ঈদের কেনাকাটায় বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে নগরের খেলার মাঠগুলোতে বসে নানান রকম পণ্য বেচাকেনার উৎসব। শাড়ি থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় এসব জায়গায়। বিপণিবিতানগুলোতেও এর মধ্যে ভিড় বাড়তে শুরু করেছে। একেকজন খালি হাতে ঢুকছে আর হালি হালি ব্যাগভর্তি কেনাকাটা করে ফিরছে। কিন্তু এই কেনাকাটায় কোনো বই থাকে না। এত বড় একটা উৎসব। চারদিকে এত কেনাকাটার ধুম। অথচ বইয়ের দোকানগুলোতে ঘুম ছাড়া যেন কিছু নেই। নেই কোনো বেচাকেনা। এ সময় কেউ দোকানগুলোয় ভুলেও ঢুঁ মারে না। তবে এবার ঘটা করে বই কেনার সুযোগ মিলেছে। ঈদ উপলক্ষে গণগ্রন্থাগার চত্বরে বসেছে ‘ঈদ বই উৎসব’। উৎসবের প্রতিপাদ্য হচ্ছে ‘বই হোক ঈদ আনন্দের সঙ্গী’। শতকরা ৩০ ভাগ ছাড়ে বিক্রি হচ্ছে নতুন নতুন বই। তাই এবারের ঈদের কেনাকাটার তালিকায় পছন্দের বইও থাকছে অনেকের। উৎসবের স্টলগুলোয় নতুন নতুন বইয়ের সমাহার বসেছে। ঝকঝকে প্রচ্ছদগুলো নজর এড়াতে পারছে না পাঠকের। উপন্যাস, প্রবন্ধ, গল্প, কবিতা, শিশুসাহিত্যসহ বিভিন্ন বইয়ে সাজানো স্টলের টেবিলগুলো। উৎসবে চলচ্চিত্র সম্পর্কে বই ঘাঁটছিলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা পার্থিব রাশেদ। ব্যতিক্রমী এই আয়োজন সম্পর্কে তিনি বলেন, ‘বই কেনাটা আমার নেশা। নতুন কোনো বই দেখলেই কিনে পড়ার চেষ্টা করি। তবে ঈদের বাজেটে কোনো বই ছিল না। তবে উৎসবে এসে একটা বাজেট ঠিক করে ফেলেছি বই কেনার জন্য।’ আয়োজক সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্রের প্রকাশক খোন্দকার সোহেল জানান, উন্নত দেশগুলোতে বিভিন্ন উৎসব ঘিরে বইমেলা হয়ে থাকে। সারা বছরই বই বিক্রি হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে একুশে বইমেলাকেন্দ্রিক হয়ে গেছে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। একুশে বইমেলার সময় ঘুম হারাম হয়ে যায়। আর অন্য সময় ঘুমে ঘুমে সময় কাটাতে হয়। এ জন্য বই প্রকাশনা প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে পারছে না। তাই একুশে বইমেলার বাইরেও সারা বছরই পাঠকের হাতের কাছে বই পৌঁছে দিতে এমন আয়োজন। ঈদ বই উৎসব গত বছর ঈদের আগে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে ছোট পরিসরে বসেছিল। পাঠকের ব্যাপক সাড়ায় এবার ঈদে বই উৎসবের পরিসর বৃহৎ আকার ধারণ করে। তিনি বলেন, ‘আমরা সারা বছরই পাঠকের কাছে থাকতে চাই। সৃজনশীল প্রকাশনা জগৎকে আরও গতিশীল করতে বই উৎসবের কোনো বিকল্প নেই। আমরা চাই, শুধু একুশে বইমেলায় নয়, সারা বছরই বই প্রকাশিত হোক। পাঠকের কাছে পৌঁছাক।’শাহবাগে আড্ডা দিতে এসে কিংবা ঘুরতে এসে অনেকেই উৎসবের খবর পাচ্ছেন। এতে তাঁদের কেউ কেউ বই কিনছেন। অফিস শেষে আড্ডা দিয়ে উৎসবে একটা চক্কর দেন ছড়াকার জগলুল হায়দার। তিনি বলেন, ‘ঈদকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন খুবই প্রশংসনীয়। এতে অনেকেই বই কিনতে উৎসাহী হবে। প্রতিবছরই এমন আয়োজন হওয়া উচিত। তা হলে একসময় ঈদের কেনাকাটায় বইও থাকবে।’ পাঠকের সাড়া বেশ পাওয়া যাচ্ছে, তা উৎসব প্রাঙ্গণে পা ফেলতেই টের পাওয়া যায়। অনেক পাঠকই ভিড়ছেন ব্যতিক্রমী এই ঈদ আয়োজনে। এমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান সদ্য প্রয়াত জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের হিমু সমগ্র দেখছিলেন। তিনি বলেন, ‘ঈদের কেনাকাটা করতে গিয়েছিলাম আজিজ মার্কেটে। কিন্তু আগে জানলে প্রিয় লেখকের কিছু বই কিনতে পারতাম। এখন টাকা শেষ। তবে বই পছন্দ করে যাচ্ছি, কাল এসে কিনব।’ একুশে বইমেলায় কখনো বই পছন্দ করে কেনার সুযোগ হয় না। এমন সুযোগ এখন ঈদ বই উৎসবে। খোলামেলা পরিবেশে নিজের ইচ্ছেমতো বই বেছে কিনতে পারছেন পাঠকেরা।উৎসবের অংশ হিসেবে প্রতিদিন থাকছে কোনো অনুষ্ঠান। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি, সংগীত পরিবেশন, চলচ্চিত্র প্রদর্শনী, কবিতাসন্ধ্যা, লিখন-পঠন কর্মশালা, লেখক-প্রকাশক-পাঠক-সাংবাদিক ভাবনা বিনিময় যথাক্রমে অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বসবে ছড়াপাঠের আসর। আগামীকাল উৎসব শেষের দিনে শামসুর রাহমান স্মরণে নিবেদিত কবিতা আবৃত্তি এবং লোকসংগীত ও বাউলসংগীত পরিবেশিত হবে।ঈদ বই উৎসবের আয়োজন করেছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘ভাষাচিত্র’ ও সাংস্কৃতিক সংগঠন ‘বাঙ্ময়’। সহযোগিতা করেছে দৈনিক আমাদের সময় ও ল্যাবএইড। উৎসবে অংশগ্রহণ করেছে যথাক্রমে অনন্যা, অনিন্দ্য প্রকাশ, অ্যাডর্ন, আগামী, ঐতিহ্য, বাংলাপ্রকাশ, জাগৃতি, নালন্দা, নিমফিয়া, পলল, পাঠক সমাবেশ, বর্ণায়ন, জিনিয়াস, চারুলিপি, বিজয়প্রকাশ, বিভাস, ভাষাচিত্র, ম্যাগনাম ওপাস, মুক্তদেশ, মূর্ধন্য, র‌্যামন, শ্রাবণ, সময়, সূচিপত্র, সদর, হাক্কানী পাবলিশার্স। এ ছাড়া রয়েছে লিটলম্যাগ কর্নার ও অনলাইন বই বিক্রির প্রতিষ্ঠান ‘রকমারি ডট কম’। রকমারি ডট কমের স্টলে প্রতিদিন থাকছে কুইজ কুপন। কুইজ বিজয়ী তিনজনের জন্য রয়েছে ২০০ টাকা মূল্যের বই।উৎসবের দুয়ার খোলা থাকছে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। আগামী ২৩ অক্টোবর মেলার শেষ দিন। তাই দেরি না করে এখনই রওনা দিন বই উৎসবে। অন্যান্য পণ্যের মতো বইয়ের জায়গা হোক আপনার ঈদের কেনাকাটার তালিকায়।তানজিল আহমদ