ইসির ঘুম ভেঙেছে!

কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই।
আর আমাদের কাজী রকিব কমিশন আগের দুই ধাপের চেয়ে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ভালো হয়েছে দাবি করে এটাই প্রমাণ করেছে যে আগের দুটি সেই অর্থে কোনো নির্বাচনই হয়নি। নির্বাচন মানে একটি ভয়মুক্ত পরিবেশে নাগরিক, তথা ভোটারদের প্রতিনিধি বাছাই করার সুযোগ। সেখানে প্রার্থী, দল বা গোষ্ঠীর মাস্তানি বা তাদের প্রতি অনুরাগ দেখানোর কোনো সুযোগ নেই। অথচ কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশন সেটাই দেখিয়ে আসছে। ফলে নির্বাচনের প্রধান যে নিয়ামক, ভোটাররা বঞ্চিত হয়েছেন তাঁদের ভোটাধিকার প্রয়োগ থেকে। অনেক ভোটার ভয়ে কেন্দ্রে যাননি। অনেকে কেন্দ্রে গিয়ে দেখেছেন, তাঁদের ভোটটি আগেই দেওয়া হয়েছে।
প্রথম দফা নির্বাচনের পর নির্বাচন কমিশন বলেছিল, সবকিছু ঠিক আছে। দু-একটি বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত ঘটনা ঘটলে থাকলেও তা আমলে নেওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয় দফার পরও তারা একই কথা বলল। তাদের এই কথা ও মাঠের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। কেউ জেগে ঘুমালে তাকে জাগানো কঠিন।
কিন্তু ইউপি নির্বাচনের তৃতীয় দফায় এসেই কমিশনের টনক কিছুটা নড়েছে বলে মনে হয়। তাও স্বেচ্ছায় নয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে এসে যখন জানাল, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চান নির্বাচন সুষ্ঠু ও অবাধ হোক; সঙ্গে সঙ্গে একজন নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানালেন যে প্রধানমন্ত্রীর বার্তা পাওয়ার পর তাঁরা আওয়ামী লীগের প্রতিনিধিদেরও জানিয়ে দিয়েছেন যে তাঁরা যেন তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রাখেন। বাড়বাড়ি করতে না দেন।
প্রথমত, নির্বাচনটি প্রধানমন্ত্রী বা সরকারি দল পরিচালনা করেন না। এটি করে নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে নির্বাচনসংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাদের কারও মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই। বরং সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার ক্ষেত্রে যার বা যাদের পক্ষ থেকেই বাধা আসবে, তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। নির্বাচন কমিশন যদি মনে করে থাকে, ক্ষমতাসীন দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ঝামেলা করছেন, সেই কথাটি কেন তারা প্রধানমন্ত্রীর বার্তা পাওয়ার আগে বলল না? প্রধানমন্ত্রীর বার্তা পাওয়ার পর কেন তাদের ফিরতি বার্তা পাঠাতে হলো? এর মাধ্যমে কি তারা প্রধানমন্ত্রীকেই পরোক্ষভাবে অভিযুক্ত করলেন না যে তিনি চাইলে নির্বাচন সুষ্ঠু হবে। আর তিনি না চাইলে হবে না। তাহলে নির্বাচন কমিশন কেন?
তৃতীয় দফা নির্বাচনের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেছেন, প্রথম দুই ধাপের তুলনায় গতকালের (শনিবার) নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তাঁর দাবি, এবার ভোটের আগের রাতে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ চলাকালে বড় ধরনের কোনো অঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। আচরণবিধি লঙ্ঘনের কারণে ১৬৪ জনকে মোট ৪ লাখ ১০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুজনকে এক মাসের এবং একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ২৪টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। দুটি কেন্দ্রে পক্ষপাতমূলক আচরণের কারণে দুজন ভোট গ্রহণ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আরও কী কী করেছেন, তার দীর্ঘ ফিরিস্তি দিয়েছেন কাজী রকিবউদ্দীন আহমদ। কিন্তু আরও কী কী পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিংবা আগের দুই ধাপে কেন তাঁরা প্রায় নিষ্ক্রিয় ছিলেন, সে কথা বলেননি।
প্রথম আলোর খবরেও বলা হয়, গতকালের নির্বাচনে বেশির ভাগ ভোটকেন্দ্রের বাইরের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। কিন্তু কেন্দ্রের ভেতর জাল ভোট দেওয়া, বুথ দখল ও ব্যালট কেটে বাক্স ভর্তি করার মতো প্রচুর অভিযোগ ছিল।
এর অর্থ দাঁড়ায়, নির্বাচন কমিশন একটু মাজা সোজা করলে নির্বাচন সুষ্ঠু করতে না পারলেও অনিয়ম, ভোট জালিয়াতি অনেকখানি কমাতে পারে। তবে কমিশন তৃতীয় দফার ভোটকে সাফল্য হিসেবে না দেখে পাপমোচনের সুযোগ হিসেবে দেখলে ভালো করবে।
আশা করি, পরবর্তী তিন পর্বের নির্বাচনকে আগের দুই পর্বের অবস্থায় নিয়ে গিয়ে তারা প্রমাণ করবেন না যে তৃতীয় দফার ভোট ভালো হয়েছে। বরং পরবর্তী ধাপে আরও ভালো নির্বাচন করে কমিশন এটাই প্রমাণ করুক যে তারা পারে। দেরিতে হলেও তাদের ঘুম ভেঙেছে।