উচ্চশিক্ষার মাধ্যম কী হওয়া উচিত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের উচ্চশিক্ষার মাধ্যম কী হওয়া উচিত? মাতৃভাষা বাংলা, না প্রবল প্রতাপান্বিত ইংরেজি? এ নিয়ে দীর্ঘকাল ধরে আকাঙ্ক্ষা ও বাস্তবতার মধ্যে একটা বড় ধরনের ফাঁক পরিলক্ষিত হচ্ছে। দূরদৃষ্টিসম্পন্ন বুদ্ধিজীবীদের ভাবনার সঙ্গে আশু প্রয়োজন মেটানোর দায়িত্বে নিয়োজিত কর্তাদের অভিজ্ঞতা মিলছে না।
ব্রিটিশ আমলের উচ্চশিক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষাকে খাদ্যের সঙ্গে তুলনা করে রবীন্দ্রনাথ বলেছেন, ‘আমরা নিজের ভাষার রসনা দিয়া খাই না; আমাদের কলে করিয়া খাওয়ানো হয়, তাতে আমাদের পেট ভর্তি করে, দেহপূর্তি করে না।’ অর্থাৎ, অন্য ভাষায় শিক্ষা গ্রহণ করার চেষ্টা করলে তা হৃদয়ঙ্গম করা মুশকিল। তাঁর ভাষায়, ‘বিশল্যকরণীর পরিচয় ঘটে না বলিয়া আস্ত গন্ধমাদন বহিতে হয়; ভাষা আয়ত্ত হয় না বলিয়া গোটা ইংরেজি বই মুখস্থ করা ছাড়া উপায় থাকে না।’
শিক্ষা নিজের ভাষায় হলে বা না হলে কী হতে পারে, তার অন্তত দুটি দৃষ্টান্ত রবীন্দ্রনাথের সামনে ছিল। একটি আয়ারল্যান্ড এবং অন্যটি জাপান। ইউরোপের যে যুগকে অন্ধকার যুগ বলা হয়, সেই যুগে আয়ারল্যান্ডে যে মিটমিট করে হলেও কিছুটা আলো জ্বলছিল, রবীন্দ্রনাথের মতে, তার অন্যতম কারণ মাতৃভাষায় শিক্ষা। সেখানে শিক্ষার্থীরা ল্যাটিন, গ্রিক ও হিব্রু শিখত বটে, কিন্তু সব শেখানোর ভাষা ছিল আইরিশ। বিপত্তি ঘটল তখনই, যখন আইরিশের বদলে ইংরেজিকে শিক্ষার বাহন করা হলো। রবীন্দ্রনাথ লিখেছেন, ‘ইহার ফল যেমন হওয়া উচিত, তাহাই হইল। মানসিক জড়তা সমস্ত দেশে ব্যাপ্ত হইয়া গেল। আইরিশভাষী ছেলেরা বুদ্ধি এবং জিজ্ঞাসা লইয়া বিদ্যালয়ে প্রবেশ করিল, আর বাহির হইল পঙ্গু মন এবং জ্ঞানের প্রতি বিতৃষ্ণা লইয়া। ইহার কারণ এ শিক্ষা প্রণালী কলের প্রণালী, ইহাতে মন খাটে না, ছেলেরা তোতা পাখি বনিয়া যায়।’
রবীন্দ্রনাথ লক্ষ করলেন একই কারণে ভারতবাসীদের অবস্থাও তথৈবচ; ভারতবর্ষে বিদ্যা বিস্তারের প্রধান বাধা হচ্ছে তার বাহন—ইংরেজি। কিন্তু একই সময়ে জাপানের চিত্রটা একেবারেই বিপরীত। জাপানের উচ্ছ্বসিত প্রশংসা করে রবীন্দ্রনাথ বলছেন, ‘পশ্চিম হইতে যা কিছু শিখিবার আছে জাপান তা দেখিতে দেখিতে সমস্ত দেশে ছড়াইয়া দিল তার প্রধান কারণ, সেই শিক্ষাকে তারা দেশী ভাষার আধারে বাঁধাই করিতে পারিয়াছে।’
শিক্ষা গ্রহণই তো শেষ কথা নয়, গৃহীত শিক্ষার সঙ্গে জারিত করে নিজের ভাবনাচিন্তাও তো প্রকাশ করতে হয়। বিদেশি ভাষায় কিছু শিখে তা শেখাতে গেলে বা তার ওপর ভিত্তি করে নিজস্ব ভাব ও চিন্তা প্রকাশ করার সময় আবার সেই ভাষাই প্রধান অবলম্বন হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে রবীন্দ্রনাথের মতে, সেই বিদেশি ভাষাটি শেষ পর্যন্ত লেখকের মুখোশ হিসেবেই থেকে যায়, মুখ হয়ে ওঠে না। তার প্রমাণ, ‘একদা মধুসূদনের মতো ইংরেজিবিদ্যায় অসামান্য পণ্ডিত এবং বঙ্কিমচন্দ্রের মতো বিজাতীয় বিদ্যালয়ের কৃতী ছাত্র এই মুখোশের ভেতর দিয়ে ভাব বাৎলাতে চেষ্টা করেছিলেন; শেষকালে হতাশ হয়ে সেটা টেনে ফেলে দিতে হল।’
আলোচ্য বিষয়ে রবীন্দ্রনাথের উদ্ধৃতিগুলো ব্যবহারের কারণ বাংলা ভাষাভাষীদের মধ্যে সম্ভবত তিনিই এ বিষয়ে সবচেয়ে বেশি ভেবেছেন এবং পরবর্তীকালে বাঙালির চিন্তাজগতে তিনিই সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছেন। তবে তাঁর চিন্তার সঙ্গে যে আর বর্তমান নীতিনির্ধারকদের ভাবনা মিলছে না, তা যে দেশের তিনি এত প্রশংসা করেছেন, সেই জাপানের দিকে তাকালেই স্পষ্ট হবে।

>এখন প্রতিদিন এত বৈজ্ঞানিক গবেষণা, এত নতুন তত্ত্ব ইংরেজি ভাষায় প্রকাশিত হচ্ছে যে তা সঙ্গে সঙ্গে বাংলায় অনুবাদ করা প্রায় অসম্ভব। ভবিষ্যতে কী হবে, তা বলাই বাহুল্য

এটা সর্বৈব সত্য যে জাপানিরা তাদের উচ্চশিক্ষা মাতৃভাষায় চালু করেছিল এবং তার সুফলও তারা হাতে হাতে পেয়েছে। কিন্তু এখন এই একুশ শতকে এসে জাপানের সেই পুরোনো দৃষ্টিভঙ্গি আর অটুট নেই। ২০১০ সালের হিসাব অনুযায়ী জাপানে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার এবং ২০০৭ সালে চাকরিরত পূর্ণকালীন বিদেশি শিক্ষকের সংখ্যা মোট শিক্ষকসংখ্যার ৩ দশমিক ৪ শতাংশ। এই সংখ্যাকে জাপানের প্রধানমন্ত্রী শিনোজা আবে অপ্রতুল মনে করেন বলেই ২০১৩ সালে তা দ্বিগুণ করার জন্য জাপানি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তাঁর লক্ষ্য হচ্ছে শিক্ষার আন্তর্জাতিকীকরণ। এ কারণেই জাপানে এখন শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজির কদর ক্রমশ বাড়ছে।
এবার আসা যাক রবীন্দ্রনাথের ‘প্রকাশচর্চা’র কথায়। মধুসূদন ও বঙ্কিমচন্দ্রের ইংরেজি ভাষার মুখোশ ফেলে দেওয়া প্রসঙ্গে তিনি যা বলেছেন তা যথার্থ, কিন্তু তিনি হয়তো তাঁর বন্ধু জগদীশ চন্দ্র বসু (বাংলা স্কুলের ছাত্র), ডব্লিউ বি ইয়েটস বা তাঁর সমসাময়িক জর্জ বার্নার্ড শ কিংবা জোসেফ কনরাডদের কথা ভুলে গিয়েছিলেন। তাঁর পক্ষে এটাও জানা সম্ভব ছিল না যে তাঁরই দেশে নীরদ চন্দ্র চৌধুরী, বিক্রম শেঠ বা অরুন্ধতী রায় জন্ম নেবেন, বা একেবারে স্বভাষী অমিতাভ ঘোষ বা কায়সার হক ইংরেজিতে উপন্যাস/কবিতা লিখে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করবেন।
রবীন্দ্রনাথের ধারণা এখন অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হওয়ার মানে এই নয় যে তা ভ্রান্ত। মাতৃভাষা যে মাতৃদুগ্ধের মতোই পুষ্টিদায়ক, এতে কারও দ্বিমত থাকার কথা নয়। সাধারণ যুক্তিতে বা রবীন্দ্রনাথের সময়কে বিবেচনায় নিলে এ কথা নিঃসন্দেহে স্বীকার্য। কিন্তু এর পরের প্রায় এক শ বছরে সর্বক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন হয়েছে, তা বিবেচনায় না নিয়ে শিক্ষার মাধ্যম সম্পর্কে চট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না।
গত প্রায় আড়াই শ বছর ধরে পুঁজিবাদী বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করছে, তাদের মাতৃভাষা ইংরেজি। ফলে এত দিন ধরে জ্ঞান-বিজ্ঞানের চর্চা মূলত এই ভাষাতেই হয়েছে। বিংশ শতাব্দী পর্যন্ত তাতেও খুব একটা অসুবিধা ছিল না, কারণ সংখ্যায় অত বেশি ছিল না বলে সেগুলো বাংলা ভাষার মতো সমৃদ্ধ ভাষায় অনুবাদ করা সম্ভবপর ছিল। কিন্তু সচেতন পাঠক মাত্রই জানেন, এখন প্রতিদিন এত বৈজ্ঞানিক গবেষণা, এত নতুন তত্ত্ব ইংরেজি ভাষায় প্রকাশিত হচ্ছে যে তা সঙ্গে সঙ্গে বাংলায় অনুবাদ করা প্রায় অসম্ভব। ভবিষ্যতে কী হবে, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গক্রমে বলা দরকার, বাংলাদেশে অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ব্যবহার করা হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট শিক্ষকদের ধারণা, তাতে লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি। প্রথমত, বাংলায় পরিভাষার অভাব এবং দ্বিতীয়ত, অত্যন্ত তাড়াহুড়ো করে করা দুর্বল অনুবাদ বলে রবীন্দ্রনাথ যে আশা করেছিলেন, অর্থাৎ নিজের ভাষায় কিছু শিখলে ছাত্র-ছাত্রীরা তা অনেক ভালোভাবে হৃদয়ঙ্গম করবে, সেই আশা তো পূরণ হয়ইনি বরং হিতে বিপরীত হয়েছে। ক্ষেত্রবিশেষে কিছু পাঠ্যবই এত দুর্বোধ্য যে ছাত্ররা তো দূরের কথা, শিক্ষকেরাও ঠিকমতো বুঝতে পারেন না। ফলে বিশল্যকরণী খুঁজে না পেয়ে শিক্ষার্থীরা এখনো গন্ধমাদন বহন করছে।
এ ক্ষেত্রে কেউ কেউ বলতে পারেন সমস্যা তো ভাষাতে নয়, সমস্যা অনুবাদে। পরিভাষা তৈরি হোক, আরও যত্ন নিয়ে অনুবাদ করা হোক, তা হলেই তো হয়। কিন্তু বর্তমান যুগের আরেকটা সমস্যা হচ্ছে ‘সময়’। এই প্রতিযোগিতামূলক বিশ্ব আমাদের ধীরেসুস্থে অনুবাদ করার সময় দেবে না।
তাহলে করণীয় কী? জ্ঞান-বিজ্ঞানের ভাষা হিসেবে বাংলা যেন আরও সমৃদ্ধ হয়, সে চেষ্টা যেমন অব্যাহত রাখা প্রয়োজন, তেমনি আপাত উন্নয়নের ভাষা হিসেবে ইংরেজি মনেপ্রাণে গ্রহণ করে তাকে আরও ভালোভাবে শেখারও বিকল্প নেই। বিখ্যাত কগনিটিভ বিজ্ঞানী স্টিভেন পিঙ্কার নোয়াম চমস্কির সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, মানুষ সব ধরনের ভাষা শেখার ক্ষমতা নিয়েই জন্মায়। ফলে মাতৃভাষার মতো ব্যুৎপত্তি সে যেকোনো ভাষাতেই অর্জন করতে পারে। প্রয়োজন কেবল সেই ভাষার সঙ্গে তার যথোপযুক্ত যোগাযোগ, যা ইন্টারনেট এবং টিভির কল্যাণে এখন অনেকের জন্যই খুব সহজ।
তবে জ্ঞান অর্জন বা তা সৃষ্টি করাই তো শেষ কথা নয়। লক্ষ রাখতে হবে আমাদের ভাষা, যার সঙ্গে জড়িয়ে আছে আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য, তা যেন জ্ঞান-বিজ্ঞান বা উন্নয়নের ডামাডোলে হারিয়ে না যায়।
গোলাম ফারুক: ফলিত ভাষাতত্ত্ববিদ, গবেষক, অধ্যাপক।
[email protected]