
১৯৭২ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলখানা থেকে ছাড়া পাওয়ার আগে ভুট্টো তাঁকে ‘দুই অংশের’ মধ্যে কোনো রকম যোগসূত্র রাখার আবদার তোলেন। জবাবে মুজিব তাঁকে বলেছিলেন, ‘আগে তুমি আমাকে আমার দেশে যেতে দাও। আমি আমার জনগণের সঙ্গে কথা না বলে তোমাকে ওয়াদা করতে পারছি না।’ ১০ জানুয়ারি দেশে ফিরে তিনি সাফ জানিয়ে দেন, ‘তোমরা সুখে থাকো।’
বাঙালি রাষ্ট্রবিজ্ঞানী জি ডব্লিউ চৌধুরী, যিনি ইয়াহিয়া খানের মন্ত্রিসভার সদস্য ছিলেন, লাস্ট ডেজ অব ইউনাইটেড পাকিস্তান-এ লিখেছেন, ‘ভুট্টো ও পীরজাদা দুজনই দীর্ঘদিনের বন্ধু এবং দুজনকেই আইয়ুব অপসারণ করেন। ভুট্টো লে. জেনারেল গুল হাসান ও মেজর জেনারেল ওমরের মতো সামরিক কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন। হামিদ খান দেশের তৃতীয় সামরিক প্রেসিডেন্ট হওয়ার খোয়াব দেখছেন, যেমন আইয়ুবকে হটিয়ে ইয়াহিয়া এসেছিলেন।’
ভুট্টোর জীবনীকার স্ট্যানলি উলপার্ট আরেকটি ঘটনার কথা উল্লেখ করেছেন। মার্চে ইয়াহিয়া ও শেখ মুজিবের মধ্যে আলোচনা হচ্ছে। ইয়াহিয়া একদিন ভুট্টোকেও সেই আলোচনায় ডাকলেন। কিন্তু মুজিব বললেন, ‘আমি তো ক্ষমতা হস্তান্তরের বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করতে পারি না।’ ফলে আনুষ্ঠানিক আলোচনা হয় মুজিব ও ইয়াহিয়ার মধ্যে। এরপর মুজিব বাইরে এসে ভুট্টোর সঙ্গে কথা বলেন। গোয়েন্দাদের দৃষ্টি এড়ানোর জন্য ভবনের বাইরে লনে পায়চারি করতে করতে কথা বলছিলেন দুজন। একপর্যায়ে মুজিব ভুট্টোকে বললেন, ‘সামরিক বাহিনীকে বিশ্বাস কোরো না। ওরা প্রথমে আমাকে হত্যা করবে। তারপর তোমাকে।’ বাস্তবে সে রকমটিই ঘটল। তবে বঙ্গবন্ধুকে পাকিস্তানি সেনারা হত্যা করেনি; হত্যা করেছে যে দেশটি তিনি স্বাধীন করেছেন, সেই দেশের সেনাবাহিনীর কতিপয় সদস্য। আর ভুট্টোকে হত্যা মামলার আসামি করে ফাঁসিতে ঝোলান তাঁরই নিয়োগকৃত সেনাপ্রধান জিয়াউল হক।
ভুট্টো, রহিম খান ও গুল হাসান নভেম্বরে চীন সফরে গিয়ে যে ভূমিকা রেখেছেন, তা অবিশ্বাস্য ও বিশ্বাসঘাতকতাপূর্ণ। গতকাল সামি খানের জবানিতে তাঁর কিছুটা আভাস দেওয়া হয়েছিল। প্রকৃতপক্ষে চীনা নেতৃত্ব ‘ত্রয়ীকে’ রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক—তিন বিকল্পই খোলা রাখতে বলেছিলেন। ভারতের সঙ্গে যুদ্ধে গেলেও যাতে তাঁরা পরবর্তী বসন্ত মৌসুম পর্যন্ত অপেক্ষা করেন।
চীনা প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজের পর গুল হাসান ও রহিম খান বৈঠকের কার্যবিবরণী মূল্যায়ন করার জন্য আলোচনায় বসলেও ভালো বোধ করছেন না বলে ভুট্টো এড়িয়ে গেলেন। গুল হাসান এয়ার মার্শাল রহিম খানের সঙ্গে একমত হন যে, চীনারা ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধে যাওয়াকে সঠিক মনে করছে না।
আর রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে দুটি বিকল্প আছে। এক. শেখ মুজিবুর রহমানের মুক্তি, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তাঁকে সরকার গঠনের সুযোগ দেওয়া। দ্বিতীয় বিকল্প হলো সর্বোচ্চ স্বায়ত্তশাসন নিশ্চিত করে পূর্ব ও পশ্চিমাংশের মধ্যে শিথিল কনফেডারেশন গঠন করা। এটিই ছিল শেখ মুজিবের দলের মূল দাবি। কিন্তু গুল হাসানের কাছে এই বিকল্পকে সাদামাটা ও যুক্তিপূর্ণ মনে হলেও এর তাৎপর্য ছিল গুরুতর। একজন পাকিস্তানবিরোধী হিসেবে যাঁর ভাবমূর্তি দারুণভাবে সন্দেহজনক, তিনি হবেন পাকিস্তানের প্রধান নির্বাহী! দ্বিতীয়ত, পশ্চিম পাকিস্তানে একটি আসনও না পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে সেখানকার মানুষকে নেতৃত্ব দেওয়ার রায় পাননি। তদুপরি যে আওয়ামী লীগকে রাষ্ট্রবিরোধী ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে তাদের বিদ্রোহ দমনে দেশব্যাপী অভিযান চালানো হয়েছে, এখন ইয়াহিয়া ও সামরিক আইন কর্তৃপক্ষ আওয়ামী লীগের ব্যাপারে কীভাবে তাদের এই অবস্থান পরিবর্তনের যৌক্তিকতা প্রমাণ করবে?
এরপর রহিম খান গুল হাসানকে স্মরণ করিয়ে দেন যে হিমালয়ে বরফ গলা পর্যন্ত তাঁরা চীনা প্রস্তাবকে অস্থায়ী ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারেন। যেমন ১৯৬৯ সালের রাজনৈতিক পরিস্থিতিতে আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে মুক্তি ও আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে অব্যাহতি দিতে বাধ্য হয়েছিলেন। ইয়াহিয়া খানও তাঁর এবং পাকিস্তানের অস্তিত্ব রক্ষার স্বার্থে মুজিবকে মুক্তি দিতে পারেন। তিনি শেখ মুজিবকে আলোচনার টেবিলে নিয়ে আসতে পারেন এবং শিথিল ফেডারেশন গঠন করার পরামর্শ দিতে পারেন। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে এবং পিপিপি পশ্চিম পাকিস্তানে সরকার গঠন করবে এবং দুই পক্ষের কাছে নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত সেনাবাহিনী ফেডারেল সরকারের দায়িত্ব পালন করতে পারে।
এয়ার মার্শাল যে বিষয়টির ওপর জোর দিলেন তা হলো, এই প্রস্তাব কাজ করুক বা না করুক, গুরুত্বপূর্ণ হলো চীনাদের প্রস্তাব অনুযায়ী যুদ্ধটা পরবর্তী মৌসুম পর্যন্ত ঠেকিয়ে রাখা যাবে।
কিন্তু গুল হাসান বিস্ময়করভাবে প্রস্তাবের বিরোধিতা করে বললেন, ‘এটি অতীব জটিল পরিস্থিতির অতীব সহজ সমাধান।’ গুল হাসানের যুক্তি হলো, পূর্ব পাকিস্তানে যা ঘটেছে, তার পেছনে ভারতই কলকাঠি নাড়ছে। সে ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে কোনো আলোচনায় যাওয়ার অর্থ হলো পরোক্ষভাবে ভারতের সঙ্গেই আলোচনা করা। এটা ভাবা বোকামি হবে যে আমরা বসন্তকাল পর্যন্ত যুদ্ধ পিছিয়ে নেওয়ার কৌশল নেব আর ভারত সেটি বুঝতে পারবে না।
এরপর গুল বললেন, এই পরিস্থিতিতে কনফেডারেশন গঠনের বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে যেকোনো আলোচনা পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী ও অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। পূর্ব পাকিস্তানের নেতৃত্ব বরাবর বলে আসছে তাদের সোনালি আঁশ রপ্তানি করে পাকিস্তান প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে এবং দুই অংশের মধ্যে উন্নয়নেও কোনো সমতা নেই। কনফেডারেশনের বিষয়টি আলোচনায় এলে আওয়ামী লীগ দেশের সম্পদের সিংহভাগ দাবি করবে। এমনকি অস্থাবর সম্পদের মধ্যে বৈদেশিক মুদ্রার বড় অংশ ও সামরিক সম্পদের অর্ধেক তারা চাইবে। এটি পাকিস্তানের দুই অংশে ভারতের সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যই প্রতিষ্ঠা করবে, যা কোনোভাবেই পশ্চিম পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য হবে না।
গুল হাসান আরও যোগ করেন, রাষ্ট্রকাঠামোয় এ ধরনের মৌলিক পরিবর্তন আনতে যে জনগণের মতামত নেওয়া প্রয়োজন, সেটি সামরিক একনায়কের নেই এবং এ ধরনের যেকোনো উদ্যোগে পশ্চিম পাকিস্তানের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেবে, যা শক্তিশালী রাজনৈতিক প্রতিক্রিয়ায় রূপ নিতে পারে।
গুল তাঁর সামরিক বিশ্লেষণে উপসংহার টেনে বলেন, শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তান হাতছাড়া হবেই। কিন্তু পূর্ব ও পশ্চিম পাকিস্তান এভাবে বিচ্ছিন্ন হলে সামরিক বাহিনীর সর্বস্তরে বিদ্রোহ দেখা দেবে এবং তারা কাউকে ছাড় দেবে না।
গুল হাসানের দাবি, ‘আমরা যদি আমাদের কার্ড ঠিকমতো খেলতে পারি, তাহলে পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া যেতে পারে। যখন পূর্ব পাকিস্তানের পতন ঘটবে, আমাদের কর্তব্য হবে বেসামরিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠার অনুকূলে যেকোনো উপায়ে ইয়াহিয়াকে স্বেচ্ছায় পদত্যাগ করানো। তাতে অন্তত যাঁরা ইয়াহিয়ার সামরিক শাসনের সঙ্গে তেমন যুক্ত নন, তাঁরা রক্ষা পাবেন। যখন পূর্ব পাকিস্তানের পতন ঘটবে এবং পশ্চিম পাকিস্তানে একটি বেসামরিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে, তখন আমাদের ভুট্টোকে ক্ষমতায় বসানোর পরামর্শ দিতে হবে।’
এয়ার মার্শাল জানতে চান, পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ জনগণের রায় সত্ত্বেও ভুট্টোকে কেন পরামর্শ দিতে হবে? জবাবে গুল বলেন, এক বছর আগে তিনি নির্বাচিত হলেও জাতীয় পরিষদের কোনো অধিবেশন বসেনি। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলার জন্যই ভুট্টোর সামরিক বাহিনীর সহযোগিতা দরকার হবে।
গুল হাসান মনে করেন, সেনাপ্রধানের পদটি তাঁর (গুল হাসান) জন্য এবং বিমানবাহিনীপ্রধানের পদটি রহিম খানের জন্যই নির্ধারিত থাকবে।
এ ব্যাপারে ভুট্টো তাঁকে কথা দিয়েছেন বলেও তিনি জানান।
রহিম খান জিজ্ঞেস করেন, তিনি কীভাবে নিশ্চিত হলেন যে প্রেসিডেন্ট হওয়ার পর ভুট্টো তাঁর ওয়াদা রাখবেন? যেখানে ভুট্টো নিজেকে আইয়ুবের ‘পঞ্চম পুত্র’ বলে দাবি করেও তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। গুল হাসলেন এবং বললেন, ‘আইয়ুবের ঘটনা ভিন্ন। এটি আমার ওপর ছেড়ে দাও। ভুলে যেয়ো না পাকিস্তানে সেনাবাহিনীর প্রধানদের হাতে এমন কিছু থাকে, যা দিয়ে তাঁরা যেকোনো লোককে বোকা বানাতে পারেন।’
তাঁর শেষ মন্তব্য ছিল, ‘পানিতে যখন মাছ আছে, তখন আর দর-কষাকষি না করি।’
এরপর এয়ার মার্শাল তাঁর কাছে জানতে চান, বিষয়টি নিয়ে ভুট্টোর সঙ্গে আলোচনা হয়েছে কি না। গুলের জবাব, ‘কিছু কিছু বিষয় আলোচনা না করাই ভালো।’
এরপর ‘ত্রয়ী’ চীন থেকে দেশে ফিরে এলে ইয়াহিয়া খান তাঁদের সঙ্গে বৈঠক করেন এবং তাঁরা চীনের সর্বাত্মক সমর্থন পাওয়া গেছে বলে তাঁকে আশ্বস্ত করেন। ইয়াহিয়া তাঁদের সেই মিথ্যা আশ্বাসের ভিত্তিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন, যা ছিল তাঁর এবং পাকিস্তানের জন্য বিপর্যয়কর। (শেষ)
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]