
যেমন চলছে তেমন চলুক; বেশির ভাগ ক্ষেত্রে বাংলাদেশে এটাই নিয়ম। উচ্চশিক্ষার বেলাতেও তার আর ব্যতিক্রম হবে কেন। সুতরাং উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান তথা বিশ্ববিদ্যালয়গুলোও যেমন চলছিল, তেমনি চলছে এবং শিগগির বদলানোর কোনো লক্ষণও নেই। বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আশাব্যঞ্জক ছিল না। কিন্তু তা প্রমাণ করে বলবে কে? এ অবস্থায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তার ৪১তম প্রতিবেদনে উচ্চশিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে বসেছে। ইউজিসি যেহেতু সরকারি প্রতিষ্ঠান, তাই তাদের তোলা প্রশ্নকে গুরুত্ব দিতেই হয়। ইউজিসি বলেছে বলে ভালো, অন্য কেউ বললে সরকারের দিক থেকে ‘সব বোগাস’ শোনার ভয় ছিল।
ইউজিসির কাজ মূলত বিশ্ববিদ্যালয়গুলোর অর্থ বরাদ্দ এবং আয়-ব্যয়ের তদারকি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অভিভাবকত্ব করা। কিন্তু মূলত ২০০৬ সাল থেকে তাদের ভূমিকা ক্রমেই নির্ধারক হয়ে উঠতে দেখা যাচ্ছে। সে বছর বিশ্বব্যাংকের ঋণে ও নির্দেশনায় ২০ বছর মেয়াদি কৌশলপত্র প্রণয়ন করেছিল। গোড়াতেই অনেকে এর সমালোচনা করেছিলেন এ কারণে যে এর মাধ্যমে উচ্চশিক্ষাকে বাজারমুখী ও ব্যয়বহুল করে তোলা হবে। কৌশলপত্রে শিক্ষা খাতে সরকারের ভর্তুকি ক্রমেই তুলে নেওয়া এবং উচ্চশিক্ষাকে সংকুচিত করে আনার কথা ছিল। সুপারিশ ছিল বিশ্ববিদ্যালয়ের বর্তমান কাঠামোকে বাজারবান্ধব তথা ব্যবসাবান্ধব করার। মঞ্জুরি কমিশনের সুপারিশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ব্যয়ের ৫০ শতাংশ অর্থ আসতে হবে অভ্যন্তরীণ খাত থেকে। দুনিয়ার ভালো বিশ্ববিদ্যালয় মানেই আবাসিকতা। আর ইউজিসি চায় ছাত্রছাত্রীদের আবাসিক ব্যবস্থা থাকবে না, বেতন ও ফি বাড়াতে বাড়াতে এমন জায়গায় নিতে হবে যাতে এসব প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়ার দায় থেকে রাষ্ট্র মুফতে সরে যায়। এই নীতির ভিত্তি প্রথম সুসংগঠিতভাবে প্রকাশিত হয়েছে ২০০০ সালে তিন খণ্ডে বিশ্বব্যাংকের এডুকেশন সেক্টর রিভিউতে। এখানে স্পষ্টভাবেই বলা হয়েছে, ‘প্রতিরোধ সামলানোর জন্য খুব কায়দা করে এমনভাবে বেতন-ফি বাড়াতে হবে, যাতে একপর্যায়ে পুরো ব্যয় শিক্ষার্থীদের কাছ থেকেই সংগ্রহ করা যায়।’
সম্প্রতি প্রকাশিত ২০১৪ সালের ইউজিসি প্রতিবেদনেও বলা আছে, ‘সরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে তাদের নিজস্ব আয় থেকে লাভজনক নিরাপদ খাতে বিনিয়োগের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া খুবই জরুরি।’ বারবার ‘জ্ঞানভিত্তিক সমাজ’, ‘একবিংশ শতকের উপযোগী বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা’, ‘উৎপাদনশীল অর্থনীতির জন্য সহায়ক’ শিক্ষিত জনগোষ্ঠী তৈরি ইত্যাদি কথা বলা হলেও, সব উচ্চাশাই থমকে যায় উচ্চশিক্ষায় সরকারি বরাদ্দের পরিমাণ দেখে। আমাদের জাতীয় বাজেটের ০.৬৫ শতাংশ। এ দিয়ে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম খরচও মেটানো যায় না।
বাংলাদেশে কলেজ–বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা মোট শিক্ষার্থীর মাত্র ১৩.৫ শতাংশ। অথচ ভারতে এই হার ৩৫.৮৯ শতাংশ, চীনে ২৩.৭৮ শতাংশ এবং মিয়ানমারে ১৯.১২ শতাংশ। উচ্চশিক্ষার মান বাড়ানো ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর দাবি যে দুয়ারে মাথা খোঁড়ে, তা আগলে রেখেছেন স্বয়ং অর্থমন্ত্রী। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ২০১৩-১৪ সালে বরাদ্দ ছিল মাত্র ১৫৪২ দশমিক ৫০ কোটি টাকা। এর সঙ্গে যোগ হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আয়ে অর্জিত ২৮২ দশমিক ৮০ কোটি টাকা। এই অর্থের ৭২ শতাংশই ব্যয় হয়েছে বেতন-ভাতাদি ও পেনশন খাতে। রক্ষণাবেক্ষণে গেছে ১৬ শতাংশ। সরাসরি শিক্ষা খাতে তথা ছাত্রছাত্রী ও শিক্ষাসহায়ক খাতের জন্য অবশিষ্ট ছিল মাত্র ১২ শতাংশ (সূত্র: ইউজিসি প্রতিবেদন, ২০১৪)। বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশের স্তরে উঠলেও উচ্চশিক্ষা খাতে ব্যয়ের বেলায় অবস্থা এখনো নিম্ন পর্যায়েই রয়ে গেছে।
বেতন-ভাতার ব্যয় বেড়েই চলেছে। কারণ, ইউজিসির প্রতিবেদনের ভাষায়, ‘বাজেট-বহির্ভূত জনবল নিয়োগ’ এবং ইচ্ছামতো ‘পদোন্নতি ও পদ সৃষ্টি’ ইত্যাদি। রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় আক্ষরিকভাবেই সাবেক এক উপাচার্যের হাতে পারিবারিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল। এটা এমন এক বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষকদের চেয়ে কর্মচারী বেশি। আগের উপাচার্য মু. আবদুল জলিল মিয়ার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে অবৈধভাবে অতিরিক্ত ৩৩৩ জন কর্মচারী নিয়োগের জন্য। ইউজিসি বেতন পাঠায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সাকল্যে ২৮৫ জনের। এই ৩৩৩ জন সে হিসাবের বাইরে।
ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি লিখিতভাবে এসব অতিরিক্ত নিয়োগ বাতিলের নির্দেশ দিলেও বর্তমান উপাচার্য তাঁদের স্থায়ী করেন। অভিযোগ রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত সাত-আট বছরে প্রায় ২০০ শিক্ষক অনিয়মের মাধ্যমে নিয়োগ পেয়েছেন। এ চিত্র বিরল নয়, অবিরলভাবেই এটা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ঘটছে। এর দায় ইউজিসিও এড়াতে পারবে না। কারণ, তাদেরই এসব নিয়োগ চূড়ান্তভাবে অনুমোদন দিতে হয়। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগণতন্ত্রায়ণে ইউজিসিও সহায়তা করেছে বলে অভিযোগ। আগে ভিসি প্যানেল শিক্ষকদের ভোটে নির্বাচিত হতো। নির্বাচিত ব্যক্তিদের থেকে আচার্য অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রপতি কাউকে নিয়োগ দিতেন। কিন্তু ইউজিসিই নির্বাচনের বদলে ‘সার্চ কমিটি’ করে ভিসি নির্বাচনকে মনোনয়নে নামিয়ে আনায় ভূমিকা রাখে।
ইউজিসি সুন্দর প্রতিবেদন দিয়েছে। তাতে জমা-খরচের হিসাব আছে, শিক্ষা প্রশাসন ও লোকবলের বিশদ চিত্র আছে। কিন্তু যেটা নেই, সেটা হলো উপাচার্যসহ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চলতে থাকা দুর্নীতি, অনিয়ম, নিয়োগ-বাণিজ্য ইত্যাদি। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই কাজটি যদি তাঁরা না করেন, তাহলে আর কে করবে?
বিশ্বব্যাংকের ঋণে ২০০৬ সালের কৌশলপত্র এবং ২০০৮ সালে একনেকের সভায় গঠিত Higher Education Quality Enhancement Project বা HEQEP নামের ৬৮১ কোটি টাকার প্রকল্পের উদ্দেশ্যের মধ্যে বলা হয়েছে: ১. উচ্চশিক্ষার ক্ষেত্রে উদ্ভাবনী ও জবাবদিহিমূলক কার্যক্রমে উৎসাহ প্রদান ও অর্থায়ন করা এবং ২. মানসম্মত শিক্ষা ও গবেষণাকর্মের গুণগত মানোন্নয়ন করা। কার্যত, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের জবাবদিহি হয় না বললেই চলে। দ্বিতীয়ত, যেখানে বিশ্ববিদ্যালয়ে বরাদ্দই এত কম, যার ১২ শতাংশ শিক্ষার প্রয়োজনে এবং মাত্র ১ শতাংশ গবেষণায় ব্যয় হয়, সেখানে গুণগত মানোন্নয়নের প্রশ্নই আসে না। আর এ কারণেই, ইউজিসির প্রতিবেদনে উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে আক্ষেপ করা স্ববিরোধিতা হয়ে যায়। তারা একমুখে ‘জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়’ করার জনতুষ্টিমূলক দাবি সমর্থন করে, মাস্টার্সের সুযোগ কেবল ‘মেধাবী’দের জন্য রেখে বাকিদের অনার্স পর্যন্ত পড়িয়েই দায় সারতে চায়। আর যেখানে শিক্ষার মান সর্বকালের মধ্যে সর্বনিম্ন, সেখানে অনার্স-মাস্টার্স আসলেই কি কোনো অর্থ বহন করে?
ইউজিসি আরও ক্ষমতা চায়। তারা ইউজিসিকে ‘একটি পূর্ণ স্বাধীন সংবিধিবদ্ধ উচ্চশিক্ষা কমিশন’-এ রূপান্তরের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। এই কমিশন হলে কেবল বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনই খর্বিত হবে না, ইউজিসির হাতে উচ্চশিক্ষা ক্ষেত্র নিয়ন্ত্রণের আমলাতান্ত্রিক ক্ষমতা চলে আসবে। সংসদে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে সিনেট, সিন্ডিকেট ও শিক্ষক সমিতি রয়েছে। এগুলোর তেমন ইতিবাচক ভূমিকা নেই দলীয়করণের কারণে। সরকার-নিয়ন্ত্রিত উচ্চশিক্ষা কমিশন যে দলীয়কৃত হবে না, তার নিশ্চয়তা কী? তা ছাড়া, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন চিন্তার স্বাধীনতা, শিক্ষকতা পেশার মর্যাদা এবং উচ্চশিক্ষাক্ষেত্রে মুক্ত পরিবেশের রক্ষাকবচ। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের অপব্যবহারের জন্য ১৯৭৩-এর অধ্যাদেশ দায়ী নয়, দায়ী সর্বগ্রাসী দলীয়করণ ও শিক্ষাবিরোধী রাজনীতি। এ ব্যাপারে ইউজিসি কী বলতে পারে?
ইউজিসি প্রতিবেদনে সরকারি বিশ্ববিদ্যালয় ও এর অধীন কলেজ ও মাদ্রাসা, জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধীন কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের খুঁটিনাটি বিবরণ প্রকাশিত হয়েছে। আমরা জানতে পেরেছি যে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ছাপিয়ে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। জানতে পেরেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম–ঘাটতিও। কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কী হচ্ছে, তার মূল্যায়ন কই? দীর্ঘ প্রতিবেদনের খুঁটিনাটির মধ্যে না গিয়ে মোটাদাগে বলা যায়, এই প্রতিবেদনে উচ্চশিক্ষার বাইরের দিকটা এসেছে, ভেতরের সংকটের কার্যকারণ ও সমাধানের রূপরেখা আসেনি।
উচ্চশিক্ষা দেশের উন্নতির ভরসা। ইউজিসির প্রতিবেদনে ভরসা নেই, ভাসা-ভাসা চিত্র আছে।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
[email protected]