উজ্জ্বল কখন বাড়ি যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাবা কৃষক ছিলেন, তাঁর নিজের কিছু জমি ছিল। কিন্তু যেদিন তিনি মারা গেলেন, সেদিন তাঁর ছেলেমেয়েরা জানতে পেল, এক ছটাক জমিও তিনি রেখে যাননি তাদের জন্য। বাবা কী করে ভূমিহীন বর্গাচাষিতে পরিণত হয়েছিলেন, উজ্জ্বল তা জানে না। কিন্তু তিনি হঠাৎ মরে গিয়ে সন্তানদের যে জীবনের সামনে দাঁড় করিয়ে গেছেন, উজ্জ্বল সেই জীবনকে ভীষণভাবে জানছে আট বছর ধরে।
সকাল ৯টা থেকে রাত ৯টা-১০টা পর্যন্ত দুই পায়ে গড়িয়ে চলে উজ্জ্বলের জীবন। দুপুরে শুধু খাওয়ার সময়টুকু ছাড়া একদণ্ড বসার ফুরসত মেলে না। বসার কোনো ব্যবস্থাই রাখা হয়নি। না, জুতা কোম্পানির শোরুমে বিক্রয়কর্মীদের একদণ্ড বসে জিরিয়ে নেওয়ার সুযোগ নেই। তাদের পায়ে অনেক প্রাণশক্তি আর মনে অসীম ধৈর্য রাখতে হয়। উজ্জ্বল আট বছর ধরে যেন দাঁড়িয়েই আছে। ক্রেতাদের জুতা দেখানো, জুতার গুণমান বর্ণনা করে ক্রেতার মন জয় করা, জুতা পরানো, জুতা খোলা, মাপ না মিললে আরেক জোড়া পরিয়ে দিয়ে পরখ করে দেখা, তারপর পছন্দের জুতা প্যাকেটে ভরে ক্রেতাকে ক্যাশ কাউন্টারে নিয়ে যাওয়া—এই একঘেয়ে জীবন দিনের পর দিন বয়ে চলেছে ক্ষমাহীন, ক্ষান্তিহীনভাবে।
কিন্তু উজ্জ্বলের মুখে হাসি লেগে আছে সব সময়। ২৬ বছরের সুদর্শন তরুণ। ফরসা, লম্বাটে মুখমণ্ডল মেদহীন যৌবনের দ্যুতিতে উজ্জ্বল। জুতার দোকানের বদলে ওকে যদি কল্পনা করি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তাহলে সেই দৃশ্যে ওর পাশে অন্তত একজন তরুণীকে অবশ্যই দেখতে পেতাম। কিংবা দেখতে পেতাম তাকে ঘিরে অনাবিল আড্ডায় মেতে উঠেছে এক গন্ডা উচ্ছল তরুণ-তরুণী।

কিন্তু উজ্জ্বলের বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়নি। ২০০৮ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, কিন্তু ফল বেরোবার আগেই হঠাৎ বাবা মারা গেলেন। আকাশ থেকে তারা খসে পড়ার মতো মিলিয়ে গেল উজ্জ্বলের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার স্বপ্ন। জীবিকার সন্ধানে বেরিয়ে পড়তে হলো ১৮ বছরের ছেলেটিকে। কিন্তু জীবিকা কোথায়? যে দেশে লাখ লাখ উচ্চশিক্ষিত ছেলেমেয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে, সেখানে স্রেফ ইন্টারমিডিয়েট পাস করে কেউ কি কোনো চাকরির আশা করতে পারে? অন্যরা পারে কি না উজ্জ্বল জানে না, তার অন্তত ও–রকম উচ্চাশা ছিল না।

কিন্তু কিছু একটা তো করতেই হবে। এই ভেবে উজ্জ্বল পাড়ি জমাল ঢাকা মহানগরে; তার বিশ্বাস, দুনিয়ার সব ধরনের জীবিকার কেন্দ্রস্থল ঢাকা। তাই সে নিজের জেলা শহর বগুড়াকে পাশ কাটিয়ে সোজা চলে এসেছে ঢাকায়। তার ভাগ্যটা প্রসন্ন ছিল। কিছুদিনের চেষ্টাতেই মিলে গেল চাকরি; নামকরা এক জুতা কোম্পানির বিক্রয়কর্মী হলো উজ্জ্বল হোসেন। প্রথমে বেতন কম ছিল; কিন্তু এখন নির্ধারিত বেতন আর কমিশন যোগ করে মাসে প্রায় ২০ হাজার টাকা তার রোজগার।

বুধবার সন্ধ্যায় এলিফ্যান্ট রোডে উজ্জ্বলের সঙ্গে আমার গল্প করার সুযোগ হয়েছিল। বিখ্যাত এক জুতা কোম্পানির ব্যস্ততম শোরুমগুলোর একটি। ঈদের বাজার বলে ভিড় ছিল বেশি। তাকে যখন জিজ্ঞাসা করি তার বাড়ি কোথায়, তখনই সে বুঝতে পারে আমি ক্রেতা নই। সে আমার পরিচয় জানতে চায়। সাংবাদিক পরিচয় দিয়ে তাকে জানাই যে আমি তাকে নিয়ে লিখব।

জানতে চাইলাম, তার বাড়ি কোথায়, বাবা কী করেন, ভাইবোন কজন, ভাইবোনেরা কে কী করেন। উত্তরে উজ্জ্বল যা বলে তার কিছু কথা ওপরে লিখেছি। বাবার আকস্মিক মৃত্যুর পর উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে যাওয়া এবং কঠিন জীবনসংগ্রামে অবতীর্ণ হওয়ার গল্প সে বলে অবলীলায়। তার কণ্ঠে কোনো খেদ নেই, দুঃখ নেই, অভিমান নেই। জীবন যেভাবে তার সামনে হাজির হয়েছে, সেভাবেই সে তাকে গ্রহণ করে নিয়েছে। এবং চার ভাই ও চার বোনের মধ্যে নিজেকেই সে সবচেয়ে সফল ও সৌভাগ্যবান মনে করে। বড় দুই ভাই বিবাহিত, স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামেই থাকেন; জমিজমা চাষ করেন। কিন্তু তাঁদের নিজেদের কোনো জমি নেই; অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন। চার বোনেরই বিয়ে হয়ে গেছে। একমাত্র ছোট ভাইটি ঢাকায় থাকে, ওয়েল্ডিং মিস্ত্রি হয়েছে সে। গ্রামের বাড়িতে মা একা; কারণ দুই ভাইয়ের সংসার আলাদা।

ঢাকার তেজতুরী বাজারে এক মেসের একটি ঘরে তিন সহকর্মীর সঙ্গে থাকে উজ্জ্বল। থাকা-খাওয়া বাবদ মাসে খরচ হয় সাড়ে পাঁচ হাজার টাকা। সাত হাজার টাকা মাকে পাঠিয়ে দেয়। পকেট খরচের জন্য হাতে কিছু অবশিষ্ট থাকে।

‘বয়স তো কম হলো না। বিয়ে করবেন না?’

‘তা তো করতেই হবে একদিন।’

‘বান্ধবী আছে?’

‘না।’ লাজুক হেসে বলে উজ্জ্বল, তারপর নিজেই ব্যাখ্যা করে, ‘মেয়েদের টাইম দিতে হয়। কিন্তু আমার টাইম কোথায়?’

‘ঈদে বাড়ি যাবেন না?’

‘অবশ্যই যাব!’ উজ্জ্বল কথাটা এমন সুরে বলে, যেন প্রতিবাদ জানাচ্ছে। যেন ঈদের ছুটিতে বাড়ি না যাওয়ার কথা সে ভাবতেই পারে না।

‘কবে যাবেন?’

‘ঈদের দিন সকালে।’

‘তাহলে ঈদের জামাত?’

‘সেটা তো ভাগ্যে নাই। প্রতি ঈদেই বাড়ি যাই ঈদের দিন সকালবেলা। রোজার ঈদের চাঁদরাতে শোরুম খোলা থাকে ভোর চারটা-পাঁচটা পর্যন্ত। ব্যাগ আগেই গোছায়ে রাখি। শোরুম বন্ধ হলেই মেসে ফিরে হাতমুখ ধুয়ে একটু কিছু খেয়ে ব্যাগ নিয়ে সোজা গাবতলী। ডাইরেক্ট বগুড়ার বাস না পাওয়া গেলে ভাঙা বাসে...যেভাবেই হোক, বাড়ি তো যাওয়াই লাগবে।’

‘এত কষ্ট করে যে বাড়ি যান, কেন যান?’

‘বাড়িতে মা আছে না? মা আছে বলেই তো সব সময় খালি মনে হয়, কখন বাড়ি যাব! কখন বাড়ি যাব!’

মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।