
মনে হচ্ছে, ট্রাম্প যে সৌদিদের ‘ভিতু’ বলে টুইট এবং ফেসবুকে তাদের দাস রক্ষকদের সঙ্গে তুলনা করেছিলেন, সেগুলো মানুষ ভুলে গেছে। শুধু রাজপরিবার নয়, সৌদি জনগণও এসব ভুলে গেছেন। ট্রাম্প এখন কী বলছেন, সেটাই তাঁরা ধর্তব্যে নিচ্ছেন। আর প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প সৌদিদের বিদ্রূপ করলেও প্রেসিডেন্ট ট্রাম্প তাদের গ্রহণ করেছেন। তার নজির হিসেবে নিজের প্রথম বিদেশ সফরের স্থান হিসেবে তিনি সৌদি আরবকে বেছে নিলেন। এ মাসের ২০-২১ তারিখে সৌদি রাজতন্ত্রের রাজধানী রিয়াদে তিনি মুসলিম নেতাদের আশ্বস্ত করেন। একই সঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রনীতি ও নিজের নীতির মধ্যে তীক্ষ্ণ বিভাজন টানলেন।
এই সফরের মূল আকর্ষণ ছিল কয়েক ডজন সুন্নি মুসলমান নেতার উদ্দেশে ট্রাম্পের ভাষণ। তাঁর কর্মীরা এটাকে ২০০৯ সালে কায়রোতে বারাক ওবামার ভাষণের প্রত্যুত্তর হিসেবে আখ্যা দিয়েছেন। তবে দুই প্রেসিডেন্টই কিন্তু মুসলিম পৃথিবীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে শাণ দেওয়ার চেষ্টা করেছেন, নিজেদের মতো করে। কিন্তু বারাক ওবামা যেখানে ইরাক যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণের চেষ্টা করেছেন, সেখানে ট্রাম্পের ঘাড়ে ছিল ইসলামভীতি-সংক্রান্ত বাগাড়ম্বরের বোঝা। কারণ, গত বছর তিনি মুসলমানদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমি মনে করি, ইসলাম আমাদের ঘৃণা করে।’ অন্যদিকে তাঁর প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন বলেছিলেন, ইসলাম একধরনের ‘ক্ষতিকর ক্যানসার’।
স্বৈরশাসক ও একনায়কদের অবশ্যই দুর্বল স্মৃতি থাকা উচিত। কারণ, চরমপন্থার বিরুদ্ধে লড়াই করতে ট্রাম্পের আহ্বান রিয়াদে ভালোই হালে পানি পেয়েছে। এখন তিনি বলছেন, এই লড়াইটা ‘ভিন্ন ভিন্ন বিশ্বাসের মধ্যকার নয়’, বরং এটা ‘ভালো ও মন্দের’ মধ্যকার। তবে তিনি যে অতিথিদের দুর্বল মানবাধিকার রেকর্ড নিয়ে কিছু বলেননি, তাতে লাভ হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, মানবাধিকার রক্ষিত না হলে সন্ত্রাসবাদ পরিপুষ্ট হয়। বরং বারাক ওবামা মানুষকে এ ধরনের হেনস্তা করতেন (২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি মানবাধিকারের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন)। ভাষণে ট্রাম্প বলেন, ‘আমরা এখানে বক্তৃতা দিতে আসিনি। আমরা এ কথাও বলতে আসিনি যে অন্যদের কী করা উচিত।’
এ কথা বলেই প্রেসিডেন্ট দর্শকদের বলতে শুরু করেন কী করতে হবে: ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই আশায় বসে থাকা উচিত নয় যে মার্কিনরা তাদের শত্রুকে গুঁড়িয়ে দেবে। আপনারা নিজেরাই যদি সন্ত্রাসী ও চরমপন্থীদের তাড়িয়ে দেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ ভালো।’ তিনি পাঁচবার বলেন, ‘এদের তাড়িয়ে দিন।’ এই লক্ষ্যে ট্রাম্প সৌদি আরবের কাছে ১১ হাজার কোটি ডলারের ‘সুন্দর’ অস্ত্র বিক্রির ঘোষণা দেন। একই সঙ্গে তিনি রিয়াদে গ্লোবাল সেন্টার ফর কমব্যাটিং এক্সট্রিমিস্ট ইডিওলজির উদ্বোধন ও টেররিস্ট ফাইন্যান্সিং টার্গেটিং সেন্টার গঠনের ঘোষণা দেন।
ভাষণে তিনি এই অঞ্চলের অধিকাংশ সমস্যার জন্য ইরানকে দায়ী করেন। ইসলামে গোষ্ঠীগত বিভাজনকে উসকে দিয়ে তিনি আতিথ্যকর্তাদের খুশি করেছেন। তিনি বলেছেন, ‘লেবানন থেকে ইরাক ও ইয়েমেন পর্যন্ত ইরান বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে টাকা, অস্ত্র ও প্রশিক্ষণ দেয়, যারা এই অঞ্চলজুড়ে ধ্বংস ও বিশৃঙ্খলা চালায়।’ মধ্যপ্রাচ্যে শিয়াদের চেয়ে যে সুন্নি জিহাদিদের সংখ্যা বেশি, সেটা তিনি এড়িয়ে গেলেন। তার এক দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ইরানের মানবাধিকার রেকর্ডের নিন্দা করেছেন, যদিও সেটা সৌদি আরবের চেয়ে অতটা খারাপ নয়। হাসান রুহানি প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসব বলে তিনি ও তাঁর আতিথ্যকর্তারা বোঝাতে চাইলেন, নতুন প্রশাসনের অধীনে সবকিছু কতটা বদলে গেছে। মাত্র দুই বছর আগে বারাক ওবামা রুহানির সঙ্গে একটি চুক্তিকে সম্পূর্ণতা দেওয়ার চেষ্টা করেন, যার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করার কথা। এতে সৌদি আরব বিগড়ে যায়। ফলে ২০১৬ সালে ওবামা শেষবার সৌদি রাজতন্ত্র ভ্রমণে গেলে তাঁকে শীতল আতিথেয়তা দেওয়া হয়। এর বিপরীতে ট্রাম্প যখন এয়ারফোর্স ওয়ান (মার্কিন প্রেসিডেন্টের বিমান) থেকে নামলেন, তখন
সৌদি রাজা সালমান তাঁকে জমকালো সংবর্ধনা দেন, যার মধ্যে লাল, সাদা ও নীল রঙের সামরিক জেটও ছিল।
কিন্তু পরিবর্তন স্টাইলে যতটা এসেছে, সারবস্তুতে ততটা নয়। ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করেননি। এমনকি বারাক ওবামার মতো তিনি বলেছেন, এই অঞ্চলে ‘আচমকা হস্তক্ষেপের’ বিরোধী তিনি। এ ছাড়া ওয়াশিংটন ডিসির চিন্তক প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের টমাস লিপম্যান বলেছেন, ‘ওবামা সৌদিদের প্রতি বেশ সদয় ছিলেন।’ ওবামা কিন্তু যেকোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় সৌদি আরব বেশি সফর করেছেন। এমনকি পূর্বসূরিদের তুলনায় তিনি সৌদি আরবের কাছে বেশি অস্ত্রও বিক্রি করেছেন। বস্তুত, ট্রাম্প যত অস্ত্র চুক্তি নিয়ে বাকবাকুম করছেন, তার অনেকগুলোই কিন্তু তাঁর পূর্বসূরির আমলে স্বাক্ষরিত হয়েছে। ওবামা ইয়েমেনে সৌদির নেতৃত্বাধীন যুদ্ধে গোয়েন্দা সহায়তাও দিয়েছেন।
সৌদি সফরের পর ট্রাম্প এখন ইসরায়েলে। সেখানকার পরিস্থিতিও তাঁর সৌদি সফরের মতো হবে। ট্রাম্প হলোকাস্ট স্মৃতি কেন্দ্র ইয়াদ ভাসেম সফর করবেন। গত বছর হলোকাস্ট স্মরণোৎসবে ইহুদিদের কথা স্মরণ করতে ভুলে যাওয়ায় তাঁর কোনো কোনো সহযোগীর বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী নীতির প্রতি সহানুভূতিশীলতার অভিযোগ উঠেছিল, সম্ভবত সেই অভিযোগ কাটাতেই তিনি সেখানে সফরে যাবেন। তিনি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তি স্থাপনে প্রস্তাব পেশের পরিকল্পনা করছেন। দীর্ঘদিনের এই দ্বন্দ্ব নিরসনের যোগ্যতা তাঁর আছে কি না, তা নিয়ে সন্দেহ থাকতে পারে। কিন্তু ব্যাপারটা হলো, মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি রিয়াদে গিয়ে ট্রাম্প সম্পর্কে বলেছেন, ‘তিনি একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন।’ এ কথা শুনে ট্রাম্প উত্তর দেন, ‘আমি একমত।’
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য ইকোনমিস্ট থেকে নেওয়া।