ইসরায়েলের রণহুংকার ও ওবামার বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি হামলা অত্যাসন্ন বলে গোটা পৃথিবীর গণমাধ্যমগুলোতে যে খবর প্রচারিত হচ্ছে, তার কতক অংশ বিশ্বাসযোগ্য; কিন্তু এই সুযোগে যুদ্ধবাজরা যে রণদামামা বাজানোর কাজটি শুরু করেছেন, তা-ও লক্ষ করার বিষয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর বক্তব্যে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত স্পষ্ট, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা এপ্রিল-মে-জুনের মধ্যে ইসরায়েলি হামলার খবরকে নাকচ করে দেননি। ইরানের পারমাণবিক প্রকল্পে ইসরায়েলি হামলার আশঙ্কা কোনো নতুন বিষয় নয়। অনেকের হয়তো মনে থাকবে ২০০৮ সালের গোড়াতেও এ রকম আশঙ্কা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। অনেকেই ধারণা করছিলেন, ২০০৭ সালের সেপ্টেম্বরে সিরিয়ার একটি পারমাণবিক চুল্লিতে হামলার সাফল্যের কারণে তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট হয়তো তখনই ইরানি স্থাপনাগুলোতে অভিযান চালাবেন। সিরিয়ার পারমাণবিক চুল্লিতে হামলার ঘটনাটি ইসরায়েলিদের জন্য ব্যতিক্রমী পদক্ষেপ ছিল না। ১৯৮১ সালের জুন মাসে তারা একই ধরনের হামলা চালিয়েছিল ইরাকের একটি পারমাণবিক চুল্লিতে। ফলে এই আশঙ্কা সব সময়ই থেকেছে যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেবে।২০০৮ সালের এই আশঙ্কা শেষ পর্যন্ত কেন সত্যে পরিণত হয়নি, তা ইসরায়েলি নেতারাই নিশ্চিত করে বলতে পারবেন। কিন্তু যাঁরা ‘ইরানের পারমাণবিক অস্ত্র-আকাঙ্ক্ষা নির্মূলের একমাত্র উপায় হলো স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া’ বলে মনে করেন, তাঁরা চাইছিলেন জর্জ বুশকে রাজি করিয়ে ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের সূচনা করা। কিন্তু তাঁদের সেই চেষ্টায় খানিকটা ভাটা পড়েছিল ২০০৭ সালের ডিসেম্বরে প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তাবিষয়ক সরকারি প্রতিবেদন—ন্যাশনাল ইন্টেলিজেন্স এস্টিমেটের সুস্পষ্ট বক্তব্য যে ইরান এ মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা বন্ধ করে দিয়েছে। মার্কিন প্রশাসকের মধ্যেও তখন দুটি যুদ্ধ নিয়ে স্বস্তি ছিল না; এসব যুদ্ধের পরিণতি নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তাও প্রকাশ পাচ্ছিল। ইসরায়েলি নেতারা এ-ও জানতেন যে ওই সময় এ ধরনের হামলার প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানালেও প্রত্যক্ষভাবে কোনো রকম সহযোগিতা দিতে এগিয়ে আসবে না। কূটনৈতিক ক্ষেত্রে তার বিপদের বিবেচনা হয়তো ইসরায়েলিদের মনোভাব নিয়ন্ত্রণ করে থাকবে।ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা আবারও গণমাধ্যমের বিষয় হয়ে ওঠে ২০১০ সালের গোড়ার দিকে। কোনো কোনো বিশ্লেষক জোর দিয়ে বলেন, বছরের মাঝামাঝি সময়ে ইরানে হামলা হবে। কেন এই আশঙ্কা? বারাক ওবামা ২০০৯ সালে প্রেসিডেন্ট হওয়ার পর ইরানের সঙ্গে আলোচনা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের যে কৌশল নিয়েছিলেন, তা যেহেতু এক বছরেও কাজে দেয়নি, সেহেতু ইসরায়েলের সামনে আর কোনো বিকল্প নেই। আমরা সবাই জানি, ওই বিশ্লেষণ ছিল সম্পূর্ণ ভুল। এখন আবারও আমরা এ ধরনের আশঙ্কার কথা শুনছি। যতবারই এ ধরনের আশঙ্কার কথা বলা হয়, লক্ষণীয়ভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রশাসকের একাংশ এবং একদল বিশ্লেষক ও প্রতিবেদক যুদ্ধ অনিবার্য বলে উপস্থাপনের চেষ্টা করেন। একেই আমি গোড়াতে ‘রণদামামা বাজানো’ বলে বর্ণনা করেছি।অতীতে ইসরায়েলিরা হামলা চালায়নি বলে এবারও তারা শেষ পর্যন্ত পিছপা হবে, এমন মনে করাটা ঠিক নয়। আন্তর্জাতিক সম্পর্ক ও সামরিক কৌশল-বিশেষজ্ঞরা নিশ্চয়ই আমাকে তা মনে করিয়ে দেবেন। তাঁরা এ কার্যে সঠিক। কেননা ইসরায়েলি প্রশাসনের একাংশ মনে করে, ইরানের পারমাণবিক প্রচেষ্টা খুব শিগগির এমন পর্যায়ে পৌঁছাবে, যখন কারোরই কিছু করার থাকবে না। সামরিক বিশ্লেষকদের ভাষায় এটি হচ্ছে ‘ইমিউনিটি জোন’—অনতিক্রম্য এলাকা। অর্থাৎ পারমাণবিক বোমা তৈরি তখন সময়ের ব্যাপার মাত্র। ওই সময় হামলা চালালে ইরান পাল্টা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতার অধিকারী হয়ে পড়বে। এ ধারণার সঙ্গে ইসরায়েলের সব বিশ্লেষকই যে একমত তা নয়। ইসরায়েলের আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান এফরাইম হালেভির ধারণা, ইসরায়েল অস্থির আচরণ করছে; তার দেশের উচিত ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেগুলো কার্যকর হতে সময় দেওয়া।ইসরায়েলের মধ্য থেকে যেমন যুদ্ধবাজদের হুংকার শোনা যাচ্ছে, তেমনি ইরানি নেতাদের কাছ থেকেও শোনা যাচ্ছে হুঁশিয়ারি। শুক্রবার জুমার নামাজে খুৎবা দিতে গিয়ে ইরানি নেতা খামেনিই যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তা এই ধরনের উত্তেজনা অব্যাহত রাখার ইচ্ছারই প্রতিফলন। ২ মার্চ ইরানে অনুষ্ঠেয় সংসদীয় নির্বাচনের আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করলে তা ইরানি রক্ষণশীলদের জন্য লাভজনক। ওই নির্বাচনে কোনো সংস্কারপন্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এর ফলাফল ২০০৯ সালের মতো হবে না। কিন্তু ভোট বর্জনের আশঙ্কা দূরীভূত করতে ইরানের নেতারা উত্তেজনা বহাল রাখতে চাইবেন এটাই স্বাভাবিক। এই উত্তেজনা তাঁরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অর্থাৎ নভেম্বর পর্যন্ত বহাল রাখতে চাইবেন বলে মনে করা যায়।ইসরায়েলি নেতারা, বিশেষ করে এহুদ বারাক ও বেনইয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে যেসব উত্তেজনাকর বক্তব্য দেওয়া হচ্ছে, তা মার্কিনি প্রশাসনকে, বিশেষ করে প্রেসিডেন্ট ওবামাকে বিব্রতকর এবং সম্ভাব্য বিপজ্জনক অবস্থায় ঠেলে দিচ্ছে। ওবামা প্রশাসন ও ইউরোপীয় দেশগুলো ইসরায়েলের এই একক প্রচেষ্টার ঘোরতর বিরুদ্ধে। তারা বোঝানোর চেষ্টা করছে যে সামরিক বিবেচনায়ও ইরানের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান বিবেচকের কাজ নয়। ইরান বড় দেশ। তার পারমাণবিক স্থাপনার সংখ্যা অনেক। ইরানের পাল্টা হামলা চালানোর ক্ষমতা রয়েছে এবং ইরানের ‘প্রক্সি’ বলে পরিচিত গোষ্ঠীগুলো অনেকের জন্য সমস্যার সৃষ্টি করতে সক্ষম; সর্বোপরি কূটনৈতিকভাবে ইসরায়েল কারও সমর্থন পাবে না। তাদের পরামর্শ হলো, ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা ধীরে ধীরে কাজ করবে—এটা সময়ের ব্যাপার, ধৈর্য ধারণ করাই সমীচীন।ইসরায়েল জানে যে ওবামা প্রশাসন স্বতঃস্ফূর্তভাবে ইরানের ওপর হামলায় তাদের উৎসাহ না দিলেও এ ধরনের পরিস্থিতি হলে যুক্তরাষ্ট্র তাদের সমর্থনে বাধ্য হবে। এটা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সম্পর্কের কারণেই ঘটবে। প্রেসিডেন্ট ওবামার তাতে উৎসাহ বা সমর্থন থাকার বিষয়টি গৌণ। তদুপরি নির্বাচনের বছরে পুনর্নির্বাচনের প্রার্থী বারাক ওবামা এমন কিছু করবেন না, যাতে তিনি পরাজিত হন। ওবামা-প্রশাসন সে জন্যই ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করছে এবং ইসরায়েলকে বোঝাতে চাইছে, পরিস্থিতি এখনো ইরানে হামলার অনুকূল নয়। ইরানিদের কাছেও ওবামা এই বার্তা পৌঁছাতে চান, আলাপ-আলোচনার পথ এখনো খোলা আছে; কিন্তু খুব বেশি সময় খোলা না-ও থাকতে পারে।ওবামার এই কূটনৈতিক প্রচেষ্টা কতটা সফল হবে? তা নির্ভর করে প্রেসিডেন্ট ওবামা ইসরায়েলের কতটা আস্থা অর্জন করতে পারেন। ওবামার ওপর ইসরায়েলিদের আস্থা খুব শক্ত নয়। ওবামা ও নেতানিয়াহুর সম্পর্ক অতীতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি নেতাদের তুলনায় শীতল। ফলে প্রেসিডেন্ট ওবামার জন্য ইসরায়েলের সম্ভাব্য একক পদক্ষেপ বন্ধ করা অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠিন। ইসরায়েলিরা সে কারণেই কি এখন ওবামার ওপর চাপ সৃষ্টি করতে চাইছে? এই ‘সংকটের সময়’ ইসরায়েলের পাশে দাঁড়ানোর ব্যাপারে ওবামা যদি ‘দ্বিধান্বিত’ হন, তবে তাঁর জন্য কি তাঁকে মাশুল গুনতে হবে?ওবামা রোববার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি মনে করেন, ইসরায়েল ইরানে হামলার সিদ্ধান্ত নেয়নি। তিনি এ-ও বলেন, যুক্তরাষ্ট্র ইরান প্রশ্নে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং আশা প্রকাশ করেন, কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান হবে। ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে ‘সংগত’ভাবেই অত্যন্ত উদ্বিগ্ন—এ কথা বলে ওবামা সম্ভবত তাঁর সঙ্গে ইসরায়েলের দূরত্ব কমানোর চেষ্টাই করেছেন। তাতে কতটা কাজ হবে, তা এখন বলা মুশকিল। কোনো কোনো বিশ্লেষক অবশ্য এমন বলার চেষ্টা করছেন যে, ইসরায়েলের এই হুমকির উদ্দেশ্য হচ্ছে ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্রের নেতাদের ওপর চাপ সৃষ্টি করা, যাতে করে তাঁরা ইরান-প্রশ্নে ঐক্যবদ্ধ থাকেন। প্রকাশ্যেই এসব কথাবার্তা বলার ফলে ইরানি নেতারাও হয়তো বুঝবেন যে তাঁদের উচিত ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করা। এই বিশ্লেষণকে একেবারে নাকচও করে দেওয়া যায় না। আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।