
এই উক্তিটি শুনুন। ‘আমি ছোট ভাবনা ভাবতে পারি না। ছোট কোনো কাজ আমি করতে ভালোবাসি না। এ দেশের ১২৫ কোটি মানুষ আমার সঙ্গী। কোনো ছোট স্বপ্ন তাই আমি দেখতে পারি না।’
গুজরাটে নর্মদা নদীর ওপর তৈরি সরদার সরোবর বাঁধের উদ্বোধন করে এই সেদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথাগুলো বললেন। বিস্তর বাধা ও বিপত্তি কাটিয়ে তৈরি পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম বাঁধকে ‘ভারতের ক্ষমতার প্রতীক’ বলে বর্ণনা করে তিনি বলেন, ‘আমি বড় বড় স্বপ্ন সাকার করতে চাই।’
এই খবর যেদিন দেশের সব কাগজে প্রকাশিত হলো, সেদিনই কোনো কোনো কাগজে ছোট্ট আরেকটা খবর ছাপা হয়। ভারতের আসাম রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য কর্মসমিতির নেত্রী বেনজির আরফানকে দল সাসপেন্ড করেছে। বেনজিরের অপরাধ, রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার সরকার যে অমানবিক আচরণ করছে তার প্রতিবাদে তিনি অনশনে অংশ নেওয়ার জন্য সচেতন মানুষকে আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বান তিনি পোস্ট করেছিলেন ফেসবুকে। লক্ষণীয়, বেনজির আরফান কিন্তু শুধু রোহিঙ্গা মুসলমানদের কথা লেখেননি। লিখেছিলেন রোহিঙ্গা মুসলমান ও হিন্দুদের কথা, মিয়ানমারের সেনা, পুলিশ ও বৌদ্ধদের নির্মম অত্যাচারে রাখাইন প্রদেশ থেকে যারা প্রতিদিন উৎখাত হচ্ছে।
আরও একটা তথ্য আছে, এই সেদিন পর্যন্ত বেনজির ছিলেন বিজেপির নেতাদের নয়নের মণি। আসামে তিনিই ছিলেন বিজেপির ‘তিন তালাক’ বন্ধের প্রচারের মুখ। তাঁকে ঘিরেই বিজেপি আসাম রাজ্যে গড়ে তুলেছিল তিন তালাকবিরোধী প্রচার। বেনজির আরফান নিজেই তিন তালাকের বলি! রোহিঙ্গা মুসলমানদের হয়ে সহানুভূতি ঝরানোর দায়ে বিজেপি তাঁকেই বলি দিল!
নরেন্দ্র মোদি ‘ছোট ভাবনা’ ভাবতে পারেন না। ‘ছোট স্বপ্ন’ দেখতে পারেন না। তাঁর দলের তাঁরই অনুগামী বেনজির আরফান কিন্তু নিতান্তই ‘ছোট’ একটা কাজের মাধ্যমে ‘ছোট্ট’ একটা প্রতিবাদে শামিল হতে চেয়েছিলেন! বড় ভাবনা ও বড় স্বপ্নের কাছে এত ছোট করে ভাবার শাস্তি তাই তাঁকে পেতে হলো।
বড় ছাড়া অন্য কিছুতে প্রধানমন্ত্রীর মন ভরে না। দু-তিন দিনের জন্য বিদেশ সফরে যেতে তাঁর মন কখনো সায় দেয় না। তাই কোনো একটা দেশে যেতে হলে তিনি সেই সঙ্গে আশপাশের আরও দু-একটা দেশকে জুড়ে নেন। এ কথাটা তাঁরই বলা। বুলেট ট্রেন অবশ্যই ছোটখাটো কোনো ব্যাপার হতে পারে না। যে ট্রেনের গতি ঘণ্টায় সাড়ে তিন শ কিলোমিটার, মুম্বাই ও আহমেদাবাদের দূরত্ব যা কিনা দুই ঘণ্টায় নামিয়ে আনবে, তা কী করে ছোট স্বপ্ন হতে পারে? তা ছাড়া এক লাখ কোটি টাকা যেখানে খরচ? কাজেই, সরদার সরোবর বাঁধের বিশালত্বের মতোই তাঁর মনজুড়ে রয়েছে বুলেট ট্রেন এবং সেই সুবাদে জাপানের সঙ্গে সখ্য।
দেশের সব গরিবের জন্য বিনা পয়সায় ব্যাংক খাতা খুলে দেওয়া এলেবেলে কোনো স্বপ্ন নয়। কিংবা তিন তালাককে নিষিদ্ধ করার উদ্যোগ। অথবা আধার কার্ডকে জীবনের সবকিছুর সঙ্গে যুক্ত করে দেওয়া। স্বচ্ছ ভারত অভিযান বা গঙ্গার কালিমা ঘোচাতে ‘নমমি গঙ্গে’ তো রাজসূয় যজ্ঞেরই শামিল! কোনোটাই ছোট নয়। ছোটখাটো যা কিছু তা নিয়ে তিনি মাথা ঘামান না। উচ্চারণও করেন না। কেননা, তাতে নেহাতই শক্তিক্ষয়। কংগ্রেসমুক্ত ভারত গড়ে তোলার মধ্য দিয়ে ‘সবকা সাথ সবকা বিকাশ’ অবশ্যই বিশাল বড় একটা কাজ। বারবার তাই এই বড় কাজের কথা তাঁর বুলিতে আশ্রয় পায়। ঊহ্য থাকে অসহিষ্ণুতার মাথাচাড়া দেওয়ার মারাত্মক প্রবণতা অথবা অন্যান্য সামাজিক ব্যাধি লাগামছাড়া হওয়ার মতো ‘ছোটখাটো’ বিষয়গুলো।
এ রকমই ঊহ্য রয়ে গেছে রোহিঙ্গা শরণার্থীদের দেশত্যাগের প্রশ্নটি। বড়সড় কোনো ঘটনা হলে অবশ্যই প্রধানমন্ত্রীর মুখ ফুটত! কিন্তু এই এখনো পর্যন্ত রোহিঙ্গা-প্রশ্নে একটি শব্দও তিনি উচ্চারণ করেননি! করেননি, কেননা হয়তো তা ‘নিতান্তই তুচ্ছ ঘটনা’ বলে!
নরেন্দ্র মোদির মুখ থেকে একটি শব্দ উচ্চারিত না হলেও তাঁর সরকার সুপ্রিম কোর্টে জানিয়ে দিল, রোহিঙ্গারা ‘দেশের নিরাপত্তার পক্ষে মারাত্মক ধরনের ক্ষতিকারক।’ ক্ষতির ধরন-ধারণটা কেমন? না,তাদের মধ্যে পাকিস্তানের আইএসআই ঘাঁটি গেড়েছে, আইএসও হামাগুড়ি দিচ্ছে। লস্কর-ই-তাইয়েবা ও জইশ ই মুহম্মদ প্রভাব বিছিয়ে ফেলেছে। তারা হাওয়ালা-হুন্ডির মতো অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত। সরকারি হলফনামায় বলা হয়েছে, ভারতে যে ৪০ হাজারের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, তারা সবাই অবৈধভাবে এ দেশে এসেছে। তারা অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারী বলেই তারা শরণার্থীদের সুযোগ-সুবিধা ভোগ করতে পারে না; বরং তাদের উপস্থিতি দেশের বৈধ নাগরিকদের বঞ্চিত করছে। তা ছাড়া, সরকার হলফনামায় এ কথাও বলেছে, এ দেশের বৌদ্ধদের প্রতি তারা হিংস্র হয়ে উঠতে পারে। এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
সুপ্রিম কোর্ট সরকারের অভিমত জানতে চেয়েছিলেন। সরকার দ্বিধাহীনভাবে সেই অভিমত জানিয়ে বলে দিল, এ কারণেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত সঠিক। সর্বোচ্চ আদালতের কাছে সরকারের আরজি, তাঁরা যেন সরকারের কাজে বাধা সৃষ্টি না করেন। অর্থাৎ, রোহিঙ্গা-বিদায়ে সরকার যা করতে চাইছে, সুপ্রিম কোর্ট যেন তাতে বাগড়া না দেন।
যে কারণে বাগড়া না দেওয়ার আরজি, তা, অর্থাৎ, ভারতে রোহিঙ্গাদের মধ্যে পাকিস্তান অথবা লস্কর কিংবা জইশ ই মুহম্মদের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলো কতটা জাল বিছিয়েছে, তা তেমন কারও কিন্তু জানা নেই। জানা নেই, কারণ, সরকার যে দাবি জানিয়েছে, তার কোনো প্রমাণ এখনো তারা দেয়নি। সুপ্রিম কোর্টে হলফনামা দেওয়ার আগে পর্যন্ত একজন রোহিঙ্গাকেও সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য গ্রেপ্তার করা হয়নি। অথচ ২০১২ সাল থেকে রোহিঙ্গারা ভারতে বাস করছে! কিন্তু নিতান্তই কাকতালীয়ভাবে সেই প্রথম গ্রেপ্তারিটা হয়ে গেল হলফনামা পেশ করার পরপরই। দিল্লির শকরপুর থেকে ব্রিটিশ-বাংলাদেশি এক আল-কায়েদার চাঁইকে পুলিশ ধরে ফেলে, যে নাকি রোহিঙ্গাদের জঙ্গি-ট্রেনিং দিতে রাজধানীতে এসেছে। পুলিশের দাবি, লোকটা বাংলাদেশেও অনেককে নাকি অস্ত্র শিক্ষা দিয়েছে!
একই রকম কাকতালীয় ছিল রোহিঙ্গা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতি। নরেন্দ্র মোদি মিয়ানমার সফরের সময় রোহিঙ্গাদের পক্ষে কিংবা তাদের ওপর অত্যাচার বন্ধে রা কাড়েননি; বরং সু চির সঙ্গে যৌথ যে বিবৃতি দিয়েছিলেন তাতে রোহিঙ্গাদের সহিংসতা, তাদের সন্ত্রাসবাদী চরিত্র নিয়ে কঠোর সমালোচনা ছিল। তত দিনে দুই লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ভারতের আশ্চর্য রকমের নীরবতা, মিয়ানমারের সেনা ও সরকারের প্রতি প্রকাশ্য সমর্থন ও সমস্যা সমাধানে বিন্দুমাত্র চাপ সৃষ্টি না করা যে বিস্ময়ের জন্ম দেয়, সেটাই ছিল বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার তাগিদ। সে দেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী যেদিন বিকেলে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে এই দুর্বিপাকে বাংলাদেশের পাশে থাকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন এবং অবশ্যই ভারতের নীরবতায় বিস্ময় প্রকাশ করেন, সেদিনই রাতে ভারত ‘ধরি মাছ না ছুঁই পানি’র ঢংয়ে এক বিবৃতি দেয়। সেই বিবৃতিও চরিত্রে প্রচণ্ড রকমের নিরামিষ, যা ভারতের ‘অতিথি দেব ভব’ ভাবমূর্তির সঙ্গে বেমানান।
রোহিঙ্গা-প্রশ্নে ভারত কেন ঢোঁড়া সাপের মতো নির্বিষ, সবার কাছে আজ তা দিনের আলোর মতো পরিষ্কার। মিয়ানমারে ভারতের প্রবল অর্থনৈতিক স্বার্থ, ‘অ্যাক্ট ইস্ট’ নীতিকে সফল করতে মিয়ানমারের সাহায্য ও সহযোগিতার প্রয়োজনীয়তা, চীনের প্রভাব কমাতে চোখ বন্ধ রেখে মিয়ানমারকে কোল পেতে দেওয়া এবং উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের মোকাবিলায় সে দেশের সেনাবাহিনীর সাহচর্য—এসবই ভারতের কাছে মানবিকতা ও গণতন্ত্রের সার্থক বিকাশের চেয়ে বেশি জরুরি। হতদরিদ্র রোহিঙ্গাদের জন্য অশ্রু বিসর্জন ও চাপ সৃষ্টি করে মিয়ানমারের বিরাগভাজন হওয়ার কোনো অভিপ্রায় ভারত দেখাতে নারাজ। রোহিঙ্গারা ‘হিন্দু’ হলে মোদির ভারত অভ্যন্তরীণ রাজনীতিতে যে চাপ অনুভব করত, তার ছিটেফোঁটাও এ ক্ষেত্রে নেই, যেহেতু ভিটেছাড়া রোহিঙ্গারা মুসলমান! বিজেপির দিক থেকে সবটাই তাই ‘পলিটিক্যালি কারেক্ট’।
দেশের নিরাপত্তার জন্য রোহিঙ্গারা কতখানি বিপজ্জনক, আপাতত তা প্রমাণ করাটাই হতে চলেছে ভারতের প্রথম কাজ। এটা সত্য, এখনো পর্যন্ত রোহিঙ্গাদের সন্ত্রাসী যোগসাজশের অকাট্য কোনো প্রমাণ ভারতের কারও কাছে নেই। কেউ দেখাতে পারেনি। কিন্তু রাখাইনে যা চলছে, বাংলাদেশে শরণার্থী স্রোত যেভাবে ফুলেফেঁপে উঠছে, মিয়ানমারের থোড়াই কেয়ার মনোভাব এবং শরণার্থীদের ফেরত পাঠাতে ভারতের উঠেপড়ে লাগা পরিস্থিতি ঘোরালো করে তোলার পক্ষে নিতান্তই অনুকূল। ২৫ আগস্ট থেকে যা চলছে তা সন্ত্রাসীদের হাতে মোয়া তুলে দেওয়ার মতোই লোভনীয়। রোহিঙ্গারা শেষ পর্যন্ত সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে দাঁড়ালে সে জন্য দায়ী থাকবে কিন্তু দক্ষিণ এশিয়ার ভুল রোহিঙ্গা নীতি, রোহিঙ্গারা নয়।
তখন সেটাই কিন্তু হয়ে দাঁড়াবে, ছোট নয়, নরেন্দ্র মোদিদের জন্য বিশাল বড়মাপের মাথাব্যথা।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।