
ইবোলা-সংকট আবারও বিশ্বায়নের নেতিবাচক দিকটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আসলে শুধু ভালো জিনিসই (সামাজিক ন্যায্যতা, লৈঙ্গিক সমতা) এক দেশ থেকে আরেক দেশে যায় না, পরিবেশদূষণ ও রোগের মতো খারাপ জিনিসও এক দেশ থেকে আরেক দেশে যায়।
এ সংকট সরকার ও সুশীল সমাজের প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দেয়। ইবোলার মতো রোগের প্রকোপ হ্রাসের জন্য আমরা শুধু বেসরকারি খাতের দিকেই তাকিয়ে থাকতে পারি না। সেটা না করে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মেডসি সানস ফ্রন্টিয়ার (সীমানাবিহীন চিকিৎসক) দ্বারস্থ হয়েছি, এই শেষোক্ত সংস্থার চিকিৎসক ও সেবিকারা দরিদ্র দেশগুলোতে গিয়ে নিজেদের জীবন বিপন্ন করে রোগীদের সেবা করেছেন।
এমনকি ডানপন্থী গোঁড়া মানুষও যাঁরা সরকারি প্রতিষ্ঠান রাখার পক্ষপাতী নন, তাঁরাও এ রকম সংকটে সরকারেরই দ্বারস্থ হয়েছেন। সরকার হয়তো তা মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিতে পারেনি, কিন্তু তার একটা কারণ হচ্ছে, রাষ্ট্রীয় যে সংস্থাগুলোর এ কাজ করার কথা, তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যাপ্ত বরাদ্দ পায় না।
আবার ওষুধ উৎপাদনে যেখানে বেসরকারি খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে গরিব মানুষ যেসব রোগে আক্রান্ত হয় বা গরিব দেশে যে রোগের প্রকোপ দেখা যায়, সে খাতে তাদের পর্যাপ্ত বিনিয়োগ করার কোনো কারণ নেই। সেখানে খুব মুনাফা করার সম্ভাবনা নেই। ফলে উন্নত দেশগুলোয় ইবোলার মতো রোগের প্রকোপ দেখা গেলেই শুধু তার প্রতিষেধক আবিষ্কারে পর্যাপ্ত বিনিয়োগ হবে, তা না হলে নয়।
তবে বেসরকারি খাতে সমালোচনা করে লাভ নেই, কারণ তারা তো আর সেবার ব্রত নিয়ে ব্যবসা করতে নামেনি। আর গরিব মানুষের রোগ সারিয়ে তো মুনাফা করার সুযোগ কম। আমরা যে কাজের জন্য বেসরকারি খাতের ওপর নির্ভর করছি, সেটা আসলে সরকারি খাতই সবচেয়ে ভালো করতে পারে। ফলে বেসরকারি খাতের ওপর এই নির্ভরতা প্রশ্নের মুখে পড়েছে।
এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আফ্রিকার দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে আসা ভ্রমণকারীদের সম্পর্কে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। কিন্তু এটি এক মৌলিক সমস্যার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে: যুক্তরাষ্ট্রের বেসরকারি স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ছে।
এটা সত্য, যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে উন্নত কিছু সুবিধা আছে: দুনিয়ার সবচেয়ে ভালো হাসপাতাল, গবেষণা বিশ্ববিদ্যালয় ও উন্নত মেডিকেল সেন্টার। আবার এটাও সত্য যে যুক্তরাষ্ট্র দুনিয়ার অন্য যেকোনো দেশের তুলনায় জিডিপির অনুপাতে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় করে সবচেয়ে বেশি, তার পরও সেখানকার স্বাস্থ্য খাতের ফলাফল হতাশাজনক।
জন্মের সময় মার্কিন পুরুষদের গড় বয়স ১৭টি উচ্চ আয়ের দেশের মধ্যে সবচেয়ে কম, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপানের তুলনায় তা অন্তত চার বছর কম। আর নারীদের ক্ষেত্রে তা কমের দিক থেকে দ্বিতীয়, জাপানের নারীদের তুলনায় পাঁচ বছরেরও বেশি কম।
স্বাস্থ্য খাতের অন্যান্য সূচকও নাজুক। তথ্য-উপাত্তে দেখা যায়, মার্কিনদের জীবনে স্বাস্থ্যসেবা প্রাপ্তির পরিসর সীমিত আর তার ফলাফলও অত্যন্ত দুর্বল। আর গত তিন দশকে অবস্থা আরও খারাপ হয়েছে।
নানা কারণেই যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাত এ রকম দুর্দশার মধ্যে পড়েছে। অন্যান্য দেশের জন্যও এ অভিজ্ঞতা প্রাসঙ্গিক। প্রথমত, ওষুধ প্রাপ্তি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। যুক্তরাষ্ট্র সেই অল্প কয়েকটি উন্নত দেশগুলোর মধ্যে একটি, যারা এই ওষুধ প্রাপ্তিকে মৌলিক মানবাধিকার হিসেবে বিবেচনা করে না। তারা অন্যদের চেয়ে বেসরকারি খাতের ওপর বেশি নির্ভরশীল। ফলে মার্কিনরা প্রয়োজনীয় ওষুধ পায় না, এটা কোনো বিস্ময়ের ব্যাপার না। যদিও পেশেন্ট প্রোটেকশন অ্যান্ড অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্ট (ওবামাকেয়ার) করার ফলে অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে, স্বাস্থ্যবিমার পরিসর এখনো অত্যন্ত সীমিত। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে অন্তত অর্ধেক রাজ্য মেডিকেইডের আওতা সম্প্রসারণে অস্বীকৃতি জানিয়েছে, এটা মার্কিন দরিদ্র মানুষের জন্য একটি স্বাস্থ্য অর্থায়ন কর্মসূচি।
তার পরও দুনিয়ার উন্নত দেশগুলোর মধ্যে মার্কিন শিশুদের দারিদ্র্য সবচেয়ে বেশি (ইউরোপে কট্টর নীতি প্রবর্তনের কারণে নাটকীয়ভাবে দারিদ্র্য বৃদ্ধি পাওয়ার আগে এটা বিশেষভাবে সত্য ছিল)। এটা অনস্বীকার্য, শৈশবে পুষ্টি ও স্বাস্থ্যসেবার অভাব মানুষের জীবনে দীর্ঘমেয়াদি কুপ্রভাব ফেলে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বন্দুকনীতির কারণে সে দেশে সহিংসতায় মৃত্যুর হার উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। মোটরগাড়ির ওপর অধিক নির্ভরশীলতার কারণেও যুক্তরাষ্ট্রের মহাসড়কে মৃত্যুর হার বেশি।
যুক্তরাষ্ট্রে বৈষম্য অস্বাভাবিক রূপ লাভ করেছে, ওপরের কারণগুলোর সঙ্গে স্বাস্থ্যসেবার নিম্নমানের জন্য এটিও একটি কারণ। অধিক দারিদ্র্য, অধিক শৈশব দারিদ্র্য, অধিকতর মানুষের স্বাস্থ্যসেবা না পাওয়া, খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা, ভালো বাসস্থান ও শিক্ষার অভাব প্রভৃতি কারণে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবার অবস্থা তথৈবচ, এটা কোনো বিস্ময়ের ব্যাপার নয়। পয়সার অভাবে সস্তা খাবার খাওয়ায় মুটিয়ে যাওয়ার হারও বেড়েছে।
আবার উচ্চ আয়ের মানুষ, যাঁদের স্বাস্থ্যবিমা আছে, তাঁদের ক্ষেত্রেও মার্কিন নাগরিকেরা দুনিয়ার অন্যান্য দেশে তাদের সমপর্যায়ের মানুষের তুলনায় স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে পিছিয়ে আছে। এটাও সম্ভবত বৈষম্যের উচ্চমাত্রার সঙ্গে সম্পর্কিত, অন্যান্য উন্নত দেশের তুলনায়। আমরা জানি, স্বাস্থ্যের সঙ্গে চাপের সম্পর্ক আছে। যাঁরা মই বেয়ে সফলতার উচ্চ শিখরে যাওয়ার চেষ্টা করছেন, তাঁরা জানেন, ব্যর্থতার পরিণাম কী। যুক্তরাষ্ট্রে মইয়ের একটি ধাপ থেকে আরেকটি ধাপের উচ্চতা দুনিয়ার যেকোনো দেশের চেয়ে বেশি, আগা থেকে গোড়ার দূরত্বও বেশি। ফলে সেখানে উদ্বেগও অনেক বেশি। সে কারণেই মার্কিন নাগরিকদের স্বাস্থ্যও খারাপ।
ভালো স্বাস্থ্য আশীর্বাদস্বরূপ। কিন্তু একটি দেশ কীভাবে তার সমাজ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার কাঠামো নির্ধারণ করে, তাতেই সবকিছু নির্ভর করে। স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে সে কারণেই তারতম্য ঘটে। যুক্তরাষ্ট্রসহ পুরো দুনিয়াকেই বাজারের শক্তির ওপর অত্যধিক নির্ভরশীলতার মূল্য দিতে হচ্ছে। একই সঙ্গে সমতা ও সামাজিক ন্যায্যতার মতো বৃহত্তর মূল্যবোধের প্রতি যথাযথ নজর না দেওয়ার কারণেও এমনটা ঘটছে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
জোসেফ ই. স্টিগলিৎজ: নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ।