
এবার ঈদুল আজহার আনন্দের দিনে নেমে আসে গভীর বিষাদের ছায়া। পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে মক্কার অদূরে মিনায় পদদলিত হয়ে নিহত হয়েছেন ৭৬৯ জন হাজি এবং আহত প্রায় দেড় হাজার। নিহত হাজিদের মধ্যে বাংলাদেশি অনেকেই আছেন। এর আগে ১১ সেপ্টেম্বর মসজিদ আল হারামে ক্রেন ভেঙে ১১১ জন হাজি নিহত হন।
বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। ১৯৯০ সালে মক্কার এক টানেলে পদদলিত হয়ে মারা গিয়েছিলেন ১ হাজার ৪২৬ জন হাজি। ভারতের কুম্ভমেলায় এবং বিভিন্ন মন্দিরে বিভিন্ন সময় হতাহত হয়েছেন অগণিত পুণ্যার্থী। পবিত্র হজ পালনের সময় অনেকবারই ছোট-বড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু হাজি। আমাদের দেশে লাঙ্গলবন্দে এবার বেশ কয়েকজন পুণ্যার্থী পদপিষ্ট হয়ে মারা যান। পঙ্কজ ভট্টাচার্য এবং আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, অপরিসর জায়গায় অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনাটি ঘটে। মিনার ঘটনাটি যে কর্তৃপক্ষের অনিচ্ছাকৃত অবহেলা ও অব্যবস্থাপনায় ঘটেনি, তা কেউ মনে করছেন না।
প্রিয়জনের উপস্থিতিতে মৃত্যুটা যেন সব মানুষের শান্তিপূর্ণ হয়, সেটাই জাতি-ধর্ম-বর্ণ এবং ভাষাভাষীনির্বিশেষে সব মানুষের কাম্য। শেষকৃত্যটাও যেন যথাযথ ধর্মীয় মর্যাদা ও সামাজিক রীতিতে হয়, সেটাও সবার প্রত্যাশা। বহুদিন আগের একটি ঘটনা ভুলতে পারিনি। আমাদের এলাকার একজন হজ পালন শেষে জাহাজে দেশে ফিরছিলেন। সমুদ্রে অবস্থানকালেই তাঁর মৃত্যু হয়। তখন যোগাযোগের এখনকার মতো ব্যবস্থা ছিল না। তাঁর সফরসঙ্গীরা দেশে এসে জানান, জাহাজেই জানাজা দিয়ে কাফন পরিয়ে শরীরে পাথর ও ইট বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় মরদেহ। তাঁর মৃত্যুর খবরে কষ্ট পাইনি, কিন্তু কোনো অজ্ঞাত কারণে মরদেহ সমুদ্রে ফেলে দেওয়ার কথায় আমার চোখে পানি আসে। জিজ্ঞেস করেছিলাম: ইট-পাথর বেঁধে কেন? জবাব ছিল: যাতে ওই মরদেহ সমুদ্রের তলদেশে মাটি পর্যন্ত যেতে পারে।
দেশে দেশে যুদ্ধ-সংঘাত, মৃত্যু-অপমৃত্যু প্রতিদিনই হচ্ছে। পদদলিত হয়ে মৃত্যু খুবই মর্মান্তিক ব্যাপার। যাঁরা জীবনের একটি মহৎ আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে এই করুণ পরিণতি বরণ করলেন, এর জন্য যাঁরা দায়ী, তাঁরা ক্ষমা না চাইলে আমরা তাঁদের ক্ষমা করব না। যাঁরা আহত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন, সৌদি সরকার তাঁদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করবে, সেটা আমাদের প্রত্যাশা। নিহত হাজিদের প্রিয়জনদের দুঃসহ শোকের মুহূর্তে আমরা শুধু গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করতে পারি, তার বেশি কিছু নয়। নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন কয়েকজন নারী। আমাদের দাবি ও প্রত্যাশা, নিহত ব্যক্তিদের মরদেহ তাঁদের প্রিয়জনদের হাতে তুলে দেওয়া হবে তাঁদের পছন্দমতো শেষকৃত্য ও যথাযথভাবে সমাহিত করার জন্য।
দুই ঈদই হলো ধর্মীয় উৎসব। কিন্তু সব ধর্মীয় উৎসবই শুধু ধর্ম নয়, তার সঙ্গে সমাজ ও জাতীয় সংস্কৃতির সম্পর্ক গভীর। আমি আমার জীবনের অনেকগুলো ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় দেশের বাইরে ছিলাম, ইচ্ছা করে নয়, অনিবার্য কারণে। কখনো কলকাতা বা দিল্লিতে, একবার করাচিতে, একবার কুয়ালালামপুর, একবার সিঙ্গাপুর। একবার ক্রিসমাসের সময় লন্ডনে। আর একবার ক্রিসমাসের অব্যবহিত পরে ছিলাম বার্লিনে। কয়েকবার দুর্গাপূজার সময় ছিলাম কলকাতায়। দুর্গাপূজার সময় কলকাতা এক নতুন সাজে সজ্জিত হয়।
আর্থসামাজিক কারণে ধর্মীয় উৎসব সবার জন্য সমান খুশির বার্তা বয়ে আনে না। যারা ৬৫ হাজার টাকা দিয়ে কাতান বা সাউথ ইন্ডিয়ান শাড়ি বা ৯০ হাজার টাকায় লেহেঙ্গা কিংবা ৪২ হাজার টাকা দিয়ে পাঞ্জাবি বা ৩২ হাজার টাকা দিয়ে জুতা কিনেছেন ঈদ উপলক্ষে, তাঁদের আনন্দ আর যে ব্যক্তি আগের দিন সন্ধ্যায় পাঞ্জাবি বা জামাটা সাবান দিয়ে ধুয়ে রাতে শুকিয়ে সকালে তা গায়ে দিয়ে ঈদের জামাতে শরিক হয়েছেন, তাঁর আনন্দ বা খুশি সমান হবে না। দেড় লাখ বা ১৬ লাখ টাকা দিয়ে যিনি কোরবানির গরু কিনেছেন, তাঁর আর যেসব নারী-পুরুষ কোরবানির মাংসের আশায় কারও বাড়ির দরজায় গিয়ে দাঁড়ান, তাঁদের ঈদের আনন্দ একেবারেই দুই রকম।
আমি ঈদের দিন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকার কয়েকটি রাস্তায় পথবাসীদের ঈদ দেখতে ঘুরেছি। রাস্তার পাশে যাঁরা ভাত-তরকারি বিক্রি করেন, অনেকে যাঁদের মর্মান্তিক পরিহাস করে বলেন ‘ইটালিয়ান হোটেল’ (রাস্তার পাশে ইটে বসিয়ে খদ্দেরকে খেতে দেন যেসব দোকানি তাঁদের হোটেল), সেসব হোটেলেও ঈদের দিন তেহারি রান্না হয়েছে। পুরান ঢাকা ও নিউমার্কেটের কাছে দেখলাম সারি সারি মানুষ বসে খাচ্ছে। অনেকের পাতে চালটা আছে, হাড্ডির মতো কিছু একটা থাকলেও গোশতের লেশমাত্র নেই। কেউ থালা হাতে কাতর দৃষ্টিতে দোকানির দিকে তাকিয়ে আছে। তার চোখের ভাষা বুঝে যদি নারী বা পুরুষ দোকানি এক টুকরো মাংস দিতেন, তাহলে খদ্দের বর্তে যেত। কিন্তু ফুটপাতের হোটেলের মালিক সে পাত্রী/পাত্র নন এবং অত গোশত তাঁর হাঁড়িতে নেইও।
ঈদের পরদিন গিয়েছিলাম গ্রামের দিকে। ঢাকার মতো ঘরে ঘরে কোরবানি গ্রামে হতে দেখিনি। গত ২৫ বছরে বাংলাদেশের গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। অধিকাংশ মানুষের সচ্ছলতা নেই, কিন্তু অভাবের কারণে হাহাকারও নেই। মহাসড়কের অবস্থা খারাপ না হলেও গ্রামের দিকে এলজিইডির অধিকাংশ রাস্তাই ভালো নয়। তবু প্রত্যন্ত গ্রামের পথেও গাড়িতে যাতায়াত করা যায়। ঈদের পরদিন বিকেলে ও সন্ধ্যায় দেখি শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী এবং বয়স্ক নারীরা দলে দলে ভালো কাপড়চোপড় পরে ঘুরে বেড়াচ্ছেন। পল্লির জনপদে বিনোদনের ব্যবস্থা নেই, ঘুরে বেড়ানোতেই আনন্দ। তবে ঈদ উপলক্ষে ঐতিহ্যবাহী বিনোদনের আয়োজনও চোখে পড়ে। যেমন শিবালয় উপজেলার নালী গ্রামে দেখা গেল লাঠিখেলা।
গ্রামগুলোতে এখন সারা দিন দাপিয়ে বেড়ায় মোটরসাইকেল। মোটরগাড়ি ও মোটরসাইকেলে ভরে গেছে দেশ। দুঃখ শুধু এটুকুই যে অধিকাংশ মোটরসাইকেল বাংলাদেশের তৈরি নয়। বর্তমানে কয়েকটি কোম্পানি দেশে মোটরসাইকেল তৈরি করলেও তা চাহিদার তুলনায় কম। ফলে আমদানি করতে হচ্ছে। স্বাধীনতার আগে তো প্রগতি ইন্ডাস্ট্রিজ মোটরগাড়িই তৈরি করছিল, যে গাড়ির নাম ছিল ভক্সহল ভিভা। প্রগতি ইন্ডাস্ট্রিজ ধ্বংস হয়ে গেলেও আমাদের সামাজিক প্রগতি হয়েছে যথেষ্টই। গাঁয়ের পথে কেউ মোটরসাইকেলে বউ-বাচ্চা নিয়ে ছুটছে। কারও মোটরসাইকেলের পেছনে বোন বা বান্ধবী। পেছনের সিটে বসা যুবতী তার ডান হাত দিয়ে চালকের পেট জড়িয়ে ধরে আছে। বাঁ হাতটি আলতো করে চালকের কাঁধে আড়াআড়ি করে রাখা। যুবতীর মুখ চালকের ঘাড়ের কাছে। এ রকম যাত্রায় ‘পথ যদি না শেষ হয়’ তবেই তো ভালো। দেশটা হয়ে ওঠে স্বপ্নের দেশ। সুচিত্রা সেন ও উত্তমকুমারের সিনেমার মতো জীবন। যান হিসেবে রোমান্টিক জুটিদের মোটরসাইকেলই পছন্দ। এই বাহনে পিঠে ছাড়া অত নিবিড়ভাবে, ঘনিষ্ঠভাবে অন্য কোনো গাড়িতে বসার সুযোগ নেই।
সুতরাং রোমান্টিক তরুণ-তরুণীরা বলবেই: মোটরসাইকেল জিন্দাবাদ।
ভালো কাপড় পরে শিশু ও কিশোর-কিশোরী-যুবতীদের যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের সব জামাকাপড়ই যে এবারের ঈদে কেনা তা নয়। কারওটি গত ঈদের। লক্ষ করেছি, লম্পট-বখাটে গোছের ছোকরাদের কেউ কোনো কিশোরী বা যুবতীর কাছে গিয়ে বিশ্রী ভঙ্গিতে কাত হয়ে দাঁড়ায়। হাতে দুটি মোবাইল ফোনসেট। একটি সচল, অন্যটি অচল। লোককে দেখানো যে আমার দুটি ফোন আছে। লালসার দৃষ্টিতে এমনভাবে মেয়েদের দিকে তাকায় তা দেখে পিত্তি জ্বলে অনেকের। বাঙালি নারীর এখন ওই একটিই বড় শত্রু।
গ্রামের প্রতিটি মোড়ে মনিহারি দোকান। চানাচুর ও চিপসের সুদৃশ্য প্যাকেট দিয়ে দোকানগুলো সাজানো। দেখে মনে হয় কত জিনিসপত্র দোকানে। বিক্রিও হয় দেদার। গ্রামের অনেকেরই কিছু করার নেই, তাই একটি দোকান খোলে। কিছুদূর পরপরই চায়ের দোকান। তার কোনো কোনোটিতে টিভি চলছে। লোকজন জড়ো হয়ে বসে দেখছে বাংলাদেশ বা ভারতের কোনো টিভি চ্যানেল।
সন্ধ্যার পর গ্রামের বাজারগুলোতে আড্ডা বসে। প্রযুক্তির কল্যাণে সারা দুনিয়ার খবর রাখে বাংলার মানুষ। রাজনীতির প্রসঙ্গ তাদের খুবই প্রিয়। শেখ হাসিনা নিউইয়র্কে কী বলছেন, খালেদা জিয়া কী করছেন লন্ডন গিয়ে, সব তাদের জানা। বিবদমান রাজনীতি থেকে ধর্মীয় উৎসবও মুক্ত থাকে না। মুখ দেখাদেখি নেই, একে অপরের সর্বান্তঃকরণে অকল্যাণ কাম্য। কিন্তু ঈদের আগে ঈদকার্ডটা এপিএসের হাতে সংবাদকর্মীদের উপস্থিতিতে রাজনৈতিক প্রতিপক্ষের অফিসে পাঠিয়ে দেন। ওই কার্ড বিনিময় দেখেই মিডিয়া বলে: আহা, কী সম্প্রীতি। অথচ সবচেয়ে ভালো হতো যদি ঈদের দিন এক নেতা আরেক নেতার সঙ্গে দুপুরে হোক বা রাতে হোক একসঙ্গে খেতেন। দেশি মুরগির কোর্মার বাটি থেকে সিনার টুকরাটি হোস্ট তাঁর গেস্টের প্লেটে তুলে দিতেন। অথবা বলতেন, আর একটু জর্দা বা ফিরনি নিন। বিভেদের রাজনীতির ইতরামি না থাকলে মানুষের জীবন এই বাংলায় হতো আরও সুন্দর, আরও প্রেমপ্রীতিময়।
সন্ধ্যার পর শারদীয় জ্যোৎস্নায় গাঁয়ের পথে হাঁটছিলাম। হঠাৎ এক পরিচিত ঘ্রাণে দাঁড়ালাম। বরইগাছে ফুল ফুটেছে। শৈশবে আমাদের থাকার ঘরের জানালার পাশে একটি বরইগাছে অমন ফুলের গন্ধ পেতাম। ষাট বছর আগের সেই ঘ্রাণ আমাকে স্মৃতিকাতর করে তোলে। সেই গ্রাম আর নেই, কিন্তু বরইগাছের ফুলের ঘ্রাণটা আছে।
গ্রামের মানুষের জীবনেও এখন সচ্ছলতা এসেছে। কিন্তু আগের সেই প্রাণ যেন নেই, যা আছে তা জৌলুশ। বাংলার কোটি কোটি মানুষের মতো আমিও আমার সেই জীবন হারিয়েছি। কোনো দিন আর তাকে ফিরে পাব না। বিশ্বায়নের সুনামির ধাক্কা। বিশ্বায়ন আজ এক অপদেবতার মতো আমাদের ওপর চেপে বসেছে। বিশ্বায়ন চাই না—চাই বঙ্গায়ন।
সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক৷