ইলিশ কি 'রক্ষা' পাচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ইলিশ রক্ষা কর্মসূচি আছে। প্রশ্ন হচ্ছে সেই কর্মসূচি কতটুকু ইলিশ ‘রক্ষা’ করতে পারছে? ইলিশের প্রজনন নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রতিবছরের মতো এবারও সরকার নদ-নদীতে গত ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু প্রথম আলোর বৃহস্পতিবারের খবর, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরছেন এবং গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করছেন। জেলেরা জানিয়েছেন, সরকারি সহায়তা না পেয়ে পেটের দায়ে এ কাজ করতে বাধ্য হচ্ছেন।

আসলে সরকারের পরিকল্পনায় ঘাটতির কারণেই এমনটা ঘটছে। আট মাস জাটকা শিকার নিষিদ্ধ হলেও সরকার জেলেদের খাদ্যসহায়তা দিচ্ছে মাত্র চার মাস—মার্চ থেকে জুন পর্যন্ত। এ কেমন পরিকল্পনা? বাকি চার মাস তাহলে এই জেলেরা কীভাবে চলবেন? দেখা গেছে, সরকারি সহায়তা না পাওয়ায় এই চার মাস জেলে পরিবারের সদস্যদের মানবেতর জীবন যাপন করতে হয়। এমনও দেখা গেছে, যে চার মাস জেলেদের খাদ্যসহায়তা পাওয়ার কথা, সেই মাসগুলোতেও তাঁরা ঠিকমতো সহায়তা পাচ্ছেন না। চাঁদপুরের এক জেলের বক্তব্য অনুযায়ী, এখন পর্যন্ত তিনি কোনো টাকা বা চাল পাননি। অথচ এখন মার্চ মাস চলছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই মাসে জেলেদের সহায়তা পাওয়ার কথা।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) নামে দুটি সংস্থার একটি যৌথ গবেষণার ফল গত বছর প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, দুর্নীতির কারণে দেশে অর্ধেকের বেশি জেলে এই সহায়তা পাওয়া থেকে বঞ্চিত হন। এই সহায়তা পেতে সংশ্লিষ্ট ইউএনওর সুপারিশক্রমে স্থানীয় ইউপি সদস্য থেকে জেলেদের এ-সম্পর্কিত কার্ড সংগ্রহ করতে হয়। তা না হলে জেলেতালিকায় নাম ওঠে না। অভিযোগ আছে, স্থানীয় ইউপি সদস্যদের মোটা অঙ্কের টাকা না দিলে কার্ড পাওয়া যায় না। আবার কার্ড পেলেও লাভ হয় না। মার্চ থেকে জুন সময়ে এই চাল দেওয়ার কথা থাকলেও তা তিন-চার মাস পরে দেওয়া হয়। এমনকি চার মাসের স্থলে দুই মাস দিয়ে চাল বিতরণ বন্ধ করা হয়।

আমরা বলতে চাই, জাটকা ধরার ওপর আট মাস যদি নিষেধাজ্ঞা থাকে, তাহলে সরকারের উচিত আট মাসই জেলেদের খাদ্যসহায়তা দেওয়া। আর
তা যদি সম্ভব না হয়, তাহলে সরকারের উচিত ওই নির্দিষ্ট সময়ের জন্য জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর জেলেদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে যেসব দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো গুরুত্বের সঙ্গে নিতে হবে সরকারকে। এসব সমস্যার সমাধান না করলে কখনোই ইলিশ রক্ষা কর্মসূচি সফলতার মুখ দেখবে না।