উচ্ছ্বাস-উৎসবের দুই মাস, অতঃপর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের জাতীয় জীবনে ফেব্রুয়ারি ও মার্চ এই দুই মাসের রয়েছে আবেগপূর্ণ মর্যাদা। ফেব্রুয়ারি হলো ভাষার মাস, গণমাধ্যম-প্রভাবিত এ দেশে প্রতিটি পত্রিকা প্রতিবছর মাসজুড়ে প্রতিদিন কোনোটি ভাষা আন্দোলনের ইতিহাস ও ঘটনাবলি নিয়ে, কোনোটি বা বাংলা ভাষার নানা দিক ও তা চর্চার সমস্যা নিয়ে প্রতিবেদন ছাপে। তা ছাড়া, বাংলা একাডেমির মাসব্যাপী একুশের বইমেলার সচিত্র প্রতিবেদন প্রচারিত হয় প্রতিটি গণমাধ্যমে। একইভাবে মার্চ মাসজুড়ে প্রকাশিত হয় মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা দিক নিয়ে ফিচার ও প্রতিবেদন। এর বাইরে এই দুই মাসেই মাতৃভাষা, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন ও উত্তরণ নিয়ে রচিত হয় অসংখ্য কলাম, প্রচারিত হয় টক শো, সংবাদ বিশ্লেষণ ইত্যাদি।
শিক্ষার প্রসার—মান ও উন্নয়ন নিয়ে তর্ক থাকলেও এবং উৎপাদন, অবকাঠামো ও সামগ্রিকভাবে সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তেমন অভিযোগ নেই। কিন্তু টানা দুই মাসের আবেগ-উচ্ছ্বাসে ভাসমান জাতি কি সংশ্লিষ্ট দুটি বিষয়—বাংলা ভাষার ব্যবহার ও চর্চার বাস্তব অবস্থা, বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চার ব্যাপ্তি ও মান এবং আমাদের স্বাদেশিকতা, ইতিহাসচেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের বাস্তব অবস্থা নিয়ে আন্তরিক মূল্যায়ন করবে না?
বাংলা ভাষা ও সাহিত্য-সংস্কৃতি নিয়ে যে আবেগ ফেব্রুয়ারি মাসে প্রকাশ পায় তার সঙ্গে ছাত্র-তরুণ, এমনকি বয়স্ক নাগরিকদের দৈনন্দিন জীবনের চর্চা ও আকাঙ্ক্ষার সঙ্গে কি মিল আছে? শিক্ষায় গত ২০-২৫ বছরে বেসরকারি খাতের বিস্তার ঘটেছে এবং তাদের প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মাধ্যম হচ্ছে ইংরেজি। অধিকাংশ ক্ষেত্রে বাংলা ও ইংরেজি নয়। ইংরেজির একচ্ছত্র আধিপত্যের প্রতি আত্মসমর্পণ করে বাংলা থাকছে প্রান্তিক দুর্বল অবস্থানে আর বিশেষ দিবসের অনুষ্ঠানে সংস্কৃতিচর্চার বাহন হিসেবে। এ যেন ভিন্ন সময়ে পৃথক প্রেক্ষাপটে পুরোনো ঘটনা পুনরাভিনীত হচ্ছে—পাকিস্তান সরকারের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবির প্রতি চরম উপেক্ষা প্রদর্শনের মতো। তখন বাংলা সমমর্যাদায় উর্দুর পাশে স্থান চেয়েছিল। আজ বাংলা ভাষার আন্দোলন থেকে সৃষ্ট বাংলাদেশে ইংরেজির দাবিকে অগ্রাধিকার দিয়ে বাংলার সমমর্যাদার দাবি তুলতে হচ্ছে। কেননা, আজকের বাংলাদেশে এমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে, যেখানে ইংরেজি ভিন্ন বাংলা বললে (ভুলে বলে ফেললেও) ছাত্রকে জরিমানা গুনতে হয়। আমি নিশ্চিত, ছাত্র ফরাসি বা জার্মান, কি উর্দু বা আরবি বললে অপরাধ হিসেবে গণ্য হয় না।
সরকার আজতক স্কুলশিক্ষাকে এক ধারায় আনতে পারেনি, আর তিন তিনটি পাবলিক পরীক্ষার ‘উৎসব’ (শিক্ষামন্ত্রীর ভাষ্যমতে) চালু করে শিক্ষায়ও ভাবাবেগের জোয়ার বইয়ে দিয়েছেন। উচ্ছ্বাসের জোয়ার ধরে রাখতে দিনে দিনে আপস করতে হয়েছে মানের সঙ্গে। শিক্ষার মান ও প্রতিযোগিতার মাঠ ফাঁকা পেয়ে বেসরকারি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান টাকার জোরে একতরফা এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। অংশগ্রহণের গুরুত্ব মেনেও বলতে হবে শিক্ষায় মানই চূড়ান্ত বিবেচ্য বিষয়। একটু সচেতন মানুষ মাত্রই মান সচেতন হবেন। কিন্তু মানের ক্ষেত্রে বাংলামাধ্যমের স্কুলকে ছাপিয়ে ইংরেজি মাধ্যমের কদর বাস্তবেই বাড়ছে। এর জন্য সরকারকে দায়ী করা ছাড়া উপায় থাকে না।
এখনো আমাদের স্কুল শিক্ষার মূলধারা বাংলামাধ্যম, প্রায় পাঁচ কোটি ছাত্রের সিংহভাগ এই মাধ্যমেই পড়ে। তাদের ইংরেজি-বাংলা দুটি ভাষা শেখা, বয়স অনুযায়ী অন্যান্য বিষয়ে জ্ঞানার্জন, সুষ্ঠু মানসবিকাশের জন্য সুস্থ সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করা সম্ভব হয়নি। স্কুলশিক্ষকদের মানসিকতাও প্রকৃত জ্ঞানার্জনের অনুকূল নয়। শিক্ষার মূল উদ্দেশ্য পূরণে আমাদের অগ্রগতির সন্তোষজনক চিত্র মেলে না। এ ক্ষেত্রে সাফল্য এসেছে সংখ্যাতাত্ত্বিক—প্রায় শতভাগ শিক্ষার্থীর প্রাথমিকে ভর্তি, প্রাথমিক সমাপনী ও জুনিয়র সনদ পরীক্ষায় পাসের ও জিপিএ–৫-এর হার, মেয়েদের অংশগ্রহণ, বিপুল অঙ্কে উপবৃত্তি প্রদান, সব ছাত্রকে বিনা মূল্যে প্রায় ৩৬ কোটি বই বিতরণ ইত্যাদি।
কিন্তু সরকারি-বেসরকারি জরিপ এবং বাস্তব অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, শিক্ষার আসল উদ্দেশ্য যে মান তা ঠিকভাবে অর্জিত হচ্ছে না। উচ্চতর শিক্ষার জগতে এবং সমাজজীবনে তার প্রতিফলন চোখে পড়ছে। এ সমাজে কোনো পর্যায়ে জ্ঞানের চাহিদা তৈরি করা যায়নি, বড়জোর কিছু দক্ষতার ও তথ্য জানার প্রয়োজন বোধ করে সমাজ। আর তাই শিক্ষায় মৌলিক চিন্তা, শিক্ষার্থীর ভাবনা ও বিশ্লেষণের কোনো চাহিদা ও মর্যাদা এ সমাজে নেই।
একুশেকে ঘিরে যে বইমেলা, তার পরিসর প্রতিবছরই বাড়ছে। এ বছর মেলার আয়তন যেমন বেড়েছে, তেমনি বিন্যাসও ভালোভাবে হয়েছে, বই প্রকাশের সংখ্যা অফিশিয়ালি সাড়ে তিন হাজার হলেও সংশ্লিষ্ট সবার ধারণা, প্রকৃত সংখ্যা আরও বেশি, মেলায় বিক্রি হয়েছে প্রায় ৭০ কোটি টাকার বই। এসবই প্রমাণ দেয় বইয়ের ক্রেতা বাড়ছে, আর তাতে সহজেই অনুমান করা যায় বইয়ের পাঠকও বাড়ছে। প্রশ্ন হলো, সত্যিই কি প্রকৃত পাঠক বাড়ছে?
প্রথমত, বই কিনলেই তা পড়া হয় না, পড়া একটা নিয়মিত অভ্যাসের বিষয়, আকস্মিকভাবে ফেব্রুয়ারি মাসে মৌসুমি জ্বরের মতো জাঁকিয়ে ধরতে পারে না কাউকে। দ্বিতীয়ত, নিজ ভাষার ধ্রুপদি সাহিত্য পাঠ করেই একজন প্রকৃত পাঠক তৈরি হয়ে ওঠেন। বঙ্কিমচন্দ্র, মাইকেল, রবীন্দ্রনাথ, মীর মশাররফ, শরত্চন্দ্র, বিভূতিভূষণ, তারাশঙ্কর, নজরুল, জীবনানন্দ, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখের সাহিত্য না পড়ে কেবল সাম্প্রতিক জনপ্রিয় লেখকদের বই পড়ে সাহিত্যের পাঠক হয়ে উঠছেন—এ ভাবনা সঠিক নয়। এটি একুশের হুজুগ।
এ সূত্রে একটি আশঙ্কার কথা জানাই, আমাদের সাহিত্য পাঠ ও বোধে পূর্বাপরহীনতা অর্থাৎ কেবল বর্তমান বা সমকালভিত্তিক গণ্ডি তৈরি হচ্ছে। কথাটা কটু শোনালেও বলতে হবে, এতে ভুঁইফোড় পাঠকই তৈরি হবে।

>উচ্ছ্বাসের জোয়ার ধরে রাখতে দিনে দিনে আপস করতে হয়েছে মানের সঙ্গে। শিক্ষার মান ও প্রতিযোগিতার মাঠ ফাঁকা পেয়ে বেসরকারি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান টাকার জোরে একতরফা এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে

মননশীল গ্রন্থ, যা আমাদের চিন্তার জগৎকে আলোড়িত-বিকশিত করবে তার ক্ষেত্রেও প্রবণতা হলো সাম্প্রতিক ইতিহাস, রাজনীতি, জাতীয় ঘটনাবলির মধ্যে রচয়িতা ও পাঠক ঘুরপাক খান। হতে পারে সম্প্রতি প্রকাশিত প্লেটোর রচনাবলির বিক্রি ভালো। কিন্তু প্রকৃতই প্লেটো এবং দর্শনচর্চার আনুষঙ্গিক অন্যান্য বই কোথায়? বাংলা ভাষার মননশীল ধ্রুপদি সাহিত্য—রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, বেগম রোকেয়া, অতুল গুপ্ত, বিনয় সরকার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এস ওয়াজেদ আলী, কাজী আবদুল ওদুদ, সুকুমার সেন, আবুল ফজল, মোতাহের হোসেন চৌধুরী, হুমায়ুন কবীরের প্রবন্ধ কি পাঠ করা হচ্ছে?
বাংলাদেশের প্রকাশনা শিল্পের বিকাশের দিকে লক্ষ রেখে একটি বইমেলা আয়োজিত হতেই পারে। কিন্তু জ্ঞানার্জনের জন্য অন্তত বাংলা ও ইংরেজি ভাষার পুরো জগৎটাই খুলে ধরে এমন একটি বইমেলা আয়োজিত হওয়া নিতান্তই জরুরি। আজ এত বছরেও তেমন কোনো বইমেলার কথা আমরা ভাবতে পারছি না।
ভাষার মাসের মতোই স্বাধীনতার মাসটিও মূলত আবেগ-উচ্ছ্বাস-উৎসবে অতিবাহিত হচ্ছে। স্বাধীনতার ৪৬ বছর পরেও এখনো পাকিস্তান আমলের বিতর্কগুলো আমাদের পিছু ছাড়েনি। বাঙালি ও মুসলমানের সম্পর্ক এবং রাষ্ট্র ও জাতির ইতিহাসের সূচনা-বিন্দু সাতচল্লিশ না একাত্তর, নাকি সত্যিই গোড়ায় যাওয়া দরকার—সেসব নিয়ে সংশয় এখনো কাটেনি। বাঙালি মুসলমানের ইতিহাসচর্চার যে খণ্ডিভবন পাকিস্তান করেছিল, তার আদর্শিক ভার এখনো বইছে এ জাতি। তাই স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি মানসিকতা ও রাজনীতি শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে।
বর্তমান কাল যেসব চ্যালেঞ্জ আমাদের সামনে খাড়া করেছে, তা উতরানোর হাতিয়ার হিসেবে কেবল ইংরেজি ভাষা আর তথ্যপ্রযুক্তিকে ভাবলে হবে না। প্রথমে প্রয়োজন বিজ্ঞানচেতনা ও যুক্তিবাদী মন, তার সঙ্গে চাই বিশ্ব ইতিহাসের গতি–প্রকৃতি ঠিকভাবে জানা এবং সেই সঙ্গে যথাযথ বিশ্বচেতনা। ভালোভাবে জানা প্রয়োজন বিংশ শতাব্দীর শেষার্ধ থেকে আজতক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যেসব পরিবর্তন ও ‘উন্নয়ন’ ঘটেছে তার প্রবণতা, প্রভাব, প্রতিফল। এর সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির যোগ গভীর এবং তা বিজ্ঞানের দর্শন ও ইতিহাসের আলোকেই বুঝতে হবে। নয়তো রাষ্ট্র ও সমাজের ক্ষমতাবান ব্যক্তিরাই জাতির নেতৃত্বের সবটুকু করায়ত্ত করে নেবে, প্রকৃত জ্ঞানীদের কোনো জায়গা বা গুরুত্ব থাকবে না। তার নমুনা আমরা কি দেখছি না? আজকের বাংলাদেশে রাজনীতিবিদ ও ধনবান ব্যক্তি, বস্তুত ধনী রাজনীতিবিদেরাই ক্ষমতাবান হয়ে উঠছেন। এমনটা ঘটার কারণ জ্ঞানচর্চার জায়গায় প্রতিষ্ঠান ও ব্যক্তি উভয় ক্ষেত্রেই ভাটা চলছে, চলছে স্থবিরতা। সবাই যেন ক্ষমতার জাদুকরি শক্তির দ্বারা মোহাবিষ্ট হয়ে পড়েছেন।
স্বাধীনতা রাষ্ট্রের জন্য যেমন অপরিহার্য, তেমনি জ্ঞানচর্চা ও সৃজনশীল প্রতিষ্ঠান ও ব্যক্তি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। চিন্তাবিদ আবুল ফজল লিখেছিলেন, খাঁচায় পোষা বাঘ যেমন প্রকৃত বাঘ নয়, তেমনি পোষা শিল্পীও প্রকৃত শিল্পী নয়। বুদ্ধদেব বসুকে জিজ্ঞেস করা হয়েছিল, রাষ্ট্রের কাছে একজন লেখকের কী প্রত্যাশা থাকা উচিত? উত্তরে তিনি বলেছিলেন, ‘সহনশীল উপেক্ষা।’ তাঁর কথাটা চট করে মেনে নেওয়া হয়তো মুশকিল, কিন্তু ভাবা উচিত, ভাবনায় রাখা দরকার।

আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।