উচ্চশিক্ষা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে উচ্চশিক্ষা প্রদানের ক্ষেত্রে দ্রুত বিকাশমান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এসব প্রতিষ্ঠানের বিকাশের সূত্র ধরে উচ্চশিক্ষার্থে শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার হার কমে আসছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা জাতীয় উন্নয়নে সর্বক্ষেত্রে অবদান রেখে চলেছেন। দুই দশক আগেও একটা সময় ছিল, যখন আমাদের দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসনস্বল্পতার কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থী কয়েক লাখ টাকা খরচ করে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশে পাড়ি দিতেন। বর্তমানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশের তুলনায় কম খরচে অনুরূপ উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা বিদেশের পরিবর্তে দেশের মাটিতেই উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি
হতে না পারা অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তানেরই বিপুল অর্থ ব্যয় করে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সামর্থ্য নেই। এ ধরনের ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের মেধা-মনন বিকাশের সুযোগ করে দিয়েছে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির জন্য যোগ্য নাগরিক তৈরিতে অবদান রাখছে। আশার কথা যে বর্তমানে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশের গণ্ডি পেরিয়ে পার্শ্ববর্তী দেশসমূহ যেমন: নেপাল, ভুটান, মালদ্বীপ, ভারত, তুরস্ক ইত্যাদি দেশের ছাত্রছাত্রীদের আকৃষ্ট করেছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনেও শিক্ষাব্যবস্থা নিয়ে আমাদের দেশের ভাবমূর্তি ক্রমেই উজ্জ্বলতর হচ্ছে।
যেসব কারণে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা হয়েছিল, সেগুলোর মধ্যে দুটি কারণ উল্লেখযোগ্য: এক. সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে উচ্চশিক্ষার বর্ধিত চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না; দুই. দ্রুত বর্ধনশীল চাহিদা পূরণে যে পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, সরকারের পক্ষে তা জোগান দেওয়া সম্ভব না হওয়া। এসব দিক বিবেচনা করে উচ্চশিক্ষার চাহিদা পূরণে সরকারের প্রচেষ্টার পরিপূরক ভূমিকা পালন করতে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ আইনত উন্মুক্ত করার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (১৯৯৮-এ সংশোধিত) প্রণয়ন করা হয়। আইনটি পাস হওয়ার পর অতি অল্প সময়ের মধ্যে বেসরকারি খাতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিকল্প হিসেবে নয়, বরং বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিক্ষা কার্যক্রম পরিচালনায় উৎসাহিত হয়েছিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে সর্বমোট ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। আর বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৬৪। এই বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেলগুলোতে প্রায় পাঁচ লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন।
বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ধারাবাহিক প্রচেষ্টা। শিক্ষার্থীদেরই পাঠদান কার্যকর ও আকর্ষণীয় করতে নিয়মিত শিক্ষকদের বাইরেও নির্দিষ্ট কোনো কোর্সের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ের অধিকতর দক্ষ ও যোগ্য কোনো শিক্ষককে খণ্ডকালীন ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায়ই রাজনৈতিক বিবেচনা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মুখ্য হলেও কয়েকটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নর্থ আমেরিকান ডিগ্রি ছাড়া শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। এসব শিক্ষক ছাত্রছাত্রীদের জ্ঞানার্জনের প্রতি আগ্রহী করে তোলেন। দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে শিক্ষা গ্রহণের পথ সুগম করার প্রচেষ্টাও বেশ লক্ষণীয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস লেকচার উপস্থাপন পদ্ধতি বেশ আধুনিক ও বিজ্ঞানসম্মত, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায়ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। বর্তমানে বিশ্বের শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে আমাদের দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

>বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ কিছু কিছু ক্ষেত্রে উচ্চশিক্ষায় নতুন মাত্রা এনে দিয়েছে, তা প্রমাণিত সত্য। এখানে শিক্ষার্থীরা শিক্ষকদের মুখাপেক্ষী না হয়ে শিক্ষকেরা শিক্ষার্থীদের মুখাপেক্ষী। একজন শিক্ষককে ক্লাস নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সব ধরনের শিক্ষাসংক্রান্ত উপকরণ প্রদান করতে হয়

নির্ধারিত সময়ে উচ্চশিক্ষা সম্পন্ন করতে চায় সবাই। কিন্তু ছাত্র ও শিক্ষক রাজনীতির কারণে উল্লেখযোগ্যসংখ্যক সরকারি বিশ্ববিদ্যালয় সেশনজটে পড়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে হানাহানির ঘটনা নিয়মিত চিত্র। পক্ষান্তরে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সম্পূর্ণ রাজনীতিমুক্ত, তাই সেগুলোতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা প্রভাব নেই। ফলে এখানে কোনো সহিংসতা নেই, সেশনজটও নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনে চলার ব্যাপারে কোনো ধরনের ছাড় দিতে নারাজ। ফলে অত্যন্ত কঠোর নিয়মকানুনের মাধ্যমে ক্লাস ও পরীক্ষা পরিচালিত হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে, সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত যুক্তরাষ্ট্রের শিক্ষা পদ্ধতি অনুসরণ করে। এখানে একজন শিক্ষার্থী চার বছরেই তাঁর গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করে অল্প বয়সেই কর্মজীবনে প্রবেশ করতে পারেন। সব মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সুবিধাদি আমাদের দেশের মহামূল্যবান মেধা ও অর্থ পাচার রোধ করছে। এর ফলে এ দেশের জ্ঞানের ক্ষেত্রে যে ঘাটতি থাকে, তা পূর্ণতার মুখ দেখতে সক্ষম হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ কিছু কিছু ক্ষেত্রে উচ্চশিক্ষায় নতুন মাত্রা এনে দিয়েছে, তা প্রমাণিত সত্য। এখানে শিক্ষার্থীরা শিক্ষকদের মুখাপেক্ষী না হয়ে শিক্ষকেরা শিক্ষার্থীদের মুখাপেক্ষী। একজন শিক্ষককে ক্লাস নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সব ধরনের শিক্ষাসংক্রান্ত উপকরণ প্রদান করতে হয়। মোট কথা, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে কার্যকর নিষ্ক্রিয় প্রক্রিয়া চলমান থাকে। উচ্চশিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের বাইরে এখানে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি ও ‘ফাউ’ খাওয়ার সুযোগ নেই। ব্যক্তিমালিকানাধীন হওয়ায় সামান্যতম সমস্যা হলেও তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ হাতে দমন বা নিয়ন্ত্রণ করতে পারে।
ইউজিসির তথ্য অনুযায়ী, ২০১৩ সালে প্রায় ৪৯ হাজার ১৮০ জন ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন। এক পরিসংখ্যান বলছে, প্রতিবছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১৩ দশমিক ২৩ শতাংশ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী বিনা খরচে অধ্যয়নের সুযোগ পান। কেবল ২০১৩ সালেই টিউশন ফি বাবদ প্রায় ৩৫ কোটি টাকা এবং শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন খরচসহ অন্যান্য ব্যয়ের হিসাবে কমপক্ষে ২৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বদৌলতে।
অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় চাকরির বাজারে চাহিদা আছে এমন সব বিষয় উচ্চ বেতনের বিনিময়ে অফার করে থাকে। প্রকৃত অর্থে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রোগ্রামে শুধু ওই সব বিষয় অন্তর্ভুক্ত থাকে, যেসব শাস্ত্রের বাণিজ্যিক দর বেশ উঁচু। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিকে থাকার ক্ষেত্রে এর শিক্ষা কার্যক্রমসমূহ সাবধানতার সঙ্গে নির্বাচন করা এবং ছাত্র বেতন ও অন্যান্য ফি কাঠামো নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ছাত্র-বেতন ও আনুষঙ্গিক ফি এদের রাজস্ব আয়ের একমাত্র উৎস। এযাবৎকালের অভিজ্ঞতা থেকে লক্ষণীয় যে ছাত্রছাত্রীরা অধিকতর ভালো চাকরির নিশ্চয়তা আছে এমন বিষয়ে বা কোর্সে মূলত অধ্যয়ন করতে চান। সুতরাং এমন সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলে শিক্ষার্থী সর্বাধিক; এর পরের সংখ্যা তথ্যপ্রযুক্তি–সম্পর্কিত বিষয়গুলোতে।
দর্শন, সমাজতত্ত্ব, বাংলা ভাষা ও সাহিত্যের মতো জ্ঞানভিত্তিক বিষয়ে ডিগ্রি প্রদানকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা
খুবই কম। জ্ঞান বিতরণের ক্ষেত্রে ভারসাম্য আনার প্রতি নজর দেওয়া জরুরি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন শিক্ষা কার্যক্রমের বাইরে সাংস্কৃতিক ক্ষেত্রেও অনেক অবদান রাখছে। বিভিন্ন টিভি চ্যানেল ও রেডিওতে অনুষ্ঠান করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে তাঁদের সৃজনশীলতা বিকাশের সুযোগ পাচ্ছেন। বিশেষ করে সংগীতচর্চা ও খেলাধুলায় তাঁরা অনেক এগিয়ে। কিছু কিছু স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ও যুগোপযোগী সুযোগ-সুবিধাসহ নিজস্ব ক্যাম্পাস থাকায় ছাত্রছাত্রীরা সেখানেই তাঁদের সাংস্কৃতিক চর্চা করার সুযোগ পেয়ে থাকেন। তা ছাড়া বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা, আই-জিনিয়াস প্রভৃতি প্রতিযোগিতার মাধ্যমে তাঁরা নিজেদের তুলে ধরছেন বিশ্বব্যাপী।
ভবিষ্যতে দেশে বিশ্বমানের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চাহিদার প্রসার ঘটবে। উচ্চশিক্ষার ক্রমবর্ধমান জাতীয় চাহিদা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বাদ দিয়ে পূরণ করা সম্ভব নয়। এ জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই পরস্পরের পরিপূরক হিসেবে সহাবস্থান করে যেতে হবে।
আবু ইউসুফ মো. আব্দুল্লাহ: অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।