ঈদে বাড়ি ফেরার ভোগান্তি কমানো সম্ভব
প্রতিবছর দুই ঈদের আগে যাঁরা ঢাকা থেকে বাড়ি যান, তাঁদের যে কী অবস্থা হয়, তা আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি। আজ প্রথম আলোর প্রথম পাতায় বড় করে যাত্রীদের ভোগান্তির ছবি ছাপা হয়েছে। না খেয়ে, না দেয়ে, তিন ঘণ্টার রাস্তা ১০ ঘণ্টায় পাড়ি দিয়ে মানুষ বাড়ি যায়। যাত্রাপথের ভোগান্তির সঙ্গে যানবাহনের টিকিট পাওয়াও কঠিন কাজ। ফলে যাঁরা বাড়ি যান, তাঁদের বারোটা বেজে যায়, যার প্রভাব নানাভাবে অনুভূত হয়। সঙ্গে সন্তান থাকলে তো কথাই নেই। ফলে অনেকের কাছেই ব্যাপারটা আতঙ্কে পরিণত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও মানুষের এই বাড়ি যাওয়া যেন থেমে থাকে না, তাঁকে যেতেই হবে। গণমাধ্যমের ভাষায়, নাড়ির টানে ফিরছে মানুষ।
এ সময় আনুমানিক এক কোটি মানুষ ঢাকা ছাড়ে। একইভাবে বিপুলসংখ্যক মানুষ চট্টগ্রামে থেকে নিজ নিজ বাড়ি যান। মূলত ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ যানজট সৃষ্টি হয়।
অর্থাৎ দেশের এ দুটি বড় শহরেই বেশির ভাগ ঘরছাড়া মানুষের বসবাস। আমাদের শহর বলতে ঢাকা আর চট্টগ্রাম। আর সমস্যা মূলত এ কারণেই। দেশের বিভিন্ন প্রান্তে যদি বড় বড় কয়েকটি শহর থাকত, তাহলে মানুষকে আর কষ্ট করে ঢাকা ও চট্টগ্রামে থাকতে হতো না। যেমন রাজশাহী ও রংপুর বিভাগের মানুষ এক সময় ঢাকায় কম এলেও যমুনা সেতু চালুর পর এখন তাঁরা হরেদরে ঢাকা আসছেন। অথচ এই বিভাগে রাজশাহী, বগুড়া, রংপুর—এই তিনটি বড় শহর রয়েছে। এই শহরগুলোতে যদি পরিকল্পিতভাবে শিল্পায়ন করা যায়, তাহলে সেখানকার মানুষের আর ঢাকা আসার প্রয়োজন হবে না। কিন্তু আমাদের যেন সেদিকে নজর নেই। দেহের সব রক্ত যদি মুখে এসে জড়ো হয়, তাহলে সেটা যেমন সুস্বাস্থ্যের লক্ষণ নয়, তেমনি সব উন্নয়ন যদি রাজধানীকেন্দ্রিক হয়, তাহলে সেটা সুষম উন্নয়ন নয়।
আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকেও ঢাকায় অফিস করা কঠিন হয়ে উঠেছে। এ ছাড়া মানিকগঞ্জ ও টাঙ্গাইল থেকে তো ঢাকায় অফিস করার কথা চিন্তাও করা যায় না। অথচ উন্নত দেশগুলোতে মানুষ ২০০ কিলোমিটার দূর থেকেও অফিস করে। ফেসবুকে দেখলাম, বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে ঢাকা যেতেই ১২ ঘণ্টা সময় লেগেছে, অথচ পথ মাত্র দুই ঘণ্টার। টাঙ্গাইল জেলার বাসিন্দারা অনেক দিন থেকেই দাবি করছেন, ঢাকা-টাঙ্গাইল রুটে যেন আন্তনগর ট্রেন দেওয়া হয়। তাহলে অনেকেই হয়তো সেখান থেকে ঢাকায় অফিস করতেন, পরিবার-পরিজন নিয়ে ঢাকায় থাকতেন না। তাঁদের ঈদের ছুটির সময় সন্তানদের নিয়ে ১০-১২ ঘণ্টায় বাড়ি যেতে হতো না। এতে রাস্তার চাপ কমত। কিন্তু সে সুখ বোধহয় তাঁদের কপালে নেই! অর্থাৎ ঢাকার আশপাশে স্যাটেলাইট শহর গড়ে তোলা গেলে এ ভোগান্তি কিছুটা কমানো সম্ভব হতো।
এ পরিপ্রেক্ষিতে বলা যায়, পরিকল্পনা ও ব্যবস্থাপনাগত ভুলের কারণেও সমস্যাটা বাড়ছে। যেমন এ সময় অসাধু বাসমালিকেরা মহাসড়কে ফিটনেসবিহীন বাস নামিয়ে দেন, সেগুলোর মধ্যে একটি অকেজো হলেই সর্বনাশ। এ সময় মহাসড়কে পাঁচ মিনিট যান চলাচল বন্ধ থাকলে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। আবার আমাদের দেশের যোগাযোগব্যবস্থা মূলত সড়ককেন্দ্রিক। এটা যদি রেলকেন্দ্রিক হতো, তাহলে হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না। তবে সরকার এবার ঈদের ছুটির সঙ্গে নতুন ছুটি যুক্ত করায় ভোগান্তি কিছুটা কমেছে, যদিও সেটা আগে জানানো হলে মানুষের পরিকল্পনা করতে সুবিধা হতো।
মানুষ পরিবারের সঙ্গে সাধ্যমতো সময় কাটাতে চায়। ফলে এ রকম ছুটির আগে ও পরে রাস্তায় চাপ সৃষ্টি হবেই। পৃথিবীর সব দেশেই ব্যাপারটা কমবেশি এ রকম। কিন্তু ভুল পরিকল্পনা ও ভুল ব্যবস্থাপনার জন্য আমাদের এতটা ভুগতে হচ্ছে।