
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সাতটি রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরাম। এই সাত রাজ্যকে বলা হয় সাত বোন। ১৯৭২ সালে ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া প্রথম রেডিওতে ‘সেভেন সিস্টার’ বা সাত বোন কথাটি বলেন। এরপর তিনি একটি বইও লেখেন ল্যান্ড অব সেভেন সিস্টারস নামে। সেই থেকে উত্তর-পূর্বাঞ্চল হয়ে গেল সাত বোন। এসব রাজ্যে বিভিন্ন জাতি, সম্প্রদায় ও নৃগোষ্ঠী একে অপরের বিরুদ্ধে আবার কখনো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। তবে এখন সেই যুদ্ধ ও বিদ্রোহ অনেকটাই স্তিমিত।
উত্তর-পূর্ব ভারত একসময় খুবই অবহেলিত ছিল। দুর্গম যোগাযোগব্যবস্থা। লোকসভার সাবেক স্পিকার পি এ সাংমার কাছে উত্তর-পূর্ব ভারতের সমস্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছিলেন, বিদ্রোহের পেছনে বাইরের শক্তির হাত থাকতে পারে। কিন্তু দারিদ্র্য ও অনুন্নয়নই মূল কারণ। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারই প্রথম উত্তর-পূর্ব ভারতের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি নেয়। নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে সেই কর্মসূচি আরও এগিয়ে নিতে চালু করেন ‘ইস্ট অ্যাকশন’। এরপরও ভারতের অন্যান্য অঞ্চল থেকে উত্তর-পূর্ব ভারত অনেক পিছিয়ে। তেল, গ্যাস, বন ও জলসম্পদে ঋদ্ধ হওয়ার সত্ত্বেও এখানকার মানুষের গড় আয় ও শিক্ষার হার কম। ভারতের মোট ভূমির ৭ শতাংশ এবং জনসংখ্যার ৩ দশমিক ৭ ভাগ রয়েছে এখানে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী লোকসংখ্যা ৪ কোটি ৪৯ লাখ ৮০ হাজার, যার মধ্যে আসামেই ৩ কোটির ওপর।
গত কয়েক বছরে এ অঞ্চলের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন হয় সেটি হলো, কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিদ্রোহ ঘোষণাকারী বিভিন্ন গ্রুপের সমঝোতা ও অস্ত্রবিরতি। সর্বশেষ গত বছর কেন্দ্রীয় সরকারের সঙ্গে নাগাল্যান্ড বিদ্রোহীদের চুক্তি হয়। এই চুক্তির ভিত্তিতে সেখানকার রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে দুপক্ষই কাজ করছে। আসামে উলফার বেশির ভাগ নেতা সশস্ত্র পথ পরিহার করে সরকারের সঙ্গে আলোচনা করছেন। যদিও পরেশ বড়ুয়া সেটি মেনে নেননি এবং তিনি মিয়ানমার-চীন সীমান্তে অবস্থান করছেন বলে আসামের সাংবাদিকেরা জানিয়েছেন। রাজনীতির মূলধারায় ফিরে আসা বোরো বিদ্রোহীরা গত নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে ১২টি আসন পেয়ে সরকারের শরিক হয়েছে। তবে নর্থ-ইস্ট টুডের মতে, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এখনো ৫০টি ক্ষুদ্র সশস্ত্র গ্রুপ সক্রিয় আছে।
শিলং থেকেগুয়াহাটি ১০০ কিলোমিটার। ১৭ জুলাই সকাল আটটায় রওনা দিয়ে ১১টার মধ্যে পৌঁছে যাই গুয়াহাটি। আগেই সাংবাদিক বন্ধু বিনোদ বিঙ্গোনিয়ার সঙ্গে সবকিছু ঠিক করা ছিল। তিনি জার্মানির একটি সংবাদ সংস্থার দক্ষিণ এশীয় প্রতিনিধি। কয়েক দিন আগে ঢাকায় এসেছিলেন। তাঁর ওখানে দেখা হয় লেখক-সাংবাদিক কমল কুমার গুপ্তের সঙ্গে। তাঁদের সঙ্গে কথা বলে আসামের সাম্প্রতিক রাজনীতির উত্তাপটা আঁচ করার চেষ্টা করি। দুজনেই বললেন, আসাম ও মেঘালয়ে বাঙালিদের সমস্যা প্রায় অভিন্ন। চাকরি, লেখাপড়া, ব্যবসা-বাণিজ্যে তারা খানিকটা কোণঠাসা। আসামে অসমীয়দের প্রাধান্য। মেঘালয়ে খাসিয়া, জৈন্তিয়া ও গারোদের। বাংলাদেশে যারা প্রান্তিক, এখানে তারা ক্ষমতায়। অসমীয়দের আশঙ্কা, যেকোনো সময় তারা সংখ্যালঘু হয়ে যেতে পারে। বর্তমানে তারা একক সংখ্যাগরিষ্ঠ হলেও অর্ধেকের কম, ৪৫ শতাংশ। আসামে মুসলিম জনসংখ্যা ৩৪ শতাংশ, তবে সবাই বাংলা ভাষাভাষী নয়, অনেকে অসমীয়দের সঙ্গে মিশে গেছে। হিন্দু বাঙালিদের পক্ষে সেটি সম্ভব হয়নি।
১২৬ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপির জোট ৮৬টি আসন পেয়ে সরকার গঠন করেছে। নতুন মুখ্যমন্ত্রী হন সর্বানন্দসানোয়াল। নির্বাচনের আগে যে তথাকথিত বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী ইস্যু নিয়ে বিজেপি মাঠ গরম করেছিল, এখনো তার রেশ চলছে। কট্টরপন্থীরা অনুপ্রবেশ ইস্যুতে বিক্ষোভ সমাবেশও করছে।
এ ব্যাপারে আসাম রাজ্য বিধানসভার স্পিকার রঞ্জিত কুমার দাসের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘ওটি ছিল নির্বাচনে জয়ের কৌশল। এখন আর বাঙালি-অসমীয় বিরোধ নেই।’ তাঁকে জিজ্ঞেস করি, আপনারা নাকি ১৯৫১ সালের পর যাঁরা বাংলাদেশ থেকে এসেছেন, তাঁদেরও তাড়িয়ে দিতে চান? বললেন, ‘ বিজেপি তা কখনো বলেনি। আমরা বলেছি, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা এসেছে, তাদের ফেরত পাঠাতে হবে।’ উত্তরে জানাই, বাংলাদেশ তো বরাবরই বলে আসছে, সেখান থেকে কেউ ভারতে আসছে না। তিনি বললেন, ‘বিষয়টি আমরা কেন্দ্রীয় সরকারকে জানাব। তারা বাংলাদেশ সরকারের সঙ্গে বসে যা করার করবে। রাজ্য সরকারের কিছু করার নেই।’
একই বিষয়ে কথা হয় অসম গণপরিষদের নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মোহান্তের সঙ্গেও। তাঁকে জিজ্ঞেস করি, বাঙালিদের বিরুদ্ধে তাঁর রাগ কমছেকি না? তিনি বললেন, বাঙালিদের বিরুদ্ধে আমার কোনো রাগ ছিল না। তাঁদের আন্দোলন ছিল আসামে অসমীয়দের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই আন্দোলন কি সফল হয়েছে? বললেন, ‘আংশিক।’
বিজেপির সঙ্গে তাঁদের রাজনীতির মিল-অমিল সম্পর্কে তিনি জানালেন, ‘অনেক বিষয়েই বিজেপির সঙ্গে আমাদের দ্বিমত আছে। তারপরও বৃহত্তর স্বার্থে জোট করেছি।’ আসামে দুটি ইস্যুতে এখন আন্দোলন হচ্ছে। কর বাড়ানো এবং ক্ষুদ্র ও মাঝারি তেলকূপগুলো বিদেশিদের ইজারা দেওয়া। সাধারণ মানুষ সরকারের এ পদক্ষেপকে সুনজরে দেখছে না।
আলাপকালে কংগ্রেসের নেতা ও বিধায়ক আবদুল খালেক জানান, বিজেপির দাবি অনুযায়ী মানুষ উন্নয়ন ও পরিবর্তনের জন্য তাদের ভোট দিয়েছে। এখন তো উল্টো পরিবর্তন হচ্ছে। জনগণের ওপর করের বোঝা চাপানো হচ্ছে, আর আসামের তেলসম্পদ বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভারত সেক্যুলার দেশ হিসেবে নাগরিকত্ব দেওয়ার বেলায় বৈষম্য করতে পারে না। ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া না–দেওয়া ভারতীয় সংবিধানের পরিপন্থী।
১৪ জুলাই প্রায় প্রতিটি কাগজে ফলাও করে যে খবরটি ছাপা হয়েছিল, তা হলো ভারতের সুপ্রিম কোর্ট নাবাম টুকির সরকারকে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন। কংগ্রেস সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও বিজেপির রাজ্যপাল জ্যোতি প্রসাদ অধিকাংশ সদস্যের আস্থা নেই অভিযোগ এনে সরকার ভেঙে দেন। এর আগে কংগ্রেসের কয়েকজন প্রতাপশালী সদস্য টুকির প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এর রাজ্য সরকার বাধ্য হয়ে কংগ্রেস সরকার পুনর্বহাল করলেও মুখ্যমন্ত্রী পদে আসীন হন পেমা খান্ডু। আবার দলত্যাগী কংগ্রেসের সাংসদেরা যথারীতি তাঁর প্রতি সমর্থনও জানান। বিশ্লেষকেরা বলছেন, কংগ্রেস সরকারের এই ভাঙাগড়ায় পেছন থেকে কলকাঠি নেড়েছে বিজেপি।
২০১৮ সালের নির্বাচন সামনে রেখে ত্রিপুরায়ও রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে কংগ্রেস জোট করার প্রতিবাদে ত্রিপুরা কংগ্রেসদলীয় ছয়জন সদস্য বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অন্যদিকে কংগ্রেসের দুর্বলতার সুযোগে সেখানে বিজেপি নতুন করে সংগঠিত হচ্ছে। বিশেষ করে উল্লেখযোগ্যসংখ্যক উপজাতি পরিবার, যারা এত দিন বাম সরকারের সমর্থক ছিল, তারা বিজেপিতে যোগ দিচ্ছে।
উত্তর-পূর্ব ভারতে ‘যুদ্ধাবস্থার’ অবসান হলেও আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভিন্ন ধরনের ‘যুদ্ধ’ চলছে। ক্ষমতার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ও বিজেপি আঞ্চলিক দলগুলোকে টানতে মরিয়া হয়ে উঠেছে। ভারতের অন্যান্য অংশে কংগ্রেস দুর্বল হলেও উত্তর-পূর্ব ভারতে তাদের অবস্থান ভালো। সাত রাজ্যের মধ্যে চারটিতে (মেঘালয়, অরুণাচল, মণিপুর ও মিজোরাম) কংগ্রেস সরকার পরিচালনা করছে। ত্রিপুরায় বামফ্রন্ট ও নাগাল্যান্ডে আঞ্চলিক দল।
এ অঞ্চলের বৃহৎ রাজ্যে সরকার গঠন করেও বিজেপি সন্তুষ্ট নয়। তারা উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও কংগ্রেসের দুর্গ ভেঙে দিতে চায়। সম্প্রতি গুয়াহাটিতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের যে আঞ্চলিক সম্মেলন হয়, তাতে নেতারা উত্তর-পূর্ব ভারতকে ‘কংগ্রেসমুক্ত’ করার ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটাই উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে ‘ঝোড়ো হাওয়া।’
আগামীকাল: উত্তর-পূর্ব ভারত: কাছে থেকেও কত দূরে
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
sohrab০[email protected]