ইথিওপিয়ায় রাজনৈতিক বসন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি গবেষণাকাজের জন্য এই অক্টোবর মাসের ১ তারিখে আদ্দিস আবাবায় পৌঁছাই। সাংসদ ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে এই গবেষণা। শুরু থেকে আদ্দিস আবাবা শহর ও নিকটস্থ ওরোমো অঞ্চলে অবস্থান করছিলাম। প্রথম দিনেই ধাক্কা খেলাম। ইথিওপিয়ার সংসদে ৪৪৬ জনের মধ্যে যেই একজন বিরোধী সাংসদ আছেন একটি সেমিনারে তাঁর সঙ্গে কথা হয়। কেমন চলছে আপনাদের, স্মিত হাসি দিয়ে বললেন, ‘কিছুদিন থাকেন, টের পাবেন।’ পরদিন সকালে ওরোমো অঞ্চলে পরিদর্শন করার কথা। রাতেই আমাদের জানানো হলো, নিরাপত্তার কারণে পরিদর্শন স্থগিত করা হয়েছে। আমার ইথিওপিয়ার সহকর্মী জানালেন, একজন নাইজেরিয়ান ধনবান ব্যক্তি খুন হয়েছেন রাজধানীর কাছেই। অপর একজন দেশি ব্লগারকে ক্ষুদ্র জাতিসত্তার পক্ষে লেখার জন্য ভোররাতে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। হঠাৎ করে রাত থেকেই ইন্টারনেট বন্ধ পেলাম।
২ অক্টোবর বিকেলে ফুটপাত ধরে হাঁটতে শুরু করলাম। রাস্তায় নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। ফলের দোকান, কফির দোকান একটু পরপরই। কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম দেশের কী অবস্থা? নিরুত্তর সবাই, সবারই মুখ বন্ধ। তাঁদের বেশির ভাগ লোকই ওরোমো জাতিগোষ্ঠীর। ইথিওপিয়ার বর্তমান পার্লামেন্টে কোনো বিরোধী দল নেই; নেই ভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব। জাতিগোষ্ঠীকেন্দ্রিক হার হচ্ছে ওরোমো ৩৪ দশমিক ৪ শতাংশ, আমহারা ২৭ শতাংশ, সোমালি ৬ দশমিক ২ শতাংশ, টিগরে ৬ দশমিক ১ শতাংশ, সিদামা ৪ শতাংশ, গুয়েজ ২ দশমিক ৫ শতাংশ ও অন্যান্য ১৯ দশমিক ৮ শতাংশ। আমহারা জাতিগোষ্ঠী আর এলিট ক্ষমতাবান ক্ষুদ্র টিগরে অঞ্চলের (টিপিএলএফ)ÿ ক্ষমতাসীন দল কর্তৃক শাসিত হতে চায় না।
কিছু ওরোমো আমাকে অভিযোগ করে বলছিলেন, দেশের রাজনৈতিক প্রক্রিয়া ও অর্থনৈতিক উন্নয়ন থেকে তাঁদের অঞ্চল বঞ্চিত। এক ইথিওপিয়ান বন্ধুর সাহায্য নিয়ে বুঝতে পারছিলাম, সবাই ক্ষুব্ধ সরকারের প্রতি। রাজধানী সম্প্রসারণে তাঁরা ক্ষতিগ্রস্ত বলেও জানালেন বন্ধুটি। একজন বলেন, আরব বসন্তের উত্তাপ নিবু নিবু করলেও ইথিওপিয়ার বসন্ত জ্বলজ্বল করতে শুরু করেছে। ওই দিনই ছিল অক্টোবরের ২ তারিখ। সন্ধ্যার সময় একজন ফলবিক্রেতা খবর দিলেন, ৪০ কিলোমিটার দূরে একটি উৎসবে তাঁদের অনেক লোক মারা গেছেন। বুঝতে পারলাম, লোকজন ফুঁসে উঠছেন। তাঁরা বলছেন, মৃত্যু উপত্যকার ওপর দাঁড়িয়ে আত্ম-অধিকার প্রতিষ্ঠার জন্য এই বসন্তের বিচ্ছুরণ ঘটাতে চান তাঁরা। স্বল্প পরিসরে কতগুলো তাৎপর্যপূর্ণ ঘটনার দিকে দৃষ্টি দেওয়া যাক।
বিদেশি গণমাধ্যম জানাচ্ছে, ইথিওপিয়ার ওরোমো অঞ্চলে অক্টোবরের ১ থেকে ৮ তারিখ পর্যন্ত ২০ জনেরও বেশি প্রতিবাদকারী নিহত হয়েছেন। বিরোধী রাজনৈতিক দলসমূহ বলছে, ৬৭৮ জন নাগরিক ইরিচ্ছা উৎসবে প্রাণ হারিয়েছেন; কেউ পদদলিত হয়ে, কেউ বা আবার সরকারি বাহিনীর গুলিতে। এর ফলে পশ্চিম আরসি শহরে ভয়াবহ হিংসাত্মক ঘটনা ঘটছে। গুডারে একজন পোস্ট ডক্টরাল মার্কিন গবেষককে হত্যা করা হয়েছে। আদ্দিস আবাবা শহর থেকে কিছু দূরে সেবেটাতে আন্দোলনকারীরা ১১টি কারখানায় আগুন দিয়েছেন। সরকারি ভাষ্যমতে, ৬০টি সরকারি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। জিমাতে কারাগারে অগ্নিসংযোগ করা হয়েছে। রাজধানীর কাছে ওনজিতে একটি চিনিকল পুড়িয়ে দেওয়া হয়েছে। কুরিফুট পশুখামারেও অগ্নিসংযোগ করা হয়েছে। দায়ার দাওয়া শহরে গ্যাসের ডিপোতে আগুন জ্বলজ্বল করছে। সরকার ব্লগারদের গ্রেপ্তার করছে এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। একমাত্র সরকারনিয়ন্ত্রিত ইন্টারনেট সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বশেষ ১০ অক্টোবর দেশজুড়ে আগামী ছয় মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। দ্রুত দৃষ্টি দেওয়া যাক সাম্প্রতিক এই ঘটনাটির দিকে।

>রাষ্ট্রীয় সহিংসতার প্রতি-উত্তর সর্বব্যাপী সহিংসতা হতে পারে না। কারণ, দুটোই হাত ধরাধরি করে চলে—মানবতার বিপক্ষে অবস্থান নেয়—একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক সহিংসতার ধারা তৈরি করে

অক্টোবরের ২ তারিখ। আমার নৃবিজ্ঞানের সহকর্মী চমৎকারভাবে পুরো ঘটনার বয়ান দিচ্ছিলেন। তাঁর মতে, প্রতিবছর এই দিনে ওরোমোরা জাতীয়ভাবে থ্যাংকস গিভিংস (ধন্যবাদ জ্ঞাপন) উৎসব পালন করেন। এটি তাঁদের জাতীয় ছুটির দিনও। ধন্যবাদ জ্ঞাপন করা হয় স্রষ্টাকে, কারণ বিগত বছরের জন্য ওরোমোরা ধন্যবাদ জানান ও ÿক্ষমা চান তাঁদের স্রষ্টার কাছে। প্রতিবছরে বিররা বা বসন্তের শুরুতে ওই ইরিচ্ছা উৎসব পালন করা হয়ে থাকে। শিফটুর হরসাদি হ্রদের পবিত্র ভূমিতে এ উৎসবের আয়োজন করা হয়। অন্ধকারময় বর্ষাকালের শেষে নতুন দিগন্ত নিয়ে বসন্তের শুরু, তাই সাজসাজ ভাব দেখা যায় ওরোমোদের মধ্যে।
বন্ধু বলছিলেন, ‘ওরোমোরা মনে করেন যে শীতের বৃষ্টিস্নাত সময় হচ্ছে কঠিন সময়—সেপ্টেম্বর পর্যন্ত যার প্রভাব থাকে। প্রবল বৃষ্টির কারণে নদ-নদী প্লাবিত হয়, গবাদিপশু, ফসলাদি আর বসতির ব্যাপক ক্ষতি সাধিত হয়। এর ফলে আত্মীয়তা ও সামাজিক সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। খাদ্যের অভাব দেখা দেয়, অভুক্ত থাকতে হয় দিনের পর দিন। বসন্তের শুরুতে ভুট্টা, আলু আর বার্লি কৃষকের ঘরে ঘরে চলে আসে। সে জন্য ইরিচ্ছা উৎসবের মাধ্যমে ওরোমো জনগোষ্ঠী শুধু স্রষ্টাকে ধন্যবাদই জ্ঞাপন করে না, বরং ফসল উত্তোলন–পরবর্তী সচ্ছলতাকেও বরণ করে নেয় এই বসন্ত উৎসবে।’ ঐতিহ্যগতভাবে ইরিচ্ছা উৎসবটি অরাজনৈতিক ছিল, কিন্তু বর্তমানে তা রাজনৈতিক হয়ে উঠেছে। কেন? আদ্দিস আবাবা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দুজন ছাত্র ক্যাম্পাসে এক আড্ডাতে বলেন, উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে এবারের উৎসবে সংখ্যালঘিষ্ঠ টিগরিয়ান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারিত হয়েছে।
নিষিদ্ধ করা ওয়েবসাইটের কল্যাণে দেখতে পেলাম, সরকার ও তার অনুগত বাহিনীর হেলিকপ্টার থেকে উপর্যুপরি গুলিবর্ষণে লক্ষাধিক ওরোমো প্রাণভয়ে দিগ্বিদিক ছুটে বেড়াচ্ছিলেন। মানুষ কীভাবে তথাকথিত পদদলনে পিষ্ট হয়ে মৃত্যুকে বরণ করে নেয়, তার মর্মান্তিক সবাক চিত্র আমরা দেখতে পাই গত সপ্তাহে উৎসব উদ্যাপনের সময়। অনেক বিশেষজ্ঞই মনে করেন, পদদলিত হওয়ার পরিস্থিতিটা আসলে তৈরি করা হয়েছে পূর্বপরিকল্পিতভাবে। সরকারি ভাষ্য—এই পদদলন মৃত ব্যক্তিদের ললাটের লিখন ছিল বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিবিসিসহ গণমাধ্যমগুলো যে বেদনাদায়ক খবর দিয়েছে, তা হলো এই—বাবা তাঁর সন্তানকে দাফন করতে বাধাগ্রস্ত হয়েছেন, লাশগুলো নিয়ে অপেক্ষার প্রহর গুনতে হয়েছে স্বজনদের।
যে শান্তির বাণী নিয়ে ওরোমোদের ইরিচ্ছা উৎসবের যাত্রা এবং স্রষ্টার কাছে শাপমোচনের যে আকুতি, তা বর্তমানে সহিংস প্রতিরোধের বাতাবরণে আবিষ্ট। এটি শুধু ওরোমোদের মধ্যে সীমিত থাকছে না। ওরোমোদের চিরায়ত প্রতিদ্বন্দ্বী আমহারারাও এতে সমর্থন দিচ্ছেন। সার্বিকভাবে দীর্ঘ ২৫ বছরের জনগণের সমর্থনহীন তথাকথিত নির্বাচিত সরকার প্রবল রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক বঞ্চনার যে সম্মিলন বর্তমান ইথিওপিয়াতে চলছে, তা ক্রমেই সহিংস হয়ে উঠছে।
রাষ্ট্রীয় সহিংসতার প্রতি-উত্তর সর্বব্যাপী সহিংসতা হতে পারে না। কারণ, দুটোই হাত ধরাধরি করে চলে—মানবতার বিপক্ষে অবস্থান নেয়—একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক সহিংসতার ধারা তৈরি করে। আমার অল্প কয়েক দিনের অবস্থান থেকে অনুভব করলাম—ইথিওপিয়ার ক্ষমতাসীন সরকার প্রতিবাদকে যত বেশি অবদমন করছে, গণতন্ত্র তত বেশি ফ্যাকাশে হচ্ছে, আর ঘনীভূত হচ্ছে সন্ত্রাসের সংস্কৃতি। উৎসবে অংশগ্রহণকারী একজন বলেন, তাঁদের স্লোগানের ভাষা ছিল—‘ওরোমো মানবতা ও স্বাধীনতাকে শ্রদ্ধা কর এবং ওরোমো-অধ্যুষিত এলাকায় তাঁদের অধিকারের ব্যাপারে শ্রদ্ধা দেখাও’। ওরোমোসহ অপরাপর মুক্তিকামী জাতিসত্তার আকাঙ্ক্ষার বার্তা ইথিওপিয়ার মতো একনায়ক শাসককুলের পুনঃপাঠ করা জরুরি বৈকি।
জহির আহমেদ: রিসার্চ ফেলো, নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ, সোয়াস, লন্ডন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য।
[email protected]