দশ বছর আগে, ১৯ মার্চ ২০০৩ সালে ইরাকের বিরুদ্ধে মার্কিন সেনা হামলা শুরু। সেই দুর্ভাগ্যজনক যুদ্ধের ১০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন সাবেক যুদ্ধমন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড টুইটারে একটি বার্তায় লিখেছেন, ‘১০ বছর আগে শুরু হয়েছিল ২৫ মিলিয়ন ইরাকির স্বাধীনতার কঠিন লড়াই। সেই ইতিহাসে যাঁদের ভূমিকা ছিল, তাঁদের সবাইকে আমাদের শ্রদ্ধা ও সমর্থন জানানো উচিত।’পাঠকদের মনে করিয়ে দিই, এমন এক যুদ্ধের জন্য রামসফেল্ড শ্রদ্ধা ও সমর্থন দাবি করছেন, যার আদৌ কোনো প্রয়োজনই ছিল না। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আণবিক এবং ভয়াবহ রাসায়নিক ও জীবাণু অস্ত্র রয়েছে, যা আমেরিকার নিরাপত্তার জন্য আসন্ন হুমকি—এই যুক্তিতে আগাম হামলা করেছিল আমেরিকা। যুক্তি দেখানো হয়েছিল, নয়-এগারোর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল-কায়েদার হামলার পেছনে সাদ্দাম রয়েছেন। দাবি করা হয়েছিল, ‘ধোঁয়াটে বন্দুক ব্যাঙের ছাতা হয়ে ওঠার আগেই ব্যবস্থা নিতে হবে।’ এমন দাবিও করা হয়েছিল, ‘তেলের জন্য নয়, আমরা ইরাকে যাচ্ছি সে দেশের মানুষকে মুক্তির স্বাদ দিতে।’১০ বছর পর আমরা এখন নির্দ্বিধায় বলতে পারি, এসব কথার প্রতিটি মিথ্যা। ইরাকে কোনো আণবিক অস্ত্র ছিল না, আল-কায়েদার কোনো নেতার সঙ্গে সাদ্দাম হোসেনের কোনো গোপন আঁতাত ছিল না, আমেরিকায় হামলার কোনো পরিকল্পনা সে দেশের সরকার করেনি। এটি ছিল একটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও আগ্রাসী যুদ্ধ। এই যুদ্ধ এবং পরবর্তী সময়ে সে দেশে ছড়িয়ে পড়া গৃহযুদ্ধের কারণে ইরাক হারিয়েছে প্রায় ১০ লাখ মানুষ, যার অধিকাংশ সাধারণ নাগরিক। নিহত হয়েছেন চার হাজারেরও বেশি মার্কিন সেনাসদস্য। মারাত্মকভাবে আহত সামরিক ও বেসামরিক নাগরিকদের যুক্ত করলে মোট হতাহত মার্কিনের সংখ্যা দাঁড়ায় ৩৬ হাজার। এ পর্যন্ত এই যুদ্ধে ব্যয় হয়েছে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার, যার অধিকাংশই গেছে মার্কিনদের পকেট থেকে। ইরাক ও আফগানিস্তানে যুদ্ধে অংশগ্রহণকারী মার্কিন সেনাদের স্বাস্থ্য পরিচর্যা ও অন্যান্য সেবায় ব্যয় হয়েছে আরও ৫০০ বিলিয়ন ডলার। ইরাক থেকে সেনা প্রত্যাহার হয়েছে, অতএব সেখানে যুদ্ধবাবদ ব্যয়ভার থেকে মার্কিন করদাতারা রেহাই পেল, মোটেই তা নয়। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ার কস্ট প্রজেক্ট’ হিসাব করে বলেছে, আগামী ৪০ বছরে এই যুদ্ধসংক্রান্ত মোট খরচ ছয় ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।কী অর্থহীন ও নির্মম এক যুদ্ধ! আর তারই জন্য বিশ্ববাসীর কৃতজ্ঞতা দাবি করছেন রামসফেল্ড। তাঁর হাতে রক্তের দাগ যে এখনো শুকায়নি, রামসফেল্ড কি তা ভুলে গেছেন?রামসফেল্ডের উদ্ধত টুইটার বার্তার জবাবে অসংখ্য পাল্টা বার্তা এসেছে মুখ্যত সাধারণ মার্কিন নাগরিকদের কাছ থেকে, যেখানে শোনা গেছে বুশ-চেনি-রামসফেল্ড ও তাঁদের সহচরদের প্রতি ঘৃণা ও প্রত্যাখ্যানের ধ্বনি। একজন স্মরণ করিয়ে দিয়েছেন, কোনো শ্রদ্ধা দাবির আগে সেই যুদ্ধে কত অসহায় মানবশিশুর মৃত্যু হয়েছে, সে কথা স্মরণ করুন। আরেকজন নেপোলিয়নের পরিণতির কথা উল্লেখ করে লিখেছেন, প্যারিসের রাস্তায় বন্দী অবস্থায় হাতকড়া বেঁধে টেনেহিঁচড়ে আনার সময় নেপোলিয়নের দিকে থুতু ছিটিয়ে এক মা প্রশ্ন করেছিলেন, ‘আমার পুত্র কোথায়, তাকে ফিরিয়ে দে।’ সেই একই প্রশ্ন চেনি, রামসফেল্ড ও বুশের কাছে।সবচেয়ে নির্মম ও বেদনাবহ উত্তরটি এসেছে ইরাক যুদ্ধে আহত, এখন মৃত্যুর সঙ্গে যুদ্ধরত সৈনিক টমাস ইয়াংয়ের কাছ থেকে। বুশ, চেনি ও রামসফেল্ডের উদ্দেশে এক খোলা চিঠিতে তিনি লিখেছেন:‘আপনাদের মিথ্যা, সত্যের বিকৃতি এবং সম্পদ ও ক্ষমতার প্রতি লালসার কারণে এই যুদ্ধ কী ভয়াবহ মানবিক ও নৈতিক বিপর্যয় ঘটিয়েছে, তা উপলব্ধি করার ক্ষমতা যে আপনাদের নেই, তা আমি জানি। আমি এই চিঠি লিখছি, কারণ নিজের আসন্ন মৃত্যুর আগে আমি এবং আমার হাজার হাজার সহযোদ্ধা, আমার দেশের এবং ইরাক ও মধ্যপ্রাচ্যের কোটি কোটি নাগরিকের হয়ে আমি এ কথা বলতে চাই যে আপনাদের প্রকৃত পরিচয় আমরা জানি; আমাদের সঙ্গে আপনারা কী অপরাধ করেছেন, আমরা তা-ও জানি। আপনারা হয়তো বিচারের কাঠগড়া এড়াতে পারবেন, কিন্তু মনে রাখবেন, আমাদের চোখে আপনারা প্রত্যেকে ভয়াবহ যুদ্ধাপরাধে অপরাধী। আপনাদের যুদ্ধাপরাধের মধ্যে রয়েছে ধ্বংসযজ্ঞ এবং হাজার হাজার তরুণ আমেরিকানের হত্যা। এসব তরুণ সহযোদ্ধার ভবিষ্যৎ আপনারা হরণ করেছেন।’ইরাকে হামলা নিঃসন্দেহে একটি গভীর ট্র্যাজেডি। মার্কিন হামলার অব্যবহিত পরে সে দেশে বিশেষ দায়িত্ব নিয়ে যান পিটার ভ্যান বুরেন। তিনি লিখেছিলেন, ইরাক যুদ্ধ ছিল মার্কিন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতা। প্রেসিডেন্ট বুশকে তিনি ‘কিং জর্জ’ নামে অভিহিত করে যুদ্ধে যাত্রার সিদ্ধান্তকে ‘নির্বোধ পাগলামি’ হিসেবে বর্ণনা করেছেন। সেই যুদ্ধের ১০ বছর পর ইরাক এখনো একটি বিপজ্জনক স্থান। শুধু ইরাক নয়, সারা বিশ্বই এখন আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। ভ্যান বুরেন সে জন্য সব দোষ চাপিয়েছেন বুশ-চেনি গংয়ের ওপর। ইরাক অভিযানের ফলে সাদ্দাম হোসেনকে সরানো গেছে বটে, কিন্তু সেই যুদ্ধের প্রতিক্রিয়ায় দুটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ‘চেইন রি-অ্যাকশন’-এর মুখোমুখি হয়েছে পৃথিবী। এর একটি আরব বিশ্বের গণতান্ত্রিক নবায়ন, যা এখন আরব বসন্ত নামে পরিচিত। অন্যটি পরাশক্তি হিসেবে আমেরিকার পতন। ইরাক অভিযানের মাধ্যমে আমেরিকার লক্ষ্য শুধু সাদ্দামের অপসারণ ছিল না, তারা চেয়েছিল পুরো আরব বিশ্বের পিঠের শিরদাঁড়াটি ভেঙে দিতে। যুদ্ধের আগে ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির তত্ত্বাবধানে প্রস্তুত এক গোপন কৌশলগত নীলনকশায় প্রস্তাব রাখা হয়েছিল, বিশ্বে তাঁর নেতৃত্ব ধরে রাখার জন্য আমেরিকাকে সামরিক শক্তির ব্যাপক ব্যবহারের মাধ্যমে সব মার্কিনবিরোধী শক্তির মনে ভীতি জাগাতে হবে। যেহেতু আমেরিকা এখন আর তার অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব দিয়ে বিশ্বে নেতৃত্ব চালিয়ে যেতে পারবে না, ফলে যে ক্ষেত্রে তার আধিপত্য নিরঙ্কুশ, সেই সামরিক শক্তিকেই ব্যবহার করতে হবে দীর্ঘমেয়াদি রণকৌশল হিসেবে।বাস্তবে ঘটেছে ঠিক উল্টো। প্রথমে আফগানিস্তান, পরে ইরাকে সামরিক অভিযান শুরু করে নিজের গলায় নিজেই একটি ফাঁসির দড়ি চড়িয়ে দিয়েছে আমেরিকা। আগের যেকোনো সময়ের তুলনায় সে এখন দুর্বল। ইরাক যুদ্ধের সরাসরি প্রতিক্রিয়ায় ছয় বছর ধরে একটানা মন্দাবস্থার মোকাবিলা করতে হচ্ছে তাকে। নিজের টাঁকশালে ছুঁচোর রাজত্ব, অতএব বিদেশ থেকে অর্থ ধার করে দেশ চালাতে হচ্ছে আমেরিকাকে। সেই ধারের পরিমাণ এখন ১৬ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। মার্কিন অর্থনীতিবিদেরা হিসাব করে দেখিয়েছেন, এই ঋণ যদি দেশের সব মানুষের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে দেওয়া হয়, তাহলে প্রত্যেক আমেরিকানের মাথায় গড়পড়তা ঋণের পরিমাণ দাঁড়াবে ৩৬ হাজার ২৬৭ ডলার। এই অর্থ দিয়ে বেশ ভালো একটি গাড়ি কেনা যায়, অথবা মাঝারি গোছের কোনো কলেজে চার বছরের পাঠের খরচ চুকানো সম্ভব।যুক্তরাষ্ট্র সরকারের নিজস্ব গোয়েন্দা অধিদপ্তর, ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল দেশটির চলতি অর্থনীতির বেহাল দশার কথা মাথায় রেখে একটি ভবিষ্যতের সম্ভাব্য রূপরেখা তৈরি করেছে, তাতে রয়েছে আরও খারাপ খবর। এতে বলা হয়েছে, ২০২৫ সাল নাগাদ আমেরিকা আর বিশ্বের এক নম্বর অর্থনীতিতে থাকবে না।। সেই স্থান দখল করে নেবে চীন। অভ্যন্তরীণ সংকট সামলাতে আমেরিকাকে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের ভূমিকা সঙ্কুচিত করতে হবে। এখন যেমন আমেরিকা তার ইচ্ছামতো ছড়ি ঘোরাতে পারে, সেই সুযোগ আর থাকবে না। আমেরিকার নেতৃত্বে যে পশ্চিমা আঁতাত দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে বহাল রয়েছে, তাতেও ফাটল ধরবে। গড়ে উঠবে নতুন জোট, নতুন আঁতাত। এই পরিবর্তিত পৃথিবীতে আমেরিকার ভূমিকা কী হবে, তা নিয়ে এখন থেকেই ভাবার পরামর্শ দিয়েছে সংস্থাটি।এই রূপরেখা, তা সত্য প্রমাণিত হলে, আমেরিকার ভেতরে অনেকেই অস্বস্তিতে পড়বে, কিন্তু বিশ্ববাসী তাতে হাঁফ ছেড়ে বাঁচার সুযোগ পাবে। বস্তুত, ১০০ বছর ধরে আমেরিকার যে সাম্রাজ্যবাদী চেহারা প্রকাশিত হয়েছে, তাতে আনন্দিত হওয়ার কোনো কারণই খুঁজে পাওয়া যায়নি। নিজের পেশি ও পকেটের রেস্ত ব্যবহার করে আমেরিকা বিশ্বের যেকোনো দেশে, যেকোনো অঞ্চলে নিজের আধিপত্য বিস্তার করেছে। সরকার গঠন করেছে, সরকার ছুড়ে ফেলে দিয়েছে। আমেরিকা নিজেকে গণতন্ত্রের মডেল বলে পরিচিত করতে ভালোবাসে। এ দেশে ‘আমেরিকান এক্সেপশনালিজম’ নামে এক অদ্ভুত তত্ত্ব চালু করা হয়েছে, যার মোদ্দা কথা হলো, যা আমেরিকার জন্য ভালো, তা বিশ্বের অন্য সবার জন্যও ভালো। এই এক্সেপশনালিজমের কারণে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ আমেরিকায় আমরা পেয়েছি একের পর এক স্বেচ্ছাচারী সামরিক সরকার। মধ্যপ্রাচ্যের রাজা-বাদশারাও টিকে আছেন আমেরিকার উঁচিয়ে ধরা ছাতার কারণে। একই কারণে ইরাক পরিণত হয়েছে এক বিশাল ধ্বংসস্তূপে। পরাশক্তির দিন শেষ। দিন শেষ এক বা দুটি রাষ্ট্রের দাদাগিরির। ইরাক যুদ্ধের সম্ভবত সেটিই হবে সবচেয়ে দীর্ঘস্থায়ী উত্তরাধিকার। নিউইয়র্ক হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।