ইসি নিজের কাজটুকু করুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণেরা বঞ্চিত আওয়ামী লীগে
কিছুদিন আগেও আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা জোর আওয়াজ তুলেছিলেন, বিতর্কিত কোনো সাংসদ মনোনয়ন পাবেন না, শুধু পরিচ্ছন্ন ভাবমূর্তির সাংসদেরা মনোনয়ন পাবেন। তাঁরা এই ধারণা দেওয়ারও চেষ্টা করেছিলেন, আওয়ামী লীগের ৮০ থেকে ১০০ জন সাংসদ মনোনয়ন না-ও পেতে পারেন। তাঁদের স্থলে তরুণেরা মনোনয়ন পাবেন। কারণ, উন্নয়নের স্লোগান নির্বাচনী মাঠে সুবিধা করতে না পারলেও ‘ক্লিন ইমেজের তরুণ তুর্কিরা’ বিজয় ছিনিয়ে নিতে পারবে। কিন্তু বেলা শেষে দেখা গেল, বিতর্কিত-সমালোচিত প্রায় সব সাংসদই ফের মনোনয়ন পাচ্ছেন।

সংবাদমাধ্যমে যেসব খবর আসছে, তাতে দেখা যায়, বর্তমান সংসদের মাত্র ১৩ জন মনোনয়নবঞ্চিত হচ্ছেন, যাঁর মধ্যে দুজন যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদকের নাম এসেছে। যেসব সাংসদের বিরুদ্ধে ৩০ থেকে ৪০ জন স্থানীয় নেতা অনাস্থা জানিয়েছেন; তাঁরাও মনোনয়ন পাচ্ছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জবানি থেকে আমরা জানতে পারলাম, কক্সবাজারের আবদুর রহমান বদি এবং টাঙ্গাইলের আমানুর রহমান খান রানা এবারও মনোনয়ন পাচ্ছেন না। রানা এখন ডবল খুনের মামলার আসামি হিসেবে কারাগারে, আর বদিকে মানুষ চেনে ইয়াবা ব্যবসার পৃষ্ঠপোষক হিসেবে। কিন্তু এই দুটি আসনে আওয়ামী লীগ পরিচ্ছন্ন ভাবমূর্তির কাউকে মনোনয়ন দিচ্ছে না। বদির আসনে তাঁর স্ত্রী ও রানার আসনে তাঁর বাবা মনোনয়ন পাচ্ছেন। এটিকে শাস্তি না বলে ইনাম বলা শ্রেয় হবে। বদির স্ত্রীর মনোনয়নের খবর পড়ে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীর কথা মনে পড়ল। দুর্নীতির দায়ে লালু জেলে গেলে তাঁর স্ত্রী মুখ্যমন্ত্রী হন। ভবিষ্যতে বদির স্ত্রীও মন্ত্রী হলে অবাক হব না। ছেলের অপরাধের জন্য বাবাকে দায়ী করা যায় না সত্য। কিন্তু ছেলের অপরাধের জন্য বাবার পুরস্কৃত হওয়ার ঘটনা বাংলাদেশের রাজনীতিতেই সম্ভব।
আওয়ামী লীগের যে তরুণেরা বিরাট আশা নিয়ে পাঁচ বছর ধরে কাজ করেছেন, তাঁদের ৯০ শতাংশই মনোনয়ন পাবেন না। নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলনের সময় দেখেছি, ক্ষমতাসীনেরা তরুণদের মনের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছেন। এবার দলের তরুণদের মনের ভাষাও পড়ার চেষ্টা করেননি নেতারা। জোট, মহাজোট, অতিরিক্ত জোটের সঙ্গে আসন ভাগাভাগি হয়ে গেলে আওয়ামী লীগের তালিকা চূড়ান্ত হবে। সেই তালিকায় আর যাঁদেরই নাম থাকুক না কেন, তরুণদের আশ্বস্ত হওয়ার মতো কিছু থাকবে না
বিএনপির দুটি ভুল
বিএনপির নেতৃত্ব যে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন, সে জন্য তাঁরা ধন্যবাদ পেতে পারেন। বিএনপির এই ঘোষণাকে আমরা সমর্থন করি এ কারণে যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, যার মাধ্যমে মারাত্মকভাবে সংকুচিত হয়ে আসা মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার একটি ক্ষীণ সম্ভাবনা দেখা দিতে পারে। বিএনপি নির্বাচনী মাঠে নামার সঙ্গে সঙ্গে দলীয় নেতা-কর্মীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে, সেটি আশাব্যঞ্জক। কিন্তু নয়াপল্টনে দলীয় অফিসের সামনে এই উৎসাহের যে আতিশয্য ও সন্ত্রাসী চেহারা দেখলাম, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ বা সরকারের ওপর বিএনপির নেতা-কর্মীদের ক্ষোভ থাকতে পারে। কিন্তু পুলিশের গাড়িতে আগুন দেওয়া কিংবা গাড়ির ওপর চড়ে উল্লাস করার মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটতে পারে না। বিএনপির কোনো কোনো নেতা বলতে চেয়েছেন, এটি সরকারি দলের কাজ। কিন্তু যাঁরা ধরা পড়েছেন, তাঁরা সবাই ছাত্রদল ও বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা–কর্মী। ফলে জনমনে এই শঙ্কাও আছে যে ক্ষমতায় এলে বিএনপির নেতা-কর্মীরাও ফের বেপরোয়া হয়ে উঠবেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নয়াপল্টনের ঘটনা ছিল সরকারের ফাঁদ। সেটাই যদি হবে, তাঁরা সেই ফাঁদে পা দিলেন কেন?
বিএনপির দ্বিতীয় ভুলটি মনোনয়নপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণে লন্ডনপ্রবাসী তারেক রহমানের স্কাইপে যোগদান। দেশের বাইরে থেকে তিনি স্কাইপে সাক্ষাৎকার নিতে পারেন কি পারেন না, সেই আইনি তর্কে যেতে চাই না। কিন্তু এর মাধ্যমে িবএনপির নেতৃত্বের এই দুর্বলতাই প্রকাশ পেল যে যাঁরা দেশে থেকে আন্দোলন–সংগ্রাম করেছেন, সরকারের জেল-জুলুমের শিকার হয়েছেন, তাঁরা দলের মনোনয়ন ঠিক করতে পারেন না! দলের মনোনয়ন ঠিক করতে আসমানি বার্তার প্রয়োজন হয়। ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপি জোট গঠন এবং নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় জনমনে এই ধারণা হয়েছিল যে বিএনপির রাজনীতিতে কিছুটা হলেও গুণগত পরিবর্তন আসবে। এখন দেখা যাচ্ছে, বিএনপির নেতারা পরিবর্তনকে মেনে নিতে অনিচ্ছুক।

নির্বাচন কমিশনের অগ্নিপরীক্ষা
সবার চোখ এখন নির্বাচন কমিশনের (ইসি) দিকে। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি কী করে, প্রধান নির্বাচন কমিশনার কী বলেন, অন্য কমিশনাররা কী পদক্ষেপ নেন, সেদিকেই এখন সবার নজর। নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, ইসিতে অভিযোগের মাত্রাও তত বাড়ছে। চাপ বাড়ছে। তবে সবচেয়ে বড় চাপ হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করা।
কে এম নুরুল হুদার ইসি এই বলে আত্মপ্রসাদ লাভ করতে পারে যে তারা দলীয় সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি রকিব কমিশন এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি যাকারিয়া কমিশন যে নির্বাচন করেছিল, তা ছিল একতরফা ও প্রতিদ্বন্দ্বিতাহীন। প্রথমবার ক্ষমতায় ছিল বিএনপি আর দ্বিতীয়বার আওয়ামী লীগ—দলের গঠনতন্ত্র, নীতি, আদর্শ যা-ই হোক না কেন, এসব দলের ক্ষমতার চরিত্র এক। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলে আসছিলেন, নির্বাচনে সব দল আসবে এবং শেষ পর্যন্ত এসেছেও। তবে এতে ইসির খুব বেশি আহ্লাদিত হওয়ার কিছু নেই। আসল পরীক্ষা হবে ভোটের দিন। সব দল অংশ নেওয়ায় নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, সে
বিষয়ে কারও সন্দেহ নেই। কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যে সব সময় অবাধ ও সুষ্ঠু হয় না, তার চাক্ষুষ প্রমাণ বিগত সিটি করপোরেশন নির্বাচন। যেখানে যাঁর জোর বেশি, তিনি কেন্দ্র দখল করেছেন, প্রতিপক্ষকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। এর আগে উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই ঘটনা ঘটেছে।
বিএনপির অভিযোগের জবাব দিতে গিয়ে কে এম নুরুল হুদা যেসব কথা বলেছেন, তাতে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা থাকলেও নিজেদের নিরপেক্ষতা প্রমাণিত হয় না। তিনি পুলিশ কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিতে বারণ করেছেন। কিন্তু নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ পাওয়ার পর কারও সম্পর্কে খোঁজখবর নেওয়া যে তাদের এখতিয়ারবহির্ভূত, সে কথাটি জোর দিয়ে বলতে পারেননি। তিনি বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে ধরা যাবে না। কিন্তু পাঁচ বছর আগের গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে কাউকে গ্রেপ্তার করার ঘটনা মেনে নিলে বিএনপিও তাদের আমলে পরোয়ানাগুলো খুঁজে বের করতে চাইবে। সিইসিকে বলতে হবে, নির্বাচন কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে। কোনো রকম হাঙ্কিপাঙ্কি চলবে না।
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ পর্যবেক্ষকদের করণীয় সম্পর্কে বলতে গিয়ে এই বলে ফরমান জারি করেছেন, কারও সঙ্গে কথা বলতে পারবেন না, সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবেন না। পর্যবেক্ষকদের ওপর অযথা খবরদারি না করে যদি কমিশন নিজের কাজটুকু ঠিকমতো করত, তাহলে নির্বাচনের অনেক অঘটনই ঠেকানো যাবে। নির্বাচনে কে জয়ী হবে, কে পরাজিত হবে, সেটি দেখা তাদের কাজ নয়। তাদের কাজ হলো ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার নিরাপত্তা দেওয়া। অন্যথায় অংশগ্রহণমূলক নির্বাচন হলেও বিতর্ক পিছু ছাড়বে না।
নির্বাচন সম্পর্কে মানুষের মধ্যে যে নিস্পৃহতা ও দ্বিধা–সংশয় ছিল, সব দল অংশ নেওয়ায় সেটি কেটে গেছে। বলা যায়, বাংলাদেশ নির্বাচনী ট্রেনে। এখন সেই ট্রেনে যাত্রী নামক ভোটারদের ঠাঁই হবে, না যাত্রী ছাড়াই ট্রেনটি ৩০ ডিসেম্বর পার করবে, তা নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপরই।
সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি
[email protected]