উচ্চ আদালতের রায় ও আগাম নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ এখন আগামী নির্বাচন নিয়ে আলোচনার আবর্তে ঘুরপাক খাচ্ছে। যতই দিন গড়াচ্ছে, ততই আলোচনায় উঠে আসছে কোন পদ্ধতিতে কোন ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে। এ প্রশ্নে দেশের দুই প্রধান দল এখন দুই মেরুতে। প্রধান বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড়। সরকারি দলও চূড়ান্তভাবে কোনো পদ্ধতির ফর্মুলা দেয়নি। এ-সংক্রান্ত আলোচনায় নতুন দুটি আঙ্গিক যুক্ত হয়েছে। একটি ১৩তম সংশোধনী বাতিল করে উচ্চ আদালতের প্রদত্ত পূর্ণাঙ্গ রায়। অন্যটি সরকারি দলের আগাম নির্বাচনের সম্ভাবনার কথা।প্রায় ১৬ মাস পর উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর থেকে এর বিভিন্ন দিক নিয়ে আইনবিশারদ ও দুই প্রান্তের রাজনীতিবিদদের বিভিন্ন ধরনের ব্যাখ্যায় সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের সংশয় সৃষ্টি হয়েছে। রায়কে উদ্দেশ্যপ্রণোদিত বলে বিরোধী দল নাকচ করে দিয়েছে। সরকারি দল তারই আলোকে যেসব বক্তব্য দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আগাম নির্বাচনের বিষয়টি নাকচ করা যায় না। উচ্চ আদালতের রায়ে শুধু সরকারব্যবস্থার বিষয়ে নয়, নির্বাচন কমিশনের ওপরও কিছু নির্দেশনা রয়েছে। অবশ্য আমার দৃষ্টিতে সেসব নির্দেশনা গতানুগতিক। নির্বাচনী আইনে সেসব নির্দেশনার অনেক বিষয় সংযোজিত হয়েছিল, কিছু বিষয় সুপারিশ আকারে অন্তর্ভুক্তির অপেক্ষায় রয়েছে।উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আগাম নির্বাচনের সম্ভাবনার ওপর কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে, যার আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। প্রয়োজন হবে কিছু চুলচেরা বিশ্লেষণের। চূড়ান্ত রায়ের যে চুম্বক অংশ পত্রপত্রিকায় এবং বিদগ্ধজনের আলোচনায় স্থান পেয়েছে, তা থেকে মনে হয়, কিছু কিছু জায়গায় স্পষ্টীকরণের প্রয়োজন রয়েছে। যেমন, নির্বাচনকালীন সরকারব্যবস্থার ও সংসদের মেয়াদের বিষয়। সেপ্টেম্বর ১৭ প্রথম আলো তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের রায়ের যে সারমর্ম প্রকাশ করে, তার ১২ নম্বর স্তবকে সাধারণ নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দেওয়ার জন্য সংসদকে বিবেচনা করতে বলা হয়েছে। অন্যদিকে পঞ্চদশ সংশোধনীর পর ১২৩ (ক) ধারা মোতাবেক সংসদ বহাল থাকা অবস্থায় সংসদের মেয়াদ শেষ হওয়ার কারণে সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিন পূর্ব সময়ের মধ্যে বর্তমান সংবিধানে বিদ্যমান। কাজেই যদি ধরে নেওয়া যায়, আগামী নির্বাচনের জন্য এই রায় মোতাবেক, মেয়াদ পূর্তির ৪২ দিন আগে অথবা ‘যুক্তিসংগত কাল’ বিবেচনায় সংসদ ভেঙে যায়, সে ক্ষেত্রে সংসদের মেয়াদ পূর্ণ হবে না। আর সে ব্যবস্থায় এই নির্বাচন আগাম নির্বাচন হিসেবে চিহ্নিত হবে কি না, সে বিষয়েও স্পষ্টীকরণ প্রয়োজন। প্রধানমন্ত্রীও সংসদে তাঁর ভাষণে সংসদ ভেঙে নির্বাচনের কথা বলেছেন, যা আমার মতে পূর্বতন অবস্থা থেকে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত বহন করে।প্রধানমন্ত্রীর ভাষণে সংসদ ভেঙে দিয়ে আগামী নির্বাচনের কথা যেভাবে বলা হয়েছে, তাতে ধরে নেওয়া যায় যে সেটাও হবে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে। আমার বিবেচনায় ওই দুই ক্ষেত্রেই নির্বাচন অনুষ্ঠান আগাম নির্বাচনের সংজ্ঞায় সংজ্ঞায়িত হতে পারে। এই দুই ক্ষেত্রেই আগাম নির্বাচন করতে হলে বর্তমানে সংশোধিত সংবিধানের আলোচ্য ধারা পুনরায় সংশোধনের প্রয়োজন হবে। দ্বিতীয় যে বিষয়টি পরিষ্কার নয়, তা হলো সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগে সংসদ ভেঙে দেওয়ার বিষয়টি। আমার ক্ষুদ্র জ্ঞানে এবং সংবিধানের সংশ্লিষ্ট ধারাগুলো পাঠ করলে সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা এবং এখতিয়ার নিয়েই প্রশ্ন ওঠে।আমাদের সংবিধানে নির্ধারিত দুটি বিষয় ছাড়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া আর কোনো কাজ করতে পারেন না। বিশেষ করে, সংবিধানের আওতায়। এ কারণেই প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারেন না। সংবিধানে সংসদ ভেঙে দেওয়ার এখতিয়ার ৫৭(২)-এর বাইরে রাষ্ট্রপতির রয়েছে কি না, তা সংবিধান বিশেষজ্ঞরাই বলতে পারবেন। কিন্তু সাদাকালো পাঠে শুধু সংসদে প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতা হারালে রাষ্ট্রপতি তাঁর বিবেচনায় সংসদ ভাঙতে পারেন—তেমনটাই সংবিধানের ওই অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। এ মতের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ওপর আনীত অনাস্থা প্রস্তাবের ফলাফলের কারণেই এমনটা হতে পারে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিদ্যমান থাকতে ৫৭(২)-এর আওতায় সংসদ ভেঙে দেওয়ার মতো অবস্থা হবে কি না, তা সহজেই অনুমেয়। কাজেই, সংবিধানে বিশেষ সংশোধনী ছাড়া উচ্চ আদালতের রায় এবং প্রধানমন্ত্রীর আন্তরিক ইচ্ছা সত্ত্বেও সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে আগাম নির্বাচন অথবা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা ভেবে দেখার বিষয়।প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বলেছেন, তাঁরা সংবিধান মোতাবেক যেকোনো সময়ে নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করছেন। নির্বাচন কমিশন অবশ্যই সংবিধানের আওতায় নির্বাচন করবে, সরকারের ইচ্ছায় নয়। এমনকি বর্তমান সরকারি দল প্রয়োজনে আদালতের রায়ের আলোকে সংবিধানে সংশোধী এনে আগাম নির্বাচন করতে চাইলেও নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শের অথবা নির্বাচন কমিশনের মতামতের প্রয়োজন হবে বলে আমি মনে করি। কারণ, প্রধান নির্বাচন কমিশনারের ভাষ্য অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদের চলমান কাজ শেষ করে আগামী বছরের জানুয়ারিতেই চূড়ান্ত ভোটার তালিকা হবে। একই সঙ্গে সীমানা পুনর্নির্ধারণের কাজও ওই সময়ে শেষ করবেন বলে তিনি নিশ্চিত করেছেন। কাজেই সব দিক বিবেচনায় আগামী জাতীয় সংসদ গঠনে যদি আগাম নির্বাচন হয়, আগামী বছরের মাঝামাঝি ছাড়া তা সম্ভব নয়।প্রধান নির্বাচন কমিশনার আরও বলেছেন, যদি তেমন পরিস্থিতির উদ্ভব হয়, তা হলে ভোটার তালিকা-সম্পর্কিত বিদ্যমান আইনের পরিপ্রেক্ষিতে পুরোনো তালিকা দিয়েই নির্বাচন করতে পারবেন। সে ক্ষেত্রে পূর্বতন সীমানাতেই নির্বাচন হবে। আমি ভিন্নমত পোষণ করি। উপনির্বাচনে দু-একটি আসনে পুরোনো ভোটার তালিকা দিয়ে নির্বাচন করা গেলেও হালনাগাদকরণ চলাকালে বা সেই কাজ স্থগিত করে সাধারণ নির্বাচন করা বাস্তবিক পক্ষে সম্ভব কি না, তা ভেবে দেখার প্রয়োজন। কারণ, সাধারণ নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদের কাজ হাতে নেওয়া হয়েছে সংসদের মেয়াদের দিকে লক্ষ রেখে। এর ব্যত্যয় ঘটলে আইনি জটিলতায় পড়তে হবে। তা ছাড়া, প্রায় ৭ শতাংশ ভোটারকে বাইরে রেখে জাতীয় সংসদ নির্বাচন কতখানি গ্রহণযোগ্য হবে, তা-ও বিবেচ্য বিষয়।একইভাবে, সীমানা পুনর্নির্ধারণ না করে নির্বাচন অথবা আগাম নির্বাচন যদি করতেই হয়, তাতেও আইনি জটিলতায় পড়তে হবে। বিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হওয়ার দৃষ্টান্ত রয়ে গেছে। কাজেই, এ দুটি অবশ্যকরণীয় কাজ অসম্পন্ন রেখে নির্বাচন করা যাবে বলে মনে করি না। আগাম নির্বাচন করতে হলেও নির্বাচন কমিশনের এ দুটি কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তা সম্ভব নয়। আগাম নির্বাচনের জন্য সংবিধানে সংশোধনী আনলেও নির্বাচন কমিশনের ওই দুটি কাজ শেষ না করলে নির্বাচন কমিশনকেই জটিলতায় পড়তে হবে।রায়ের আরেকটি বিষয় নির্বাচিত সদস্যদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে। সরকারি দলের মতে, কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে না। তারা দৃশ্যত এখনো এ বিষয়ে অনড়। তা হলে তো আলোচিত রায়ের এবং প্রধানমন্ত্রীর ভাষণ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো সদস্যই নির্বাচিত বলে বিবেচিত হবেন না। বাস্তবিক পক্ষে ওই ক্ষেত্রে গঠিত সরকার এক দলের হোক অথবা বহুদলীয় হোক, নির্বাচিত বলে বিবেচিত হবে না। এতটুকু সহজেই বোধগম্য। এখানে আইনের ব্যাখ্যার অবকাশ নেই। ওই পদ্ধতির যেকোনো সরকারই হবে অনির্বাচিত। শুধু তফাত হবে যে ওই ধরনের সরকারব্যবস্থা রাজনৈতিক ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।এখানেও অনেক ভিন্নমত পাওয়া যায়। অনেক ভাষ্যকার বিষয়টিকে আরও সরলীকরণ করে মতামত দিচ্ছেন। তাঁদের মতে, কোনো এক অথবা একাধিক সংসদীয় এলাকা থেকে একজন বা অনেকজনকে নির্বাচিত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলে নির্বাচিত অন্তর্বর্তী সরকার গঠিত বলে বিবেচ্য হবে। এই মতামতে যে বিষয়টি উপেক্ষিত হচ্ছে, তা হলো আমাদের নির্বাচনব্যবস্থা। বর্তমানে আমাদের নির্বাচন ব্যবস্থায় সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তিই বিজয়ী হয়ে থাকেন। এ ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ ভোটার ভোটদানে বিরত থাকলেও প্রদত্ত ভোটের সর্বোচ্চ প্রাপ্ত ভোটই জয়ের মাপকাঠি। সে ক্ষেত্রে ৮০ শতাংশ ভোটার ভোট প্রদানে বিরত থাকলেও ২০ শতাংশ প্রদত্ত ভোটেই নির্বাচন সম্পন্ন হবে। এমন পরিস্থিতিতে ওই নির্বাচিত ব্যক্তির অথবা ব্যক্তিদের গ্রহণযোগ্যতা কতখানি হবে, সেটাও ভেবে দেখার বিষয়। হয়তো এর বিপরীতও হতে পারে। তবে সব সম্ভাবনাই ভেবে দেখার অবকাশ রয়েছে।যা-ই হোক, আলোচনা করছিলাম মেয়াদ পূর্তির আগে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের বিষয় নিয়ে। এ ধরনের নির্বাচনের সংজ্ঞা যা-ই হোক না কেন, বিদ্যমান অবস্থা সংবিধানের আওতায় যে জটিল, তাতে সন্দেহ নেই। এসব বিষয় বিবেচনা না করে অথবা আমলে না নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক অঙ্গনের উত্তাপ কমবে না, বরং বাদানুবাদ বাড়তে থাকবে। পরিস্থিতি আরও জটিল হবে। কাজেই এসব বিষয় নিয়ে বিবদমান দুই পক্ষেরই আলোচনা শুরু করা উচিত। আলোচনার মাধ্যমে সমাধান কাম্য। বিচারপতি খায়রুল হকের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি একেবারেই নাকচ করা হয়নি। কাজেই উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে প্রধান বিরোধী দলের নেত্রীর বক্তব্যে ওই রায়কে প্রত্যাখ্যান করার বিষয়টিও পুনর্বিবেচনার দাবি রাখে। তবে সমস্যা সমাধানের প্রচেষ্টায় সরকারি দলের আন্তরিকতা রয়েছে বলে বিশ্বাস করেই বলতে হয়, আলোচনার দরজা আরও প্রসারিত করার এখনই সময় এবং তার দায়িত্ব ক্ষমতাসীন দলের।ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন: সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক।[email protected]