ইতিহাসের মেধাবী কারিগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল কাদের
নুরুল কাদের

প্রথাগতভাবে একটি জাতির ইতিহাস মূলত রাজনৈতিক। তবে তার অনুষঙ্গ অবশ্যই থাকবে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও অন্যান্য উপাদান। আমাদের ধনধান্য পুষ্পভরা দেশটির ইতিহাসও একই ধারায় চলমান। আর তা চলছে কারও লিপিবদ্ধ করার কোনো প্রত্যাশা না করে এবং নিজস্ব নিয়মে। এমনকি ক্ষেত্রবিশেষে আমাদের অজান্তেও। তেমনি একটি বিষয় বাংলাদেশের অর্থনীতির বিকাশ। একাত্তর থেকে এ পর্যায়ে অর্থনীতির বিকাশ কীভাবে হলো আর কাদের প্রচেষ্টায়, সেটার অনেকটাই অজানা থেকে যাচ্ছে বর্তমান প্রজন্মের কাছে।
আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। আজ তার রপ্তানি মূল্য ২৩ বিলিয়ন মার্কিন ডলার। তৈরি পোশাকশিল্প কারখানার সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। জিডিপিতে এর অবদান শতকরা ৭৬ শতাংশ। এ শিল্পে নিয়োজিত শ্রমিকসংখ্যা প্রায় ৪০ লাখ। তাদের শতকরা ৮০ ভাগ নারী। তৈরি পোশাকশিল্পের এই সাফল্য নিঃসন্দেহে বিস্ময়কর। গার্মেন্টস শিল্পের বদৌলতে ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের মতো অন্য অনেক শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটেছে। এর সুফলভোগী গোটা অর্থনীতি ও সমাজ। কিন্তু কীভাবে আমরা গার্মেন্টস শিল্পের সূচনা করেছি, তার ইতিহাস জানেন কজন। এমনকি যাঁরা এর সুফলভোগী, তাঁদেরও নগণ্যসংখ্যকই খবরটি রাখেন। আর রাখার প্রয়োজনও অনুভব করেন না অনেকেই। এটা আমাদের দেশ ও সমাজের দুর্ভাগ্যও বটে।
যাঁর হাত ধরে গার্মেন্টস শিল্পের সূচনা ও বিস্তার, তিনি হলেন মোহাম্মদ নুরুল কাদের। এক অনন্যসাধারণ ব্যক্তিত্ব। সফল পুরুষ। নন্দিত পথিকৃৎ। এ খাতে তাঁর ভূমিকা আলোচনার আগে একটু অতীতে যেতে হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে তিনি বিমানবাহিনীতে যোগ দিয়েও ফিরে আসেন। ষাটের দশকের সূচনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র। ছিলেন রাজনীতি ও এ দেশের স্বাধিকারের প্রশ্নে সচেতন। নির্বাচিত হন একটি হল ছাত্র সংসদের ভিপি। শিক্ষাজীবন শেষে ১৯৬১ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে শুরু করেন কর্মজীবন। তখন কিন্তু নাম ছিল মোহাম্মদ নুরুল কাদের খান। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি খানসেনাদের অমানবিক কার্যক্রমের প্রতি ঘৃণার প্রতিবাদরূপে পারিবারিক পদবি ‘খান’ ত্যাগ করেন। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে তিনি ছিলেন পাবনার জেলা প্রশাসক। সে অঞ্চলে মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে একে সংগঠিত এবং হানাদার বাহিনীকে পর্যুদস্ত করতে নেমে পড়েন তুমুলভাবে। পরে অস্থায়ী সরকার গঠিত হলে সে সরকারে যোগ দেন তিনি। উল্লেখ্য, তিনি ছিলেন মুজিবনগর সরকারের প্রথম নিয়োগ করা সচিব। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের অধীনে তিনি মুক্তিযুদ্ধ পরিচালনা ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা প্রণয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন। স্বাধীনতার পর একাত্তরের ১৮ ডিসেম্বর প্রবাসী সরকারের ঢাকা স্থানান্তরের সূচনাতেই তিনি অংশীদার ছিলেন এর। নিযুক্ত হলেন সংস্থাপনসচিব। বিভিন্ন পদে চাকরি করে ১৯৭৪ সালে ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। আর নির্মিত হয় ইতিহাসের নতুন এক অধ্যায়। সূচনা হয় গার্মেন্টস শিল্পের অগ্রযাত্রা।

>বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে তুলনামূলক কম সময়ে বিস্ময়কর অবদান রাখছে গার্মেন্টস খাত। যেকোনো কিছুর সূচনাতে আলোকবর্তিকাবাহী কেউ না কেউ থাকেন। এ ক্ষেত্রে ছিলেন নুরুল কাদের, একক ও অদ্বিতীয়

১৯৭৪ সালে বিশ্বের টেক্সটাইল বাণিজ্য নিয়ন্ত্রণে মাল্টিফাইবার অ্যাগ্রিমেন্ট কতিপয় পদক্ষেপ নেয়। এতে উন্নয়নশীল কিছু দেশ তাদের শিল্পপণ্য শিল্পোন্নত দেশে পাঠানোর কোটা লাভ করে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির বরপুত্র নুরুল কাদেরের দৃষ্টিতে বিষয়টি এড়িয়ে গেল না। নতুন দিগন্ত উন্মোচনে এ সুযোগকে তিনি কাজে লাগাতে চাইলেন। ১৯৭৮-৭৯-এর দিকে কোরিয়ার দাইয়ু করপোরেশনের সঙ্গে এক সমঝোতার মাধ্যমে তিনি এ দেশের গার্মেন্টস শিল্প তৈরির ভিত রচনা করলেন। দরকার শিক্ষিত জনবল। প্রথমে দাইয়ুর সহায়তায় ১৩০ জন সুপারভাইজার/ম্যানেজারকে তিনি কোরিয়ায় প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এরপর এই কর্মী বাহিনী নিয়ে চট্টগ্রামের কালুরঘাটে আন্তর্জাতিক মানের কারখানা দেশ গার্মেন্টস চালু করেন। পুঁজি বলতে দক্ষতা, দৃঢ়তা আর সামান্য অর্থ। কিন্তু স্বপ্নের বিস্তৃতি ছিল দিগন্তপ্রসারী। আর এ স্বপ্নের সফল বাস্তবায়নও আমরা দেখছি। ৪১০ বিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্যের আন্তর্জাতিক বাজারে আমরা ইতিমধ্যে ৫ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছি। আর সূচনায় যে ১৩০ জন কর্মী প্রশিক্ষণ নিয়েছিলেন, তাঁদের অধিকাংশই আজ এক বা একাধিক গার্মেন্টস শিল্পের মালিক।
নুরুল কাদের স্বপ্ন দেখতেন এ শিল্প একপর্যায়ে দেশের প্রধান রপ্তানি খাত ও কর্মসংস্থানের ক্ষেত্রে পরিণত হবে। আর ইতিমধ্যে তা হয়েছেও। তারপরও থেমে নেই। আকাশ আজ তাদের সীমা। তাঁরই প্রচেষ্টায় গার্মেন্টস শিল্পে এল বড় রকম প্রণোদনা। এর প্রধানতম হচ্ছে উৎপাদিত পণ্যের কাঁচামাল আমদানি প্রক্রিয়া সহজীকরণ। ব্যাক টু ব্যাক এলসি আর বন্ডেড ওয়্যারহাউসের চিন্তা তিনিই করেন। এটা বাস্তবায়নেও সরকারকে সম্মত করাতে সক্ষম হয়েছিলেন তিনি। বলা হয় পরোক্ষভাবে তিন কোটি লোকের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল।
নুরুল কাদের মাত্র ৬৩ বছর বয়সে ১৯৯৮ সালের ১৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। এ নিবন্ধকারের সঙ্গে তাঁর পরিচয় স্বল্প সময়ের জন্য ১৯৯৭ সালে। নিবন্ধকার তখন কক্সবাজারের জেলা প্রশাসক। নুরুল কাদের স্বল্পকালীন বিশ্রামে সেখানকার হোটেল শৈবালে। একটি অনুষ্ঠানে পরিচয় ও আলাপ। কথা বললেন কক্সবাজারকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা ও উপায় নিয়ে। বস্তুত সেদিন তিনি স্বপ্ন ও বাস্তবে এক অপরূপ রূপরেখা তুলে ধরেছিলেন।
বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে তুলনামূলক কম সময়ে বিস্ময়কর অবদান রাখছে গার্মেন্টস খাত। যেকোনো কিছুর সূচনাতে আলোকবর্তিকাবাহী কেউ না কেউ থাকেন। এ ক্ষেত্রে ছিলেন নুরুল কাদের, একক ও অদ্বিতীয়। ইতিহাসের প্রয়োজনে যদি ব্যক্তির আবির্ভাব হয়, তবে ইতিহাসের সেই প্রয়োজনেও তিনি সময়োচিত সাড়া দিয়ে এর গৌরবোজ্জ্বল অংশীদার হয়েছেন। হয়েছেন ইতিহাসের মেধাবী কারিগর।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।