ইতিহাসের মহানায়ক ও তাঁর দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবার রাজপথ
কিউবার রাজপথ

বর্তমান সময়ের শ্রেষ্ঠ বিপ্লবী ফিদেল কাস্ত্রো। তিনি ছোট একটি দ্বীপদেশে বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন এবং অর্ধশতাব্দীব্যাপী
সেই দেশের সমাজতান্ত্রিক বিনির্মাণে প্রধান ভূমিকা পালন করেছিলেন। পরিণত বয়সে, নব্বই বছর বয়সে তিনি মারা গেছেন। কিন্তু সারা কিউবার জনগণ কাঁদছে। সন্দেহ নেই যে তিনি তঁার দেশের জনগণের অতি প্রিয় নেতা, তাদের একান্তই আপনজন। কিন্তু শুধু কিউবা নয়, সারা ছোট দেশের এই নেতার পরিচিতি ও প্রভাব বিশ্বময়। সোভিয়েত ইউনিয়ন ছিল এক বিশাল দেশ, যা পরবর্তী সময়ে পরাশক্তিতে পরিণত হয়েছিল। তাই রুশ বিপ্লব ও সমাজতান্ত্রিক সোভিয়েত বিশ্ব ইতিহাসকে দারুণভাবে প্রভাবিত করেছিল। মানবমুক্তির নতুন যুগের অভ্যুদয় ঘটিয়েছিল। জনসংখ্যার দিক দিয়ে সর্ববৃহৎ দেশ চীনের বিপ্লব পৃথিবীর ভারসাম্য পাল্টে দিয়েছিল, শোষিত মানুষের অনুকূলে ও সাম্রাজ্যবাদের প্রতিকূলে। ভিয়েতনাম একটি ছোট দেশ হলেও সুদীর্ঘকালের যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যবাদকে পরাজিত করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। বহুদিন পর্যন্ত পাশ্চাত্যের সাম্রাজ্যবাদ ‘ভিয়েতনাম সিনড্রোমে’ ভুগেছিল।
কিন্তু কিউবা এমন কী করেছিল যা পৃথিবীকে আলোড়িত করতে পারে? সম্মানের দিক দিয়ে দরিদ্র দেশ, ছোট দ্বীপদেশ কিউবা পৃথিবীর অর্থনীতিকে প্রভাবিত করতে পারে না, যা পারছে চীন। বিশ্বরাজনীতিতেও তেমন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার ক্ষমতা রাখে না। তেমন অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা তার একেবারেই নেই। তাহলে কিউবা, বিশেষ করে কিউবার নেতা ফিদেল কীভাবে পৃথিবীর জনগণকে আকৃষ্ট করছেন আর কেনই–বা মার্কিন প্রশাসন তঁাকে এত ভয় করে? ভয় করে বলেই তো ফিদেল কাস্ত্রোকে বহুবার হত্যার চেষ্টা করেছিল সিআইএ। কিন্তু ব্যর্থ হয়েছে। কিউবার জোরটাই–বা কোথায়? সে জোর হলো আদর্শের জোর। সাম্রাজ্যবাদ ফিদেলের ও কিউবার সামরিক ও অর্থনৈতিক শক্তিকে ভয় পায় না, পাওয়ার কথাও নয়। ভয় পায় ফিদেল ও তঁার দ্বারা অনুপ্রাণিত জনগণের দৃঢ়চিত্ত আদর্শের তেজকে। সে আদর্শ হলো মুক্তির আদর্শ। এই আদর্শের কারণেই ফিদেল সারা দুনিয়ার নিপীড়িত মুক্তিকামী মানুষের কাছে প্রেরণার উৎস। আর ঠিক এটাই হলো মার্কিন প্রশাসনের ভয়ের কারণ। বিশেষ করে সেই মুক্তির আদর্শের উজ্জ্বল দীপশিখা যদি একেবারে নাকের ডগার ওপর, ৯০ মাইলের মধ্যে জ্বলতে থাকে, তাহলে সাম্রাজ্যবাদী শাসকদের বাড়তি উৎকণ্ঠা ও ভীতির কারণ থাকে বইকি।

১৯৯০ সালে কিউবার কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমি ১০ দিন সেই দেশে ছিলাম। তখন দেখেছি, কর্মী ও সাধারণ মানুষও খুব জোরের সঙ্গে বলতেন, মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৬১–এর শিক্ষার পর আর তাদের দেশ আক্রমণের চেষ্টা করবে না। কেন? তঁারা বললেন, প্রথমত, পারমাণবিক বোমা নিক্ষেপ করবে না; কারণ, পারমাণবিক বিষক্রিয়া (রেডিয়েশন) ৯০ মাইল দূরে মার্কিন যুক্তরাষ্ট্রেও গিয়ে ছড়িয়ে পড়বে। দ্বিতীয়ত, সামরিক অভিযান চালালে কিউবার মাটিতে প্রথম পদক্ষেপ নেওয়ার আগেই ১০ লাখ (এক মিলিয়ন) মার্কিন সৈন্য মারা পড়বে। এটা নাকি মার্কিন সমর বিশেষজ্ঞদের অভিমত। একটা ছোট দেশের এত শক্তি!

মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ৫০ বছর ধরে কিউবার বিরুদ্ধে অবরোধ রেখেছিল। কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ার পরও এখনো অবরোধ উঠে যায়নি। তবু কিউবার সমাজতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থেকেছে। ১৯৯১ সালে সোভিয়েত পতনের পর কিউবা গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছিল। চীন-ভিয়েতনাম ইতিমধ্যে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছিল। পুঁজিবাদী উৎপাদনকে খানিকটা অনুমোদন করেছিল। কিন্তু ফিদেল তাতে সম্মত হননি। অথচ কিউবার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। প্রধান রপ্তানি দ্রব্য চিনির বাজার সংকুচিত হয়ে পড়ে এবং দামও কমে যায়। চরম পেট্রল–সংকট দেখা দেয়। তার ওপর মার্কিন অবরোধ তো আছেই। সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে কঠোর রেশনিং ব্যবস্থার মাধ্যমে কয়েক বছরের মধ্যে ফিদেল এই অবস্থাকে সার্থকভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছিলেন। এই ঘটনা প্রমাণ করে এই নেতার অসাধারণ মনোবল, বাস্তববুদ্ধি, আদর্শের প্রতি দৃঢ়তা, সাহস, প্রজ্ঞা ও অসামান্য নেতৃত্বের গুণাবলির বিষয়টি।

ফিদেল কাস্ত্রো একটু ব্যতিক্রমধর্মী বিপ্লবী নেতা। তাঁর নেতৃত্বে কিউবার বিপ্লবও ঐতিহ্যগত কমিউনিস্ট আন্দোলনের ধারা অনুসরণ করেনি। বস্তুত তিনি শুরু করেছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক বিপ্লবী হিসেবে। বিপ্লবের পর তিনি মার্ক্সবাদী হয়ে ওঠেন এবং নতুন করে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন।

১৯৯০ সালের এপ্রিলে আমি কিউবায় গিয়ে দেখেছি, সেখানে কোনো রাস্তা, বাড়ি বা কোনো কিছুই ফিদেলের নামে নেই। রাস্তায় ফিদেলের কোনো মূর্তি বা ছবি শোভা পাচ্ছে না। যঁার ছবি জনগণের হৃদয়ে, তঁার ছবি বাইরে প্রদর্শন করার কোনো দরকার হয় না। বিমানবন্দর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হোসে মার্তির নামে, যিনি ছিলেন স্পেনীয় উপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রামের নেতা, ঐতিহাসিক পুরুষ।আমাকে পার্টির নেতারা বললেন যে বিপ্লবের পরপরই ফিদেল ও অন্য বিপ্লবীরা সিদ্ধান্ত নিয়েছিলেন, জীবিত কোনো ব্যক্তির নামে কোনো রাস্তা বা স্থাপনার নামকরণ হবে না। আমি মস্কো ও পিয়ংইয়ং গেছি। রাশিয়াতে রাস্তায় বড় করে ব্রেজনেভের ছবি ও পিয়ংইয়ংয়ে ‘কিম ইলসুংয়ের বড় বড় ছবি প্রদর্শিত হতে দেখেছি।

দ্বিতীয়ত, কিউবায় নির্বাচনে কমিউনিস্ট পার্টি কোনো মনোনয়ন দেয় না। একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তঁাদের পোস্টার, লিফলেট ও বক্তব্য নির্বাচন কমিশন ছেপে দেয় ও বিতরণের ব্যবস্থা করে। তারাই প্রার্থীদের একত্রে সভা ও বিতর্কের আয়োজন করে। সেই দেশে প্রতি ছয় মাসে প্রার্থীকে জনগণের মুখোমুখি হতে হয় এবং আস্থা ভোট নিতে হয়। জনগণ ইচ্ছা করলে প্রার্থী প্রত্যাহারও করতে পারেন।

তৃতীয়ত, কিউবার স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা অন্য সব সমাজতান্ত্রিক দেশের মতো হলেও তাদের স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। প্রতিটি নাগরিকের স্বাস্থ্য ফাইল আছে। প্রতি ছয় মাসে তা আপডেট করা হয় এবং চিকিৎসাসেবার ওষুধ, অপারেশন—সবটাই রাষ্ট্রীয় খরচে। এই সব আমি স্বচক্ষে দেখে এসেছি।

চতুর্থত, কিউবার রাষ্ট্র, কমিউনিস্ট পার্টি ও বিশেষ করে ফিদেলের আন্তর্জাতিকতাবোধ ও ভূমিকা। ফিদেল গোটা লাতিন আমেরিকাকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফিদেলকে আমরা পাশে পেয়েছি। আফ্রিকা মহাদেশে কিউবা গেরিলাযোদ্ধা যেমন পাঠিয়েছিল, তেমনি পাঠিয়েছিল বিপুলসংখ্যক চিকিৎসক। এঙ্গোলায় কিউবা সরাসরি সাম্রাজ্যবাদ ও বর্ণবাদী (তখনকার) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে। কিন্তু তার আগেও কঙ্গোতে লুমুম্বার বাহিনীর পক্ষে যুদ্ধ করতে গিয়েছিলেন ফিদেলের সহযোদ্ধা চে গুয়েভারা  ও পার্টির আরেক নেতা হোসে রিসকেত। ১৯৯০ সালে তিনি ছিলেন কিউবার কমিউনিস্ট পার্টি পলিটব্যুরোর সদস্য ও আন্তর্জাতিক বিভাগের দায়িত্বে। ১৯৯০ সালে এপ্রিল মাসে হাভানায় তঁার সঙ্গে ঘণ্টা দুয়েক কথা বলার সুযোগ আমার হয়েছিল। তাঁকে প্রশ্ন করেছিলাম, আপনারা যে আফ্রিকায় যোদ্ধা পাঠাচ্ছেন, এটা কি বিপ্লব রপ্তানি হয়ে গেল না? মার্ক্সবাদ কি তা অনুমোদন করে? জবাবে তিনি যা বললেন তাতে আমি অভিভূত হয়েছিলাম। তিনি বললেন, ‘কিউবার ৪০ শতাংশ মানুষ কৃষ্ণবর্ণের। তাদের পূর্বপুরুষদের সাম্রাজ্যবাদ আফ্রিকা থেকে গলায়–পায়ে শিকল বেঁধে এই মহাদেশে এনেছিল। আমরা যখন আফ্রিকায় যাই, তখন আমরা আমাদের আফ্রিকান রক্তের ডাকে সাড়া দিই। একে বিপ্লবের রপ্তানি বলা যায় না।’

হাভানার রাস্তায় আমি বিলবোর্ডে স্লোগান লেখা দেখেছি। ‘নিজের দেশের জনগণের মুক্তির জন্য সংগ্রাম করা মহৎ, আর অন্য দেশের নিপীড়িত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করা মহত্তর।’ এই হলো কিউবা এবং তাদের নেতা ফিদেল কাস্ত্রো। সবার থেকে একেবারেই ভিন্ন।

কিউবার বিপ্লবও প্রথাগত কমিউনিস্ট ধারায় হয়নি। এমনকি ফিদেল নিজেও প্রথম দিকে কমিউনিস্ট ছিলেন না। তিনি ছিলেন জাতীয়তাবাদী বিপ্লবী গণতন্ত্রী। তঁার সংগ্রামের পদ্ধতিও ছিল ভিন্ন ধরনের। কিছুটা হঠকারী মনে হতে পারে। ১৯৫৩ সালে মানকাডা দুর্গ আক্রমণ ও পরে ১৯৫৮ সালে মেক্সিকো থেকে ছোট এক জাহাজে (গ্রানাডা) করে কিউবায় অবতরণ—সবটাই দারুণ রকম রোমান্টিক বিপ্লবীপনা মনে হতে পারে। কিন্তু মানকাডা আক্রমণ ব্যর্থ হওয়ার পর মেক্সিকো থেকে অভিযান প্রথম পর্যায়ে অসফল হলেও কৃষক–জনতার ওপর নির্ভর করে সশস্ত্র গেরিলাযুদ্ধ সফল হয়েছিল। বিপ্লব জয়যুক্ত হয়েছিল। এই সাফল্যের প্রধান কারণ ফিদেল ও তঁার বিপ্লবী সঙ্গীদের অদম্য ইচ্ছাশক্তি, মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। বিপ্লবী চেতনা, সাহস এবং অতি অবশ্যই বাস্তব কাণ্ডজ্ঞান।

বিপ্লবী উদ্যম ও বাস্তববোধ দুটো একই সঙ্গে ছিল ফিদেলের মধ্যে। তাই তঁার পক্ষে সম্ভব হয়েছে বিপ্লবকে জয়যুক্ত করা, মার্কিন আক্রমণ, ষড়যন্ত্র ও অবরোধকে মোকাবিলা করে সমাজতন্ত্রের অগ্রাভিযানকে অব্যাহত রাখা এবং সোভিয়েত বিপর্যয়ের পরবর্তী সময়ে কিউবার সমাজতন্ত্রকে রক্ষা করা।

এমন নেতা ইতিহাসে বিরল। ফিদেল আজ সশরীরে উপস্থিত নেই, কিন্তু তঁার কাজ ও আদর্শ শুধু কিউবার জনগণকেই নয়, দুনিয়ার মুক্তিকামী মানুষকে প্রেরণা জোগাবে যুগ যুগ ধরে। বিপ্লবী ফিদেলের মৃত্যু নেই।

হায়দার আকবর খান রনো: রাজনৈতিক বিশ্লেষক। সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।