ঈদে বাড়ি যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরই ঈদের সময় বিপুলসংখ্যক মানুষ গ্রামের বাড়ি যায়। সড়ক-মহাসড়কে তাদের অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হয়। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে কখনো কখনো লঞ্চডুবিতে মানুষ মারাও যায়। যোগাযোগমন্ত্রী দু-তিন বছর ধরে বলছেন, আগামী বছর থেকে আর কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা শেষ হয় না।
এবারও যে সমস্যা হবে না, তার লক্ষণ দেখা যাচ্ছে না। অবশ্য সরকার ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। যেমন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রায় শেষের দিকে, ঈদের আগের দুই-তিন দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ রাখা প্রভৃতি। একই সঙ্গে সরকারকে ঈদের আগে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে। ফিটনেসবিহীন গাড়িগুলো সড়কে বিকল হয়ে পড়লে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এটা করলে পরিবহন মালিক ও শ্রমিকনেতারা ক্ষিপ্ত হতে পারেন। কিন্তু মানুষের সুবিধার কথা বিবেচনা করে সরকারকে এটা করতে হবে।
গত কয়েক দিনের অবিরাম বর্ষণে দেশের অনেক মহাসড়কের অবস্থাই নাজুক হয়ে পড়েছে। অনেক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সড়ক তলিয়ে গেছে। অনেক সড়কে যান চলাচল বন্ধও করে দেওয়া হয়েছে। ফলে সমস্যা কমার তো কোনো কারণই নেই, বরং এখনই যথাযথ ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ এখনই মেরামতের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যেসব বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে, সেগুলোও মেরামতের উদ্যোগ নিতে হবে। এই দুটি কাজ সরকারকে একসঙ্গে শুরু করে এই কয়েক দিনের মধ্যে ভালোভাবে শেষ করতে হবে। তা না হলে এবার মানুষের বাড়ি যাওয়ার দুর্ভোগ আরও বাড়বে।
লেখক: ব্যাংকার, ঢাকা।