ইরাক ও সিরিয়া মানুষের দুঃখ-দুর্দশা ও ধ্বংসস্তূপের কারণে পোড়ো জমিতে পরিণত হয়েছে। ব্রিটেনের চিলকট রিপোর্টে আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে, কেন বা কীভাবে আমরা সেখানে পৌঁছালাম। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সংঘটিত ইরাক যুদ্ধে ব্রিটেনের সংশ্লিষ্টতার মাত্রা কতটা ছিল, এই প্রতিবেদনে সেটা খতিয়ে দেখা হয়েছে। প্রতিবেদনে যাঁদের অভিযুক্ত করা হয়েছে, তাঁরা অভিযোগ খণ্ডন করতে দুটি যুক্তি ব্যবহার করছেন।
প্রথম যুক্তিটি দিয়েছেন ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তিনি বলেছেন, সাদ্দাম হোসেন যদি ইরাকের রাষ্ট্রক্ষমতায় থাকতেন, তাহলে পৃথিবীর অবস্থা আরও খারাপ হতো। দ্বিতীয় যুক্তিটি হচ্ছে, অভিযান-উত্তর পরিকল্পনা যদি থাকত, তাহলে ইরাক অভিযান সফল হতো। সে কারণেই যুদ্ধের পর সেখানে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দ্বিতীয় যুক্তিটির মধ্যে কিছুটা সত্যের উপাদান রয়েছে। কিন্তু প্রথম যুক্তিটি একেবারেই মিথ্যা। যাদের কারণে এই বিপর্যয় হয়েছে, এটা তাদের ব্যক্তিগত ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা মাত্র।
যাঁরা সে সময় ইরাক থেকে প্রতিবেদন পাঠিয়েছেন ও বিদ্যায়তনের পর্যবেক্ষকদের কাছে সাদ্দাম হোসেন একজন আঞ্চলিক দানব ছিলেন। দেশের ভেতরে তিনি ছিলেন একজন খুনি ও অত্যাচারী শাসক। কিন্তু তাঁর প্রধান নিরাপত্তা শঙ্কা ছিল ইরানকে নিয়ে। পশ্চিমের সমর্থন নিয়ে এই ইরানের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন। প্রায় ১০ বছর উদ্দেশ্যহীনভাবে তিনি এ যুদ্ধ চালিয়ে গেছেন, যে যুদ্ধে মিলিয়ন মিলিয়ন মানুষ মারা পড়ে ও যার পর এক অচলাবস্থা সৃষ্টি হয়। ১৯৯০ সালে সাদ্দাম হোসেন যখন কুয়েত আক্রমণ করেন, তখন তিনি ভেবেছিলেন, ব্যাপারটা শুধু তেল ও ভূমি নিয়ে আঞ্চলিক বিবাদ। তিনি ভুলভাবে বিশ্বাস করেছিলেন, পশ্চিম তাঁকে সবুজ সংকেত দিয়েছে।
কুয়েত অভিযানের পরিণতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে অপারেশন ডেজার্ট স্টর্মসহ আরও কিছু অভিযান পরিচালিত হয়। এরপর তারা রিকের ওপর নানা রকম কঠোর বিধিনিষেধ ও ইরাকের আশপাশের বিশাল অঞ্চলে নো ফ্লাই জোন ঘোষণা করে। এসব কারণে ইরাকের অর্থনীতি প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়।
দেশের এ রকম ভঙ্গুর পরিস্থিতিতেও সাদ্দাম হোসেন ইরানের ব্যাপারে আচ্ছন্ন ছিলেন। এমনকি তিনি গণবিধ্বংসী অস্ত্রের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। যদিও ইরাক ১৯৯১ সালে পারমাণবিক কর্মসূচি বাতিল করে, তার হাতে জীবাণু অস্ত্রও ছিল না। সামান্য কিছু রাসায়নিক অস্ত্র ছাড়া তার হাতে তেমন বিধ্বংসী অস্ত্র ছিল না। কুয়েত থেকে ফিরে আসার পর ইরাক এমন কিছু করেনি যে সে মধ্যপ্রাচ্য ও পশ্চিমের জন্য হুমকি হতে পারে। তাকে সামাল দেওয়া হয়েছিল। তার অবস্থা হয়েছিল খাঁচার ভেতরের শিয়ালের মতো।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর জর্জ ডব্লিউ বুশ প্রতিশোধ নিতে শুরু করেন, যার কারণ বোধগম্যই ছিল। তিনি তখন আফগানিস্তান আক্রমণ করেন, যেখানকার তালেবান সরকার আল-কায়েদাকে প্রশিক্ষণ শিবির চালানোর অনুমতি দিয়েছিল। ২০০১ সালের ডিসেম্বর নাগাদ বুশ প্রশাসন ইরাক আক্রমণের কথা ভাবতে শুরু করে। কিন্তু এটা করার ক্ষেত্রে বুশ প্রশাসনের সামনে সবচেয়ে বড় বাধা ছিল এটাই যে সাদ্দামের জমানার সঙ্গে ইসলামি চরমপন্থীদের কোনো সম্পর্কই ছিল না। ফলে তারা প্রেগে এই দুই পক্ষের মধ্যে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করে। কিন্তু সত্যটা এর ঠিক বিপরীত। সাদ্দাম সরকার ও ইসলামি জঙ্গিরা ছিল পরস্পরের ঘোরতর শত্রু।
>শিয়া জঙ্গি ও বাগদাদে সহানুভূতিশীল সরকারের বদৌলতে ইরান কার্যত ইরাকের বিশাল জায়গা দখল করে বসে আছে। ইরাকের আরেক অংশ আছে তথাকথিত আইএসের হাতে, যেটা মূলত সাদ্দামের সাবেক সুন্নি তল্পিবাহকদের সংগঠন
তা সত্ত্বেও বুশ জমানার শীর্ষ প্রশাসনিক কর্তারা ইরাকে যুদ্ধ করার ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন। সে কারণে তাঁরা গণবিধ্বংসী অস্ত্রের হুমকির কথা বলে যুক্তি দেওয়ার চেষ্টা করেন। অথচ সাদ্দাম হোসেন যখন ১৯৮৮ সালে ইরান ও ইরাকি কুর্দিদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেন, তখন আন্তর্জাতিক সমাজ বড়জোর ইরাকের আশপাশে নো ফ্লাই জোন ঘোষণা করেছিল, আক্রমণ করেনি।
তা ছাড়া ১৯৯১ সালে কুয়েত মুক্ত করার অভিযানের সময় পশ্চিমা শক্তি হুমকি দিয়েছিল, সাদ্দাম হোসেন রাসায়নিক অস্ত্র প্রয়োগ করলে পারমাণবিক অস্ত্রের কৌশলী ব্যবহার করা হবে। তিনি সেটা করেননি। এমনকি জাতিসংঘের প্রতিনিধিদল ২০০৩ সালের মার্চের আগে যখন ইরাকে তদন্ত করতে আসে, তখনো তারা সেখানে গণবিধ্বংসী অস্ত্রের অস্তিত্ব খুঁজে পায়নি।
ফলে ২০০৩ সালের ইরাক আক্রমণের মূল লক্ষ্য ছিল সরকার পরিবর্তন। ব্লেয়ার এটুকু ছাড়া আর সবই স্বীকার করেছেন। এ বছরের শুরুর দিকে তিনি ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটিকে বলেন, লিবিয়ায় পশ্চিমের সশস্ত্র হস্তক্ষেপের উদ্দেশ্য সম্পর্কে তাঁর মনে সন্দেহ আছে, কারণ তিনি ভীত যে এতে ইরাকের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।
ইরাকের এই সরকার পরিবর্তনজনিত ক্ষতি নেহাত কম নয়। চিলকট প্রতিবেদন অনুসারে, অভিযান শুরুর পর অন্তত দেড় লাখ (সম্ভবত, এর চার গুণ) ইরাকি নিহত হয়েছে। আরও প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি সাদ্দামের জমানার চেয়েও খারাপ। অর্থনীতির অবস্থাও ভালো নয়।
ফলাফল হিসেবে ইরান এখন কৌশলগতভাবে সুবিধাজনক স্থানে রয়েছে। শিয়া জঙ্গি ও বাগদাদে সহানুভূতিশীল সরকারের বদৌলতে ইরান কার্যত ইরাকের বিশাল জায়গা দখল করে বসে আছে। ইরাকের আরেক অংশ আছে তথাকথিত আইএসের হাতে, যেটা মূলত সাদ্দামের সাবেক সুন্নি তল্পিবাহকদের সংগঠন। আইএস সিরিয়ার ইরান-সমর্থিত বাশার আল-আসাদের রক্তপিপাসু সরকারের বিরুদ্ধে লড়াই করছে। যারা মনে করে সিরিয়ার গৃহযুদ্ধের সঙ্গে ইরাকের সম্পর্ক নেই, তাদের কথায় সায় দেওয়া যায় না।
২০০৩ সালের ইরাক যুদ্ধ না হলে পৃথিবীর অবস্থা কেমন হতো, সেটা শুধু আমরা অনুমানই করতে পারি। এত দিনে সাদ্দামের বয়সও অনেক হতো, তিনিই হয়তো শাসন করতেন, কিন্তু নিজের জনগণ ছাড়া কারও জন্যই তিনি তেমন হুমকি হয়ে দাঁড়াতেন না। লিবিয়ার মুয়াম্মার আল গাদ্দাফির বেলায়ও একই কথা খাটে। ব্লেয়ারও হয়তো বিশ্বাস করেন, এমনটা হলেই ভালো হতো, তবে সেটাই যে আদর্শ পরিস্থিতি হতো, তা হয়তো নয়।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
রবার্ট হারভে: ব্রিটিশ হাউস অব কমন্সের সাবেক সদস্য।