
বিশ্ব ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য ও বর্বর রাজনৈতিক হত্যাকাণ্ডের অন্যতম সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে কেবল রাজনৈতিক পটপরিবর্তনই হয়নি, একই সঙ্গে সূচিত হয়েছিল সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের পশ্চাৎ–মুখী যাত্রা। এটা কেবল একজন রাষ্ট্রনায়কের, ইতিহাসের এক মহানায়কের মৃত্যুই ছিল না, এই ভয়ংকর হত্যাকাণ্ডটি ছিল এক বিজয়ী জাতির সামনের দিকে প্রগতির ধারায় চলার পথ থেকে ছিটকে পড়ার সূচনা বিন্দু।
যারা বঙ্গবন্ধুকে হত্যা করতে চেয়েছিল, তাদের কারও কারও উচ্চাভিলাষ ছিল, কারও হয়তো ছিল ব্যক্তিগত ক্ষোভ, কেউ হয়তো নানা ঘটনাবলির দ্বারা বিভ্রান্ত হয়ে থাকতে পারে। কিন্তু সেটাই সব নয়। এই হত্যার পেছনে ছিল আরও গুরুতর কারণ। সেটা ব্যক্তিগত নয়, সেটা ছিল আদর্শিক বিরোধ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, স্বাধীনতার সেই গৌরবকে ম্লান করে দেওয়াও এই ঘৃণ্য হত্যাকাণ্ডের পেছনে কাজ করেছিল। অনেক দুর্বলতা সত্ত্বেও বঙ্গবন্ধুর নেতৃত্বে যে প্রগতিমুখী যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের, সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসার গভীর ষড়যন্ত্র ছিল এই হত্যাকাণ্ডের পেছনে। সেই পেছনের শক্তিকে এখনো ভালোভাবে চিহ্নিত করা যায়নি।
পেছনের শক্তি তো দূরের কথা, যারা নিজেরা খুন করেছে বলে দাবি করেছে, তাদেরও বিচার হয়নি দীর্ঘ দুই দশক পর্যন্ত। খুনি মোশতাক ক্ষমতাচ্যুত হওয়ার পরও জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার রাজত্বকালে এই বিচার করা হয়নি। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যাকেই এই বিচারের ব্যবস্থা করতে হয়েছিল। এর কারণও ওই পেছনের শক্তি, যারা চায়নি এই বিচার হোক।
কে সেই পেছনের শক্তি? সেই শক্তি হলো পাকিস্তানপন্থী মহল। পাকিস্তানকে ১৯৭১ সালে পরাজিত করা হলেও পাকিস্তানি প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে। পাকিস্তানি ভাবাদর্শ এখন মাঝেমধ্যেই মাথাচাড়া দিয়ে ওঠে। যে রাজনৈতিক শক্তি পাকিস্তানের পক্ষে ছিল, জামায়াত, মুসলিম লীগ ইত্যাদি, তারা বঙ্গবন্ধুর শাসনামলে পালিয়ে ছিল। অনেকেই কারারুদ্ধ ছিল। জিয়াউর রহমান তাদের মুক্ত করেন। কেউ কেউ মন্ত্রিসভাতেও স্থান লাভ করেছিল। শুধু তাই-ই নয়, সংবিধানের যে ধারাবলে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছিল, জিয়াউর রহমান সে ধারাটি বেয়নেটের খোঁচায় বাতিল করেন। ফলে জামায়াত, মুসলিম লীগ ইত্যাদি দল রাজনীতি করার অধিকার পেয়ে গেল। এরশাদ সংবিধানে ইসলাম রাষ্ট্রধর্ম যুক্ত করে দেশকে আরও বহুদূর পিছিয়ে নিয়ে গেলেন।
বঙ্গবন্ধুকে হত্যার তাৎক্ষণিক ফল যেটা তা হলো, আমরা যেন ফিরে গেলাম পাকিস্তানি ভাবধারায়। সাময়িকভাবে হলেও তারা বিজয়ী হয়েছিল। জিয়াউর রহমান সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন—এমন প্রমাণ আমাদের হাতে নেই। কিন্তু হত্যার মধ্য দিয়ে যে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল, তার বেনিফিশিয়ারি ছিলেন জিয়াউর রহমান। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তিনি সংবিধানে বর্ণিত রাষ্ট্রীয় চার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি মুছে ফেলেন। আর সমাজতন্ত্রের অপব্যাখ্যা দিয়ে সমাজতন্ত্রকেই বাতিল করলেন। বস্তুত, বঙ্গবন্ধুর আমলে শিল্প ও ব্যাংক রাষ্ট্রায়ত্ত করার ফলে একধরনের রাষ্ট্রীয় পুঁজিবাদ তৈরি হয়েছিল। জিয়াউর রহমান সরাসরি পুঁজিবাদের পথ নিলেন। রাষ্ট্রায়ত্ত কারখানার ব্যক্তি খাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রায় পানির দরে কারখানাগুলো তুলে দেওয়া হলো ব্যক্তি খাতে।
পঁচাত্তরের পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ একেবারে দক্ষিণমুখী মোড় নিয়েছিল। পরবর্তীকালে আমরা দেখলাম বিএনপির নেতৃত্ব কী পরিমাণ সমাজতন্ত্র ও কমিউনিস্টবিদ্বেষী ছিল। খালেদা জিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রিত্বের আমলে জোটনিরপেক্ষ আন্দোলনের ন্যাম শীর্ষ বৈঠক হওয়ার কথা ছিল ঢাকায়। খালেদা জিয়া হতে পারতেন জোটনিরপেক্ষ আন্দোলনের চেয়ারপারসন। কিন্তু না, তিনি ঢাকায় ন্যামের সম্মেলন করতে সম্মত হলেন না। তাঁর অর্থমন্ত্রী সাইফুর রহমান বললেন, ‘ওসব কমিউনিস্টদের কারবার, আমরা এর মধ্যে নেই।’ অর্থাৎ চরম দক্ষিণে অবস্থান নিয়েছিল পঁচাত্তর-পরবর্তী কয়েকটি সরকার। তারা মার্কিনপন্থীও বটে।
মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড শিরোনামে একটি মূল্যবান গ্রন্থ লিখেছেন লেখক ও সাংবাদিক মিজানুর রহমান খান।মিজানুর রহমান খান বহু তথ্য ও যুক্তিসহকারে বলতে চেয়েছেন যে, ১৫ আগস্টের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূর থেকে হলেও হাত ছিল।
এটা ছিল সেই সময়, যখন শীতল যুদ্ধ খুব উত্তপ্ত অবস্থায় ছিল। তখন সিআইএর দ্বারা বিভিন্ন দেশে ক্যু ও হত্যার অনেক ঘটনা আছে। আমরা সংগত কারণেই অনুমান করতে পারি যে, ১৫ আগস্টের ঘটনার পেছনে সিআইএর হাত ছিল। এই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তাৎপর্য এই যে, বাংলাদেশ সোভিয়েত-ভারতের শিবির ত্যাগ করে মার্কিন প্রভাব বলয়ের মধ্যে চলে গেল। খোন্দকার মোশতাক ছিলেন মার্কিনপন্থী। এমনকি মুক্তিযুদ্ধ চলাকালেও তিনি ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং পাকিস্তানের সঙ্গে কনফেডারেশনের জন্য চেষ্টা চালিয়েছিলেন। এটা দুর্ভাগ্যজনক যে বঙ্গবন্ধু মোশতাককে বিশ্বাস করেছিলেন অথচ মুক্তিযুদ্ধ চলাকালে যিনি ছিলেন প্রধান নেতৃত্বের ভূমিকায়, সেই তাজউদ্দীন আহমদ অনেকটাই উপেক্ষিত হন। অবশ্য ঘাতকেরা তাজউদ্দীন আহমদকেও বাঁচতে দেয়নি।
বিশেষ বাস্তবতায় বাংলাদেশ ছিল সোভিয়েত-ভারত প্রভাব বলয়ের মধ্যে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর বড় মাপের জাতীয়তাবাদী নেতাদের মতোই ছিলেন স্বাধীনচেতা। তাঁর ভূমিকা অনেকটা মিসরের নাসের বা ইন্দোনেশিয়ার সুকর্ণের সঙ্গে তুলনীয়। মুক্তিলাভ ও স্বদেশ প্রত্যাবর্তনের পরই তিনি ভারতীয় সেনাদের ফিরে যেতে বলেছিলেন। তারা ফিরেও গিয়েছিল। লাহোরে অনুষ্ঠিত ইসলামিক সম্মেলনে যোগ দিতে তিনি লাহোরে গিয়েছিলেন (পাকিস্তান তখনই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল) ভারত সরকারকে না জানিয়েই। এমন স্বাধীনচেতা ঐতিহাসিক পুরুষদের মার্কিন প্রশাসন অপছন্দ করে, ভয়ও করে।
বঙ্গবন্ধু হত্যার ঘটনাটি সম্পর্কে বলতে হলে ‘বাকশালে’র বিষয়টি আলোচনার দাবি রাখে। বিএনপি দাবি করে যে তাদের নেতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এই দাবিও পুরোপুরি ন্যায্য নয়। কারণ, জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে চতুর্থ সংশোধনী বাতিল হয়ে গেলেও গণতন্ত্র ফিরে আসেনি; বরং রাজনীতি চলে গিয়েছিল সামরিক ক্যান্টনমেন্টে, যার দুর্ভোগে আমাদের বহুদিন পর্যন্ত ভুগতে হয়েছিল। তবে এ কথা ঠিক যে একদলীয় শাসনব্যবস্থা গণতন্ত্রকামী মানুষ ভালোভাবে নিতে পারেনি। ঘাতকেরা এই অবস্থার সুযোগ নিয়েছিল। উল্লেখ্য, সেই সময় প্রগতি অভিমুখী অনেক দেশেও একদলীয় শাসনব্যবস্থা ছিল।
এটা বিস্ময়কর যে বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বিশাল মাপের মানুষ, যাঁর ছিল আকাশছোঁয়া জনপ্রিয়তা, তাঁকে নিষ্ঠুরভাবে হত্যা করার পরও দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে কোনো প্রতিবাদ হয়নি বা প্রতিরোধ গড়ে ওঠেনি। আমার ধারণা, প্রতিবাদ বা প্রতিরোধ দুটোই হতো, যদি নেতৃত্বের পক্ষ থেকে তেমন ডাক দেওয়া যেত। জনগণ নিজে নিজে সংগঠিত হয়ে জমায়েত হয় না। কাউকে ডাক দিতে হয়, নেতৃত্ব দিতে হয়। আওয়ামী লীগ বা বাকশালের মধ্যে তেমন নেতৃত্ব ছিল না; বরং দেশবাসী দেখল, বঙ্গবন্ধুর মন্ত্রিসভার একটা বড় অংশ খোন্দকার মোশতাকের মন্ত্রিসভায় শপথ নিয়েছে।
এসব পুরোনো কথা আলোচনা করা দরকার। কিন্তু আমরা যেন শুধু অতীত বিশ্লেষণের মধ্যে আটকে না থাকি। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই শোষণহীন সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামে আমরা যেন আত্মনিয়োগ করতে পারি। সেটাই হবে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্য নিবেদন।
হায়দার আকবর খান রনো: রাজনৈতিক বিশ্লেষক। সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।