ঈদে বাড়ি যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে ঢাকার মানুষ কীভাবে বাড়িতে যাবে? প্রতিবারের মতোই? বাসে গাদাগাদি করে অথবা ট্রেনের টিকিটের জন্য সারা রাত জেগে কমলাপুর স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে?
আমার নিজের এখন আর ঈদে কোথাও যাওয়ার তাড়া নেই। দাদা-দাদি, নানা-নানি বেঁচে থাকতে যেতাম। আমার ঈদে বাড়ি যাওয়ার স্মৃতি হচ্ছে, গাড়ির সামনের একজনের জন্য বসার সিটে ভাইয়া আর আম্মা, আম্মার কোলে আমি, পেছনের তিনজনের সিটে, আল্লাহ জানে, কতজন আত্মীয় বসে আছে আর আব্বা সামনে শক্ত হাতে ডাটসান গাড়িটা চালাচ্ছে। ভোরে ঘুমঘুম চোখে রওনা হতাম। পথে আরিচা ঘাটে অবধারিত জ্যাম, গন্ডগোল, কোন গাড়ি আগে ফেরিতে উঠবে, তা নিয়ে কথা-কাটাকাটি (তখনো ভিআইপিরা ছিলেন), মারামারি। অবশেষে বিকেলের দিকে দাদার বাসায় পৌঁছানো, বারান্দায় দাঁড়িয়ে থাকা দাদা-দাদিকে সালাম করে বাসায় ঢোকা।
যমুনার ওপর ব্রিজ হওয়ায় মানুষ এখন আর খুব একটা আরিচা-নগরবাড়ী ঘাট ব্যবহার করে না। তবে যাতায়াত সেক্টরে চরম অব্যবস্থাপনা, যানবাহনের স্বল্পতা, মাস্তানি আর কৃত্রিম ট্র্যাফিক জ্যামে এখন মানুষ যে খুব একটা আগে বাড়ি পৌঁছায়, তা ঠিক না। অনেক সময় তো দেখি, মানুষ আগের দিন ভোরে ঢাকা থেকে রওনা দিয়ে পরদিন বিকেলে বাড়ি পৌঁছায়!
মানুষের ঈদে বাড়ি যাওয়ার এই দুর্দশা কি কমবে না? প্রতিবারের মতো এবারও কি আমরা দেখব, কোনো এক রেলস্টেশনের মাস্টার টেলিভিশনে সাক্ষাৎকারে বলছেন, ‘সব ঠিক আছে, আমরা সব ব্যবস্থা রেখেছি। ঈদের বাড়তি চাপে যতটুকু করার তা করেছি।’ দেখব, বাসের মালিকেরা বেশি ভাড়া আদায় করছেন। হয়তো একজন মন্ত্রী-গোছের কেউ গাবতলীতে অযথা হাঁটাহাঁটি আর হম্বিতম্বি করবেন। লঞ্চের বেশির ভাগ টিকিট ‘ভিআইপিরা’ আগে থেকে বুক করে রাখবেন আর যন্ত্রণা ভোগ করবে আমাদের মতো মানুষ। এত কষ্টের পরেও কোনো প্রাইভেট টিভি চ্যানেলের সাংবাদিকের প্রশ্নের উত্তরে হাসিমুখে বলব, ‘না ভাই, ঠিক আছে। তাও তো ঈদে প্রিয়জনদের সঙ্গে দেখা হলো, তাই বা কম কী?’
যা-ই হোক, ঈদে বাড়ি যাওয়ার যন্ত্রণা সব দূর হয়ে যাবে, তা দাবি করছি না; কিন্তু মাথায় একটা সাময়িক সমাধান কয়েক দিন ধরে ঘুরপাক খাচ্ছে, যা আপনাদের সঙ্গে ভাগ করতে চাই।
আমরা সবাই জানি, ঈদে বাড়ি যাওয়ার সময় যে অব্যবস্থাপনা হয় তার একটা প্রধান কারণ যানবাহনের স্বল্পতা। অথচ ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের (সরকারি, বেসরকারি, কলেজ, ইউনিভার্সিটি) বাসগুলো তাদের নিজ নিজ লোকদের কর্মক্ষেত্রে প্রতিদিন আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়। এই বাসগুলো ঈদের ছুটির সময় অব্যবহৃত থাকে। বাসগুলো ঈদে কর্মচারীদের বাড়ি যাওয়ার জন্য ব্যবহার করা গেলে যাত্রার যন্ত্রণা কিছুটা কমবে।
উদাহরণ হিসেবে ঢাকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ের বাস ঈদের ছুটির শুরুতে ঢাকা থেকে দিনাজপুরে একটা ট্রিপ দিতে পারে। এই বিশ্ববিদ্যালয়ের যাঁরা উত্তরবঙ্গে যেতে চান, তাঁরা এই বাসটি ব্যবহার করবেন। যাঁর যাঁর বাড়ির কাছে নির্দিষ্ট স্টপেজে নেমে পড়বেন। ধরেন বগুড়ায় যিনি যাবেন, তিনি বগুড়ার বাইপাসে নেমে বাকি পথটুকু নিজের ব্যবস্থায় যাবেন। আবার ঈদের ছুটি শেষ হওয়ার আগের দিন বাসটি দিনাজপুর থেকে ঢাকায় আসবে। যাওয়ার সময় যাঁরা বাসটি ব্যবহার করেছেন, তাঁরাই আবার নির্দিষ্ট জায়গা থেকে বাসে উঠে ঢাকায় চলে আসবেন। একইভাবে আরেকটি বাস হয়তো ঢাকা থেকে খুলনার দিকে যাবে, ঈদের পরে ফিরে আসবে একই রাস্তা ধরে। এই বাস শুধু সেই প্রতিষ্ঠানেরই লোক এবং তাঁর পরিবার ব্যবহার করবেন। বাসের খরচের টাকার জন্য টিকিটের ব্যবস্থা থাকবে।
এই ব্যবস্থা চালু করা খুব সহজ হবে, তা দাবি করছি না। কারণ এটা একটা বিরাট ব্যবস্থাপনার ব্যাপার। তবে এটা সম্ভব যদি আমাদের সদিচ্ছা থাকে। প্রতিষ্ঠানগুলোকে আগে থেকেই ঠিক করতে হবে—
১. তাদের বাসগুলো দূরপাল্লার রাস্তায় যাওয়ার জন্য উপযোগী কি না?
২. রুটগুলো ঠিক করতে হবে। আমার মতে, শুধু জাতীয় হাইওয়ে ব্যবহার করাই ঠিক হবে।
৩. বাসটি গন্তব্যে পৌঁছানোর পর ঈদের ছুটির সময় কোথায় থাকবে? এ ব্যাপারে সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা সাহায্য করতে পারেন।
৪. বাসে কতজন যাবেন? অথবা কোথায় যাবেন? এসব ব্যাপারে প্রতিষ্ঠানে একটা জরিপ চালানো যেতে পারে।
এই ব্যবস্থা যদি আমরা সফলভাবে চালু করতে পারি, তাহলে সন্দেহ নেই যে এতে সাধারণ মানুষের ঈদে বাড়ি যাওয়ার যন্ত্রণা কিছুটা কমবে। কারণ, প্রতিষ্ঠানগুলোর লোকেরা যদি নিজ নিজ সংশ্লিষ্ট বাস ব্যবহার করেন, তাহলে বিদ্যমান বাসগুলোর ওপর চাপ কমবে আর সবাই এর সুফল ভোগ করবেন।
জাকিউল ইসলাম: স্থাপত্য বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।