
মার্চ মাস আমাদের জাতীয় জীবনে নানা কারণে, নানান ঘটনা-দুর্ঘটনায় গুরুত্বপূর্ণ। ‘অঘটনঘটনপটীয়সী’ শব্দটির মধ্যে নারীবিদ্বেষ প্রচ্ছন্ন আছে। মার্চ মাসটি অনেকটা সে রকম। প্রতিবছর মার্চ আসে, পথের দুধারে গাছের শুকনো পাতা ঝরে, আবার নতুন মুকুলে ভরে যায় আমের শাখা-প্রশাখা। একদিকে ধ্বংস আর মৃত্যু, অন্যদিকে নতুন জীবনের আবাহন-এসব মিলেই মার্চ। এ মাসে আমরা স্মৃতিকাতর হই, পুরোনো কাসুন্দি ঘাঁটি, ফেলে আসা দিনগুলোর ব্যালান্সশিট মেলাই এবং তারপরও আশায় বাঁধি বুক।
১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে সর্বভারতীয় মুসলিম লীগের ২৭ তম বার্ষিক অধিবেশনে বাংলার নেতা ও প্রধানমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক, যিনি শেরেবাংলা নামেই বেশি পরিচিত, প্রস্তাব উত্থাপন করেন যে ‘যেসব অঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, যেমন ভারতের উত্তর-পশ্চিম অঞ্চল এবং পূর্বাঞ্চল-সেগুলো একই দলভুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে পারে, যেখানে গঠনকারী প্রতিটি ইউনিট হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম।’ প্রস্তাবটি পরদিন পাস হয়। এই প্রস্তাবের সূত্র ধরে সাত বছরের মাথায় তৈরি হয় পাকিস্তান, মুসলমানের আলাদা দেশ। বাঙালি মুসলমান তখন আবেগে রীতিমতো ডিগবাজি খাচ্ছে।
পাকিস্তান রাষ্ট্র নিয়ে বাঙালির মোহমুক্তির সূচনাও এই মার্চে। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ৩ মার্চ ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এক বিবৃতিতে ১১ মার্চ সারা পূর্ব বাংলায় হরতাল আহ্বান করে। ১৯৪৭-পরবর্তী যুগে এটাই এ দেশের প্রথম হরতাল। তাতেও পাকিস্তান সরকারের টনক নড়েনি। ২১ মার্চ বিকেলে ঢাকার রেসকোর্স ময়দানে (এখন নাম সোহরাওয়ার্দী উদ্যান) এক নাগরিক সংবর্ধনায় এবং ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানের বড় লাট মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তাঁর এই একটি উক্তি পাকিস্তানের ইতিহাস বদলের বীজ বুনে দিয়েছিল।
পাকিস্তান আমলে এ দেশে দুটি সংবিধান জারি হয়েছিল। প্রথমটি ১৯৫৬ সালের ২৩ মার্চ, যেদিন ডমিনিয়ন স্ট্যাটাস ছেড়ে পাকিস্তান একটি প্রজাতন্ত্র হিসেবে যাত্রা শুরু করে। ওই সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে নিলেও ‘সংখ্যাসাম্য’ নীতি গ্রহণের ফলে বাঙালি তাদের সংখ্যাগরিষ্ঠতার শক্তি হারায়। ১৯৬২ সালের ১ মার্চ সামরিক শাসক মোহাম্মদ আইয়ুব খান এক ব্যক্তির শাসনসংবলিত একটি সংবিধান চাপিয়ে দেন।
১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন ছয় দফা প্রস্তাব। প্রথম দফায় বলা হলো, ‘১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান একটি যুক্তরাষ্ট্র হইবে।’ ছয় দফার পক্ষে শেখ মুজিব প্রথম জনসভাটি করেন ১৯৬৬ সালের মার্চে, চট্টগ্রামের লালদীঘি ময়দানে।
১৮-১৯ মার্চ ঢাকার হোটেল ইডেন প্রাঙ্গণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল সভায় ছয় দফা আনুষ্ঠানিকভাবে দলের কর্মসূচির অন্তর্ভুক্ত হয় এবং শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। একই সভায় দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাজউদ্দীন আহমদ। ছয় দফা আন্দোলনের পথ ধরেই ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয় পায় এবং শেখ মুজিব বাঙালির প্রধান নেতা হিসেবে ম্যান্ডেট পান। তখন তিনি বঙ্গবন্ধু।
তারপর আমরা প্রবেশ করলাম একাত্তরের কালবেলায়। ১ মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঘোষণা দিলেন, ৩ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়েছে। এই ঘোষণা দেশে একটি দাবানল সৃষ্টি করল। ১৯৪৮ সালের মার্চে জিন্নাহর একটি উক্তি পাকিস্তানের রাজনৈতিক বুননটাকে প্রথম আঘাত করেছিল। ২৩ বছর পর ইয়াহিয়ার আরেকটি ঘোষণা পাকিস্তান রাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল।
১ মার্চ বেলা একটায় ইয়াহিয়ার ভাষণ শোনার পরপরই রাস্তায় নেমেছিল জনতার ঢল। মানুষের মন তৈরি হয়েই ছিল। যত্রতত্র পোড়ানো হলো পাকিস্তানের পতাকা। পূর্ব বাংলায় পাকিস্তান রাষ্ট্রের দাফন হয়ে গেল। কোটি মানুষের স্বতঃস্ফূর্ত কণ্ঠে দেশের স্বাধীনতার কথা উচ্চারিত হলো। ইতিহাসের বাঁক বদল হলো। এরপর ৭ মার্চ, ২৫ মার্চ, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর-এগুলো হলো মাইলফলক।
৭ মার্চ বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সবচেয়ে বড় জনসভায় ভাষণ দিলেন। তিনি আলোচনার মাধ্যমে একটা নিষ্পত্তি চেয়েছিলেন। তিনি নতুন করে ডাকা জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য চারটি শর্ত দেন। অন্যদিকে তিনি ঘরে ঘরে দুর্গ তৈরির আহ্বান জানিয়ে উচ্চারণ করলেন-এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ প্রসঙ্গে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তরুণ অফিসার মেজর জিয়াউর রহমান (পরে লে. জেনারেল ও রাষ্ট্রপতি) বলেছিলেন, ‘৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে এক গ্রিন সিগন্যাল বলে মনে হলো।’
ইতিমধ্যে পেরিয়ে গেছে ৪৭টি বছর। দুনিয়াজুড়ে বইছে পরিবর্তনের হাওয়া। বদলে গেছে আমাদের দেশটাও। একসময় ইতিহাস আমাদের নির্মাণ করেছে। এখন আমরা আমাদের পছন্দমতো ইতিহাস তৈরি করি। একাত্তরের মার্চ যাঁরা দেখেননি, তাঁদের পক্ষে ওই সময়ের আবেগ ও বাস্তবতা দুটোই বুঝতে পারা কঠিন, যদি না আমরা সহজ ও নির্মোহ বয়ান তৈরি করতে পারি।
মার্চ ছিল প্রতিবাদ ও প্রতিরোধের মাস। একাত্তরের ওই দিনে ঢাকা স্টেডিয়ামে এমসিসি বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলছিল। রেডিওতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে গ্যালারিতে বসা জনতা প্যান্ডেলে আগুন দিয়ে বেরিয়ে আসে রাজপথে। তারা কারও নির্দেশের অপেক্ষা করেনি। এক অর্থে বলা যায়, এ দেশের সাধারণ মানুষ একাত্তরের ১ মার্চ স্বাধীনতা ঘোষণা করেছিল।
পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে তোলা হয় বাংলাদেশের পতাকা এবং তার পরদিন পল্টন ময়দানে ছাত্রলীগের জনসভায় বঙ্গবন্ধুর উপস্থিতিতে পাঠ করা হয় স্বাধীনতার প্রথম লিখিত ঘোষণাপত্র। সেদিনই আনুষ্ঠানিকভাবে বলা হয়, রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ গানটি হবে আমাদের জাতীয় সংগীত।
ঘোষণাপত্রের প্রথম লাইনটি ছিল, ‘স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ ঘোষণা করা হয়েছে’। আন্দোলনের একপর্যায়ে ২৫ মার্চ রাতে জনতার ওপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালালে শুরু হয় মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রতিরোধ পর্ব। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা মুক্ত হই।
ইতিমধ্যে পেরিয়ে গেছে প্রায় পাঁচ দশক। আমরা কী চেয়েছিলাম আর কী পেয়েছি, তা নিয়ে হিসাব কষতে বসলে আমরা অনেকেই পাওয়ার আনন্দে দিশেহারা হই, অনেকেই না পাওয়ার গ্লানিতে ডুব দিই। যে প্রশ্নগুলো মনের মধ্যে ঘুরপাক খায়, তা হলো-এ দেশের মানুষের অনেক ত্যাগের বিনিময়ে ভারত ভাগ করে পাকিস্তান তৈরি হয়েছিল। মোহমুক্ত হতে এক বছরও সময় লাগেনি। ধর্মাশ্রয়ী ও নির্যাতক পাকিস্তান রাষ্ট্র ভেঙে আমরা বাংলাদেশ বানালাম। মুক্তিযুদ্ধে আমরা অনেকেই অংশ নিয়েছি, সরাসরি কিংবা পরোক্ষভাবে। অনেকেই প্রাণ বিসর্জন দিয়েছেন। লাঞ্ছিত ও নির্যাতিত হয়েছেন অগুনতি মানুষ।
একটা কথা হলফ করে বলতে পারি, বাংলাদেশের সংবিধানে ‘রাষ্ট্রধর্ম’ ঢুকে পড়বে এবং ২২ পরিবারের বদলে আবারও নতুন কিছু পরিবার ও গোষ্ঠীর কাছে কোটি কোটি মানুষ জিম্মি হবে-এ জন্য আমরা যুদ্ধ করিনি। এটাই যদি হবে তা হলে আমরা কেন জীবনের ঝুঁকি নিয়ে ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান’ ভেঙে বাংলাদেশ বানালাম? তারপরও বলব, মার্চ মাস এলেই রক্তে লাগে নাচন।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক
[email protected]