
উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরে ডিফথেরিয়ায় মৃত্যুর ঘটনা বাড়ছেই। বাঘ এলেও ভয়ের কিছু নেই; আতঙ্কিত না হওয়ার জন্য যথারীতি পরামর্শ দিয়েছেন অধিদপ্তর। এটা একটি বিধিবদ্ধ অভয়বাণী। উড়োজাহাজের ডানা ভেঙে গেলেও ককপিট থেকে যাত্রীদের উদ্দেশে এ ধরনের অভয়বাণী বর্ষিত হয়ে থাকে; আতঙ্কিত না হওয়ার জন্য কাকুতিমিনতির পাশাপাশি বকাঝকারও নজির আছে। উড়োজাহাজের ব্ল্যাকবক্সের বদৌলতে এসব জানা হয়ে গেছে। অবস্থা যতই বেগতিক হয়, হতাশ কর্তৃপক্ষ ততই বেচইন হয়ে ওঠে আর মারমুখী অভয়বাণী শোনাতে থাকে। লাশের মিছিল ক্রমে দীর্ঘ হচ্ছে, আক্রান্ত ও মৃত ব্যক্তির মধ্যে শিশু, বয়স্ক মানুষ, নারী, পরিণত—সব বয়সের মানুষ আছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বোস্টনের একজন নামী প্রবাসী বাংলাদেশি চিকিৎসকের সঙ্গে ঢাকায় দেখা হলে তাঁকে বড়ই চিন্তিত মনে হলো। দলবল নিয়ে নিজেদের অর্থায়নে শরণার্থীশিবিরে তাঁরা কাজ করছেন। তাঁর দুশ্চিন্তার কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে: ১. দায়িত্বে থাকা লোকজন কীভাবে বলতে পারেন, ‘আমরা হাম, রুবেলা, পলিও, কলেরা নিয়ে ভেবেছি, কিন্তু ডিফথেরিয়া আমাদের চিন্তায় ছিল না! (আমরা কি এক চোখের হরিণ? বাঘকে চোখে চোখে রাখতে গিয়ে কুমিরের কথা খেয়াল থাকে না!) ২. বড়রা, মানে পূর্ণবয়স্ক মানুষ সাধারণত ডিফথেরিয়ায় আক্রান্ত ও মারা যাওয়ার নজির খুবই বিরল—উখিয়ায় প্রথম ধাক্কায় এ রকম ঘটা উদ্বেগের বৈকি! ৩. কোনটাকে আগ্রাধিকার দেওয়া হবে কোনটাকে নয়, এই বিবেচনায় কোনো কাজ হচ্ছে কি না বোঝা মুশকিল। অনেক ঢাকঢোল পিটিয়ে যে কলেরা ভ্যাকসিন দেওয়া হলো, তা এখনো পরীক্ষা-নিরীক্ষার ঘেরাটোপ খুব সার্থকতার সঙ্গে পার করতে পারেনি। তার ওপর ফলোআপ ডোজের সুরাহা না করেই এত টাকা কেন খরচ করা হলো?
অনেকেই বলবেন, টাকা তো যাদের ওষুধ তাদের, আমাদের কী ক্ষতি—একটু ফুটিয়ে দেখলাম আওয়াজ কেমন? অসহায় মানুষের ওপর এমন পরীক্ষা-নিরীক্ষা যে অন্যায়, তা আমাদের কে বলে দেবে? যে টাকা (যারই হোক) আমরা কলেরার পেছনে ঢাললাম (৮ ডলার করে প্রতিটি মোট ৯ লাখ আর, প্রচারণার জন্য ১ মিলিয়ন ডলার), তার অনেক কম খরচে ডিফথেরিয়ার নটেগাছটা মুড়িয়ে দেওয়া যেত। যেসব কোম্পানি তাদের লবিস্টদের মাধ্যমে আমাদের তাওয়ায় রুটি সেঁকে (মতান্তরে ভেজে) দিন গুজরান করতে চায়, তাদের হাত থেকে অসহায় শিশু আর শরণার্থীদের কে রক্ষা করবে? নন্দলাল কি?
ভুলে গেলে চলবে না, সোভিয়েত ইউনিয়ন হঠাৎ বদলে যাওয়ার হাওয়ায় গা ভাসিয়ে রঙিন রাশিয়া হওয়ার সময় ডিফথেরিয়ায় আক্রান্ত হয়ে প্রায় পাঁচ হাজার মানুষ মারা যায়! গুরুত্ব না দেওয়ায় একই ধরনের ঘটনা ঘটেছে খোদ মার্কিন মুলুকে। ১৯৯৬ সালে দক্ষিণ ডেকোটায় প্রায় একই সময়ে ১১ জন আক্রান্ত ব্যক্তি মারা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার টনক
কক্সবাজারের ডিফথেরিয়া পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুবই চিন্তিত। তারা তাদের উদ্বেগ নিয়ে আর ঢাক ঢাক গুড় গুড় না করে রীতিমতো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে শঙ্কা করেছে। তারা বলছে, অবস্থাটা সমস্যার বিশাল পাহাড়ের সামান্য চূড়ামাত্র—‘দিজ কেসেস কুড বি জাস্ট দ্য টিপ অব দ্য আইসবার...।’ বলতে ইচ্ছা করে, এত দিন কোথায় ছিলেন? এ কথা কি আপনাদের অজানা ছিল যে এক জায়গায় চরম অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিষেধক টিকা না নেওয়া মানুষ গাদাগাদি করে থাকলে ডিফথেরিয়ার মতো রোগবালাইয়ের প্রাদুর্ভাব সময়ের ব্যাপারমাত্র। একবার এসবের আগমন ঘটলে তা যে বনের আগুনের মতো নিয়ন্ত্রণহীনভাবে ক্যাম্প থেকে গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়বে, তা বোঝার জন্য কি কনসালট্যান্ট হওয়া লাগে? না শর্তাদিসহ চুক্তি বা কন্ট্রাক্ট করে নিতে হয়?
যা-ই হোক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে তারা এক হাজার ভায়েল অ্যান্টিটক্সিন (ডিফথেরিয়া আক্রান্ত মানুষের নিরাময়ে প্রয়োগ করা হয়) জোগাড় করেছে। তবে আগামী জুমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিকমতো চিকিৎসা না হলে আক্রান্ত শিশুদের মধ্যে প্রতি দুজনে একজন মারা যেতে পারে; চিকিৎসা দিলেও পূর্ণবয়স্কদের ক্ষেত্রে প্রতি দশজনে একজনের মৃত্যু প্রায় অবধারিত। আর শিশুদের মধ্যে চিকিৎসা পেলেও দশজনের মধ্যে মাত্র পাঁচজন ডিফথেরিয়ার ধকল কাটিয়ে উঠতে পারে। পরিস্থিতি যখন এ রকম ‘গুরুচরণ’, তখন গদাই-লস্কর চালে চলা কি শোভা পায়? যেকোনো উপায়েই হোক পর্যাপ্ত ওষুধ দ্রুত এনে প্রটোকল অনুযায়ী মানুষকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। শিশুকেন্দ্র এবং শিশুদের বিচরণের জায়গায় বিশেষভাবে অনুসন্ধান চালাতে হবে।
আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি দ্রুত প্রতিষেধকের ব্যবস্থা করতে হবে। আশার কথা, প্যানটাভেলেন্ট (ডিফথেরিয়াসহ অন্যান্য রোগ প্রতিষেধক টীকা) প্রদানের জন্য প্রশিক্ষণ শেষ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। ভুলে গেলে চলবে না ২৫/৩০ বছরের নিরালস চেষ্টার পরেও বাংলাদেশে ডিফথেরিয়া নিয়ন্ত্রিত হয়েছে মাত্র—একেবারে ডিফথেরিয়া মুক্ত হয়নি। এখনো দেশের আনাচকানাচে মাঝেমধ্যে ডিফথেরিয়ার সন্ধান মিলে যায়। বর্তমান পরিস্থিতি দ্রুতই সামাল দিতে না পারলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বাংলাদেশকে ডিফথেরিয়া মুক্ত ঘোষণার দিনক্ষণ নিঃসন্দেহে আরও পিছিয়ে যাবে ।
গওহার নঈম ওয়ারা: দুর্যোগ ও ত্রাণব্যবস্থাপনাকর্মী এবং শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।