ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনী দ্য ড্রামাটিক ডিকেড: দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স গ্রন্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধী ও ভারতীয় রাজনীতিকদের ভূমিকার ওপর আলোকপাত করা হয়েছে। এর একটি নির্বাচিত অংশ প্রথম আলোর পাঠকদের জন্য ছাপা হলো।

১৯৭১ সালের মার্চ মাসে যা ঘটছিল, তাতে আমাদের অনেকের মধ্যেই আবেগভরা উদ্বেগ সৃষ্টি হয়। পূর্ব বাংলার লাখ লাখ মানুষ সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকছিল, যা আমাদের দেশের মানুষের চিত্তকে চঞ্চল করে তোলে। আমরা এই দুর্ভাগা মানুষের যন্ত্রণা অনুভব করছিলাম।
পূর্ব বাংলার এই পরিস্থিতিতে ভারতের মানুষ যেভাবে সাড়া দিয়েছে, তার পেছনে নানা কারণ কাজ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘ইন্দিরা জোয়ার’। এর সুবাদে ১৯৭১ সালের মার্চ মাসের সাধারণ নির্বাচনে ইন্দিরা গান্ধী ব্যাপক সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন। রিচার্ড সিসন ও লিও রোজ ওয়ার অ্যান্ড সেসেশন: পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ গ্রন্থে এ প্রসঙ্গে লিখেছেন:
সেই ১৯৬০-এর আগের নেহরু আমল থেকে ভারতে এমন কোনো শক্তিশালী প্রধানমন্ত্রী আসেননি, যিনি দলের ভেতরকার ও বিরোধীদের মধ্যকার অবাধ্য শক্তিকে বশে আনতে পারেন। তবে ইন্দিরা গান্ধী ক্ষমতার ভিত্তি কাজে লাগিয়ে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারতেন, এ ক্ষেত্রে তিনি ঠিক তাঁর বাবার মতোই কুশলী ছিলেন, যিনি আবার খাপ খাইয়ে নিতে পারতেন। বিশেষ করে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনি এই কুশলতার পরিচয় দেন, ১৯৭১ সালের আঞ্চলিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে।
এ ছাড়া মানবাধিকার রক্ষার জন্য অবস্থান নেওয়ার ইতিহাসও ভারতের আছে। বস্তুত, সেই ১৯৪৯ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন, ‘যেখানে স্বাধীনতা ও ন্যায়িবচার হুমকির মুখে পড়বে বা যেখানে আগ্রাসন হবে, সেখানে আমরা নিরপেক্ষ থাকতে পারি না, আমরা নিরপেক্ষ থাকব না।’ ইন্দিরা গান্ধীও এই ধারা অনুসরণ করেছেন। তিনি নির্দ্বিধায় বাংলাদেশের মানুষের প্রতি সমর্থন জানিয়ে পণ্ডিত নেহরুর স্বপ্ন বাস্তবায়ন করেন।
আরেকটি কারণ ছিল, যার তাৎক্ষণিকতা ছিল আরও বেশি, পশ্চিম বাংলা, আসাম, মেঘালয় ও ত্রিপুরায় বিপুলসংখ্যক শরণার্থীর আগমন। রিচার্ড সিসন ও লিও রোজ ওয়ার অ্যান্ড সেসেশন: পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ গ্রন্থে এ প্রসঙ্গে লিখেছেন:
অর্থনৈতিক চাপের ব্যাপারটা ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় বিবেচনাতেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতের যা সম্পদ আছে, তার পরিপ্রেক্ষিতে এই লাখ লাখ শরণার্থীর ভরণপোষণ, তাদের জন্য শিবির নির্মাণ ও রক্ষণাবেক্ষণ বাবদ যে অর্থ প্রয়োজন, তা বিপুল। এতে সরকারের পক্ষে উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দ দেওয়া মারাত্মকভাবে ব্যাহত হবে, তেমন হুমকিও আছে। ভারত অনেক কষ্টে যে বিপুল পরিমাণ উদ্বৃত্ত শস্য সংগ্রহ করেছিল, এর ফলে তাতেও ভালো রকম টান পড়বে।
তবে অর্থনৈতিক চাপটাই ভারতের একমাত্র উদ্বেগের কারণ ছিল না। পূর্ব পাকিস্তানের ঘটনাপ্রবাহের কারণে ভারত সরকার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে এক ভিন্ন সমস্যার সম্মুখীন হয়। দুই রাজ্যেই, তবে বিশেষ করে ত্রিপুরায় হঠাৎ করে ২০ বা ৩০ লাখ মানুষের আগমনের ফলে উপজাতি ও অ–উপজাতি জনসংখ্যার ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হয়ে সেখানকার উপজাতীয় রাজনৈতিক ব্যবস্থার অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে যায়, যার কারণে অ–উপজাতি মানুষের সংখ্যা বেড়ে যায়। এতে সেখানে নতুন ইস্যু ও সমস্যা সৃষ্টি হয়, যদিও এই অঞ্চলটা তুলনামূলকভাবে নীরব ছিল।
পূর্ব পাকিস্তানের ঘটনাপ্রবাহের ওপর ইন্দিরা গান্ধী উৎসুক নজর রাখছিলেন। ২৫ মার্চ তিনি ভারতের পূর্ব পাকিস্তান লাগোয়া রাজ্যগুলোর জন্য সীমান্ত খোলা রাখার আদেশ জারি করেন, যাতে শরণার্থীরা নিরাপদে ভারতে ঢুকতে পারে। শুধু তা-ই নয়, তিনি এ কথাও জোর দিয়ে বলেন, পূর্ব পাকিস্তানের নেতাদের গ্রহণ করে নিরাপদ আশ্রয়ে রাখতে হবে। ৩০ মার্চ ইন্দিরা গান্ধী সংসদের উভয় কক্ষেই পূর্ব পাকিস্তানের ঘটনাপ্রবাহের ওপর এক প্রস্তাব পেশ করেন, যেখানে তিনি ভারত সরকারের মনোভঙ্গির রূপরেখা নির্ধারণ করেন:
পূর্ব বাংলার মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, হাউস তাদের প্রতি গভীর সহানুভূতি ও সংহতি জানাচ্ছে। শান্তি রক্ষায় ভারত সব সময়ই আগ্রহী, একই সঙ্গে আমরা মানবাধিকার রক্ষা ও তাকে ঊর্ধ্বে তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ, এই বিষয়গুলো মাথায় রেখে হাউস অনতিবিলম্বে এই রক্ষাকবচহীন মানুষের ওপর বলপ্রয়োগ ও তাদের নৃশংস হত্যাকাণ্ড বন্ধের দাবি জানাচ্ছে...হাউসের গভীর প্রত্যয় হচ্ছে, এই সাড়ে সাত কোটি মানুষের ঐতিহাসিক সংগ্রামের জয় হবে। হাউস এই মানুষদের নিশ্চয়তা দিতে চায়, তাদের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতি ভারতের জনগণ সর্বাত্মক সহানুভূতি ও সমর্থন জানাবে।
১৯৭১ সালের ১৫ জুন বাজেট অধিবেশন চলার সময় আমি রাজ্যসভায় এক আলোচনার সূত্রপাত করি। আমার পরামর্শ ছিল এ রকম: ভারতের উচিত হবে, মুজিবনগরে নির্বাসিত বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেওয়া। এই সমস্যা কীভাবে সামাল দেওয়া হবে—সে বিষয়ে একজন সদস্য যখন আমার পরামর্শ চাইলেন, তখন আমি বললাম, ‘আমি রাজনৈতিক সমাধানের কথা বলছি, যার মানে হলো, বাংলাদেশের সার্বভৌম সরকারকে নিঃশর্তভাবে স্বীকৃতি দিতে হবে। রাজনৈতিক সমাধান হচ্ছে, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশকে বস্তুগত সাহায্য দেওয়া।’ আমি হাউসকে এ-ও মনে করিয়ে দিলাম, ইতিহাসে এমন নজিরও অনেক আছে, যেখানে একই ধরনের পরিস্থিতিতে এমন হস্তক্ষেপ করা হয়েছে। দেশের মানুষ ও সংসদ যা-ই পরামর্শ দিক না কেন, ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের সমর্থনে বিশ্ব জনমত গঠনের জন্য পশ্চিম সফরে বেরিয়ে গেলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। যদিও এর আগে হেনরি কিসিঞ্জার বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরিতা শুরু হলে যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন দেবে না, তা সত্ত্বেও ইন্দিরা গান্ধী এই সফরের সিদ্ধান্ত নেন। ভারতসহ বহির্বিশ্বে এত তৎপরতার লক্ষ্য ছিল যুদ্ধের সম্ভাবনা রোধ করা। এক তীব্র কূটনৈতিক প্রচারণা শুরু হয়...পররাষ্ট্রমন্ত্রী সরণ সিং, আরও কয়েকজন মন্ত্রী ও খুবই শ্রদ্ধেয় ‘স্বাধীন’ জয়প্রকাশ নারায়ণ ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই মিশনের নেতৃত্ব দেন। তাঁদের সবাই একই বার্তা বয়ে নিয়ে গেছেন: পাকিস্তান সরকারকে চাপ দিতে হবে, যাতে আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানের প্রস্তাব দেয়, যদি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হয়। মিশন শুরুর সময় পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ দেওয়ার বিষয়ে ভারতের যদি কোনো ভ্রান্ত ধারণা থাকত, তাহলে জুলাইয়ের শুরুর দিকে যখন শেষ দলটি ফিরে এল, তত দিনে তা দূরীভূত হয়...দ্বিতীয় পর্যায়ে সেপ্টেম্বর মাসে আবারও কূটনৈতিক তৎপরতা শুরু হয়। কিন্তু এবার মূলত আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে প্রতিনিধিদল পাঠানো হয়। এর লক্ষ্য ছিল অক্টোবরের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারত যে অবস্থান নেবে, সে সম্পর্কে তাদের অবহিত করা, ভারত সরাসরি সামরিক বল প্রয়োগ করবে, সবাইকে তার জন্য প্রস্তুত করা।
ইন্দিরা গান্ধী আমাকে যথেষ্ট স্বীকৃতি দিয়েছিলেন, তখন এই বিষয়ে ভারতের অবস্থানের সপক্ষে পরিবেশ সৃষ্টি করতে তিনি আমাকে বিদেশে পাঠিয়েছিলেন। ১৯৭১-এর ২-১০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ৫৯তম ইন্টার পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে যাই, এই সুযোগে অনেক দেশের প্রতিনিধিদের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করি। তাঁদের প্ররোচিত করি, যাতে তাঁরা পূর্ব পাকিস্তানে চলমান মানবাধিকারের লঙ্ঘনের ব্যাপারে সোচ্চার হতে নিজ নিজ সরকারকে উদ্বুদ্ধ করতে পারেন। এরপর আমাকে যুক্তরাজ্য ও ফেডারেল রিপাবলিক অব জার্মানিতে একই উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়।
১৯৭১ সালের ৩ ডিসেম্বর গোধূলিলগ্নে পাকিস্তান আগবাড়িয়ে ভারতের ওপর অতর্কিতে বিমান হামলা চালায়, যার চরিত্র ছিল নিবৃত্তিমূলক। বিবিসির খবর অনুসারে: ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত নিয়ে যে লড়াই চলছিল, তা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে। পশ্চিম পাকিস্তানের জেট বিমান ভারতের অন্তত চারটি বিমানবন্দরে হামলা চালিয়েছে। এই মর্মে আরও খবর আসতে শুরু করেছে যে আটটি বিমানঘাঁটিতে হামলা হয়েছে। পাকিস্তানের বিমান হামলার প্রাথমিক প্রতিবেদন বেশ অস্পষ্ট ছিল। কিন্তু দুই দেশের রাজধানীই এটা নিশ্চিত করেছে যে ভারতের অমৃতসর, পাঠানকোট, অবন্তিপুর ও শ্রীনগর বিমানবন্দরে হামলা হয়েছে...ভারত সরকার জরুরি অবস্থা জারি করেছে।
এভাবেই ভারত-পাকিস্তানের মধ্যে ১৩ দিনের এক যুদ্ধ শুরু হয়ে যায়, যেখানে পাকিস্তানকে ভারত ও বাংলাদেশের মুক্তিবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর বিরুদ্ধে লড়তে হয়েছে। এরপর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে, সেদিন ইন্দিরা গান্ধী লোকসভায় ঘোষণা দেন:
মাননীয় স্পিকার, আমাকে একটি ঘোষণা দিতে হবে, যার জন্য হাউস কিছুদিন ধরে অপেক্ষা করে আছে বলে আমি মনে করি। পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী ঢাকায় নিঃশর্ত আত্মসমর্পণ করেছে। আজ ভারতীয় মান সময় ১৬টা ৩১ মিনিটে লে. জেনারেল এ এ কে নিয়াজি পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডের পক্ষ থেকে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছেন। পূর্বাঞ্চলে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর জিওসি-ইন-সি লে. জেনারেল জগজিৎ সিং অরোরা এই আত্মসমর্পণের দলিল গ্রহণ করেছেন। এখন ঢাকা এক মুক্ত দেশের মুক্ত রাজধানী।
ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতাসংগ্রামে অবিচলভাবে সমর্থন দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়েছিলেন, বিশেষ করে পাকিস্তান ও তার মিত্র যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে গুরুতর বিবাদে জড়িয়ে পড়ার ভয়ানক বিপদ সত্ত্বেও। যুক্তরাষ্ট্রের প্রবল চাপ ও চীনের মনোভাব উপেক্ষা করে তিনি অবিচল থেকেছেন। ইন্দিরা প্রমাণ করেছেন, তাঁর স্নায়ু অত্যন্ত শক্ত, আর বাবার ধারা বজায় রাখার মতো সামর্থ্য তাঁর আছে, প্রস্তুতিও। একমুখী জাতীয়তাবাদী কূটনীতির পথে হেঁটে ইন্দিরা গান্ধী নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতকে িজতিয়েছেন, যেটা ভারতের সামরিক ইতিহাসে এক অনন্য ঘটনা।
ইংরেজি থেকে অনূদিত।
প্রণব মুখার্জি: ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি।