বৈশ্বিক সন্ত্রাসবাদ একের পর এক অভিনব পদ্ধতিতে বিভীষিকার দৃশ্য সাজাচ্ছে। হরর বা বিভীষিকায় যদি চমক বলে কিছু থেকে থাকে, ইসলামিক স্টেটের (আইএস) নামে একের পর এক চমক দেখতে পাচ্ছে ইউরোপ।
বাস্তিল দিবসের সন্ধ্যায় ফ্রান্সের পর্যটন নগরী নিসে উৎসবের আতশবাজি দেখার জন্য সমবেত লোকজনের ওপর দিয়ে ভয়ংকর দানবের মতো ১৯ টনি এক ট্রাক দুর্ধর্ষ গতিতে ছুটে যাওয়ার আগ পর্যন্ত কেউ কল্পনাও করতে পারেনি, একটা ট্রাকও সন্ত্রাসের হাতিয়ার হতে পারে। দীর্ঘ দুই কিলোমিটার পথ ধরে নারী-শিশুসহ ৮৪ জন মানুষকে পিষিয়ে মারতে মারতে ছুটে যাওয়া ওই ট্রাকটি চালাচ্ছিলেন যে যুবক, তাঁকে নিজেদের ‘সৈনিক’ বলে দাবি করেছে আইএস।
তারপর, গত মঙ্গলবার সকালবেলা ফ্রান্সেরই ছোট্ট এক রুয়েনের শহরতলির এক গির্জায় ১৯ বছর বয়সী এক তরুণ যে দৃশ্য দেখালেন, ইউরোপের মাটিতেও যে সে রকম দৃশ্যের অবতারণা হতে পারে, তা ইউরোপবাসীর কল্পনায় ছিল না। গুলি নয়, বোমা নয়, ৮৪ বছর বয়সী এক পুরোহিতকে হত্যা করা হলো গলা কেটে। আর সেই হরর দৃশ্যের ভিডিওচিত্র তুলেছেন আরেকজন। ইন্টারনেটে এ রকম দৃশ্য বিশ্ববাসী যে এর আগে কখনো দেখেনি তা নয়, কিন্তু সেসব দৃশ্য ইরাক ও সিরিয়ার মরুভূমিতে চিত্রায়িত হয়েছে। আইএসের যোদ্ধারা পশ্চিমা নাগরিকদের অপহরণ করে হলুদ আলখাল্লা পরিয়ে মরুভূমির বালুতে হাঁটু গেড়ে বসিয়ে হত্যা করেছে এবং তার ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। এবার তাদেরই একজন খোদ ইউরোপের মাটিতেই একটা গির্জার ভেতরে ঘটালেন।
সামনে আরও যে কত অভিনব পন্থায় মানুষ হত্যার হরর দৃশ্য রচিত হতে পারে, তা ভেবে শিউরে উঠছে ইউরোপের মানুষ।
একটা বিষয় বিশেষভাবে লক্ষ করা যাচ্ছে, জঙ্গিরা এখন ইউরোপ-আমেরিকায় হামলা চালাচ্ছে একা একা। আমেরিকার অরল্যান্ডো নাইটক্লাবে গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছেন একজন। ফ্রান্সের নিসে ট্রাক হত্যাযজ্ঞ চালিয়েছেন একজন। জার্মানির ভুজবুর্গে ট্রেনে ছুরি হামলা, অ্যান্সবাকে সংগীত উৎসবে বোমা হামলা, রটলিজেনে চাপাতি হামলা, মিউনিখের শপিং মলে হামলা—এই সব কটি হামলাই চালিয়েছে একজন করে জঙ্গি। সর্বশেষ ফ্রান্সের রুয়েনের শহরতলিতে গির্জায় হামলাটিও মূলত একজনই চালিয়েছেন, আরেকজন তাঁর সঙ্গে ছিলেন পুরোহিতের হত্যা করার ভিডিও চিত্র তোলার উদ্দেশ্যে।
ইউরোপ-আমেরিকার সংবাদমাধ্যমে এ ধরনের একাকী হামলাকারী জঙ্গিদের বলা হয় ‘লোন উলফ’, বাংলায় বলা যেতে পারে ‘নিঃসঙ্গ নেকড়ে’। সাম্প্রতিক সময়ে লোন উলফদের আক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ার একটা কারণ হলো, ইউরোপ-আমেরিকায় নিরাপত্তাব্যবস্থা অনেক কঠোর করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ওই সব দেশে জঙ্গিদের পক্ষে এখন একসঙ্গে কয়েকজন মিলে হামলার পরিকল্পনা করা ও তা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। সে কারণে আইএসের হাইকমান্ড তাদের যোদ্ধাদের একা একা হামলা বাড়িয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বলে আমেরিকার গোয়েন্দারা জানতে পেরেছেন।
আইএস জঙ্গিরা ছুরি, চাপাতি, কুড়াল—এ ধরনের ধারালো ধাতব অস্ত্র ব্যবহার করতে বেশি পছন্দ করেন। তবে তাঁদের সঙ্গে পিস্তলও থাকে এবং তাঁদের বেশির ভাগই সুইসাইড বেল্ট কিংবা ভেস্ট পরে থাকেন। অর্থাৎ এই নিঃসঙ্গ নেকড়েগুলো আত্মঘাতী। আর সেটাই সবচেয়ে বড় উদ্বেগ সৃষ্টি করেছে পশ্চিমা নীতিনির্ধারক ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, আত্মঘাতী নিঃসঙ্গ নেকড়েদের হামলা বন্ধ করা প্রায় অসম্ভব। আইএসের প্রচারমন্ত্রী ও মুখপাত্র আল-আদনানির একটা নির্দেশনা ইন্টারনেটের মাধ্যমে ছড়ানো হয়েছে, সেখানে তিনি আইএস যোদ্ধাদের আক্রমণ চালাতে বলেছেন হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে।
আইএস যখন ইরাক ও সিরিয়ায় তাদের অধিকৃত এলাকাগুলো হারাচ্ছে, তখন সারা পৃথিবীতে তাদের হামলা বেড়ে যাচ্ছে। ইউরোপ-আমেরিকায় তারা একসঙ্গে অনেকে মিলে বড় ধরনের হামলা চালাতে পারছে না বলে একা একা হামলা চালাচ্ছে। আমাদের দেশে একা হামলার ঘটনা এখনো ঘটেনি। আমাদের নিরাপত্তা বাহিনীগুলো জঙ্গিবিরোধী তৎপরতার বিরুদ্ধে প্রবল অভিযান শুরু করেছে; এখন এই দেশেও জঙ্গিদের পক্ষে একসঙ্গে অনেকে মিলে বড় ধরনের হামলা চালানো কঠিন হয়ে উঠবে। সে ক্ষেত্রে তারা কি এ দেশেও ইউরোপ-আমেরিকার মতো লোন উলফ টেরর অ্যাটাকের কৌশল নেবে?
সে রকম আশঙ্কা সম্পূর্ণভাবে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে এ দেশে ‘নিঃসঙ্গ নেকড়ে’রা বিশেষ সুবিধা করতে পারবে বলেও মনে হয় না। পাশ্চাত্য সমাজের বিচ্ছিন্নতা এ দেশে নেই। এখানকার সমাজ অত্যন্ত ঘনবদ্ধ, আমাদের বাস যূথবদ্ধতার মধ্যে। কিন্তু আবার এ কথাও সত্য যে গুলশান হামলার মতো ঘটনা যে এ দেশেও ঘটতে পারে, কিংবা ঈদের জামাতে হামলা চালানোর কথাও যে জঙ্গিরা ভাবতে পারে—হলি আর্টিজান ও শোলাকিয়ার ঘটনার আগ পর্যন্ত আমাদের তা মনে হয়নি। সুতরাং ‘লোন উলফ’ পদ্ধতি বাংলাদেশে পুরোপুরি অসম্ভব—এমন কথা শতভাগ নিশ্চিতভাবে বলা যাবে না। এ বিষয়েও সতর্কতার প্রয়োজন আছে।
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
mashiul. alam@gmail. com