ইন্টারনেট কবজা করতে পারবেন পুতিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

গত সপ্তাহে রাশিয়ার ইন্টারনেট-ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধই ঘোষণা করে বসেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন এত দিন খুব ধীরে ও নীরবে ইন্টারনেট স্বাধীনতায় হস্তক্ষেপ করে আসছিল। কিন্তু এবার তারা খোলাখুলি হয়েছে। রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ ‘টেলিগ্রাম’ ব্লক করে দেওয়ার জন্য দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মাঠে নেমেছে।

টেলিগ্রামের স্রষ্টা ৩৩ বছর বয়সী পাভেল দুরোভ ‘রাশিয়ার জাকারবার্গ’ নামে খ্যাত। ফেসবুক চালু হওয়ার অল্প কিছুদিন পরই তিনি রাশিয়ায় ‘ভিকোনতাকতে’ নামের একই ধরনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম দাঁড় করিয়ে ফেলেন। কয়েক বছরের মধ্যেই এটি রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ২০১৪ সালে ভিকোনতাকতের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে জোর করে দুরোভকে সরিয়ে দেওয়া হয়। ওই সময় তিনি প্রকাশ্যে অভিযোগ করেন, রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগ এফএসবি তাঁকে চাপ দিয়েছে এবং ইউক্রেনের বিক্ষোভের আয়োজকদের ব্যক্তিগত তথ্য-উপাত্ত তাদের হাতে তুলে দিতে বলেছে।

দুরোভের সঙ্গে এফএসবির দ্বন্দ্ব এবং সেবাগ্রহীতাদের ব্যক্তিগত নিভৃতি নিশ্চিতে তাঁর অনড় প্রতিশ্রুতি ‘টেলিগ্রাম’ অ্যাপটিকে তুমুল জনপ্রিয় করে তোলে। দুরোভ এমন একটি অ্যাপ বানিয়েছেন, যা নাগরিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত রুশ সরকারের বিরোধিতা করার স্পর্ধা দেখিয়েছিল।

মেসেঞ্জার অ্যাপগুলোকে বাধ্যতামূলকভাবে তাদের এনক্রিপশন কি (অ্যাপ আনলক করার কোড) সরকারের কাছে দিতে হবে বলে যখন রাশিয়ার পার্লামেন্টে আইন পাস হয়েছে, তখনই সবার কাছে পরিষ্কার হয়েছে, ইন্টারনেটের স্বাধীনতার বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণা করেছে এবং এই যুদ্ধে সরকারের প্রধান টার্গেট হলো ‘টেলিগ্রাম’।

রাশিয়ার সংবিধান সুস্পষ্টভাবে তথ্য আদান-প্রদানের নিভৃতির নিশ্চয়তা দেয়। এই যুক্তি নিয়ে টেলিগ্রামের আইনজীবীরা এফএসবির তথ্য হাতানোর বিরুদ্ধে আইনি লড়াইয়ে গিয়েছিলেন। কিন্তু আদালত নির্বাহী বিভাগের পক্ষ নেন এবং যুদ্ধটা চলতে থাকে।

ক্রেমলিন ভেবেছিল, ২০১৬ সালে লিংকড্ইন যেভাবে কোনো রকম বাধা ছাড়াই বন্ধ করা হয়েছিল, সেভাবেই তারা একটি ঝটিকা হামলার মাধ্যমে সব অ্যাপকে হাতের মুঠোয় নিয়ে আসবে। লিংকড্ইন তখন তেমন জনপ্রিয় ছিল না বলে সেটি সম্ভব হয়েছিল। কিন্তু এবার ততটা সহজ হচ্ছে না।

রুশ যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজোর ১৬ এপ্রিল টেলিগ্রাম ব্লক করা শুরু করে। তারা প্রায় ১ কোটি ৮০ লাখ আইপি অ্যাড্রেস ব্লক করে। এসব টেলিগ্রাম ব্যবহারকারীর বেশির ভাগই রুশ নাগরিক। কিছু আইপি অ্যাড্রেস মাইক্রোসফট, আমাজন ও গুগল ক্লাউড সার্ভিসের। এগুলো বন্ধ করে দেওয়ার কারণে ব্যাংক, অনলাইন শপ, অনলাইন পেমেন্ট ওয়েবসাইটসহ কয়েক ডজন কোম্পানির অনলাইন সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এরপরও টেলিগ্রাম কাজ চালিয়ে যেতে থাকে।

গত সপ্তাহের পুরোটা সময় রসকোমনাদজোর নতুন নতুন আইপি অ্যাড্রেস ব্লক করেছে। তারা বলেছে, টেলিগ্রামের ৩০ শতাংশ তৎপরতা তারা আটকে দিতে সক্ষম হয়েছে। কিন্তু দেখা গেছে, টেলিগ্রাম শুধু তাদের কাজ চালিয়েই যায়নি, তারা রেকর্ডসংখ্যক নতুন ইউজার পেয়েছে।

রাশিয়ায় আশ্রয় নেওয়া মার্কিন তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন পর্যন্ত দুরোভের পক্ষ নিয়েছেন এবং দুরোভের সমর্থনে টুইট করেছেন। এটি রুশ কর্তৃপক্ষের জন্য একটি মহা বিব্রতকর বিপর্যয়।

ইন্টারনেট নিয়ন্ত্রণ খুবই জটিল এবং ব্যয়বহুল কাজ। সাম্প্রতিক বছরগুলোতে পুতিন মডেল হিসেবে যে দেশটিকে গ্রহণ করেছেন, সেই চীন ইন্টারনেট নিয়ন্ত্রণে তার গ্রেটওয়ালের (মহাপ্রাচীর) মতো ‘গ্রেট ফায়ারওয়াল’ নামের একটি প্রযুক্তি স্থাপন করেছে। এরপরও তারা ইন্টারনেট প্রবাহের সবটুকু নিয়ন্ত্রণ করতে পারেনি। আংশিক পেরেছে।

কিন্তু মাথায় রাখতে হবে, রাশিয়া কিন্তু চীন নয়। চীন প্রতিবছর সাড়ে তিন হাজার কিলোমিটার উচ্চগতিসম্পন্ন রেলপথ নির্মাণ করে। অন্যদিকে রাশিয়া আগামী ১০ বছরে একই ধরনের চার হাজার কিলোমিটার রেলপথ তৈরির পরিকল্পনা করছে। তা-ও সেটি সম্ভব হবে কি না, বিষয়টি এখনো পরিষ্কার নয়।

রেলপথ বানানোর চেয়ে ইন্টারনেট প্রবাহ নিয়ন্ত্রণ বহু গুণ কঠিন কাজ। আর রাশিয়ার শ্রেষ্ঠ প্রোগ্রামাররা যেখানে প্রতিপক্ষ, সেখানে কাজটা আরও কঠিন।

১৮ বছর ধরে রুশ সরকার তাদের প্রচার-প্রপাগান্ডার জন্য টেলিভিশন চ্যানেলগুলোর ওপর নির্ভর করে এসেছে। পুতিন যখন ২০০০ সালে ক্ষমতায় আসেন, তখন রাশিয়ার মাত্র ২ শতাংশ লোক ইন্টারনেট ব্যবহার করত। আজ সেই সংখ্যা ৭৫ শতাংশের ওপরে। তরুণ প্রজন্ম এখন আর টিভি দেখে না। তথ্যপ্রবাহে হস্তক্ষেপ করার পর তারা যে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবে, তা নিশ্চিত করে বলাই যায়।

পরিস্থিতি আয়ত্তে রাখতে পুতিন যা-ই করুন না কেন, তিনি কখনোই নিজেকে জয়ী ঘোষণা করতে পারবেন না। ইন্টারনেট ব্যবহারকারী ৭৫ শতাংশ লোকের কাছে তাঁর জনপ্রিয়তা কমতেই থাকবে।

আল-জাজিরা থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত

রোমান দোবরোখোতোভ: অনুসন্ধানমূলক অনলাইন সংবাদপত্র ইনসাইডার-এর প্রধান সম্পাদক