উত্তর প্রদেশে 'অ্যাডভান্টেজ মোদি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দফায় দফায় উত্তর প্রদেশ ঘুরে যতবার দিল্লি ফিরে এসেছি, প্রতিবার শুনতে হয়েছে, ‘কে জিতছে?’ উত্তরটা আমি এড়িয়ে গিয়েছি। কারণও ছিল। পশ্চিম-উত্তর প্রদেশের ভোটের সঙ্গে সেন্ট্রাল ইউপির চরিত্র আলাদা। রাজ্যের রোহিলখন্ডের সঙ্গে বুন্দেলখন্ডের চরিত্র ভিন্ন। আবার পূর্বাঞ্চলের সঙ্গে অন্য অংশের ফারাক আকাশ-পাতাল। উত্তর প্রদেশ এই বৈচিত্র্যের কারণেই ‘মিনি ইন্ডিয়া’। ২২ কোটি মানুষের এই রাজ্যে ভোটার-চরিত্রও বহুমুখী। ফলে ওই ভাত টেপার মতো কোনো একটা অঞ্চলে গিয়ে ভোটার–চরিত্র দেখে সারা রাজ্যের মানুষের মন বুঝে ফেলা এককথায় অসম্ভব।
সেই কারণে ‘কে জিতছে’, উত্তরটা সন্তর্পণে এড়িয়ে গিয়েছি। কিন্তু এখন, এই শেষ বেলায়, প্রচার শেষ হয়ে যখন সাত পর্যায়ের ভোট চুকে যাওয়ার মুখে, রাজ্যের বহু অংশে যাওয়াও হয়েছে যখন, তখন আর প্রশ্নটা এড়ানোর কোনো উপায় নেই। সবকিছু বিবেচনা করে তাই বলা যায়, ক্ষুরধার এই ত্রিমুখী লড়াইয়ের পর বিজয়ীর হাসি হাসার সম্ভাবনা সবচেয়ে বেশি যার, সেই দলটার নাম বিজেপি। টেনিসের পরিভাষা ধার করে বলা যায়, ‘অ্যাডভান্টেজ বিজেপি’।
অ্যাডভান্টেজটা বিজেপির না বলে অবশ্য নরেন্দ্র মোদিরই বলা উচিত। কেননা, গোটা বিজেপিকে তিনিই বয়ে চলেছেন। সেই ২০১৪ সালের লোকসভা ভোট থেকে এ পর্যন্ত বিজেপির যা কিছু ভালো ও মন্দ, তার সব দায় তাঁরই। তা ছাড়া এবার এই পাঁচ রাজ্যের ভোট শুরুর আগে যে বিষয়টি নিয়ে গোটা দেশ আলোড়িত হয়েছে, তা-ও নরেন্দ্র মোদির অবদান। নোট বাতিল।
গত বছর ৮ নভেম্বর রাত আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে পাঁচ শ ও এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেন। শুরুর বিহ্বলতা কাটিয়ে অধিকাংশ রাজনৈতিক দল এ জন্য ক্ষিপ্ত হয়ে ওঠে। শুরু হয় দেশজোড়া আন্দোলনও। বিজেপি প্রথম দিকে সাধারণ মানুষের সমর্থন পায়। তারা ভাবে, এই সিদ্ধান্তের ফলে কাঁড়ি কাঁড়ি কালোটাকা উদ্ধার হবে। সেই টাকা সাধারণ মানুষকে ভাগ করে দেওয়া হবে। বড়লোকদের বিপাকে ফেলে মোদি সাধারণ মানুষের জীবন আরেকটু সোনালি করে তুলবেন। পরে মানুষের ভোগান্তি শুরু হয়। দেখা যায়, ধনীদের চেয়ে গরিব ও খেটে খাওয়া মানুষদেরই পড়তে হচ্ছে চরম অসুবিধায়। বিরোধী দলগুলো বলতে থাকে, অযথা এই অবস্থার মধ্যে মানুষকে ফেলার জন্য দায়ী একমাত্র বিজেপি সরকার। ক্ষিপ্ত জনগণ নিশ্চিতভাবেই ভোটের বাক্সে এর জবাব দেবে।
নভেম্বরের ওই যুগান্তকারী সিদ্ধান্তের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে নানা ধরনের ছোট-বড় নির্বাচন হয়ে গেল। নভেম্বরেই হলো গুজরাটের পুরসভা ও পঞ্চায়েত ভোট। মোট ১২৩টা পুরসভা ও পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতল ১০৭টায়। এরপর হয় চণ্ডীগড় ও ফরিদাবাদের পুরসভার ভোট। চণ্ডীগড়ে বিজেপি জেতে ২৬টার মধ্যে ২১টা আসন, ফরিদাবাদে ৪০টার মধ্যে ৩০টা। রাজস্থানের পঞ্চায়েত ভোটেও বিজেপির জয়জয়কার। কিছুদিনের মধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা ও লোকসভার মোট ১২টা কেন্দ্রে উপনির্বাচন হয়। বিজেপি-শাসিত রাজ্যে বিজেপি তাদের আসনগুলো জেতে তো বটেই, ভোটের হারও বাড়িয়ে নেয়। শুধু তা-ই নয়, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মতো রাজ্যেও বিজেপির ফল আগের তুলনায় ভালো হয়। ত্রিপুরায় তো একটি কেন্দ্রে বিজেপি দ্বিতীয় হয়। আসে উত্তর প্রদেশ বিধান পরিষদের ভোট। সেখানেও বিজেপির জয়জয়কার। তারপর, এই হালে, উত্তর প্রদেশের চতুর্থ দফার ভোটের ঠিক আগের দিন প্রকাশিত হয় মহারাষ্ট্র ও ওডিশার পুরসভা ও পঞ্চায়েত ভোটের ফল। এই ফল চোখ কপালে ওঠার মতোই।
মহারাষ্ট্রে মোট ১০টা পুরসভার ভোটে বিজেপি দখল করে ৮টি। মুম্বাইয়ে তারা হয় দ্বিতীয়। এই রাজ্যে তারা এর আগে কখনো দ্বিতীয় রাজনৈতিক দল হতে পারেনি। কংগ্রেস, এনসিপি ও শিবসেনার পরই ছিল তাদের স্থান। এই প্রথম তারা শুধু দ্বিতীয়ই হলো না, গোটা রাজ্যে আলাদা লড়ে মুম্বাই পুরসভায় শিবসেনার চেয়ে তারা মাত্র দুটি আসন কম পায়। আসনসংখ্যা বাড়ে ২৬৪ শতাংশ! ১০ পুরসভার মোট ১ হাজার ২৬৮টি আসনের মধ্যে তারা পায় ৫৮০টি। ২০১২ সালে পেয়েছিল ২০৭ আসন। রাজ্যের জেলা পরিষদের ভোটে আগেরবার বিজেপি জিতেছিল ১৬৫টি আসন, এবার পেল ৪১০টি। সেই ১৯৯৬ সাল থেকে এই রাজ্যে বিজেপি ছিল শিবসেনার ছোট শরিক। জেলা পরিষদে শিবসেনাও তার আসন বাড়িয়েছে, কিন্তু বিজেপির তুলনায় তা নগণ্য। তারা ২৩৩ থেকে হয়েছে ২৬৪।
মহারাষ্ট্র পুরসভার ফল ঘোষণার দিনই প্রকাশিত হয় ওডিশা পঞ্চায়েতের ফল। জেলা পরিষদে বিজেপির আসন ৩৬ থেকে বেড়ে হলো ২৯৭! বিজু জনতা দল পাঁচ বছর আগে জিতেছিল ৬৫৪ আসনে, এবার কমে হয়েছে ৪৭৩! কংগ্রেস প্রায় সাফ!
কী দেখা গেল তাহলে? দেখা গেল, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সারা দেশের যেখানে যে ধরনের ভোট হয়েছে, কোথাও নোট বাতিলের বিরূপ প্রভাব পড়েনি। দেখা গেল, কংগ্রেসমুক্ত ভারত গঠনের দিকে মোদির বিজেপি এগিয়ে গেছে আরও কয়েক কদম।
অথচ এমন কোনো বিরোধী দল নেই, যারা নোট বাতিল নিয়ে বিজেপির বাপবাপান্ত করতে ছাড়েনি। মহারাষ্ট্রে শরিক শিবসেনার মুখপত্র ‘সামনা’য় নোট বাতিলকে বলা হয়েছিল ‘অ্যাটম বোমা’। লিখেছিল, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় অর্থনীতির হাল হিরোশিমা-নাগাসাকির মতো করে তুলেছেন। সব মৃত।’ ক্ষুব্ধ সেনাপ্রধান উদ্ধব ঠাকরে বলেছিলেন, ‘নোটবন্দীর পাল্টা এবার বিজেপিবন্দী হওয়া দরকার।’ একই সুর ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বারবার বলেছেন, ‘মানুষ এবার বিজেপিকে বাতিল করবে।’ কী বলেছিল কংগ্রেস? সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্তব্য ছিল, ‘সংগঠিত লুট ও আইনসিদ্ধ তস্করগিরি।’ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন, ‘অপরিপক্বতার নিদর্শন।’
তাঁরা সবাই বলেছিলেন, এই অপরিণামদর্শিতার জবাব মানুষ ভোটের বাক্সে দেবে। নোট বাতিল এমনই এক সিদ্ধান্ত, যা ভারতের উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের শহর ও গ্রামের ধনী-দরিদ্র-মধ্যবিত্ত, হিন্দু-মুসলমান-শিখ-খ্রিষ্টান, পুরুষ-নারী প্রত্যেককে ছুঁয়ে গেছে। মানুষ ক্ষিপ্তই যদি হবে, তাহলে এতগুলো ভোটের কোথাও সেই ক্ষোভের বিন্দুমাত্র বিচ্ছুরণ কেন দেখা গেল না? উল্টো দেখা গেল, মানুষ মোদির দলকে আরও বেশি করে সমর্থন করছে। কী তাহলে এর ব্যাখ্যা? তা কি এই যে নোট বাতিলের যে যুক্তি নরেন্দ্র মোদি দিয়েছিলেন, মানুষ তা মেনে নিচ্ছে? সমর্থন করছে কঠিন ও কঠোর সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়ার জন্য?
নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ভোটের ফল যদি মানসিকতার ‘ট্রেন্ড’ হয়ে থাকে, তাহলে উত্তর প্রদেশে কেন তার ব্যতিক্রম ঘটবে? প্রশ্নটা আলোড়িত হচ্ছে।
ভোট হলো পাঁচ রাজ্যে, তবে কেন শুধু উত্তর প্রদেশের ফল নিয়ে এত মাথাব্যথা? কারণটা স্বাভাবিক। উত্তর প্রদেশে বিজেপি সরকার গড়লে তার প্রভাব শুধু গোটা দেশেই যে পড়বে তা নয়, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি তার পছন্দমতো প্রার্থীকে সহজেই জিতিয়ে আনতে পারবে। রাজ্যসভায়ও তাদের সঙ্গে বিরোধী-সংখ্যার ফারাক ক্রমেই কমে যাবে। বিল পাস করাতে পদে পদে বাধার মুখে পড়তে হবে না।
কিন্তু তা কতটা সহজ হবে? বিশেষত উত্তর প্রদেশে জাতপাত ও ধর্মের সমীকরণ যখন এতই জটিল?
সহজ নয়। কিন্তু ২০১৪ সালে লোকসভা ভোটে নরেন্দ্র মোদি সেই জটিল ও কঠিন কাজটাকে জলবৎ তরলং করে তুলেছিলেন। রাজ্যের মোট ৮০টা কেন্দ্রের মধ্যে বিজেপি ও তার সহযোগী আপনা দল ৭৩টা জিতেছিল। ভোটের হার প্রায় ৪৩ শতাংশ। বাকি তিন দলের মধ্যে সমাজবাদী পার্টি পায় ২২ শতাংশ, বহুজন সমাজ পার্টি ২০ এবং কংগ্রেস ৮ শতাংশ। মোট ৪০৩ বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়েছিল ৩২৮টিতে। অথচ রাজ্যে চতুর্মুখী নির্বাচনে ২০০৭ সালে মায়াবতী সরকার গড়েছিলেন ৩০ শতাংশ ভোট পেয়ে, ২০১২ সালে সমাজবাদী পার্টির সরকার হয় ২৯ শতাংশ ভোট পেয়ে।
এবার ভোট ত্রিমুখী। তিন বছর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী-কংগ্রেস জোটের ভোট যোগ করলে দাঁড়ায় ২৯ শতাংশ। বহুজন সমাজের প্রাপ্ত ভোট ২০ শতাংশ। এবার সরকার গড়তে যেকোনো দলকে অন্তত ৩৫ শতাংশ ভোট পেতে হবে। এর মানে, ২০১৪ সালের নিরিখে বিজেপিকে রুখতে হলে তাদের ভোট কমাতে হবে ৮ শতাংশের বেশি, সমাজবাদী-কংগ্রেসকে সরকার গড়তে হলে পেতে হবে ৬ শতাংশ ও বহুজন সমাজকে ১৫ শতাংশ বেশি ভোট।
উত্তর প্রদেশ ঘুরে দেখলাম, মোদির জনপ্রিয়তা এই তিন বছরে সেইভাবে ফিকে হয়নি। তাঁর প্রতি এখনো বহু মানুষের ভরসা যথেষ্টই। অধিকাংশ মানুষ তাঁকে একজন দৃঢ়চেতা নেতা বলে মনে করেন, যিনি কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হন না। দেখলাম অখিলেশ সিং যাদবের প্রতিও যথেষ্ট সমর্থন ও সহানুভূতি রয়েছে। অখিলেশের ভাবমূর্তিও যথেষ্ট স্বচ্ছ। আগামী দিনের নেতা হিসেবে তিনি নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠা করে ফেলেছেন। কংগ্রেসের সঙ্গে জোট একটা বাড়তি শক্তি। মায়াবতীও রাজ্যের মানুষের কাছে পরিচিত। এই রাজ্যের মানুষ দীর্ঘদিন কংগ্রেসের শাসন দেখেছে। কেন্দ্র ও রাজ্যে কংগ্রেসের শাসন কী রকম, সেই স্বাদও পেয়েছে। মুলায়ম বা মায়াবতীর একার বা জোটবদ্ধ শাসন কেমন, তা–ও জানা। অজানা বিষয় মাত্র দুটি। কেন্দ্র ও রাজ্যে মোদির বিজেপির শাসন কেমন এবং বাঁধনছেঁড়া অখিলেশ কতটা যোগ্য। মোদি ৭০টার মতো জনসভা ও রোড শো করেছেন উত্তর প্রদেশে। বারবার বলেছেন, কেন্দ্র-রাজ্যে বিজেপির সরকারের সুফল রাজ্যবাসী নিক।
রাজ্যের ২০ শতাংশ মুসলমান অখিলেশ ও মায়াবতীর মধ্যে কাকে বাছবে, সেই জাঁতাকলে পিষছে। অনগ্রসরদের মধ্যে যাদব-ভোট
নিয়ে অখিলেশ ও দলিতদের মধ্যে জাটভ-ভোট নিয়ে মায়াবতীর চিন্তা নেই। কিন্তু অ-যাদব অনগ্রসর ও অ-জাটভ দলিত তিন বছর আগে মোদিকে যে সমর্থন দিয়েছিল, তার কিছুটা এবার পেলে মোদির চিন্তা করার কিছু থাকবে না। কেননা, বিজেপির ‘কোর ভোটার’ গোষ্ঠীতে ক্ষয় ধরেনি। বরং কংগ্রেসের বর্ণহিন্দু ভোট সমাজবাদীতে ‘ট্রান্সফার’ হওয়া নিয়ে অখিলেশ শিবিরে দুশ্চিন্তা দেখেছি।
লোকসভা, বিধানসভা, পুরসভা বা পঞ্চায়েত—প্রতিটি ভোটই আলাদা। কেন্দ্রের বহর যত ছোট হয়, ততই স্থানীয় বিষয়গুলো প্রাধান্য পায়। উত্তর প্রদেশও তার ব্যতিক্রম নয়। কিন্তু মোদি-ময় প্রচার উত্তর প্রদেশের বিধানসভা ভোটকে লোকসভা ভোটের গুরুত্বে উত্তীর্ণ করেছে। অ্যাডভান্টেজ তাঁরই।

সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।