ইয়েমেন যুদ্ধে যেন ট্র্যাজেডি, ভণ্ডামি ও প্রহসনের এক অনন্য সমন্বয় ঘটেছে। প্রথমত, হতাহতের সংখ্যার প্রসঙ্গে আসি: প্রায় ১০ হাজার মানুষ সেখানে প্রাণ হারিয়েছে, যার মধ্যে ৪ হাজার বেসামরিক। এর মধ্য দিয়েই আবার সেই নাম না–জানা ব্রিটিশ ও মার্কিন উপদেষ্টারা চলে আসেন, যাঁরা জানাজা, বাজার ও অন্যান্য দৃশ্যমান সামরিক টার্গেটে পরিচালিত সৌদি হামলায় ‘সহযোগিতা’ করতে পেরে সন্তুষ্ট।
এবার আসি সৌদি আরবের ব্যয় প্রসঙ্গে, ইয়েমেনে এই হামলা চালানো বাবদ যাদের মাসে ২৫ কোটি ডলার ব্যয় হচ্ছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ হিসাব দিয়েছে। অথচ সৌদি আরব নির্মাণ কোম্পানিগুলোর দেনা পরিশোধ করতে পারছে না। আবার ডার্ক কমেডির উপাদানও পাওয়া যায়: সৌদি আরবের হামলার লক্ষ্যবস্তুর তালিকায় গরু, খামার, ভুট্টাজাতীয় খাদ্যশস্য ও কৃষির নানা অবকাঠামোও আছে।
বস্তুত, আমাদের হাতে এ মর্মে প্রচুর তথ্য আছে যে, সৌদি আরব ও তার মিত্ররা—ধারণা করি, যাঁদের মধ্যে সেই ভয়ানক ব্রিটিশ উপদেষ্টারাও আছেন, উদ্দেশ্যমূলকভাবে ইয়েমেনের ছোট কৃষি খাতেও হামলা চালাচ্ছেন। তাঁরা যদি এতে সফল হন, তাহলে যুদ্ধ-পরবর্তী ইয়েমেনে শুধু খাবারের অভাবই দেখা দেবে না, সেখানে মানুষের বেঁচে থাকার জন্য পুরোপুরি খাদ্য আমদানির ওপর নির্ভরশীল হতে হবে। সন্দেহ নেই, এই আমদানির সিংহভাগ জোগানদাতা হবে উপসাগরীয় দেশগুলো, যারা এ মুহূর্তে ইয়েমেনে বোমা বর্ষণ করছে।
কথা হচ্ছে, ইয়েমেন বহুদিন ধরেই শিয়া ও ইরানের বিরুদ্ধে সৌদি আরবের প্রক্সি-যুদ্ধের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইরানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তারা ইয়েমেনের শিয়া গোষ্ঠী হুতিকে অস্ত্র দেয়, যদিও এর কোনো প্রমাণ নেই। সৌদি আরবের এই কৌশল মধ্যপ্রাচ্যের চলমান উপদলীয় ‘আখ্যানের’ অংশ হয়ে গেছে, নীরবে (যেমন, পূর্ব আলেপ্পোর বিদ্রোহীরা ‘ভালো’, আর মসুলের বিদ্রোহীরা ‘খুব খারাপ’)। একইভাবে ইয়েমেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলার জঘন্য ব্যাপারটাও এ রকম নীরবে গা সওয়া হয়ে গেছে।
একাডেমিক গবেষকেরা ইয়েমেন থেকে যেসব তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন, তাতে খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে, সৌদি আরবের ইয়েমেন অভিযানের একটি অংশ হচ্ছে, দেশটির গ্রামীণ জীবন-জীবিকা ধ্বংস করে দেওয়া।
লন্ডন স্কুল অব ইকোনমিকসের ইমেরিটাস অধ্যাপক মার্থা মুন্ডি ইয়েমেনের কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান জোগাড় করেছেন। এগুলো বিশ্লেষণ করে তিনি দেখেছেন, ‘সৌদি আরব ইয়েমেনের কৃষি অবকাঠামোতে হামলা চালিয়ে যে বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে, তা এখন স্পষ্ট হতে শুরু করেছে।’ তিনি দেখিয়েছেন, ইয়েমেনের কৃষি ও সেচ মন্ত্রণালয়ের একটি সতর্ক প্রতিবেদন অনুসারে, দেশটির ২০টি প্রদেশের ৩৫৭টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে আছে কৃষিখামার, প্রাণী, পানি অবকাঠামো, খাদ্যের গুদাম, কৃষি ব্যাংক, বাজার ও খাদ্যের ট্রাক।
এর মধ্যে ইয়াসনিম, সাদাহ্ প্রদেশের বাকিম জেলা ও মারানের কৃষিখামারও আছে। মুন্ডি এই হামলাগুলোর সঙ্গে ইয়েমেনের ডেটা প্রজেক্টের পরিসংখ্যানের তুলনা করেছেন। কিন্তু তিনি যে উপসংহার টেনেছেন, তাতে যে তিনি খুবই অসুখী, তা বোঝা যায়:
‘এফএওর তথ্যমতে, ইয়েমেনের মাত্র ২ দশমিক ৮ শতাংশ ভূমিতে চাষ হয়। এই সামান্য পরিমাণ কৃষিজমিতে হামলা চালাতে হলে টার্গেট ঠিক করতে হবে।’ ইতিমধ্যে সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। কিন্তু এ রকম স্থূলভাবে ইয়েমেনের জমি ও খাদ্যসম্ভারে হামলা চালানোর মধ্য দিয়ে সৌদি আরবের নির্মম প্রতিশ্রুতি ভঙ্গের তালিকায় আরও একটি অনুষঙ্গ যুক্ত হলো।
কিন্তু কথা হচ্ছে, সৌদি আরব জেনেভা কনভেনশনের আগস্ট ১৯৪৯-এর অতিরিক্ত প্রটোকল সই করেছিল, যেখানে সুস্পষ্টভাবে বলা আছে: ‘সুনির্দিষ্টভাবে বেসামরিক মানুষের জীবনযাপন অসম্ভব করে তোলা বা অন্য যেকোনো উদ্দেশ্যেই হোক না কেন, বেসামরিক মানুষের জীবনযাপনের জন্য অপরিহার্য উপাদান যেমন—খাদ্যবস্তু, কৃষিজমি (যেখানে চাষাবাদ ও প্রাণী চরানো হয়) ধ্বংস, আক্রমণ, সরানো বা তাকে অকার্যকর করা নিষিদ্ধ।’
বৈরুতে দেওয়া এক ভাষণে মুন্ডি ইয়েমেনের আগের অর্থনৈতিক নীতির কষ্টদায়ক পরিণতির রূপরেখা পেশ করেছেন। তিনি দেখিয়েছেন, সেই ১৯৭০-এর দশক থেকে সস্তা মার্কিন সাদা আটা ও অন্যান্য দেশ থেকে খাদ্য আমদানির ফলে স্থানীয় কৃষকেরা গ্রামীণ জীবন যাপন করতে নিরুৎসাহিত হয়েছেন (যেমন, জমিতে ধাপ সৃষ্টি করা ও ওয়াটার হাসবেন্ড্রি)। একই সঙ্গে, দেশটিতে সৌদি আরবের হামলার পরিণতি কী হতে পারে, তা-ও দেখিয়েছেন। তিনি বলেন, ‘এই তেল-ডলারের সেনা ও বিমানবাহিনী ইয়েমেনের শ্রমিকদের ফলানো সেই সব পণ্যসম্ভার ধ্বংস করে দিচ্ছে, যেগুলো আগের অর্থনৈতিক বিপর্যয়ের সময়ও টিকে গিয়েছিল।’
ধ্বংসপ্রাপ্ত খামার, কারখানা ও মৃত প্রাণীর প্রচুর ছবি পাওয়া যাচ্ছে, যেখানে এগুলো যুদ্ধোপকরণের সঙ্গে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ফলে কৃষকেরা বহুদিন ধরেই কাজে ফিরতে পারছেন না। মুরগি ও মৌমাছি পালনশিল্প একেবারেই ধ্বংস হয়ে গেছে।
এখন পর্যন্ত ইয়েমেনের অর্ধেকেরও বেশি মানুষ কৃষি ও গ্রামীণ পশুপালনের ওপর আংশিক বা পুরোপুরি নির্ভরশীল। অন্যান্য মন্ত্রণালয়ের ফাইল ঘাঁটাঘাঁটি করতে গিয়ে মুন্ডি বুঝতে পেরেছেন, কৃষিতে যান্ত্রিক সহযোগিতা প্রদান প্রশাসন বিভাগের ভবনও আক্রমণের শিকার হয়েছে। তিহামা ডেভেলপমেন্ট অথরিটি দেশটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই দপ্তরে সেখানকার উন্নয়ন উদ্যোগের লিখিত ইতিহাস সংরক্ষিত রয়েছে। তাদের কাজ হচ্ছে, সেচ অবকাঠামো তৈরি করা। এই দপ্তরে দুবার ভারী বোমা ফেলা হয়েছে।
কিন্তু আমি ধারণা করি, পৃথিবী এখন মধ্যপ্রাচ্যের একটি বা দুটি যুদ্ধ মেনে নিতে পারে। অথবা গণমাধ্যমও হয়তো একইভাবে এই একটি বা দুটি যুদ্ধে প্রচারণা দিতে সক্ষম। আলেপ্পো ও মসুলই যথেষ্ট। ইয়েমেনের ব্যাপারটা একটু বেশি হয়ে যায়। আর তারপর তো আবার লিবিয়া ও ‘ফিলিস্তিন’ আছেই…।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া।
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।