করছেন, যেগুলো আগে মানুষ কখনোই জানতে পারত না, যদিও এসব তথ্যের মধ্যে কিছু ব্যক্তিগত উপাদান রয়েছে। এসব ফাঁসের মধ্য দিয়ে দুনিয়ায় তেমন কোনো আলোড়ন তৈরি হবে না, কিন্তু মানুষের পক্ষে আমাদের শাসনপদ্ধতি সম্পর্কে আরও সম্যকভাবে জানা সম্ভব হবে।
যেমন, একসময় শোনা গেছে যে সোনিয়া গান্ধী কোনো দায়িত্ব পালন না করেও সব ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করেছেন বা তিনি নিজের বাড়িতে বসে সরকার পরিচালনা করেন। দাপ্তরিক ফাইলগুলো নির্দেশনার জন্য তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হতো। সোনিয়া গান্ধী আজ পর্যন্ত এ ব্যাপারে বা আত্মপক্ষ সমর্থনে কোনো কথা বলেননি। মনে হয়, তিনি এ ব্যাপারে মুখ খোলার প্রয়োজনীয়তা বোধ করেন না, এটা যেন রাজবংশের বিশেষাধিকার। যাঁরা তাঁর পথ অনুসরণ করবেন, তাঁরা এতে বিস্মিত হবেন না, এটাই তো স্বাভাবিক।
জওহরলাল নেহরু যখন রোগশয্যায় ছিলেন, তখন তিনি তাঁর কন্যা ইন্দিরা গান্ধীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছেন। ইন্দিরা গান্ধী নিজের মতো করে সংবিধানবহির্ভূতভাবে একটি কোটারি গঠন করে শাসন পরিচালনা করেছেন।
আমি তখন দপ্তরবিহীন মন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর প্রেস কর্মকর্তা। নেহরু আগে তাঁকে একবার বিদায় করলেও পরে তাঁকে আবার ফিরিয়ে আনেন। নেহরু এসব করেছেন কে. কামারাজের পরিকল্পনায়। এই ব্যক্তির চালাকিতে নেহরুর সমালোচকদের মন্ত্রিসভা থেকে বিদায় করা হতো, বিশেষত মোরারজি দেশাই ও জগজ্জীবন রাম প্রভৃতি ব্যক্তিকে এ প্রক্রিয়ায় তাড়ানো হয়েছে।
সে সময় প্রধানমন্ত্রীর বাসভবন ছিল দ্বিতল, নেহরু ওপরের তলায় থাকতেন। কে বা কারা সেখানে গিয়ে নেহরুর দর্শন পাবেন, সেটা পুরোপুরি নির্ভর করত ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তের ওপর। তিনি লাল বাহাদুর শাস্ত্রীকে পছন্দ করতেন না, ফলে তাঁকে বসিয়ে রাখতেন। আমি শাস্ত্রীর প্রেস কর্মকর্তা থাকার সময় একবার নেহরুর সহকারী টি এন সেশানকে বিষয়টি সম্পর্কে অবগত করি। তিনি আমাকে বলেছিলেন, চেপে যান। ইন্দিরা গান্ধী ইচ্ছা করেই এমনটা করেন, ‘এটাই হচ্ছে রাজনীতি’।
সব বিবেচনায়ই মোদির উচিত হবে, এই নেহরু প্রভাবিত প্রশাসনিক রীতি পরিবর্তন করা। স্বাধীনতার পর নেহরু দীর্ঘদিন জাতীয় সংগ্রাম পরিচালনা করেছেন, তিনি যে সংস্কৃতি চালু করেছিলেন, তাতে উদারতার কোনো বালাই ছিল না, নানা বিপরীতমুখী উপাদান তিনি একত্র করেছিলেন। কিন্তু বিজেপির ব্যাপারটা ভিন্ন। এ দলের কোনো নেতাই স্বাধীনতাসংগ্রামের সময় জেল খাটেননি। দলটির উচিত হবে, তাদের চিন্তা ও কাজের তরিকার সঙ্গে সংগতিপূর্ণভাবে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।
হায়, বিজেপিও সেই একই পথে হাঁটা শুরু করেছে। ফলে আবারও আমলাদের বাড়বাড়ন্ত দেখা যাবে। একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করে এজেন্ডা বাস্তবায়ন করা। প্রশাসন এখনো পুরোনো পন্থায় আটকে আছে, কিছুটা গণতান্ত্রিক ও কিছুটা সেকু্যলার। কিন্তু প্রশাসন মূলত সেই আরএসএসের ক্ষয়িষ্ণু ধারায় প্রবাহিত হচ্ছে।
এটা সত্য, এর আগে আরও অনেক প্রশাসনিক সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেসব প্রতিবেদনের গায়ে ধুলাও জমেছে। কিন্তু মোদি সরকারের কমিশন আগের কমিশনগুলোর চেয়ে অভিন্ন হতে পারে, নেহরুর যুগের উদারতার চেয়ে ভিন্ন। মোদির ধরন কর্তৃত্ববাদী, তার জন্য নতুন বিধিমালা ও নির্দেশাবলি প্রয়োজন। বিজেপির নিয়োজিত কমিশন প্রশাসনিক কাঠামোকে হিন্দু বানিয়ে ফেলতে পারে।
মানুষ সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছে। তারা যে দলটিকে পছন্দ করে সে কারণে ভোট দিয়েছে, ব্যাপারটা এমন নয়। কারণটা হচ্ছে, তারা কংগ্রেস শাসনের ওপর চরম বিরক্ত হয়ে উঠেছিল। কিন্তু জনগণ বিজেপির সম্পর্কে হতাশ হয়ে পড়লে তখন
কী হবে? তারা কংগ্রেসের কাছে ফিরতে চাইবে না। তাদের কাছে কোন সুযোগ রয়েছে? মোদি সরকার কাজ করে নিজেদের প্রমাণ করবে, জনগণ এমন আশায় বুক বেঁধেছে। কিন্তু এর বদলে গেরুয়াকরণ কর্মসূচি ত্বরান্বিত হচ্ছে।
আম আদমি পার্টি বিকল্প হতে পারে। হ্যাঁ, গান্ধীবাদী আন্না হাজারে দেশব্যাপী সভা-সমাবেশ করে দুর্নীতির ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন, ফলে মানুষ আশান্বিত হয়েছিল। দলটি ভালোই সাড়া পেয়েছিল। তাদের নেতা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এর পরই আন্না হাজারে অরবিন্দ কেজরিওয়ালের একনায়কসুলভ শাসনের বিরোধিতা করে দূরে সরে যান। আর কিছু মানুষের উচ্চাকাঙ্ক্ষাও দলটির বিকল্প হওয়ার সম্ভাবনায় জল ঢেলে দেয়। দুঃখজনকভাবে, অতীতের জের শিগগির দূর হয় না।
ইংরেজি থেকে অনূদিত
কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।