
দেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ। নদী, সমুদ্র ও পাহাড়বেষ্টিত একটি অঞ্চল। গত বছরের আগস্ট থেকে রোহিঙ্গা ঢলে বেসামাল। সম্প্রতি তাদের প্রত্যাবাসনের একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু জাতিসংঘ বলেছে, প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ মিয়ানমারে এখনো হয়নি। রোহিঙ্গারাও যেতে চায় না। রোহিঙ্গাদের নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে অনেক অস্বস্তি। স্থানীয়দের কাজের ক্ষেত্র কমে যাওয়া, পাহাড় ও গাছপালা ধ্বংস, জিনিসপত্রের দাম বৃদ্ধি, সর্বোপরি হঠাৎ বিশাল একটি জনগোষ্ঠীর চাপকে উটকো ঝামেলা হিসেবেই দেখছে সেখানকার বাসিন্দারা। তবে তার চেয়ে বহুগুণ বেশি সংকট তৈরি করছে ইয়াবা। ওষুধের বড়ির আদলে এই মাদকের উৎসও মিয়ানমারে। গত সাত-আট বছরে এর পাচার ও সেবন বেড়েছে কয়েক গুণ।
টেকনাফে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র নিয়ে সরেজমিন প্রতিবেদন তৈরির জন্য ৮ নভেম্বর সেখানে গিয়েছিলাম। বিকেলে টেকনাফের হ্নীলা এলাকায় সৌরবিদ্যুৎকেন্দ্রটি প্রথমে দেখলাম। সন্ধ্যায় গেলাম টেকনাফ থানায়। সঙ্গে প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক সৌরভ দাশ ও টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন। ওসি প্রদীপ কুমার দাশ চট্টগ্রামের লোক। পূর্বপরিচিত। চট্টগ্রামের অনেক থানায় দায়িত্ব পালন করেছেন। সেই সূত্রে আলাপ-পরিচয় ছিল। সাক্ষাতের উদ্দেশ্য, বিভিন্ন বিষয়ে প্রতিবেদনের কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করা। তার মধ্যে ইয়াবা অন্যতম।
শুরুতেই ওসি প্রদীপ কুমার দাশ জানতে চাইলেন, আমরা কোথায় উঠলাম। একজনের ফ্ল্যাটে উঠব এমনটি বলতেই, তিনি আঁতকে উঠে বললেন, ‘কারও ফ্ল্যাট বা বাসায় ওঠার সুযোগ নেই। যেকোনো হোটেলেও ওঠা যাবে না। অবস্থা যে কী ভয়াবহ, সেটা কল্পনাও করতে পারবেন না। আপনারা হোটেল সেন্ট্রাল রিসোর্টে গিয়ে ওঠেন।’ পাশে থাকা গিয়াসউদ্দিন যোগ করলেন, ‘এখানে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। দেখবেন, খুব আপন লোকটিই ইয়াবা ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িত।’
প্রায় দেড় ঘণ্টা ধরে আলাপ চলল শুধু ইয়াবা নিয়ে। আলাপের সারমর্মটা এ রকম, টেকনাফ ও উখিয়ার সাধারণ মানুষ ইয়াবা কারবারিদের কাছে অসহায়। অনেকে ইয়াবা ব্যবসা করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। ইয়াবার কারণে নানা সামাজিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। মানুষে মানুষে বিশ্বাসের ভিত নষ্ট হয়ে গেছে। বন্ধু-পাড়া-প্রতিবেশী, এমনকি ঘরের মানুষকে বিশ্বাস করাও কঠিন হয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, অতীতে জব্দ করা ইয়াবার কিছু অংশ পুনরায় ইয়াবা ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছেন বিভিন্ন সংস্থার কিছু অসাধু কর্মকর্তা, ভাবা যায়! ওসি প্রদীপ দাশ অতীতের এই প্রসঙ্গে মৌন ছিলেন। ইয়াবাকাণ্ডে বারবার তালিকায় নাম আসা টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি প্রসঙ্গেও এই পুলিশ কর্মকর্তা মৌন। তবে ইয়াবার সঙ্গে পুলিশসহ বিভিন্ন সংস্থা ও কিছু জনপ্রতিনিধির সংশ্লিষ্টতার কথা তিনি নিজ থেকেই বললেন। সম্প্রতি মাদকদ্রব্য অধিদপ্তর একটি তালিকা তৈরি করেছে। তাতে সাংসদ বদিসহ ২৩ জন জনপ্রতিনিধির নাম আছে। প্রদীপ দাশ এই থানায় যোগ দিয়েছেন গত ২০ অক্টোবর। এখন নতুন করে ইয়াবাবিরোধী পুলিশি অভিযান চলছে। পুলিশের কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৯ জন শীর্ষ ইয়াবা কারবারি ইতিমধ্যে নিহত হয়েছেন।
এক সাধারণ ব্যবসায়ী ক্ষোভের সঙ্গে বললেন, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়, টেকনাফের লোক শুনলে এখন কোথাও হোটেলকক্ষ ভাড়া দেওয়া হয় না। এর কারণ ইয়াবা। টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের পাশে সেন্ট্রাল রিসোর্ট হোটেলের ফ্রন্ট ডেস্কের সুমন বললেন, এই হোটেলেও টেকনাফের স্থানীয় কোনো লোককে ঘর ভাড়া দেওয়া হয় না। স্থানীয় কারও সুপারিশে অন্য জেলার কাউকে ভাড়া দেওয়ার ক্ষেত্রেও নানা যাচাই-বাছাই করা হয়। ঘর ভাড়া দেওয়া নিয়ে অনেক বাড়িওয়ালাও আস্থার সংকটে ভোগেন।
আরেকটি কারণে টেকনাফের লোকজনের বিরক্তি, সেটা হলো তল্লাশি। টেকনাফে ঢোকা এবং বের হওয়ার মুখে পদে পদে তল্লাশির মুখে পড়তে হয়। ইয়াবা ও রোহিঙ্গা দুই কারণে তল্লাশি চালায় বিভিন্ন সংস্থা। অনেকে এখন জাতীয় পরিচয়পত্রের অনুলিপি কিংবা কর্মস্থলের পরিচয়পত্র নিয়ে বের হন। টেকনাফে দুদিন ছিলাম, সবখানে চোখে পড়েছে ইয়াবা নিয়ে সাধারণের আতঙ্ক আর অস্বস্তি। ফেরার সময় দৈনিক কক্সবাজার পত্রিকার কর্মকর্তা আবদুল কাইয়ুমসহ কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাদের বললেন, ‘স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অটোরিকশা ভাড়া করা চলবে না। চলন্ত অটোরিকশাকে থামিয়ে ভাড়া করতে হবে। সেটা আপনারা ঠিক করবেন না, আমি ঠিক করে আনব।’
আমি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইলাম। পাশে গিয়াস উদ্দিন ও স্থানীয় সাংবাদিক আবুল আলী বুঝতে পেরে আমাদের বিষয়টির ব্যাখ্যা দিলেন। সিএনজি অটোরিকশার চালক যদি নিশ্চিত জেনে যান যে যাত্রী সাংবাদিক, তাহলে তিনি ইয়াবার একটি চালানও সঙ্গে নিয়ে নিতে পারেন। কারণ, তাঁর ধারণা, যাত্রী সাংবাদিক হলে তল্লাশিচৌকিতে বেশি ঝামেলা করবে না। তাই চলন্ত অটোরিকশা নিয়ে তাঁকে কোথাও দাঁড়ানোর সুযোগ দেওয়া যাবে না। এই আশঙ্কা শোনার পর থেকে ইয়াবা আতঙ্ক ঢুকে গেছে আমাদের মধ্যে।
কিছুক্ষণের মধ্যে চলন্ত একটি অটোরিকশা নিয়ে হাজির হলেন আবদুল কাইয়ুম। যতক্ষণ ব্যাগ নিয়ে না উঠছি, ততক্ষণ চালককে কোথাও যেতে দিলেন না। এরপর আতঙ্কের মধ্যে যাত্রা শুরু হলো। টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে গোধূলিলগ্নে ছুটছে অটোরিকশাটি। বঙ্গোপসাগরে অস্ত যাচ্ছে লাল সূর্য। যেতে যেতে পথে অন্তত সাত-আটটি তল্লাশিচৌকি পার হতে হলো। এত সাবধানতার পরও যদি অটোরিকশার কোনো জায়গায় চালক ইয়াবা লুকিয়ে রেখে দেন, এমন আশঙ্কা আমাদের সারাক্ষণই তাড়া করেছে। অবশেষে কক্সবাজার বাসস্ট্যান্ডে নেমে স্বস্তির নিশ্বাস ফেললাম।
চট্টগ্রামের বাসে উঠে একটা উপলব্ধি হলো এ রকম, সৌরবিদ্যুতে টেকনাফের বিদ্যুৎ-সংকট কেটে গেছে। আলোকিত হয়েছে পুরো উপজেলা। কিন্তু ইয়াবার অন্ধকার যে দিন দিন গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। সরষের মধ্যে ভূত থাকলে এই অন্ধকার কি আদৌ কাটবে?
প্রণব বল প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক