
সৌদি আরবের বাদশাহ সালমান রোববার চার দিনের মস্কো সফর শেষ করলেন। এই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এই প্রথম কোনো সৌদি বাদশাহ রাশিয়া সফর করলেন। এই বৈঠক প্রতীকীভাবে ঐতিহাসিক, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে যার নানা দীর্ঘমেয়াদি তাৎপর্য আছে।
মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব এখন সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি। অন্যদিকে জেরুজালেম, সিরিয়া ও লেবাননে ইরানের হস্তক্ষেপজনিত হুমকি দূর করার চেষ্টা করছেন বলে এই সফরের বিশেষ তাৎপর্য আছে। এখন কথা হচ্ছে, মস্কো কি মধ্যপ্রাচ্যে ইরান-বিষয়ক ইসরায়েল ও সৌদি আরবের উদ্বেগ আমলে নেবে? যখন মধ্যপ্রাচ্যে বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস পাচ্ছে, তখন সৌদি আরবের সঙ্গে রাশিয়ার সম্পর্ক হলো। অর্ধশতকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ভিত্তি করে মধ্যপ্রাচ্যবিষয়ক নীতি প্রণয়ন করেছে। কিন্তু বারাক ওবামার জমানা থেকে সৌদি রাজতন্ত্র বুঝতে শুরু করে যে মার্কিন নীতি আগের জায়গা থেকে সরে যাচ্ছে।
২০১৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছিলেন, তিনি ‘রাশিয়ার সঙ্গে সৌদি আরবের সম্পর্কোন্নয়ন করতে চান’। সেদিন তিনি রাশিয়াকে বড় শক্তি হিসেবে আখ্যা দেন। সে বছরের এপ্রিলে ওবামা সৌদি সফরে এলে তাঁকে অপমান করা হয়। দেখা গেল, টারমাকে সৌদি বাদশাহ নন, রিয়াদের গভর্নর তাঁকে বরণ করেন। বিভিন্ন সংবাদ থেকে জানা যায়, সৌদি আরব ২০১৫ সাল থেকে রাশিয়ার সঙ্গে বড় ধরনের অস্ত্র চুক্তি করার চেষ্টা করছে।
মধ্যপ্রাচ্যের এক অনন্য সময়ে সৌদি বাদশাহ মধ্যপ্রাচ্য সফর করেন। কথা ছিল, আরব বসন্ত-উত্তরকালে মধ্যপ্রাচ্যে গণতন্ত্র আসবে। কিন্তু এর বদলে দেখা গেল, লিবিয়া ও সিরিয়ায় দ্বন্দ্ব-সংঘাত শুরু হলো। সৌদি আরব মনে করে, এ কারণে মধ্যপ্রাচ্যে যে বিশৃঙ্খলা ও চরমপন্থা সৃষ্টি হলো, তাতে তারা হুমকির মুখে পড়ে গেছে।
২০১১ সালে সৌদি আরব বাহরাইনের রাজতন্ত্র উচ্ছেদের প্রক্রিয়ায় বাদ সাধে। এরপর ২০১৩ সালে জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি যখন মুসলিম ব্রাদারহুডকে ক্ষমতা থেকে উৎখাত করেন, তখন সৌদি আরব তাঁকে সমর্থন দেয়। এমনকি সৌদি আরব প্রাথমিকভাবে বাশার আল আসাদ-বিরোধী বিদ্রোহে সমর্থনও দিয়েছিল। জেনেভা ঘোষণা ১ ও সিকিউরিটি কাউন্সিল রেজল্যুশন ২২৫৪-এর আলোকে সৌদি আরব এই বিদ্রোহে সমর্থন দেয়। এসবের আলোকে আসাদের জমানার পর দেশটিতে নির্বাচন হওয়ার কথা। তবে সৌদি আরব ট্রাম্পের নির্বাচিত হওয়াকে স্বাগত জানিয়েছে। এ বছরের মে মাসে আরব ইসলামিক আমেরিকান সামিটে ৫০টি মুসলিম দেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকেও তারা স্বাগত জানায়। এই সম্মেলনে ট্রাম্প ইরানের সমালোচনা করেন।
ইসরায়েল ও সৌদি আরব মধ্যপ্রাচ্যে ইরানের উত্থানের ব্যাপারে একইভাবে উদ্বিগ্ন। অন্যদিকে সিরিয়ায় ইরানের হস্তক্ষেপ এবং হিজবুল্লাহকে সমর্থন দেওয়ার ঘটনায়ও তাদের মধ্যে অভিন্ন উদ্বেগ রয়েছে। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর জমানায় ইসরায়েলের সঙ্গে রাশিয়ার সম্পর্ক মজবুত হয়েছে। তিনি যেমন পুতিনের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ের বৈঠক করেছেন, তেমনি তাঁকে অনেকবার ফোনও করেছেন।
রাশিয়ায় ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত জি ম্যাগেন সৌদি বাদশাহর সফর সম্পর্কে বলেছেন, ‘এটা শুধু বাদশাহর সফর নয়, এটা এই অঞ্চলে রাশিয়ার ভাবমূর্তির পরিবর্তন।’ তাঁর যুক্তি হচ্ছে, সিরিয়ার পরিস্থিতি গুরুত্বপূর্ণ এ কারণে যে রাশিয়ার সঙ্গে ইরান আসাদ–জমানার প্রধান পৃষ্ঠপোষক। আর ইরান হলো সৌদি আরবের শত্রু। সৌদি আরব মধ্যপ্রাচ্যে সুন্নি শিবিরের নেতা। ম্যাগেন বলেন, শিয়া ও সুন্নিদের মধ্যে মধ্যপ্রাচ্যে ‘তিক্ত প্রতিযোগিতা’ রয়েছে, যেখানে ইসরায়েল সৌদি আরবের পক্ষে।
সিরিয়ায় ইরানের সঙ্গে কাজ করতে গিয়ে রাশিয়া আটকে গেছে। কিন্তু তারা শুধু সিরিয়া বা ইরানের বন্ধু হতে চায় না, এ অঞ্চলে তারা যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চায়। ফলে ম্যাগেন মনে করেন, রাশিয়া, ইরান, সিরিয়া ও সৌদি আরবের এই দাবার বোর্ডে ‘ইসরায়েল প্রধান অনুঘটক নয়, বরং সে এই খেলার একটি অংশ’। তিনি আরও বলেন, ‘এই সফরের ফলাফল কী হবে, আমরা তা জানি না, কিন্তু সাধারণভাবে বললে, ইসরায়েল ভালো জায়গায় আছে।’
মূল ব্যাপার হলো, সিরিয়ায় ইরানের প্রভাব কমাতে সৌদি আরব রাশিয়ায় বিনিয়োগের প্রস্তাব দিতে ইচ্ছুক। অন্যদিকে সিরিয়া পুনর্গঠনেও সৌদি আরব বিনিয়োগ করতে চায়। এতে যেমন তার বিনিয়োগের সুযোগ হবে, তেমনি সুন্নি-অধ্যুষিত অঞ্চলে তাদের অবস্থানও শক্তিশালী হবে। এর বিনিময়ে তাদের চরমপন্থী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করতে হবে।
এসব কিছুতে আরও এক খেলোয়াড় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইরানের ব্যাপারে নতুন নীতি গ্রহণের কথা ভাবছেন। অথবা তিনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিতে চান। যুক্তরাষ্ট্র সৌদি আরবকে মিত্র হিসেবে রাখতে চাইছে। তাই সৌদি বাদশাহর রাশিয়া সফরের সময় তারা জানাল, সৌদি আরব তার কাছ থেকে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনতে ১ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় করছে।
ইরাক, সিরিয়া ও লিবিয়ায় ছয় বছরের বিশৃঙ্খলার পর সৌদি আরব এই অঞ্চলে স্থিতিশীলতা চায়। এতে একধরনের ক্ষমতা বিনিময় হতে পারে। অর্থাৎ সিরিয়ায় আসাদ ক্ষমতায় থাকবেন এবং সৌদি আরব তাঁকে আরব রাজনীতিতে মেনে নেবে, বিনিময়ে এই অঞ্চলে ইরানের প্রভাব গোটাতে হবে। এখানে রাশিয়ার লাভ হলো, সে এই অঞ্চলে শান্তির পৃষ্ঠপোষক হিসেবে আবির্ভূত হবে। ইসরায়েলের জন্য এটা স্বস্তিকর, যতক্ষণ সে আশ্বস্ত থাকবে যে মস্কো তার উদ্বেগ আমলে রাখবে এবং তারা এই সমীকরণে বাদ পড়বে না।
জে পোস্ট ডট কম থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
সেথ জে ফ্রান্তজমান: জেরুজালেম পোস্টের মতামত সম্পাদক।