ঈদ ভালো কাটেনি এবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর ঈদের আগে বাড়ি ফেরার প্রতীক্ষা থাকে। ঈদে বাড়ি ফেরার সময় মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে বাড়িতে গিয়ে কী কী করব। প্রতিবছর ঈদে প্রিয়জন, বন্ধুদের সঙ্গে খুব ভালো একটা সময় কাটে। এত দ্রুত সময় কেটে যায়, কখন যেন ঢাকায় ফেরার সময় এসে যায় টেরই পাই না! লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় গ্রামের বাড়ির সেই মধুমাখা দিনগুলো তখন শুধু চোখের সামনে ভাসতে থাকে; আর মন বলতে থাকে, আরও কটা দিন থাকতে পারলে ভালো হতো!কিন্তু এবারের ঈদ আমার ভালো কাটেনি। ঈদের দিন রাত দেড়টার দিকে আমার এক প্রিয় বন্ধু মোটরসাইকেল দুর্ঘটনায় চলে গেছে না ফেরার দেশে। সেই রাতে সে অসুস্থ অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছিল, তখনই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। বন্ধুটি সারাক্ষণ আমাদের নানাভাবে হাসিঠাট্টায় মাতিয়ে রাখত। কিন্তু একটা সময়ে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন আমাদের বন্ধুটি রয়ে গেল গ্রামের বাড়িতেই। বাবার ব্যবসা দেখার দায়িত্ব বর্তাল তার ওপরে। এভাবে ব্যবসার দেখভাল করতে গিয়ে বন্ধুদের সঙ্গে যোগাযোগে কিছুটা ভাটা পড়ল। আর বেশির ভাগ বন্ধু দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একটা দূরত্ব তৈরি হলো সেই বন্ধুটির সঙ্গে আমাদের। বন্ু্লদের সঙ্গে এই দূরত্ব কাল হলো তার জীবনে। সঙ্গীহীনতার সময়ে সে নেশাসক্ত ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে। তাদের সঙ্গে ওঠাবসাও চলতে থাকে তার। কিন্তু এই খবর আমরা কেউই জানতে পারিনি তখন। দেখতাম, আমাদের সেই বন্ধুটি অন্যান্য বন্ধুদের এড়িয়ে চলছে। আমরা ভেবে নিতাম এটি নিছক কাজের ব্যস্ততা। কিন্তু এই এড়িয়ে চলা বাড়তেই থাকল।ঈদের দিনে আমরা ভিডিও এডিটিংয়ের কাজে ব্যস্ত ছিলাম একটি স্টুডিওতে। হঠাৎ খবর এল, আমাদের প্রিয় বন্ধুটি আর নেই। চোখের পানি ধরে রাখতে পারলাম না। নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছিল না। এ কী শুনলাম আমরা! বন্ধুরা রাতেই সবাই একে একে জড় হলাম তার বাড়িতে। পরদিন সকালে আমাদের প্রিয় বন্ধুটিকে চিরতরে বিদায় জানালাম। বন্ধু চলে যাওয়ার পর আমরা জানতে পারলাম, নেশার ভয়াল থাবায় আক্রান্ত ছিল সে। আমরা সিদ্ধান্ত নিলাম, সবাই মিলে নেশার বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করব। বন্ধুটি মারা যাওয়ার পরদিন রাতে আমরা মাইকে ঘোষণা দিলাম আগামীকাল অর্থাৎ ১১ নভেম্বর দুপুর ১২টা ৫০ থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত সবাই রাস্তায় দাঁড়িয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের হাতীবান্ধা উপজেলার অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ঈদের ছুটিতে সবাই এসেছেন গ্রামে। সবাই জড় হলাম একসঙ্গে। ‘মাদককে না’ শপথ নিয়ে সবাই আমরা বিভিন্ন মানুষকে ১০ মিনিট মাদকের বিরুদ্ধে দাঁড়ানোর কথা বললাম। সময় হওয়ার সঙ্গে সঙ্গে একে একে সব শ্রেণী-পেশার মানুষ রাস্তায় এসে দাঁড়িয়ে গেলেন। রিকশাওয়ালা যেমন তাঁর রিকশা থেকে নেমে এলেন, তেমনি বাসের চালক তাঁর বাস থামিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে হাতে হাত রাখলেন। মাদকের বিরুদ্ধে আমরা সবাই। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, মুদি দোকানদার—কেউই এই ১০ মিনিট তাঁদের কাজ করেননি। সবাই রাস্তায় দাঁড়িয়ে মাদকের বিরুদ্ধে তাঁদের নৈতিক সমর্থন প্রকাশ করেছেন। প্রশাসনের লোকজনও এই অবস্থান কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন। এই সময়ে তাঁরা মাদকের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত রাখার কথা বলেছেন। রাস্তায় নেমে রাজনৈতিক কর্মী, বিভিন্ন সংগঠন ও সমিতির সদস্যরাও মাদকের বিরুদ্ধে তাঁদের অবস্থানের জানান দেন। এই কর্মসূচির আয়োজক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর নেশাগ্রস্ত বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে যান। তাদের সঙ্গে কথা বলে মাদকের ভয়াবহতা সম্পর্কে তাদের বোঝান। তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেন যে তারা আর কখনোই মাদক গ্রহণ করবে না। অবস্থান কর্মসূচির পরদিন মাদকের বিরুদ্ধে মিছিল কর্মসূচিও করেছেন তাঁরা।একসময়ে আমাদের এই উপজেলাটিতে নানা ধরনের খেলাধুলায় মেতে থাকত সবাই। কিন্তু মাদকের সহজলভ্যতার ফলে অনেক তরুণ আজ মাদকাসক্ত। আমরা এক ছেলেকে জানতাম, যে সারাক্ষণ ফুটবল নিয়ে মাঠে পড়ে থাকত। লোকে তাকে ফুটবলের পাগল বলত। কিন্তু মাদকাসক্ত বন্ধুদের পাল্লায় পড়ে আজ সে তরুণ বিপদগ্রস্ত। আমাদের ভাবতে কষ্ট হয়, যখন মাদক সরবরাহের কাজে নারীদের পাশাপাশি শিশুদের ব্যবহার করার কথা শুনি। খারাপ লাগে। মাদক কোনো কিছুর সমাধান হতে পারে না—এই কথাটি সবার কানে পৌঁছে দিতে হবে। এভাবে একসময় অবস্থা বদলাবে। তখন আর কাউকে অকালে বন্ধু হারানোর কষ্ট পেতে হবে না। ভাসতে হবে না চোখের জলে...মোছাব্বের হোসেন